সপ্তাহ দু-এক আগে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ মেধার লড়াই ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। সেখানে দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ পদক পেয়ে ১১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ২৬তম! ২৬তম স্থানটি কতটা মর্যাদাপূর্ণ, তা বোঝা যায় আমাদের প্রতিবেশী দেশগুলোর অবস্থান দেখলে। এর মধ্যে ১৯৯৪ সালে আইএমওর আয়োজক ও শতকোটির দেশ ভারতের অবস্থান ৫২তম। শ্রীলঙ্কা ও পাকিস্তান যথাক্রমে ৬২ ও ৮১তম হয়েছে। অর্থাৎ, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের শিক্ষার্থীদের অবস্থানই শীর্ষে!
তবে কেবল দক্ষিণ এশিয়ার শীর্ষস্থান নয়, এবারের ফলাফলে বাংলাদেশ আইএমওর অনেক ঐতিহ্যবাহী দলকেও পেছনে ফেলেছে। এর মধ্যে কানাডা ও জার্মানির কথা আলাদা করে বলা যায়। এই দুটি দেশ কেবল একাধিকবার আইএমওর আয়োজন করেছে তা নয়, বরং তাদের দলে এমন খুদে গণিতবিদও থাকে, যারা অতীতে শতভাগ নম্বর পেয়েছে। গণিতবিশ্ব তাদের সম্মানের চোখেই দেখে। কানাডা ও জার্মানির এবারের অবস্থান যথাক্রমে ২৯তম ও ৩৩তম। এ ছাড়া অস্ট্রেলিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার কোনো দেশ আমাদের ওপরে স্থান পায়নি। ২০১৪ সালে গণিতের ফিল্ডস মেডেল বিজয়ী এবারের স্বাগতিক দেশ ব্রাজিলের অবস্থান ছিল ৩৭তম।
লক্ষ্য স্থির রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ফসল হিসেবে এবারের ফলাফলকে বিবেচনা করা যায়। অনেকেই জানেন, ২০০১ সালে প্রথম আলোর সে সময়কার সাপ্তাহিক আয়োজন ‘বিজ্ঞান প্রজন্ম’–এর পাতায় ‘নিউরনে অনুরণন’ নামে গণিতের একটি আয়োজন পথপরিক্রমায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে পরিণত হয়েছে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দেশে গণিত অলিম্পিয়াড আয়োজনের দায়িত্ব পালন করছে। এ কমিটিকে আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক আর এই আয়োজনে থাকে প্রথম আলো। গুণী শিক্ষকদের সঙ্গে যুক্ত হয়েছে প্রথম আলো বন্ধুসভা এবং গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবক, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী যাদের নাম দিয়েছেন মুভার্স। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এসবের একটি ধারাবাহিক অগ্রগতির প্রকাশ আইএমওর ওয়েবসাইটে দেখা যায়।
আইএমওতে ছয়টি গাণিতিক সমস্যার সমাধান করতে হয় এবং সব কটি শুদ্ধ করে একজন সর্বোচ্চ ৪২ নম্বর পেতে পারে। ২০০৫ সালে মেক্সিকোতে আমাদের ছয়জন খুদে গণিতবিদের মোট অর্জন ছিল মাত্র ৩ নম্বর। ৯১টি দেশের মধ্যে আমাদের অবস্থান ছিল ৮৫তম। সে সময় অনেকেরই বক্তব্য ছিল, বাংলাদেশের আইএমওতে যাওয়া উচিত নয়। আমরা হাল ছাড়িনি। তবে একবারেই বড় কোনো লক্ষ্যের পেছনে আমরা ছুটিনি। আমরা জোর দিয়েছি ধারাবাহিক উন্নতির প্রতি। কাজে আমি এবং আমাদের কোচ ড. মাহবুব মজুমদার এভাবে আমাদের লক্ষ্য স্থির করতাম—কমপক্ষে একজনের একটি সমস্যার সমাধান, কয়েকজনের একটি সমাধান, দ্বিতীয় সমাধান থেকে আংশিক নম্বর প্রাপ্তি, একটি ব্রোঞ্জ, একটি রুপা, দলের মোট নম্বর ১০০ ছাড়ানো, ইত্যাদি।
