দখলবাজি যেন ডালভাত
গ্রামবাংলায় কিছু প্রবাদ আবহমানকাল থেকে প্রচলিত। ‘জোর যার মুল্লুক তার’, ‘খোঁটার জোরে পাঁঠা কুঁদে’—এমন বচন অহরহই শোনা যায়। বাস্তবতা হলো, এসব কথা এখন আর শুধু মুখে-মুখেই ঘোরে না, চারদিকে দৃশ্যমান। আর তা দেখা যায় দখলবাজির নানা ঘটনায়। বাহুতে আগ্রাসী বল আর ট্যাঁকভরা টাকা থাকলে আর কী চাই! নেমে যাও দখলে। বহতা নদীর গতিপথে একূল-ওকূল বাঁধ দিয়ে মৎস্যসম্পদ দখল করো, বালুমহাল কবজায় নাও, রাঘববোয়াল সেজে চুনোপুঁটিদের উচ্ছেদ করো—অর্থবিত্ত লোভী ক্ষমতাবান ব্যক্তিদের কাছে এসব ঘটনা যেন এখন ডালভাত।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয়েছে চট্টগ্রাম নগরের ডবলমুরিংয়ে অন্তঃসত্ত্বা দুই জাকে কুপিয়ে গুরুতর আহত হওয়ার খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। চিকিৎসকেরা আশঙ্কা করছেন, তাঁদের পেটের বাচ্চা নষ্ট হয়ে থাকতে পারে। অভিযোগ উঠেছে, বিরোধ চলতে থাকা একটি বাড়ি দখল করতে একদল সন্ত্রাসী এই হামলা চালায়। এ সময় বাড়িতে কোনো পুরুষ ছিলেন না।
একই পত্রিকার রাজধানী পাতায় রয়েছে আরেকটি খবর। শিরোনাম ‘ওসির যোগসাজশে বাড়ি দখলের অভিযোগ’। সুরাইয়া আক্তার নামের এক বৃদ্ধা গত বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন, যাত্রাবাড়ী থানার ওসির যোগসাজশে রাজধানীর দনিয়ায় তাঁর বাড়ি দখল করেছেন এক ব্যক্তি। গতকালই কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার প্রধান খবর হচ্ছে ‘ইজারা নিয়ে খাস জলাশয় গ্রাস’। খবরের তথ্য হলো, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী পশ্চিমপাড়া গ্রামে ৩ একর ২০ শতাংশ জমির একটি খাস জলাশয় অবৈধভাবে ইজারা নিয়ে তা এখন অনেকটাই ভরাট করে ফেলেছে একটি প্রতিষ্ঠান। সমকালের প্রথম পাতায় গতকাল ‘পূর্বাচলে অনিয়ম’ শীর্ষক প্রধান যে প্রতিবেদনটি রয়েছে, এতে পূর্বাচল উপশহর প্রকল্পে রাজউকের বিভিন্ন পদে কর্মরত ৫০ জন কর্মকর্তা-কর্মচারীর প্লট পাওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম করা না হলে যাচাই-বাছাইয়ে তাঁদের আবেদন বাতিল হয়ে যেত। এটাও কিন্তু ক্ষমতার অপব্যবহার করে একধরনের ভূমি দখলের অভিযোগ।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার পশ্চিম বানিয়ারি গ্রামে গতকাল ভোরে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এ খবরে বলা হয়েছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে বলে পুলিশের ধারণা। শিক্ষক সমীরণ মজুমদার (৪২) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। হামলায় তাঁর স্ত্রী স্বপ্না মজুমদার (২৮) গুরুতর জখম। তাঁদের তিন শিশুসন্তানের এখন উপায় কী?
