দক্ষিণ কোরীয় বদান্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখা থেকে লেখদক্ষিণ কোরিয়ায় সাংবাদিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে প্রথম আলো কর্তৃপক্ষ যখন আমাকে মনোনীত করল এবং সিউল থেকে আমার নামে চিঠি এল, তখন প্রথমেই মনে হলো, দক্ষিণ কোরিয়া সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নিয়েই সে দেশে যাওয়া উচিত। ইন্টারনেটে দেশটির অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা পাওয়া গেল। কিন্তু তাতে তৃপ্তি হলো না।

আমার ধারণা, কোনো দেশের মানুষ ও সমাজ সম্পর্কে জানার একটা ভালো উপায় সে দেশের কথাসাহিত্য পড়া। আমি দক্ষিণ কোরিয়ার কোনো গল্প-উপন্যাস পড়িনি। শুধু শুনেছি, ইদানীং সে দেশে ভালো গল্প-উপন্যাস লেখা হচ্ছে। হান কাং নামের এক ঔপন্যাসিকের দ্য ভেজিটারিয়ান নামে একটা উপন্যাস গত বছর ম্যান বুকার পুরস্কার পেয়েছে।

ঢাকার দক্ষিণ কোরীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস পার্ক মি সিওল একদিন টেলিফোন করে আমাকে জানালেন, সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমাকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। আমি তাঁকে ধন্যবাদ দিয়ে বললাম, ‘আপনার দেশে যাওয়ার আগে দু–একটা কোরীয় গল্প-উপন্যাস পড়তে চাই।’ ভদ্রমহিলা আমার আগ্রহের কথা শুনে আনন্দ প্রকাশ করলেন। আবার একই সঙ্গে দুঃখ প্রকাশ করে বললেন, এই মুহূর্তে তাঁর কাছে কোরীয় কোনো বইয়ের ইংরেজি অনুবাদ নেই।

সপ্তাহ দুই পরে আবার তাঁর টেলিফোন: ‘আপনার জন্য একটা বই আনা হয়েছে। যখন ভিসার আবেদনপত্র জমা দিতে আসবেন, আমার সঙ্গে একটু দেখা করবেন।’

ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলে তিনি আমার হাতে ধরিয়ে দিলেন একটা বই; কিয়ুং-সুক শিনের লেখা উপন্যাসের ইংরেজি অনুবাদ: প্লিজ লুক আফটার মাম। বললেন, বইটা তিনি আগেই কোরীয় ভাষায় পড়েছেন। ইংরেজি অনুবাদটাও এবার পড়ে ফেললেন। তাঁর মতে, অনুবাদ ভালো ও মূলানুগ হয়েছে। বইটার গায়ের স্টিকারে কোরীয় মুদ্রায় দাম লেখা দেখে বুঝতে কষ্ট হলো না যে তিনি আমার জন্য বইটা আনিয়েছেন সুদূর কোরিয়া থেকে। বইটার সঙ্গে ইংরেজি ভাষায় কিছু ম্যাগাজিন, বুকলেট, ট্রাভেল গাইডসহ একটা ব্যাগই তিনি আমার হাতে দিয়ে বললেন, আমি যখন দক্ষিণ কোরিয়া যাব, তখন সে দেশে বসন্ত শুরু হবে, আবহাওয়া হবে চমৎকার। ফুলহাতা শার্ট পরেই আমি ঘুরে বেড়াতে পারব। শুধু সন্ধ্যায় একটু ঠান্ডা পড়বে, তখন একটা জ্যাকেট কিংবা সোয়েটার পরলেই চলবে। আরও বললেন, সিউলে বিশাল বিশাল বইয়ের দোকান আছে, সেখানে ইংরেজি ভাষার বইও পাওয়া যায়, অনেক রাত পর্যন্ত বইয়ের দোকান খোলা থাকে, সিউলের রাস্তাঘাট অত্যন্ত নিরাপদ, আমি ইচ্ছেমতো ঘুরে বেড়াতে পারব।

শুধু তা-ই নয়, ফার্স্ট সেক্রেটারি পার্ক সিওল আমার সঙ্গে কোরিয়ার কথাসাহিত্য নিয়ে আলোচনা শুরু করলেন। একের পর এক গল্পকার ও ঔপন্যাসিকদের নাম বলে চললেন, যাঁদের বই ইংরেজিসহ বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং হচ্ছে, যাঁরা স্বদেশে ও বিদেশে পুরস্কার পাচ্ছেন। কার কোন বই কত কপি বিক্রি হয়েছে সেসব কথা বলতেও ছাড়লেন না। প্লিজ লুক আফটার মাম সম্পর্কে বললেন, এই বই বিক্রি হয়েছে ২০ লাখ কপিরও বেশি। ইংরেজিসহ ১৪টা ভাষায় অনূদিত হয়ে প্রকাশিত হয়েছে বিশ্বের ২৬টা দেশ থেকে। ইসরায়েলে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বইটার সব কপি বিক্রি হয়ে গেছে। বইয়ের সহজ-সুন্দর ভাষা ও চমৎকার বর্ণনাশৈলীর কথাও তিনি বললেন। অথচ মিস পার্ক ছিলেন কম্পিউটার বিজ্ঞানের ছাত্রী। রাজধানী সিউলের নয়, দূরের কোনো এক মফস্বল শহরের মেয়ে তিনি। কম্পিউটার বিজ্ঞানেœ স্নাতক ডিগ্রি অর্জনের পর যখন দেখলেন ভালো লাগছে না তখন বিষয় বদলেছেন। চমৎকার ইংরেজি শিখেছেন, যোগ দিয়েছেন পররাষ্ট্র বিভাগে। যা করছেন তা শুধু গতানুগতিক চাকরি নয়, বাংলাদেশের এক অজ্ঞ লোককে কোরীয় সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিজের পকেটের পয়সা খরচ করে সুদূর সিউল থেকে বই কিনে আনা তাঁর চাকরির দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল না।

