
ইতিহাসবিদেরা হয়তো একসময় মার্কিন অভিনেতা অ্যালেক ব্যাল্ডউইনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে উপকারী মিত্র ভাবতে পারেন। ‘স্যাটারডে নাইট লাইভ’ নামের এক কমেডি অনুষ্ঠানে ব্যাল্ডউইন যেভাবে ট্রাম্পের ভূমিকায় অভিনয় করেন, তাতে ট্রাম্পের মতবাদ প্রহসনে পরিণত হয়। হ্যাঁ, রাজনীতিকদের নিয়ে সব সময়ই প্যারোডি হয়। কিন্তু ট্রাম্পের বেলায় সব সময় দেখা যায়, লোকে তাঁর রাজনীতিকে গুরুত্ব দেয় না। তাঁর রাজনীতির তরিকা, অর্থাৎ ভারসাম্যহীন টুইট-ঝড়, নির্লজ্জ মিথ্যাচার, বর্ণবাদী ও নারীবিদ্বেষী মন্তব্য এবং প্রকাশ্য স্বজনপ্রীতি—এসবই আমলাশ্রেণির কাছে এতটাই অদ্ভুত ও অপছন্দীয় যে ট্রাম্পের রাজনীতির মূল দিকটা আড়ালেই থেকে যায়।
এমনকি যাঁরা ট্রাম্পকে গুরুত্বের সঙ্গে নেন, তাঁরাও ট্রাম্পবাদের শিকড়ে যেতে পারেন না। ডেমোক্র্যাটরা ট্রাম্পের নারীবিদ্বেষ ও বিদেশি ভীতি নিয়ে এতটা ক্ষুব্ধ যে তাঁরা বুঝতেই পারেন না তিনি কীভাবে ডেমোক্র্যাটদের সাবেক সমর্থকদের কাছে টানেন। অন্যদিকে রিপাবলিকানদের ক্ষমতাকাঠামো চায় একজন রিপাবলিকান প্রেসিডেন্ট হোন, যিনি প্রথাগত রক্ষণশীল নীতি বাস্তবায়ন করবেন, যেমন নিয়মকানুন শিথিল ও কর হ্রাস।
সম্ভবত সমস্যার একটি দিক হচ্ছে, ট্রাম্প অধিকাংশ গুরুত্বপূর্ণ বিতর্কে উভয় পক্ষের সমালোচনার শিকার হয়েছেন। তিনি এমন এক ব্র্যান্ডের রাজনীতির ধ্বজা বহন করছেন, যেখানে ধারাবাহিকতার চেয়ে তীব্রতার গুরুত্ব বেশি। এ কারণে ট্রাম্পের পর্যবেক্ষকেরা হয়তো তাঁর জন্য আদর্শিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার চেষ্টা নাকচ করবেন। কিন্তু সত্য হচ্ছে, ট্রাম্প আপসহীন আদর্শবাদী না হলেও নতুন আদর্শের ধারক নন।
ব্রিটিশ রাজনৈতিক মহল বেশ কষ্ট করে এই শিক্ষা লাভ করেছে। অনেক বছর ধরে রক্ষণশীল ও উদারনীতিকেরা থ্যাচারের মতবাদকে খাটো করেছেন। তাঁরা বুঝতে পারেননি, মার্গারেট থ্যাচারের ব্লন্ড চুল ও তীক্ষ্ণ কণ্ঠের পেছনে এক বিপ্লবী রাজনীতি আছে। যে রাজনীতির মধ্যে মৌলিক সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রতিফলন দেখা যায়, আবার সেই রাজনীতি এই পরিবর্তন ত্বরান্বিত করেছে।
ট্রাম্পের মতো থ্যাচার দার্শনিক ছিলেন না। কিন্তু তাঁকে দার্শনিক হতে হয়নি। তাঁকে স্রেফ এমন কিছু মানুষকে আকৃষ্ট করতে হয়েছে, যাঁরা আদর্শ ও নীতি কর্মসূচিতে পরিবর্তন আনতে পারবেন, যে পরিবর্তনের সঙ্গে তাঁর নাম যুক্ত থাকবে। তিনি ঠিক এ কাজটিই করেছেন।
