
মাত্র কয়েক দিন আগে বান্দরবান জেলার থানচি উপজেলার বড়মদক এলাকায় বাংলাদেশ সীমান্তের মধ্যে বিজিবি এবং মিয়ানমারের অন্যতম বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ হয়। প্রায় আধা বেলা চলে গোলাগুলি, এতে বিজিবির দুজন সদস্য আহত হন বলে খবর পাওয়া গেছে। সূত্রমতে, এই দুজন আহত সদস্য হলেন সিপাহি আবদুল গণি ও নায়েক জাকির হোসেন। তাঁরা ছিলেন ওই এলাকায় বিজিবির টহল দলের সদস্য। এই দলের ওপরে ‘আরাকান আর্মি’ অতর্কিতে হামলা করে। দুজনকেই চট্টগ্রামে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবির অতিরিক্ত কয়েক প্লাটুন সৈনিক পাঠানো হয়।
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সর্বাত্মক পাল্টা অভিযানে ব্যবহার করা হয় বিমানবাহিনীর জঙ্গি বিমান-এ-৭। সূত্রমতে, ওই এলাকায় এখনো (এ লেখা শেষ হওয়া পর্যন্ত) যৌথ অভিযান চলছে। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মোতাবেক মিয়ানমার সরকারকে তাদের তরফে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত সিল করার অনুরোধ জানানো হয়েছে; যাতে বিচ্ছিন্নতাবাদীদের এই দলকে নির্মূল অথবা নিষ্ক্রিয় করা যায়।
এই সংঘর্ষের প্রেক্ষাপট সম্পর্কে বিজিবির তরফ থেকে বলা হয়েছে, এ ঘটনার কয়েক দিন আগে প্রায় ১০টি ঘোড়া ধরা হয়েছে এবং আন্দাজ করা যায় যে এসব ঘোড়া বিচ্ছিন্নতাবাদীদের যোগাযোগ ও রসদ সরবরাহের জন্য ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আরাকান আর্মি এই অ্যাম্বুশ করেছিল। অনেক তথ্য বিবরণে পাওয়া যায় যে বড়মদক এলাকার বিজিবি ক্যাম্পের ওপরও গোলাগুলি করা হয়েছিল। মিয়ানমারের একাধিক পত্রিকামতে, এটি ছিল ১০ সদস্যের একটি দলের হামলা। ইতিমধ্যেই রাঙামাটির রাজস্থলী বাজার থেকে অং ইউ ইয়াই রাখাইন নামের একজনকে আরাকান আর্মির সহযোগী সন্দেহে সেনাবাহিনী আটক করেছে। ওই ব্যক্তির কাছ থেকে যেসব দ্রব্য পাওয়া গেছে, তাতে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। অবশ্য ২৭ আগস্ট বার্মা টাইমস পত্রিকার খবরে প্রকাশ, কয়েক দিন আগে তমরু বাজার এলাকা থেকে বিজিবি অং কেং চাকমা নামের একজনকে আটক করে। তাঁকে মিয়ানমারের উগ্রপন্থী বৌদ্ধ ভিক্ষু সংগঠন ৯৬৯-এর সদস্য বলে সন্দেহ করা হয়। উল্লেখ্য, এই উগ্রপন্থী বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন মিয়ানমারকে একটি উগ্রপন্থী বৌদ্ধ রাষ্ট্রে পরিণত করতে আন্দোলন করছে। অবশ্য এর কোনো তথ্য বিজিবি থেকে পাওয়া গেছে কি না, জানা নেই।
মিয়ানমারে প্রায় ১৬টি বড় ধরনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওই দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর মধ্যে অন্যতম বৃহত্তম কারেন ন্যাশনাল ইউনিয়ন এবং কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি। আর রয়েছে কাচিন ইনডিপেনডেন্ট আর্মি, কেরেনি আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট, আলোচিত আরাকান আর্মি (২০০৯ সালে গঠিত) এবং আরাকান লিবারেশন আর্মিসহ আরও অনেক গ্রুপ। মিয়ানমার বা তৎকালীন বার্মার স্বাধীনতার পরপরই সরকার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মুখে পড়ে। এদের মধ্যে সবচেয়ে পুরোনো এবং দুর্ধর্ষ বলে পরিচিত কারেন ন্যাশনাল ইউনিয়ন ও কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ১৯৪৯ সালে গঠিত হয়েছিল এবং ক্রমেই বিভিন্ন অঞ্চলে উপজাতিদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছড়িয়ে পড়ে। তীব্রতা বাড়ে ১৯৬২ সালে তৎকালীন বার্মায় সামরিক অভ্যুত্থানের পর। মিয়ানমারে এখন পর্যন্ত বিশ্বের দীর্ঘমেয়াদি ও ভয়াবহ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে।