বইটা নিয়ে বাসায় ফেরার পর ১০ পাতা পড়েই এত ভালো লাগল যে ভাবলাম, যে বইয়ের অনুবাদ ২৬টা দেশে ছাপা হয়েছে, বাংলা ভাষায় কেন সেটার অনুবাদ হবে না? কিন্তু সে জন্য লেখকের অনুমতি দরকার। আমি মিস পার্ককে টেলিফোন করে বললাম, এই লেখকের সঙ্গে যোগাযোগ করার উপায় কী? আমি যখন সিউল যাব, তখন তাঁর একটা সাক্ষাৎকারও নিতে চাই। তিনি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন কি না। তিন দিন পর তিনি আমাকে ই-মেইলে এক ভদ্রলোকের নাম ও ই-মেইল ঠিকানা পাঠিয়ে দিয়ে লিখলেন যে তিনি ঔপন্যাসিক কিয়ুং-সুক শিনের প্রকাশকের মুখপাত্র। অনুবাদের অনুমতি ও লেখকের সঙ্গে সাক্ষাৎকারের জন্য আমি ওই ভদ্রলোকের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করলে ফল পেতে পারি। আমি সঙ্গে সঙ্গে জোসেফ লি নামের সেই ভদ্রলোককে একটা ই-মেইল পাঠালাম, এক দিন পরেই তাঁর উত্তর চলে এল। তিনি জানতে চাইলেন, বাংলা ভাষায় বইটার অনুবাদ ছাপাতে আগ্রহী কোনো প্রকাশক আমার আছে কি না, থাকলে তাদের নিয়মকানুনগুলো কী।

যা-ই হোক, এই গল্প বেশ দীর্ঘ। শুধু এটুকু বলি যে শেষ পর্যন্ত ঔপন্যাসিক কিয়ুং-সুক শিনের সাক্ষাৎকার আমি পাইনি। যে লেখকের বই তাঁর স্বদেশে ও বিদেশে লাখ লাখ কপি বিক্রি হয়, এত অল্প সময়ের মধ্যে তাঁর সাক্ষাৎ পাওয়া অসম্ভব প্রমাণিত হয়েছে।

এই গল্পটা বলার উদ্দেশ্য মিস পার্ক সিওলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু শুধু এটুকুই নয়। তাঁর এই বদান্যতার গল্প লেখার কারণ এটা লেখার যোগ্য বিষয়ই বটে। তিনি যখন সিউল থেকে আনা বইটা আমার হাতে তুলে দিচ্ছিলেন, তখন আমার মনে পড়েছিল আমার দেশের কূটনীতিকদের কথা। জানতে ইচ্ছে হয়েছিল, তাঁরাও কি সবাই বিদেশে স্বদেশের মান-মর্যাদা বাড়ানোর কথা এমন করে ভাবেন? তাঁদের সবাই কি নিজ দেশের সাহিত্য পড়েন? যে দেশে চাকরি করতে যান, সেই দেশের মানুষকে নিজ দেশের সাহিত্য সম্পর্কে আগ্রহী করার চেষ্টা করেন?

একজন পার্ক সিওলকে দিয়ে পুরো দক্ষিণ কোরীয় জাতির জন্য এমন উচ্ছ্বসিত প্রশংসাপত্র রচনা করার মধ্যে সরলীকরণের ঝুঁকি থেকে যায় কি না? মিস পার্ক বিরল ব্যতিক্রম হলে সে ঝুঁকি থাকতে পারত। কিন্তু কোরিয়ায় গিয়ে সম্মেলনের আয়োজকদের কাছে, তাঁরা যেসব জায়গায় আমাদের বেড়াতে নিয়ে গেছেন, তাঁদের সবার কাছে যে ব্যবহার পেয়েছি, তাতে পার্ক সিওলকে বিরল ব্যতিক্রমী চরিত্র বলার উপায় নেই। বরং তাঁর মতো বদান্যতা ও আতিথেয়তা তাঁর দেশের অধিকাংশ মানুষেরই স্বাভাবিক বৈশিষ্ট্য বলে আমার মনে হয়েছে।

মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।