পৃথিবীটা দুলছিল, মনে হচ্ছিল, এই দুলুনি যেন কখনো শেষ হবে না। ৭ জুলাই রাতে দক্ষিণ সুদানের রাজধানী জুবায় ভারী বন্দুকযুদ্ধ শুরু হয়, যেটা থেমে থেমে পাঁচ দিন পর্যন্ত চলে। এর মধ্যে সবচেয়ে তীব্র যুদ্ধ হয় ১০ তারিখে। আমার মতো আরও অনেক আন্তর্জাতিক কর্মী কার্যালয়ের পেছন দিকের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন। প্রতিটি বড় বিস্ফোরণের শব্দ শুনে আমরা সংকুচিত হচ্ছিলাম। যুদ্ধক্ষেত্র কি আমাদের কাছে চলে আসছে? আমাদের কার্যালয়ে কি সেনারা ঢুকে পড়বে? আমাদের যেসব স্থানীয় কর্মীরা কার্যালয়ের বাইরে ছিলেন, তাঁরা কি নিরাপদ? বন্দুকযুদ্ধ কখন শেষ হবে?
দক্ষিণ সুদান পৃথিবীর সবচেয়ে নবীন রাষ্ট্র। সুদানের সঙ্গে দুই দশকের রক্তাক্ত লড়াই শেষে ২০১১ সালের ৯ জুলাই দেশটি স্বাধীন হয়। দেশটি পশ্চিমের খুব প্রিয়পাত্র। ফলে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার পেয়েছে। কিন্তু দেখানোর মতো অগ্রগতি অর্জন করতে পারেনি।
২০১৩ সালে দেশটির প্রেসিডেন্ট সালভা কির ও ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের মধ্যকার দ্বন্দ্ব নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সেনাবাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ে। যে সেনাবাহিনীও আবার গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভক্ত। জুবায় যে গোষ্ঠীকেন্দ্রিক হত্যা শুরু হয় তা দ্রুত দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে মারাত্মক যুদ্ধটা হয়েছে উত্তরের তিনটি তেল উৎপাদনকারী প্রদেশে।
এ পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের আগস্টে দুজনের মধ্যে আপস হয়। এর লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ করে জাতীয় ঐক্যের ক্রান্তিকালীন সরকার প্রতিষ্ঠা করা, যেখানে কির ও মাচারের মধ্যে ক্ষমতা ভাগাভাগির বন্দোবস্ত করা হবে। কিন্তু শুরু থেকেই ব্যাপারটা অসম্ভব ছিল, কারণ তঁারা দুজনেই পরস্পরকে অত্যন্ত ঘৃণা করেন।
বছরের পর বছর ধরে আর্থিক অব্যবস্থাপনার কারণে দেশটি পর্যুদস্ত হয়ে পড়েছে, মূল্যস্ফীতি চরম পর্যায়ে পৌঁছেছে। দেশটির খাদ্যনিরাপত্তা পৃথিবীতে সবচেয়ে খারাপ অবস্থায়, মাতৃমৃত্যুর হারও পৃথিবীতে সর্বোচ্চ। সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছিল, কারণ বিরোধীপক্ষ শান্তিচুক্তির আলোকে দেশে ফিরে এসেছিল। সরকারি চাকরিজীবীদের অনেক দিন ধরে বেতন দেওয়া হচ্ছে না, অন্যদিকে দারিদ্র্য ও বঞ্চনা বোধও বাড়ছে।
আমরা সবাই ভবিষ্যদ্বাণী করেছিলাম, একটা বিস্ফোরণ ঘটবে। প্রশ্নটি ছিল, সেটা কখন হবে। ফলে দেশটির পঞ্চম স্বাধীনতা বার্ষিকীতে যে আবার সহিংসতা ছড়িয়ে পড়বে, সেটা অপ্রত্যাশিত ছিল না।
বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণ যখন চলছিল, তখন আমরা তেমন একটা কথা বলিনি। টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব খবর আসছিল, আমরা শুধু সেগুলো আদান-প্রদান করছিলাম। আর রসদ নিয়ে কথা বলছিলাম। জাতিসংঘের কার্যালয়ে কি সত্যিই হামলা হয়েছে? যুদ্ধ বেশি দিন চললে এই রসদে কত দিন চলবে? এই ছোট ঘরটাতে আমরা সবাই কম করে ঘুমাব? আমরা ঘুমাবই বা কোথায়?
মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হয়ে ওঠে। তবে ভাগ্য ভালো, ইন্টারনেট চালু ছিল। তাই হোয়াটসঅ্যাপ যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠে। নরক যখন ধরায় নেমে আসে, তখন পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারাটা খুব স্বস্তিকর। এ সময়ই বন্ধুর পরিচয় পাওয়া যায়। দেখা গেল, যাদের সঙ্গে আমার বহুদিন দেখা সাক্ষাৎ নেই, তারা আমার খোঁজখবর নিচ্ছে, কিন্তু যাদের সঙ্গে আমি প্রতিদিনই কথা বলি, তারা বিস্ময়করভাবে নিশ্চুপ। কিন্তু অন্যকে সাহস ও সান্ত্বনা দেওয়াটা বিরক্তিকর কাজ। আমি শারীরিক, মানসিক ও অনুভূতিগতভাবে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ধারণা করি, ইন্দ্রিয়ের প্রাবল্যের কারণে এটা হয়েছিল। সহকর্মীদের সঙ্গে আমরা কিছুদিন কার্যালয়েই কাটিয়েছি। সে সময় পালাক্রমে ঘুমিয়েছি, তবে কেউ আরাম করতে পারেনি। মানুষের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল, আবেগ ছিল চরমে।
তবে আমি দ্রুতই বুঝতে পেরেছিলাম কাছের মানুষদের শঙ্কা দূর করা জরুরি, আর এ রকম অনিশ্চয়তার সময় বিপদ-আপদ দূরে রাখাও। এখন বুঝতে পারি, হলি আর্টিজান বেকারিতে হামলার পর যখন বোনকে ফোনে পাচ্ছিলাম না, তখন আমি কতটা উদ্বিগ্ন হয়ে গিয়েছিলাম। আমি চাই না, অন্য কেউ সেই অবস্থায় পড়ুক। আমি যতটা সম্ভব যোগাযোগ রাখার চেষ্টা করেছি, যতক্ষণ পেরেছি। কারণ, আমি চাচ্ছিলাম, বাবা যাতে আমার কণ্ঠস্বর শুনতে পায়। শেষমেশ ১২ জুলাই যুদ্ধবিরতি হলে গোলাগুলি থামে। তারপর থেকে স্থানীয় কর্মীরা কার্যালয়ে আসতে শুরু করেন, যাতে করে সেটি খালি করা যায়। এতে যেমন আমাদের মধ্যে আনন্দের সঞ্চার হয়, তেমনি বিষাদের ছায়াও নেমে আসে। তারা অরক্ষিত আছে শুনে আমরা যারপরনাই দুঃখিত হই। ততক্ষণে আমরা জানতে পারলাম, সরকারি ভাষ্যমতে ২৭০ জন মারা গেছে, যদিও বেসরকারি হিসাবে ৬০০। শুধু জুবাতেই ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর প্রতিদিনই রেকর্ডসংখ্যক মানুষ পাশের দেশে চলে যাচ্ছে। অবকাঠামো, সম্পদ ধ্বংস হয়েছে। বাড়িঘর লুট করা হয়েছে। অধিকাংশ কর্মীই আর আশা করেন না যে খোয়া যাওয়া জিনিসপত্র ফিরে পাওয়া যাবে।
আমাদের এখন নাইরোবিতে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন নিরাপদ একটি শহরে আসতে পেরেছি, তাই নিজেদের অনেকটা নির্ভার লাগছে। কিন্তু এখনো জোরালো শব্দ শুনলে আমি লাফিয়ে উঠি। এখনো দুঃস্বপ্ন দেখি, আমার গায়ে গুলি লেগেছে। যাদের জুবা থেকে সরিয়ে আনা হয়েছে, তাদের সবার অবস্থা একই রকম।
যে লাখ লাখ দক্ষিণ সুদানি এখনো সেখানে আটকা পড়ে আছে, তাদের কথা ভাবতে পারছি না। জুবায় এখন পরিস্থিতি অনেকটাই শান্ত, কিন্তু সব আগাম সতর্কসংকেত থেকে বোঝা যাচ্ছে, যেকোনো সময় আরও বড় যুদ্ধ শুরু হতে পারে।
কিন্তু দক্ষিণ সুদানের মানুষের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা, সাহস ও মহিমার ওপর আস্থা আছে। যা-ই হোক না কেন, তারা নিরবচ্ছিন্ন মনোযোগ নিয়ে কাজ করে যাবে ও দেশ পুনর্গঠন করবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা পাশে থাকব।
ইংরেজি থেকে অনূদিত।
নাদিয়া সেলিম: বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক সাহায্যকর্মী।