গণিত ক্যাম্পে তথা আমাদের প্রশিক্ষণ কার্যক্রমগুলোতে আমরা স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়েছি প্রশিক্ষক হিসেবে। এদের বেশির ভাগই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী। আমাদের কোচ এই প্রশিক্ষকদের তৈরি করে দেন, তারপর তারাই এই ক্যাম্পগুলো চালায়, কোচের তত্ত্বাবধানে। কেবল প্রশিক্ষণ নয়, আমরা শুরুতেই বুঝেছিলাম গাণিতিক সমস্যা সমাধানের একটি সংস্কৃতি গড়ে তুলতে হলে আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে তৃণমূলে এবং তা কেবল সম্ভব, যদি বাংলায় অনেক অনেক বই লেখা যায়। ঠিক এই কাজই করা হয়েছে প্রায় ১৫ বছর ধরে। আমাদের শিক্ষক, গণিতবিদ ও স্বেচ্ছাসেবকেরা এরই মধ্যে বাংলা ভাষায় গণিতের নানান বিষয়ে দেড় শতাধিক বই লিখেছেন, যা আমাদের পুস্তক প্রকাশকেরা সানন্দে প্রকাশ করেছেন।
পাশাপাশি আরও একটি সংস্কৃতি দানা বাঁধতে শুরু করেছে, সেটি হলো ‘প্যারালাল ম্যাথ স্কুল’। এটি হলো ছুটির দিনে, সপ্তাহান্তে এক জায়গায় জড়ো হয়ে নিজেরা নিজেরা গাণিতিক সমস্যা নিয়ে আলাপ-আলোচনা করা। সিনিয়ররা সেখানে জুনিয়রদের মেন্টর, প্রশিক্ষক হিসেবে কাজ করে।
আর এই কাজগুলোর কোনোটিই কেবল ঢাকায় হয় না, সারা দেশেই হয়। ফলাফল হলো ২০১৭ সালে দুটি রুপার পদক পেয়েছে সিলেট ও চট্টগ্রামের প্রতিনিধি। এবং সব বিভাগের শিক্ষার্থীরা এরই মধ্যে জাতীয় দলে তাদের প্রতিনিধি রাখতে সক্ষম হয়েছে।
আর এভাবে কাজ করে আমরা টের পেয়েছি আমাদের শিক্ষার্থীদের অসাধ্য আসলে কিছুই নেই। আমাদের ধারাবাহিক উন্নতিই এর প্রমাণ। ২০০৯ সালে প্রথম ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে আমাদের অবস্থান হলো ৫৮তম। ২০১২ সালে রুপার পদক নিয়ে আমরা এগোলাম চার ধাপ, ২০১৫-তে হলাম ৩৩তম আর এবার ২৬তম।
এই যে গণিত অলিম্পিয়াডে আমাদের অবস্থান কানাডা, জার্মানি বা ভারতের ওপরে, তাতে কি বোঝা যায় আমাদের শিক্ষাব্যবস্থা তাদের থেকে উন্নত? না, মোটেই নয়। এসব দেশের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষার্থীদের গড় মান আমাদের দেশ থেকে অনেক অনেক উন্নত। কিন্তু গণিত অলিম্পিয়াডের এই সাফল্য দেখিয়ে দিয়েছে, বিজ্ঞানসম্মত উপায়ে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সমন্বিত করে সঠিক নির্দেশনা ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে পারলেই আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার পূর্ণ প্রকাশ দেখিয়ে দিতে পারে, যা প্রমাণ করে এই দেশের মেধা কেবল বিশ্বমানের নয়, সেটি আগামী সময়ে বিশ্বকে নাড়িয়ে দিতেও পারে।
মুনির হাসান: সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।