থেরেসা মের সামনে বড় সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের তিন মহান থেরেসাই সন্ত ছিলেন। এঁদের মধ্যে সবচেয়ে সাম্প্রতিক হচ্ছেন মাদার তেরেসা, যিনি ছিলেন এক অক্লান্ত মানবতাবাদী কর্মী। আর প্রথমজন ছিলেন ষোড়শ শতকে ক্যাথলিক গির্জার সবেচেয়ে গতিশীল ও শক্তিশালী ব্যক্তিত্ব তেরেসা অব আভিলা। অন্যদিকে ঊনবিংশ শতকে থেরেসা অব লিসিয়েক্স প্রাণীর সঙ্গে কথা বলতেন, বাগান করতেন এবং ভালো কাজ করতেন। তিনি লিটল ফ্লাওয়ার নামে পরিচিত হয়েছিলেন।
বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কখনো কখনো মাদার তেরেসার মতো মানবপ্রেমী, আবার কখনো তিনি তেরেসা অব আভিলার মতো উচ্চাকাঙ্ক্ষী। আবার কখনো তিনি লিটল ফ্লাওয়ারের মতো বিনয়ী। কিন্তু তিনি কি তাঁদের কারও মতো স্মরিত হবেন?
লিটল ফ্লাওয়ারের মতো থেরেসা মে এতটাই ধুরন্ধর যে তাঁর দলের নেতারাই ধন্দে পড়ে যান, তিনি প্রকৃত অর্থে কী বিশ্বাস করেন। তিনি যুক্তরাষ্ট্রের বিষাক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিলাষ পূরণের চেষ্টা করেছেন। আবার তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বারস্থ হচ্ছেন।
তবে থেরেসা মের মধ্যে গভীর কিছু আছে। লিসবন চুক্তির ৫০ নম্বর ধারার আলোকে তঁার সরকার ব্রেক্সিটকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যেখান থেকে আর ফেরার উপায় নেই। যদিও এটা নিয়ে বিতর্ক তেমন একটা হয়নি। একই সঙ্গে, তিনি দারুণ জনপ্রিয়তাও ধরে রেখেছেন।
এটা অবশ্যই বলা দরকার, ব্রেক্সিটের গণভোট হওয়ার পর নয় মাস পেরিয়ে গেলেও বাস্তবে এখন পর্যন্ত কিছু ঘটেনি। এখন পর্যন্ত সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। ব্রেক্সিটের ঘোরতর বিরোধী যেমন, কর্মসংস্থান ও পেনশন সচিব ড্যামিয়েন গ্রিন এবং পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান এখনো সরকারে আছেন। বিনিয়োগকারীরা এটা ধরে আছেন যে আগামী এক বছরেও গুরুত্বপূর্ণ কিছু ঘটবে না। কারণ, এ বছর ফ্রান্স, জার্মানি ও সম্ভবত ইতালিতেও নির্বাচন হতে যাচ্ছে।
ইউরোপীয় দেশের ক্ষমতাসীন সরকারগুলো ব্রিটিশদের ঝাপটাকে আমলে নিয়ে ডানপন্থী জনতুষ্টিবাদীদের ক্ষমতায়ন করার ঝুঁকি নেবে না। অন্যদিকে ডাচ জনতুষ্টিবাদী অবতার গিয়ার্ট ভাইল্ডার্স সম্প্রতি নির্বাচনে পরাজিত হয়েছেন। ওদিকে ফ্রান্সের মূল ধারার প্রার্থী যেমন, ইমানুয়ের মারকন ও ফ্রাঁসোয়া ফিলন সম্ভবত অতি ডানপন্থী নেতা ন্যাশনাল ফ্রন্টের মেরিন লো পেনের বিরুদ্ধে জিতবেন। যদি না লো পেন নিজেকে মধ্যপন্থী ও সমাজতন্ত্রী কল্যাণমূলক ‘দেশপ্রেমিক’ হিসেবে উপস্থাপন করেন।
এ ছাড়া জার্মান ভোটাররা যেমন আঙ্গেলা ম্যার্কেলকে পুনর্নির্বাচিত করবেন না, তেমনি ইউরোপীয় ইউনিয়নপন্থী সামাজিক গণতন্ত্রী মার্টিন শুলজকেও নির্বাচিত করবেন না। আর ইতালির নির্বাচনেও ফাইভ স্টার মুভমেন্টের খ্যাপাটে নেতা বেপ গ্রিলো ছাড়া অন্য যে-কেউ নির্বাচিত হবেন।
নির্বাচনের ধুলা শেষমেশ যখন আমাদের গায়ে বসে যাবে, তখন ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নকল যুদ্ধ শুরু হবে। তিন দশক আগে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সঙ্গে ইউরোপের যুদ্ধের পুনঃপ্রচার হিসেবে আমরা দেখব, উভয় পক্ষই রাগে গজগজ করছে। এমনকি তারা আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেবে। তবে শেষ মুহূর্তে তারা আপস করে ফেলবে।
