দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সাফল্য বাংলাদেশের মানুষের জানা থাকলেও দেশটির রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে উৎসাহ খুব বেশি দেখা যায় না। ভাগ্যান্বেষণে বাংলাদেশের অনেকেই দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান। সরকারি হিসাবে এখন কমপক্ষে সাত হাজার বাংলাদেশি কোরিয়ায় কর্মরত, বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও অনেক বেশি। সব মিলিয়ে কম করে হলেও ৫০০ শিক্ষার্থী সে দেশে পড়ালেখা করছেন। বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বড় রকমের বিনিয়োগও রয়েছে। এত সব সত্ত্বেও কোরিয়ার রাজনীতি আমাদের জন্য খুব বেশি আগ্রহের বিষয় নয়। কেননা, অর্থনৈতিকভাবে কোরিয়া বাংলাদেশের জন্য অনিবার্য নয়। রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা ব্রিটেন যতটা গুরুত্ব বহন করে, কোরিয়া ততটা করে না। বিশ্ব অর্থনীতির কারণে ফ্রান্স বা জার্মানির রাজনীতিও আমাদের অনেক বেশি জানা। ফলে এ কথা অনেকেই হয়তো জানেন না যে দক্ষিণ কোরিয়ার রাজনীতির জন্য এ বছরটি খুব গুরুত্বপূর্ণ। এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছে পার্লামেন্ট নির্বাচন, ডিসেম্বরের ১৯ তারিখে হবে প্রেসিডেন্ট নির্বাচন। পার্লামেন্টের মেয়াদ চার বছরের আর প্রেসিডেন্টের পাঁচ বছরের। ফলে প্রতি ২০ বছরে একবার এ রকম পরিস্থিতি দেখা যায়, যখন একই বছরে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেহেতু প্রেসিডেন্টের জন্য মেয়াদ বাঁধা আছে একবারের, তাই তিনি দ্বিতীয় মেয়াদে প্রার্থী হতে পারেন না। কোরিয়ার রাজনীতি নিয়ে অনুৎসাহের আরেক কারণ হলো, সে দেশের রাজনীতি অত্যন্ত ধরাবাঁধা। কোনো রকম বড় ধরনের অনিশ্চয়তা নেই। বড় দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে এবং শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ী দলের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। এভাবেই চলে আসছে কয়েক দশক ধরে।কিন্তু যাঁরা দেশে দেশে গণতন্ত্রায়ণ বিষয়ে উৎসাহী, তাঁরা বেশ আগ্রহ নিয়ে কোরিয়ার রাজনীতিকে লক্ষ করেন। একই কারণে বাংলাদেশের মানুষেরও বোধ হয় কোরিয়ার রাজনীতির হালচাল নজরে রাখা দরকার। দক্ষিণ কোরিয়ার এই গৎবাঁধা রাজনীতির আগে দেশটিতে দীর্ঘদিন ধরে চলেছে স্বৈরাচারী সামরিক শাসন, ১৯৬১ থেকে ১৯৭৯ এবং ১৯৭৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত দুই দফায় মোট ২৬ বছর দেশটি সেনাশাসনের জাঁতাকলে পিষ্ট হয়েছে। প্রথম দফার সেনাশাসনকে গণ-আন্দোলনের মাধ্যমে পরাজিত করলেও সে বিজয় মাত্র ছয় দিন ধরে রাখা সম্ভব হয়েছিল। ১৯৭৯ সালে আন্দোলনের মুখে প্রাসাদ ষড়যন্ত্রের কারণে আততায়ীর হাতে নিহত হন একজন প্রেসিডেন্ট। কেবল তা-ই নয়, সে সময়কার অধিকাংশ নির্বাচনই শাসকদের বানানো ফলাফলের বেশি কিছু ছিল না। ১৯৮৭ সালে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও কার্যত বেসামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক কিম ইয়াং সাম কেবল যে অতীতের সব অত্যাচার, নিপীড়নের বিচারের ব্যবস্থাই করেছিলেন তা নয়; দেশে গণতন্ত্র স্থায়ী রূপ দিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরির ওপরও জোর দেন। আগের দুজন প্রেসিডেন্টকে বিচারের মুখোমুখি করার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতিরও সূচনা করেন। এরপর পর্যায়ক্রমে সাবেক সরকারবিরোধীরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।