এখানে দখলবাজির বিষয়টি সরাসরি নেই বটে, তবে হত্যার সম্ভাব্য নেপথ্য কারণ তো সেই জমিই।
টাকা আর ক্ষমতার জোরে এমন দখলবাজির ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটে চলেছে। এসবের কটিই-বা সংবাদমাধ্যমে আসছে, কটি ঘটনা সম্পর্কেই-বা সারা দেশের মানুষ জানে? আর জানলেই-বা কী? বেশির ভাগ ক্ষেত্রে প্রতিকার তো নেই। দেখা যায়, দখলবাজ ব্যক্তি বা পক্ষ ঘটনার শিকার ব্যক্তি বা পক্ষের চেয়ে ধনজনে পাল্লায় ভারী। এটি তার জন্য পোয়াবারো। টাকা খাটিয়ে, পেশিশক্তি ব্যবহার করে সে তার দখল করা সম্পদ কুক্ষিগত করে রাখে। আর এ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া বেশ দীর্ঘস্থায়ী। জমি বা সম্পদ দখলের মামলাগুলো চলে দেওয়ানি আদালতে। মামলার প্রক্রিয়া জটিল। দলিল-দস্তাবেজ নিয়ে দিনের পর দিন শুনানি-সাক্ষ্য চলে। বাদী বা বিবাদীপক্ষ চাইলে বারবার সময় নিয়ে দিনের পর দিন মামলা ঝুলিয়ে রাখতে পারে। আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সম্পদ বা সম্পত্তির ওপর স্থিতাবস্থা জারি করলে সেটা বছরের পর বছর অনড় পড়ে থাকে। কারণ, পদ্ধতিগত কারণে এসব মামলা বছরের পর বছর ধরে চলে। নিম্ন আদালতে মামলার নিষ্পত্তি হলে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। সেখানেও আবার দীর্ঘসূত্রতা। দেশের বিভিন্ন আদালতে লাখো দেওয়ানি মামলা ঝুলে আছে। এসব মামলার মধ্যে দুই-তিন যুগ ধরে চলা বহু মামলা রয়েছে। একজন মামলা করলে বা মামলায় পড়লে এর জের পরবর্তী উত্তরাধিকার বা বংশধরকে টানতে দেখা যায়। দখলবাজির ঘটনায় যদি সংঘর্ষ বা খুনখারাবিতে গড়ায়, সে ক্ষেত্রে আইনি প্রক্রিয়া ডালপালা ছড়ায়। একদিকে দখল হওয়া জমি বা সম্পত্তির স্বত্ব প্রমাণের জন্য আইনি লড়াই শুরু হয় দেওয়ানি আদালতে, আবার হামলা বা খুনোখুনির মামলা চলে ফৌজদারি আদালতে। মামলায় যে পক্ষের খুঁটি বা টাকার জোর নেই, এ ক্ষেত্রে তার কম্ম কাবার।
এসব মামলা দীর্ঘদিন চলার পর অনেক ক্ষেত্রে আপসরফা হয়। সে ক্ষেত্রে দুই পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হয়।
চলমান মামলার ক্ষেত্রে শুনানির জন্য এটি তালিকায় উঠে তারিখ ধার্য হতেই অনেকটা সময় লেগে যায়। আবার মামলা নিয়ে উকিল-মুহুরি বা সাক্ষীদের পেছনে ছুটোছুটি করার অভিজ্ঞতাও অনেকের কাছে সুখকর নয়। বিশেষ করে বাদীপক্ষ আর্থিকভাবে সবল না হলে তার ভোগান্তি হয় বেশি। মামলা মানেই তো টাকার শ্রাদ্ধ। এসব কারণে ক্ষমতাধর দখলবাজেরা সুবিধাজনক অবস্থানে থাকে। এ জন্য সম্পদলোভী ক্ষমতাধরেরা দখলের প্রতি উৎসাহী হয়ে ওঠে। ভাবখানা এই যে দখল একবার করে ফেলি না, ওঠায় কে দেখা যাবে। সংস্কারের মাধ্যমে এসব আইনি প্রক্রিয়া যত দিন আরও সহজ, সংক্ষিপ্ত এবং অধিকতর ফলদায়ক না হবে, তত দিন এসব দখলবাজ ফাঁকতালে ফায়দা লোটার ধান্দায় থাকবে। দুর্বলের ওপর সবলের আগ্রাসী আচরণ কমবে না।
শরিফুল ইসলাম ভূঁইয়া: সাহিত্যিক ও সাংবাদিক
[email protected]