দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন মার্কিন কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ২০১১ সালের ১৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করেছিলেন, অচিরেই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা তার উপস্থিতি বৃদ্ধি করবে। খুব বেশি সময় না যেতেই তার প্রমাণ পাওয়া গেল ২০১২ সালের ৪ এপ্রিল প্রথম দফায় ২৫০ জন মেরিনের এক ব্রিগেড ডারউইন বিমানবন্দরে মধ্যরাতে অবতরণের মধ্য দিয়ে। বিমানবন্দর থেকে তাদের রবার্টসন সামরিক ব্যারাকে স্থানান্তর করা হয়েছিল। সেখানে মার্কিন মেরিন বাহিনী যুদ্ধের ট্রেনিং থেকে শুরু করে যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবে, যদিও এটিকে মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে প্রচার করা হচ্ছে না। চুক্তি অনুযায়ী মেরিনের সংখ্যা অচিরেই দুই হাজার ৫০০ তে উন্নীত হবে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্তিভেন স্মিথ দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে কৌশলগত (স্ট্র্যাটেজিক) আঁতাতের অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। স্মিথের মতে, বিশ্বরাজনীতির কেন্দ্র দ্রুত এশিয়ায় স্থানান্তরিত হচ্ছে। প্রমাণ হিসেবে তিনি চীন, ভারত ও আসিয়ান অন্তর্ভুক্ত দেশের অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতিকে উল্লেখ করেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা আঁতাতের ইতিহাস অবশ্য দীর্ঘ ৬০ বছরেরও বেশি, যদিও সেটি একপেশে এবং সেখানে অস্ট্রেলিয়া বরং জুনিয়র পার্টনার হিসেবেই বিবেচিত। দেশের ভূ-কৌশলগত অবস্থানের কারণে অস্ট্রেলিয়া সন্দেহাতীতভাবে মার্কিন বন্ধুত্বের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। একমাত্র সিঙ্গাপুর ছাড়া এ অঞ্চলে অস্ট্রেলিয়া কোনো দেশকে বন্ধু হিসেবে দেখে না। অন্যদিকে এশীয় দেশগুলো অস্ট্রেলিয়াকে এশিয়ায় ইউরোপের সম্প্রসারিত হাত হিসেবেই বিবেচনা করে। ফলে অস্ট্রেলিয়ার জনগণ তাদের সরকার দেশের জন্য কতটুকু করল, সে প্রশ্নের চেয়ে অনেক বেশি উদ্বেলিত থাকে, আমেরিকাকে কীভাবে খুশি করা যায়। ইতিহাসে তার প্রমাণ রয়েছে। ১৯০৮ সালে আমেরিকার শ্বেত নৌবহর ১৬টি যুদ্ধজাহাজ নিয়ে সিডনি সফরে আসে। এই সফরের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সমর শক্তির মহড়া। সে দিন কয়েক লাখ সিডনিবাসী ওই নৌবহরকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিল, যেটি ইতিহাসে বিরল। অস্ট্রেলিয়ার কল্পনায় এটি ছিল সম্ভাব্য জাপানি আক্রমণের আশঙ্কাকে লঘু করা এবং তারই প্রেক্ষাপটে কিছুটা হলেও মনস্তাত্ত্বিক চাপ থেকে মুক্তি পাওয়া। বলা বাহুল্য, রাশিয়ার বিরুদ্ধে ১৯০৫ সালে জাপানের বিজয় অস্ট্রেলিয়ার জন্য অশনিসংকেত ছিল বললে ভুল হবে না। দ্বিতীয় মহাযুদ্ধ শেষে ১৯৫১ সালে সানফ্রান্সিসকো শহরে আঞ্জুস চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম পর্যায়ে নিউজিল্যান্ড এই চুক্তিতে অন্তর্ভুক্ত থাকলেও মার্কিন যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র বহন এবং বিনা অনুমতিতে অকল্যান্ড সমুদ্রবন্দরে নোঙর করার প্রতিবাদে ১৯৮৪ সালে সে ওই আঁতাত থেকে সরে আসে। আঞ্জুস আঁতাতকে উভয় পক্ষ বিশেষ গুরুত্ব দেয় বটে, যদিও এই আঁতাতের ইতিহাস সুখপ্রদ নয়। দ্বিতীয় মহাযুদ্ধে আত্মসমর্পিত জাপানি যুদ্ধাপরাধীদের বিচার না করার মার্কিন সিদ্ধান্তে অস্ট্রেলিয়া ক্ষুব্ধ হয়েছিল প্রচণ্ডভাবে। আমেরিকার লক্ষ্য ছিল জাপানকে শীতলযুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা এবং যুদ্ধাপরাধী জেনারেল ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের নুরেমবার্গের মতো বিচারের কাঠগড়ায় তুলে সে পরিকল্পনা ভণ্ডুল করতে আমেরিকা প্রস্তুত ছিল না। যতটুকু না কৌশলগত, তার চেয়ে লোক দেখানো বন্ধুত্বের প্রলেপ দিয়ে অস্ট্রেলিয়াকে খুশি করা ছিল ওই আঁতাতের প্রধান উদ্দেশ্য। অবশ্য বিগত আধা শতাব্দীতে বহু পরিবর্তন হয়েছে এবং দুই দেশের বন্ধন আরও মজবুত হয়েছে। কমিউনিজমবিরোধী আঁতাতে অস্ট্রেলিয়া আমেরিকার পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ করে যখন, ওই যুদ্ধে এমনকি স্বয়ং ব্রিটেনও অংশগ্রহণ থেকে বিরত ছিল। নিউইয়র্ক শহরের টুইন টাওয়ার আক্রমণের পর অস্ট্রেলিয়া স্বেচ্ছায় আঞ্জুস চুক্তির অধীনে প্রথমে ইরাক, পরে আফগান যুদ্ধে অংশগ্রহণ করে। অথচ ১৯৯৯-২০০০ সালে পূর্ব তিমুরে নির্বাচনোত্তর সহিংসতায় প্রয়োজনীয় মার্কিন সেনা পাঠানোর অস্ট্রেলীয় অনুরোধ আমেরিকা প্রত্যাখ্যান করে নির্দ্বিধায়।যা হোক, অস্ট্রেলিয়াকে অনিমজ্জমান ঘাঁটি হিসেবে ব্যবহারের মার্কিন স্পৃহার মূলে রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষমতাকে সীমিত রাখা। এই কৌশলের অন্য অংশীদার ভারত। উল্লিখিত কৌশল বাস্তবায়নে আমেরিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। ২০০৭ সালের ২৪-২৫ মে ম্যানিলায় এক সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় বলয় নামে রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটে। ওই জোটের উদ্দেশ্য উল্লিখিত এলাকাকে গণতন্ত্রের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলা। ওই সমঝোতার অধীনে ২০০৭ সালে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, আমেরিকা ও সিঙ্গাপুর বঙ্গোপসাগরে নৌ-মহড়ায় অংশ নেয়। এই মহড়ায় ২০টি যুদ্ধজাহাজ অংশ নেয়, যার মধ্যে নিমিটস, কিটিহক ও ভারতের পারমাণবিক যুদ্ধজাহাজ ইন্স ভিরাট উল্লেখযোগ্য। এর কিছু আগে এপ্রিল মাসে ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র জাপানের উপকূলে নৌ-মহড়ায় অংশ নেয়। সে সময় চীন ঘোষণা করেছিল, এই জোট এশিয়াকে বিভক্ত করবে। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী কেভিন রাডের চীনপ্রীতি নীতি আঁতাতের মৃত্যুঘণ্টা বাজায়।প্রশ্ন হলো, এই নবায়িত উদ্যোগ অস্ট্রেলিয়ার জন্য কতটা লাভজনক। প্রথমত, এটি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষার কোনো নিশ্চয়তা দেয় না। বস্তুত দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে মাত্র। লক্ষ করার বিষয়, দ্বিতীয় মহাযুদ্ধকালে মার্কিন জেনারেল ডগলাস ম্যাকারথার অস্ট্রেলিয়ার ভূখণ্ড দিয়ে প্রায় এক মিলিয়ন সেনা স্থানান্তর করেন। সে সময় থেকে অনেকের মনে এই ভ্রান্ত বিশ্বাস জন্মে যে আমেরিকার উপস্থিতি না থাকলে জাপান অস্ট্রেলিয়াকে দখল করে নিত। বস্তুত জাপানের কখনো সেই উদ্দেশ্য ছিল না। অস্ট্রেলিয়াকে ঘাঁটি হিসেবে ব্যবহারের কারণ ছিল পাপুয়া নিউগিনিতে অবস্থিত জাপানি বাহিনীকে আক্রমণ করা এবং সেটি সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা অস্ট্রেলিয়া থেকে সেনা প্রত্যাহার করে। নতুন ঘাঁটি হিসেবে পোর্ট মরসবিতে সব মার্কিন সেনাকে স্থানান্তর করা হয়। জাপানিদের বিরুদ্ধে ওই যুদ্ধে যত না মার্কিন সেনা, তার চেয়ে অনেক বেশি অস্ট্রেলিয়ান সেনা নিয়োগ করা হয়েছিল। তারাই মার্কিন জেনারেল ম্যাকারথারের জয় নিশ্চিত করে, বস্তুত তারাই জীবন বিসর্জন দেয় অধিক সংখ্যায়। প্রথম মহাযুদ্ধে তুরস্কের বিরুদ্ধে গালিপলির যুদ্ধে ঠিক ব্রিটেনের মতো। সেই যুদ্ধে ইংরেজদের চেয়ে অনেক বেশি প্রাণ দিয়েছিল অস্ট্রেলীয় সেনা। তবে, নতুন এই