রাজনীতির এসব পরিবর্তন হলেও দেশের ক্ষমতাসীনদের মধ্যে দুর্নীতি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। দফায় দফায় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে সরকার ও সরকারপ্রধানেরা। দেশের চারটি প্রধান দল ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টি, সায়নুরি পার্টি (যা অতীতে গ্র্যান্ড ন্যাশনাল পার্টি বলে পরিচিত ছিল), ইউনাইটেড প্রগ্রেসিভ পার্টি ও লিবার্টি ফরোয়ার্ড পার্টি। এসব দলের নেতারা কম-বেশি সবাই বিভিন্ন রকমের ঝামেলায় জড়িয়ে পড়েছেন। দেশের অতীত সেনাশাসকদের সঙ্গে যুক্ত দলটি কেবল যে বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়েই গেছে তা নয়, তাদের ক্ষমতায় ফিরতে লেগেছে অনেক সময়। ২০০০ সালে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০০৪ সালে তারা আর তা ধরে রাখতে পারেনি। প্রেসিডেন্ট পদে তাদের প্রার্থী বিজয়ের মুখ দেখেন ২০০৭ সালে। ২০০৮ সালের পার্লামেন্ট নির্বাচনের পর রক্ষণশীল এই দল দেশ শাসন করছে। কিন্তু প্রেসিডেন্ট লি মুং বাক ও তাঁর প্রশাসন জড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের আর্থিক কেলেঙ্কারিতে।এসব ঘটনার পাশাপাশি দলের ভেতরে নেতৃত্বে উঠে আসেন সাবেক স্বৈরশাসক পার্ক চুং হির মেয়ে পার্ক গুয়েন হি। পার্ক চুং হি দেশের সেনাশাসক হিসেবে ১৯৬১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঠোর হাতে দেশ শাসন করেছেন। তাঁর সময় গণতন্ত্রকামীরা নিপীড়িত-নির্যাতিত হয়েছেন, প্রাণ দিয়েছেন। তাই পার্ক গুয়েন হিকে সব সময়ই এই ইতিহাসের দায় বহন করতে হয়। তবে পার্ক গুয়েন হি রাজনীতিতে নতুন নন, একাধিকবার তিনি কাউন্সিলে নির্বাচিত হয়েছেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দলের নেতৃত্ব দিয়েছেন এবং তাঁর নেতৃত্বে দল নির্বাচনে বেশ ভালো ফল করে। ২০০৮ সালে তিনি দলের প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। কিন্তু দলের ভারপ্রাপ্ত নেতৃত্বে আসীন হন ২০১১ সালের শেষে, দল তখন আবারও সংকটে। এ বছর পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীনেরা পরাজিত হবেন, এটা প্রায় নিশ্চিতই ছিল। প্রেসিডেন্টের ভাই ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের অর্থ কেলেঙ্কারির কারণে যে দল ডুবতে বসেছে, সেটা সবাই ধরেই নিয়েছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারা বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয় এবং ক্ষমতায় টিকে যায়। সে থেকেই স্পষ্ট ছিল যে এবার তাঁর মনোনয়ন পাওয়া নিশ্চিত। দলের প্রাথমিক নির্বাচনে তা-ই হয়েছে। অনেকেই ভাবছিলেন পার্ক গুয়েন হি হবেন কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট।গণতন্ত্র প্রতিষ্ঠার পর, বিশেষত গত কয়েক দশকে, কোরিয়ার রাজনীতিতে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও দেশে গণতন্ত্রায়ণের পর দুটি উল্লেখযোগ্য বিষয় প্রতিষ্ঠিত হয়েছে—নিয়মিত অবাধ নির্বাচন ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং দুর্নীতি মোকাবিলায় রাজনৈতিক প্রভাবমুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। প্রথমটির কারণে দেশের বিভিন্ন পর্যায়ে যেসব নির্বাচন হয়, তা নিয়ে কোনো রকম বিতর্ক হয় না। সে কারণেই দেশের একসময়ের স্বৈরশাসকের দল, নাম বদলে হলেও, ক্ষমতায় ফিরে আসতে পেরেছে, দেশ শাসন করতে পারছে। দুর্নীতিতে বিশেষত দেশের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা জড়িত থাকলেও, তাঁরা মোটেই পার পান না। একজন সাবেক প্রেসিডেন্ট কিম দেই জংয়ের (১৯৯৮-২০০৩) তিন ছেলে কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। ২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট নো মু হিয়োন (২০০৩-২০০৮) বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অবস্থায় আত্মহত্যা করেন। এ বছরও প্রেসিডেন্টের ভাই ও তাঁর কয়েকজন সহযোগীকে আটক করার ক্ষেত্রে পুলিশকে কোনো রকম রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হয়নি। উপরন্তু প্রেসিডেন্ট জাতির উদ্দেশে বক্তৃতা দিয়ে ক্ষমা চেয়েছেন, বলেছেন যে ক্ষমতায় আসার সময় তিনি এ ধরনের দুর্নীতি দূর করে একটা পরিচ্ছন্ন ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা পূরণে ব্যর্থ হওয়ায় তিনি ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, ‘আমার চারপাশের লোকজন যা করেছে, তার দায় আমার। আমি আর আমার মাথা উঁচু করে রাখতে পারছি না।’এসব দুর্নীতির ঘটনার কারণে ক্ষমতাসীনেরা জনপ্রিয়তা হারিয়ে ফেলায় বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মুন জাই ইন আশাবাদী হন যে নির্বাচনে তাঁর বিজয়ের সম্ভাবনা অনেক বেশি। নির্বাচনে অন্যান্য ছোট দলের প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা এই দুই দলের মধ্যেই হবে—এটা সবাই প্রায় নিশ্চিত ছিলেন। যদিও গত বছর থেকে অনেকেই অনুমান করছিলেন যে আন চিওল-সু প্রার্থী হতেও পারেন। আন চিওল-সু প্রচলিত রাজনীতিবিদ নন, তিনি কোনো দল করেন না। তিনি পেশায় ডাক্তার, সফটওয়্যার ডেভেলপার, একসময় ইন্টারনেট সিকিউরিটি কোম্পানির প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী। শুধু তা-ই নয়, তিনি একজন দাতাও বটে। তাঁর ব্যক্তিগত সম্পদের ২০০ মিলিয়ন ডলার দান করেছেন দাতব্য প্রতিষ্ঠানে। তিনি এখন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ডিন। এক বছর ধরে এ নিয়ে গুজব-গুঞ্জন চললেও গত সপ্তাহের আগে তিনি নিজে কিছুই বলেননি। তবে গত বছর তিনি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে সফর করেন এবং ‘ইয়ুথ কনসার্ট’ নামে অনানুষ্ঠানিক বক্তৃতা ও কথোপকথনের অনুষ্ঠান করেন এবং তা তরুণদের মধ্যে সাড়া ফেলে, তখনই এমন মনে হচ্ছিল। সেই গুঞ্জনের অবসান ঘটল গেল সপ্তাহে। তিনি ঘোষণা করেন যে তিনি প্রার্থী হবেন। এ ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনীতির দৃশ্যপট বদলে যায়। জনমত জরিপের ফলাফল অনুযায়ী তিনি সব প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গেছেন। এদিকে এত দিন পার্ক গুয়েন হি তাঁর বাবার শাসনামলের সময়কার অত্যাচার-অবিচার নিয়ে সুস্পষ্টভাবে কিছু না বললেও এখন তার জন্য ক্ষমা প্রার্থনা করতে শুরু করেছেন। তিনি বলেছেন যে তাঁর বাবার আমলে উত্তর কোরিয়ার হাত থেকে রক্ষার জন্য জাতীয় নিরাপত্তা প্রচেষ্টার আড়ালে অনেকের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।গত সপ্তাহেও যে নির্বাচনকে মনে হচ্ছিল একটা গৎবাঁধা বিষয়, এখন তার চেহারা বদলে যেতে শুরু করেছে। কিন্তু এসব দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার সাফল্যেরই লক্ষণ। গণতন্ত্র যে স্থায়ী রূপ নিয়েছে, প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, এটা তারও প্রমাণ। অন্যদিকে, প্রচলিত রাজনীতির বাইরের একজন প্রার্থীর এই উত্থান প্রমাণ করে যে কোরিয়ার মানুষ বিকল্প অনুসন্ধানে পিছপা হবে না। শেষ পর্যন্ত তাদের চেষ্টা কোথায় দাঁড়াবে, তা আমরা আগামী দিনগুলোতে দেখতে পাব। আর ফলাফল বোঝা যাবে ১৯ ডিসেম্বরের পর।ইলিনয়, ২৪ সেপ্টেম্বর ২০১২আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।