এই আদর্শবাদীদের বাইরে অতি বামরা থ্যাচারের রাজনৈতিক প্রকল্পের তাৎপর্য বুঝতে পেরেছিলেন। মার্ক্সসিজম টুডে নামের এক ম্যাগাজিন ১৯৭৯ সালে থ্যাচারিজম শব্দবন্ধটি উদ্ভাবন করে। মূলধারার মানুষেরা যেটা বুঝতে পারেনি, এই বামপন্থীরা তা বুঝতে পেরেছিল। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সামাজিক ও অর্থনৈতিক মডেল সর্বত্র গৃহীত হয়েছিল, সেটার প্রতি থ্যাচারের মৌলিক চ্যালেঞ্জ। ওই ম্যাগাজিনের সম্পাদনা পর্ষদের সদস্য মার্টিন জ্যাকুয়েস সম্প্রতি আমাকে বলেছেন, কেন এর তাৎপর্য প্রায়ই উপেক্ষা করা হয়। তিনি বলেন, ওই সময়ের ‘রাজনৈতিক বিশ্লেষণ খুবই প্রাতিষ্ঠানিক ছিল, যা শুধু ভোটের পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ ছিল।’ তিনি আরও বলেন, তখন রাজনৈতিক দলের পারফরম্যান্সের ওপর সবার দৃষ্টি নিবদ্ধ থাকায় তঁারা সমাজের গভীর পরিবর্তনটা ঠাহর করতে পারেননি।’
১৯৭০-এর দশকের শেষ ভাগের সঙ্গে আমাদের সময়ের দারুণ মিল রয়েছে। থ্যাচারও ট্রাম্পের মতো পুরোনো ব্যবস্থার ব্যাপারে মানুষের ক্রমবর্ধমান অসন্তোষ আমলে নিয়েছিলেন, যেসব চিন্তা সমাজের প্রান্তে পচে মরছিল, সেগুলোকে কণ্ঠে ধারণ করেন তিনি। থ্যাচারের মতো ট্রাম্পও আদর্শবাদীদের আকৃষ্ট করতে পেরেছেন, যাঁরা ট্রাম্পবাদ সংজ্ঞায়িত করতে চান, যেমন ব্রেইটবার্ট নিউজের সাবেক নির্বাহী চেয়ারম্যান স্টিফেন ব্যানন। তিনি এখন ট্রাম্পের প্রধান কৌশলবিদ।
কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে স্টিফেন ব্যানন ট্রাম্পবাদ সংজ্ঞায়িত করেছেন জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক জাতীয়তাবাদ ও ‘প্রশাসনিক রাষ্ট্রের বিনির্মাণের’ সাপেক্ষে। তাঁর ভাষায় ব্যাপারটা এ রকম: ‘আমরা একটি জাতি, যাদের অর্থনীতি আছে। তবে আমরা শুধু বৈশ্বিক বাজারের অর্থনীতি নই, যার সীমান্ত উন্মুক্ত।’
এখানেই থ্যাচারবাদের সঙ্গে ট্রাম্পবাদের মৌলিক পার্থক্য। কারণ, ট্রাম্পবাদ নব্য উদারনীতিবাদী অর্থনীতিতে যে ঐকমত্য ছিল, অর্থাৎ নিয়ন্ত্রণহীন বাজার, বেসরকারীকরণ, মুক্তবাণিজ্য, অভিবাসন প্রভৃতি খারিজ করে দিতে চায়। কিন্তু দুই তরিকার চিন্তায় পার্থক্য থাকলেও কৌশল একই। সমর্থন জোরালো করতে থ্যাচার কিছু নির্বাচিত শত্রুর সঙ্গে মুখোমুখি লড়াই করতেন।
একইভাবে, সম্প্রতি হাডসন ইনস্টিটিউটের ক্রেইগ কেনেডি বলেছেন, ‘ব্যানন ট্রাম্পবিরোধী উদার মানুষকে কট্টরপন্থার দিকে ঠেলে দিতে চান, যাতে তারা নিজ লক্ষ্যে লড়াই-সংগ্রামে নামে। এতে তাঁরা মূলধারার আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।’ ট্রাম্পবিরোধীরা নারী, মুসলমান ও লৈঙ্গিক সংখ্যালঘুদের জন্য রাস্তায় নামামাত্র ট্রাম্পের মূল সমর্থকগোষ্ঠীর জোশ আরও জোরালো হয়। কথা হচ্ছে, ট্রাম্পের প্রগতিশীল বিরোধিতাকারীরা যদি প্রেসিডেন্টের সমর্থকদের ভালোভাবে আমলে না নেন, তাহলে ট্রাম্পের অভিশংসনও ট্রাম্পবাদের ভূতকে বোতলে পুরতে পারবে না। বিশেষ করে, নব্য উদারনীতিবাদের বিরুদ্ধে যে জোয়ার সৃষ্টি হয়েছে, সেটা বুঝতে হবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
মার্ক লিওনার্ড: ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন্সের পরিচালক।