চুক্তি অস্ট্রেলিয়াকে বাধ্য করছে দুই নৌকায় পা দিতে। একদিকে আমেরিকা তার প্রধান সামরিক সহযোগী এবং তাকে খুশি রাখা অপরিহার্য, অন্যদিকে চীন তার প্রধান বাণিজ্যিক অংশীদার। বিগত ২০০৮ সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময় অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে দিয়েছিল চীনের সঙ্গে বাণিজ্য। তবে চীনা অর্থনৈতিক সাফল্যের বুদ্বুদ ভবিষ্যতে যদি কখনো ফেটে পড়ে, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অবস্থা কল্পনা করা কঠিন। খনিজ সম্পদের মূল্য মুহূর্তে শূন্যতে পৌঁছাতে পারে এবং সেটি কয়েক কোটি অস্ট্রেলীয়বাসীর জন্য একসময় ভোজ, অন্য সময় ক্ষুধার্ত থাকার মতো অবস্থার সৃষ্টি করবে। অস্ট্রেলিয়ার লোয়ি ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায়, বিগত বছরগুলোতে (২০০৭ থেকে ২০১১) প্রায় ৮০ শতাংশ নাগরিক মার্কিন আঁতাতকে গুরুত্বপূর্ণ মনে করে। অন্যদিকে চীন সম্পর্কে অস্ট্রেলীয়বাসী গভীরভাবে উদ্বিগ্ন এবং সন্দেহপ্রবণ। তাদের (৬০ শতাংশ) ধারণায় চীন এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তারে মগ্ন এবং ৪৪ শতাংশ বিশ্বাস করে, অদূর ভবিষ্যতে চীন অস্ট্রেলিয়ার জন্য সামরিক হুমকি হিসেবে আত্মপ্রকাশ করবে। জনমতামতের এই বহিঃপ্রকাশ অস্ট্রেলিয়ার সামরিক নীতিমালায় প্রতিফলিত হতে দেখা যায়। ২০০৪-০৫ সালে অস্ট্রেলিয়ার সামরিক খাতে ব্যয় ছিল ১২ দশমিক ৮৬ বিলিয়ন ডলার, যেটি ২০০৫-০৬ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭ বিলিয়নে। এই অর্থ মার্কিন অস্ত্র ক্রয়ে ব্যয় হবে, যার মধ্যে তিনটি মার্কিন যুদ্ধবিধ্বংসী জাহাজ, ছয়টি পূর্বসতর্কীকরণযোগ্য বিমান, ২২টি টাইগার অনুসন্ধানী হেলিকপ্টার, ১২টি সেনা পরিবহনযোগ্য হেলিকপ্টার, ৫৯টি আব্রাহাম ট্যাংক, লকহিড মারটিন এজিএম স্ত্রাইক ফাইটার ও বোয়িং সি ১৭ গ্লোবমাস্টার অন্তর্ভুক্ত। সরকারি অবস্থান যা হোক, ডারউইনে আমেরিকান মেরিনের জীবন খুব যে সুখপ্রদ হবে, সেটি ধরে নেওয়া যায় না। ডারউইন কোনো ট্রপিক্যাল স্বর্গ নয়। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, বর্ষায় অঝোরে বৃষ্টিপাত মেরিনদের জীবন অতিষ্ঠ করে তুলতে পারে। গ্রীষ্ম থেকে বর্ষা, এই ঋতু পরিবর্তনকাল ‘সিলি টাইম’ হিসেবে পরিচিত। প্রচণ্ড ভাপসা গরমে মানুষ অদ্ভুত আচরণ করে এবং আত্মহত্যার হার প্রচণ্ড বৃদ্ধি পায়। ডারউইনের নদী ও খাল-বিল বৃহৎ বৃহৎ কুমিরে পরিপূর্ণ, যাদের আক্রমণে প্রতিবছর পর্যটকদের মৃত্যু হয়। ডারউইনকে অবসর যাপনের শহর হিসেবেও গণ্য করা যায় না। এশিয়ার অন্যান্য ঘাঁটির তুলনায় এখানে আলো-ঝলমলে রাস্তার অভাব রয়েছে, লোকসংখ্যার বড় অংশ আদিবাসী, নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি। মদ্যপান ও নেশাগ্রস্ততা নাগরিক জীবনকে অতিষ্ঠ করে। যৌন অপরাধ অতিমাত্রায় লক্ষণীয় এবং কয়েক হাজার মেরিনের উপস্থিতি এই অবস্থাকে আরও গভীর করতে পারে। আমেরিকান সেনাদের ভাবমূর্তিও এ ক্ষেত্রে যে ভালো, তা তো নয়। জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে আমেরিকানদের উৎখাতের আন্দোলন প্রবল। থাইল্যান্ডের কথা অজানা নয়। ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যাংকক ছিল আমেরিকান সেনাদের বিশ্রামস্থল। এর ফলে ব্যাংকক আজ দেহব্যবসায়ীর শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। ফলে আমেরিকান মেরিন বাহিনী অস্ট্রেলিয়ার মাটিতে কত ভালো দূত হবে, সে বিষয়ে শঙ্কা রয়েছে। সবকিছুর ওপর যেটি লক্ষ করার বিষয় সেটি হলো, চীনের প্রতিক্রিয়া কূটনৈতিক, নাকি সামরিক ভাষায়।বদরুল আলম খান: অস্ট্রেলিয়া প্রবাসী অধ্যাপক।