শেষ পর্যন্ত যে চুক্তি হবে, তা খুব সম্ভবত নরওয়ের ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার সদস্যপদের মতো হবে। কিন্তু এটাকে ব্রিটেনের ‘নির্দেশমাফিক’ প্রণীত বন্দোবস্ত হিসেবে আখ্যা দেওয়া হবে। এই পরিস্থিতিতে ইউরোপীয় বাজারে যুক্তরাজ্যের প্রবেশাধিকার আজকের মতোই থাকবে। তবে ইউনিয়ন থেকে আসা অভিবাসীদের ওপর তার অধিকতর নিয়ন্ত্রণ থাকবে। একই সঙ্গে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের মতো ইউরোপীয় প্রতিষ্ঠানের কাছে তাদের আর বশ্যতা স্বীকার করতে হবে না। এর বিনিময়ে ইউরোপের একক বাজারের ওপর যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ আর থাকবে না।
এ ধরনের আপস মেনে নিয়ে মে নিশ্চিতভাবেই ব্রেক্সিটপন্থীদের প্রতি তাঁর অঙ্গীকার পূরণ করবেন। সম্ভবত তাঁর রক্ষণশীল দলের বিভিন্ন অংশকেও একত্র করতে পারবেন। কিন্তু এই পথে অনেক ভুল হতে পারে। আর ইউরোপের অন্যান্য দেশ যদি ডান দিকে হেলে না পড়ে এবং শুলজ জার্মানির চ্যান্সেলর হন, তাহলে ব্রিটেনের দাবির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন তেমন একটা সহিষ্ণু হবে না।
ট্রাম্প ও এরদোয়ানের কাছে মিনতি করে মে অতি ডান ব্রেক্সিটপন্থী ও ইউরো সম্পর্কে সন্দিহানদের শান্ত করার কৌশল নিয়েছেন। কিন্তু তিনি এদের বেশি ছাড় দিলে ইউরোপের সঙ্গে চূড়ান্ত চুক্তি করা অসম্ভব হয়ে উঠতে পারে। যা-ই হোক না কেন, মের বাণিজ্যসচিব লিয়াম ফক্সের মতো ইউরো-ভীতরা যেকোনো চুক্তিকে ক্যামেরন ঘরানার কম দামে বিক্রি হিসেবে আখ্যা দেবেন। তাঁরা তখন সরাসরি ব্রেক্সিট বাস্তবায়নের জন্য চাপ দেবেন। এর মানে হলো, ইউরোপের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকানুন মেনে নেওয়া অথবা কোনো নিয়মই না মানা। এতে ব্রিটেন ভালো রকম বেকায়দায় পড়ে যেতে পারে।
মের বিরোধী পক্ষ যে ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে দুর্বল, এতে তাঁর জটিলতা আরও বেড়ে যেতে পারে। লেবার পার্টির নেতা জেরেমি করবিন পুরোনো ঘরানার অতি বাম চরমপন্থা আঁকড়ে ধরে আছেন। একজন প্রকৃত লেনিনবাদীর মতো তিনি বিশ্বাস করেন, ক্ষমতায় যাওয়ার জন্য যেকোনো কৌশল গ্রহণযোগ্য। ৩৫ বছরের ক্যারিয়ারে তিনি সব সময় সামনের দিকে তাকিয়েছেন। মনে হচ্ছে তিনি ভাবছেন, ব্রেক্সিটের পর ব্রিটেনের অর্থনীতি যদি নিম্নমুখী হয়, তাহলে ২০২০ সালে তিনি হয়তো ট্রাম্পের মতো অপ্রত্যাশিতভাবে জিতে যেতে পারেন।
কিন্তু ইউনাইটের (ব্রিটেনের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন) লেন ম্যাকক্লাসকির মতো ট্রেড ইউনিয়নের নেতারাও যখন করবিনের সমালোচনা করছেন, তখন হয়তো তাঁর আরও সংযত বিকল্প পাওয়া যাবে। যদি সাবেক ছায়া চ্যান্সেলর এড বলস বা সাবেক পররাষ্ট্রসচিব ডেভিড মিলিব্যান্ড নেতা হন, তাহলে ২০২০ সালে লেবার পার্টি প্রকৃত অর্থেই ক্ষমতায় যাওয়ার সুযোগ পেতে পারে।
থেরেসা মে এখনো সামনের শরৎকালে নির্বাচন দিয়ে লেবার পার্টিকে হতাশ করতে পারেন। এতে তাঁর দলের ইউরো-ভীত অংশের বিপক্ষে তাঁর অবস্থান শক্তিশালী হবে। এখন মনে হচ্ছে, ব্রেক্সিটবিষয়ক আলোচনার আগে তিনি আগাম নির্বাচনের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। কিন্তু লোকসমর্থন এবং তিন মিতার লক্ষ্য, শক্তি ও সাহসে বলীয়ান হয়ে তিনি ইউরোপের জন্য বড় চুক্তি নিশ্চিত করতে পারেন, যার মাধ্যমে ব্রিটেন ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
রবার্ট হারভে: হাউস অব কমন্সের সাবেক সদস্য।