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর উদ্দেশ্য পৃথক রাষ্ট্র গঠন থেকে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা। আরাকান আর্মি মূলত রাখাইন রাজ্যের বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন সম্প্রদায়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এই সংগঠনটির মূল উদ্দেশ্য স্বায়ত্তশাসিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য রাখাইন রাজ্য গঠন করা। উল্লেখ্য, বর্তমানের রাখাইন রাজ্যের পূর্বনাম ছিল আরাকান। বর্তমানে এই সংগঠনের সদস্যসংখ্যা ৪০০ থেকে ৫০০। মূল অস্ত্র হালকা ধরনের মেশিনগান এবং একে-৪৭ রাইফেল। সংগঠনটি নতুন হলেও একসময় তারা কাচিন ইনডিপেনডেন্ট আর্মির সঙ্গে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। কাজেই আরাকান আর্মি ইনসারজেন্সি এবং গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত বলে বিবেচিত। বর্তমানে যে কয়টি বিচ্ছিন্নতাবাদী সংগঠন সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে, তার বাইরে রয়েছে কাচিন ও আরাকান আর্মি।
থানচি উপজেলার যে অঞ্চলে এ সংঘর্ষ হয়েছে তা এই অঞ্চলের অন্যতম দুর্গম এলাকা। বস্তুতপক্ষে মিয়ানমারের সঙ্গে প্রায় ২০০ মাইল অভিন্ন সীমান্ত রয়েছে। শুধু নাফ নদীর অংশটুকু ছাড়া সম্পূর্ণ এলাকাই দুর্গম পাহাড় আর জঙ্গল পরিবেষ্টিত। জনসংখ্যা অত্যন্ত কম। উপত্যকা আর চলাচলের ব্যবস্থা বলতে পায়ে হাঁটা এবং বর্ষা মৌসুমে ছোট ছোট ছড়া বা খালে সীমিত আকারের নৌযানের ব্যবহার। এসব জায়গা অতীতে ছিল সম্পূর্ণ অরক্ষিত, তবে কয়েক বছর ধরে বিজিবির দুটি সেক্টর হওয়ায় প্রায় অর্ধেক সীমান্তে নজরদারি বেড়েছে। তারপরও বহু জায়গা খালি রয়ে গেছে। এসব সীমান্ত ফাঁড়ি এবং সেনাবাহিনীর অনুমোদিত ক্যাম্পগুলোতে বর্ষাকালে যোগাযোগ রক্ষা করার একমাত্র উপায় হেলিকপ্টার অথবা দুই বা তিন দিনের পায়ে চলা পথ; যা সব সময়ই ঝুঁকিপূর্ণ থাকে। দুর্গম অঞ্চল হওয়ায় সাধারণ টহলে এসব অঞ্চলের ওপর নজরদারি রাখা সম্ভব হয় না, যদি না আকাশপথে সময় সময় টহলের এবং পর্যবেক্ষণের ব্যবস্থা না করা যায়।
>যা ঘটেছে বা ঘটছে, তা এখনো জাতীয় নিরাপত্তার জন্য আশঙ্কাজনক না হলেও উদ্বেগজনক তো বটেই। এই উদ্বেগ প্রশমনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে বিশ্বাস করি
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই অঞ্চলে পার্শ্ববর্তী দেশের, বিশেষ করে মিয়ানমারের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হদিস পাওয়া যায়নি; যদিও তৎকালীন পাকিস্তান সরকারের পৃষ্ঠপোষকতায় আলোচিত অঞ্চলে মিজো ও নাগা বিদ্রোহীদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল। মদকের ধারেকাছেই মিজো বিদ্রোহী নেতা লালডেঙ্গার সদর ছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই কিছু নেতাকে ভারতীয় সামরিক বাহিনী আটক করলেও লালডেঙ্গাকে খুঁজে পাওয়া যায়নি। অবশ্য বর্তমানে মিজোরাম পৃথক রাজ্য হওয়ার পর থেকে মিজো বিদ্রোহ প্রশমিত হয়েছে।
মিয়ানমার-বাংলাদেশের সীমানাসংলগ্ন মিয়ানমারের দুটি রাজ্য রয়েছে। উত্তরাংশে উত্তর আরাকান রাজ্য, যার সঙ্গে অভিন্ন সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং ভারতের। অপরটি রাখাইন বা পুরোনো আরাকান রাজ্য। উত্তর আরাকান রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বর্তমানে স্তিমিত; তবে আরাকানে একাধিক সংগঠন রয়েছে, যার মধ্যে রোহিঙ্গা মুসলিমদেরও একাধিক সংগঠন আছে। এসব সংগঠন যেমন রাখাইন অঞ্চলে সক্রিয়, তেমনি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও সক্রিয়। গহিন জঙ্গলে এসব সংগঠনেরও যথেষ্ট আনাগোনা রয়েছে।
