থানচির অভুক্ত মানুষের পাশে
পার্বত্য জেলা বান্দরবানের থানচিতে যে একটি অভাব পরিস্থিতি বিরাজ করছে, তা প্রথমে জানতে পারি ফেসবুকের মাধ্যমে। এক পাহাড়ি বন্ধু ক্ষোভ ও দুঃখ মিলিয়েই একটি স্ট্যাটাস দিয়েছেন—যা অনেকটা এ রকম; আপনারা যারা বান্দরবানের এই দুর্গম এলাকাটিতে ভ্রমণে যান, ট্র্যাকিং করেন, তারা কি জানেন যে সেখানে মানুষজন চরম অভাবের মধ্যে রয়েছে? অনাহারে ও অর্ধাহারে অনেকের দিন কাটছে। এরপর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর একটি ফেসবুক স্ট্যাটাসও চোখে পড়ে। লিখেছেন, ‘মধ্য আয় এবং অঢেল রিজার্ভের এই কালে একই দেশে বসে কিছু মানুষ খাওয়ার কষ্টে থাকবেন, এটা মানা খুবই পীড়াদায়ক।’ এ ব্যাপারে তিনি তরুণদের উদ্যোগ আশা করেছেন, নিজেও ব্যক্তিগতভাবে সহায়তা করতে চেয়েছেন।
এখন থানচি নিয়ে বেশ উদ্যোগ চোখে পড়ছে। প্রথম আলোর আজকের খবরে জানলাম, থানচির দুর্গম এলাকায় রোববার হেলিকপ্টারে করে চাল গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, আজও সেখানে আরও চাল পাঠানো হবে। ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নানা উদ্যোগের কথা জেনেছি। বোঝা গেল, থানচির পাশে অনেকেই আছেন। আশা করি, পরিস্থিতি সামাল দেওয়া যাবে। নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে আমরা যখন মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন দেখছি, তখন হাজার তিনেক অভাবী পরিবারের খাবারের জোগান দেওয়া যাবে না তা নিশ্চয়ই নয়।
অমর্ত্য সেনের সেই পুরোনো কথার সত্যতা আবার প্রমাণিত হলো। তথ্যের অবাধ প্রবাহ থাকলে কোনো দেশে দুর্ভিক্ষ হতে পারে না। ফেসবুক বা অন্য যেকোনো মাধ্যমেই হোক, থানচির অভাবী মানুষগুলোর তথ্যটি ছড়িয়ে পড়েছে বলেই কিছু উদ্যোগ দেখা যাচ্ছে। প্রশাসনও তৎপর হয়েছে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে একসময়ে দেশের উত্তরাঞ্চলে প্রতিবছর আশ্বিন-কার্তিক মাসে প্রায়-দুর্ভিক্ষ দেখা দিত, খেতে কাজ থাকত না বলে ওই সময় কৃষকেরা না খেয়ে থাকতেন। ‘মঙ্গা’ নামে পরিচিত এই দশা ছিল প্রতিবছর দেশের একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের নির্দিষ্ট একটি সময়ের নিয়তি। সেই পরিস্থিতি পাল্টেছে। সে ক্ষেত্রেও গণমাধ্যম বা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাকিটা সরকার ও বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থার নানা উদ্যোগ ও কর্মসূচির ফল। ‘মঙ্গা’ শব্দটি একসময় ইতিহাসে ঠাঁই নেবে।
প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমার সঙ্গে কথা বলে জানলাম, প্রতিবছরই এই সময়টায় একটা অভাবের পরিস্থিতি দেখা দেয়। মে থেকে আগস্ট সময়টা এখনকার মানুষের বেশ কষ্টে কাটে। একবেলা খেতে পারে তো অন্য বেলা না খেয়ে থাকতে হয়। কারণ, জুমচাষের ফসলে তাঁদের বছরের খোরাকি মেটে না। গত বছর খারাপ আবহাওয়ার কারণে ফসল হয়েছে আরও কম। জুমচাষের ওপর নির্ভরশীল এই পরিবারগুলো পড়েছে এক শোচনীয় দশার মধ্যে। যে হাজার তিনেক পরিবার এই অভাবের মধ্যে পড়েছে, তাদের বসবাস দুর্গম এলাকায়। যাতায়াত ও যোগাযোগের সমস্যা যেমন সেখানে আছে, তেমনি নেই কোনো কাজের সুযোগ।
ত্রাণ, রিলিফ—এসব দিয়ে এবারের সমস্যার না-হয় সমাধান হলো! আগামীবারও যখন একই দশা হবে, তখন কী হবে? বোঝা গেছে, এখানকার অবস্থা প্রায় উত্তরবঙ্গের সেই মঙ্গা পরিস্থিতির মতোই। বছরের একটি নির্দিষ্ট সময়ে খাবারের অভাব ও কাজের কোনো ব্যবস্থা এবং আয়রোজগারের সুযোগ না থাকায় অনাহারে সময় পার করা। বছর বছর ত্রাণ বা রিলিফ দেওয়া এর সমাধান হতে পারে না। উত্তরবঙ্গে মঙ্গা মোকাবিলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগের ফল পাওয়া গেছে। সরকারের তরফে এ জন্য শুরুতে বিশেষ তহবিলও বরাদ্দ করা হয়েছিল। চূড়ান্ত পর্যায়ে কাজের সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়েই মঙ্গাকে ঠেকানো গেছে।
আমাদের নানা ভুল নীতি আর কৌশলের কারণে পাহাড়ে এমনিতেই ক্ষোভ-বিক্ষোভ আর অসন্তোষের শেষ নেই। পাহাড়িদের মধ্যে আছে নানা বঞ্চনার বোধ। সেই জনগোষ্ঠীর কোনো অংশকে যদি প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে খাবারের কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হয়, অভুক্ত থাকতে হয়, তবে তা তাদের বঞ্চনার বোধকেই আরও জোরালো করবে। থানচি ও ওই পাহাড়ি জনগোষ্ঠীর দিকে মনোযোগ দিতে হবে। তবে মাত্রার বিষয়টি বিবেচনার মধ্যে থাকতে হবে। মনোযোগের নামে আমরা যেন আবার পাহাড়িদের জীবনযাপন, সংস্কৃতি ও নিজের মতো করে থাকার স্বাধীনতায় হস্তক্ষেপ করে না বসি!