আরাকান অঞ্চলের রাখাইন সম্প্রদায়ের আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের ৯৬৯ কট্টরপন্থী বৌদ্ধ সংগঠনের যোগাযোগ রয়েছে। ৯৬৯ সংগঠনটি মিয়ানমারকে সম্পূর্ণভাবে বৌদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকারের ওপরে চাপ দেওয়ার পাশাপাশি প্রকাশ্যে মুসলিম ও খ্রিষ্টান সংখ্যালঘুদের বিরুদ্ধে সোচ্চার। মাত্র কয়েক বছর আগে মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুন এবং মংডু ও সিতাওয়েতে যে বৌদ্ধ-মুসলিম ব্যাপক দাঙ্গা হয়েছিল, তার হোতা ছিল ৯৬৯ বৌদ্ধ কট্টরপন্থী সংগঠন; যার নেতৃত্বে রয়েছেন ভিক্ষু অসিন বিরাথু। যেমনটা আগে উল্লেখ করেছি যে, অং কেং চাকমা নামক কথিত যে ব্যক্তি ইতিপূর্বে আটক হয়েছেন, তিনি এই গ্রুপেরই একজন সদস্য।
বার্মা টাইম–এর অনলাইন সংস্করণে এই গ্রুপটি বাংলাদেশের আলোচিত অঞ্চলে বেশ অনেক দিন ধরেই সক্রিয় রয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। (বার্মা টাইম: আগস্ট ২৬, ২০১৫) অবশ্য এর সত্যতা কতখানি, তা সাধারণ মানুষের জানার উপায় নেই। রাঙামাটির রাজস্থলী বাজার থেকে অং ইউ ইয়াই রাখাইন নামের ব্যক্তির আটক এবং কথিত অং কেং চাকমার আটক এরই পরিপ্রেক্ষিতে অতীব গুরুত্বপূর্ণ। অবশ্য শেষোক্ত ব্যক্তি যদি উল্লিখিত তথ্যমতে, ৯৬৯ সংগঠনের সদস্য হয়ে থাকে, তবে এই আটককে হালকা করে নেওয়া যায় না। আমাদের দেশের সব ধর্মের নাগরিকের ব্যক্তিগত, সমষ্টিগত ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। কোনোভাবেই যাতে উগ্র সংগঠন, তা যে ধর্মেরই হোক, সাধারণ মানুষকে বিভ্রান্ত না করতে পারে, সেদিকে আরও নজরদারি ও সীমান্তে তৎপর হওয়া উচিত।
ভৌগোলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে আমাদের দেশের আলোচিত অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অভ্যন্তরীণ ও আন্তসীমান্ত রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য। আমাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক এখনো তেমন উষ্ণ নয়। তবে আরাকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশের এ অভিযানে মিয়ানমারের নিজস্ব স্বার্থেই সহযোগিতা করা উচিত। মাত্র মাস খানেক আগেই এই অঞ্চলে আরাকান আর্মির হাত থেকে মিয়ানমারের দুই সেনাসদস্যকে উদ্ধার করেছে বিজিবি।
উল্লেখ্য, মিয়ানমারে আগামী নভেম্বরে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের ওপরে নির্ভর করছে মিয়ানমার কতখানি উদার গণতান্ত্রিক দেশে পরিণত হবে এবং বিবদমান গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় কতখানি আন্তরিক হয়। একই সঙ্গে অভ্যন্তরীণ সংহতি ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আর কতখানি উন্নতি সাধন করতে সচেষ্ট হয়। তবে বর্তমানে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সরকারের শান্তিচুক্তির সম্ভাবনার বিষয়ে অং সান সু চি যে সতর্কতা অবলম্বন করতে বলেছেন, তাতে মনে হয় মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
বহু যুগ ধরে বাংলাদেশ ও মিয়ানমারের ওই দুর্গম অঞ্চলের সীমান্ত অরক্ষিত থাকায় ওই অঞ্চল দেশি-বিদেশি দুষ্কৃতকারী, বিভিন্ন সংগঠন এবং মাদক চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল; যা ওই অঞ্চলে বিজিবির সীমান্তচৌকি ও ঘাঁটি স্থাপনে কিছুটা নিয়ন্ত্রণে ও নজরদারিতে পড়েছে। তারপরও এখনো প্রায় অর্ধেক সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত রয়েছে। জরুরি ভিত্তিতে এসব অঞ্চলে নজরদারি বাড়াতে প্রয়োজনে ফাঁড়ি বাড়াতে হবে। একই সঙ্গে চলাচল ও যোগাযোগের জন্য সড়ক এবং আকাশপথ ব্যবহারের প্রয়োজনীয় উপকরণের সমাবেশ ঘটাতে হবে। ওই অঞ্চলকে নজরদারিতে রাখতে প্রয়োজনে বিজিবির বহরে হেলিকপ্টারের সংযোগ অবশ্যই জরুরি।
আরাকান আর্মি হয়তো এখানে ঘাঁটি তৈরি করতে পারবে না, তবে গেরিলা কৌশলের অংশ হিসেবে স্বল্প সময়ের জন্য ব্যবহার করার আশঙ্কা বেশি। যা ঘটেছে বা ঘটছে, তা এখনো জাতীয় নিরাপত্তার জন্য আশঙ্কাজনক না হলেও উদ্বেগজনক তো বটেই। এই উদ্বেগ প্রশমনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে বিশ্বাস করি।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]