
অর্থ আত্মসাতের মামলায় রাজউকের দুজন প্রকৌশলীকে গত ২৮ আগস্ট তাঁদের কর্মস্থল থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে দুদকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা। শুধু তা-ই নয়, তাঁরা কাজকর্মও বন্ধ করে দেন। কর্মক্ষেত্র থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এ ধরনের গ্রেপ্তারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।
কিন্তু দপ্তর থেকে কাউকে গ্রেপ্তার করা তো বেআইনি নয়। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা আছে। অভিযোগগুলো ধর্তব্য অপরাধের (কগনিজিবল অফেনস্) আওতায় আসে। এ ধরনের অভিযোগে করা মামলায় পুলিশ যেমন (দুদকের আওতাধীন মামলা ছাড়া) আদালতের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করতে পারে, ঠিক তেমনি পারে দুদক। আর গ্রেপ্তারের কোনো স্থান ও সময় নির্দিষ্ট করে দেওয়া হয়নি কোনো আইনে। দুদক আইনেও নয়। বরং ঘুষ গ্রহণকালে ফাঁদ পেতে ঘুষ গ্রহণকারীকে গ্রেপ্তারের ক্ষমতাও দুদককে দেওয়া আছে। আর তা তো সাধারণত হয় অফিসেই।
তবে কথা থাকে, সরকারি অফিসে কাজ চলাকালে কাউকে গ্রেপ্তার করা হলে একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হতে পারে। এতে দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটার আশঙ্কাও থেকে যায়। তবে দুর্নীতির ব্যাপক প্রসারের বিষয়টিও লক্ষ রাখতে হবে। বিশেষ করে, সেবাদানকারী সংস্থাগুলোর কাছে মানুষ অসহায়। এর মধ্যে শুধু রাজউকই নয়, অন্যান্য সংস্থাও রয়েছে। আর এই সংস্থাগুলোর সব কর্মকর্তা-কর্মচারীই দুর্নীতিপরায়ণ নন। সৎ ও নিবেদিতপ্রাণ আছেন অনেক। তবে জনগণের ভোগান্তিটা হয় দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের দ্বারাই। তাঁদের দাপটে সৎ ব্যক্তিরাও অনেক ক্ষেত্রে নীরব থাকেন। এ অবস্থায় দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে রয়েছে, তা প্রাথমিকভাবে প্রমাণের পর পরিস্থিতি বিবেচনায় দপ্তর থেকে দু-চারজনকে গ্রেপ্তার করে এ শ্রেণির মধ্যে একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনীয়তাও অসংগত বলা যাবে না। বরং এ ধরনের গ্রেপ্তার দুর্নীতিবাজদের লাল সংকেতই দেবে। তাঁদের সৎ ও নিবেদিত সহকর্মীরা বন্ধুত্বের বিবেচনায় ব্যথিত হওয়া অস্বাভাবিক নয়। তবে যাঁর কর্মফল তাঁকেই ভোগ করতে হবে।
তবে দুর্ভাগ্যজনক যে দুজন প্রকৌশলীকে গ্রেপ্তারের পর সে সংস্থার প্রায় সব কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকেন। গ্রেপ্তারে কোনো পদ্ধতিগত ত্রুটি বা অনিয়ম থাকলে রাজউকের প্রধান দুদকের শীর্ষ পর্যায়ে অভিযোগ করতে পারেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রতিকার চাইতে পারেন আদালতে। কিন্তু ব্যাপারটি নিয়ে পানি একটু বেশি ঘোলা করে ফেলেছেন রাজউকের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী। কর্মক্ষেত্র থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এ ধরনের গ্রেপ্তারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।
>প্রশ্ন থাকে, কোনো সংস্থার দুজন কর্মকর্তা গ্রেপ্তারের পর যদি এ ধরনের প্রতিরোধ গড়ে তোলা হয়, তাহলে দুদক কাজ করবে কীভাবে? এ ধরনের প্রতিরোধে ভাটা পড়তে পারে তাদের মনোবলে। কার্যক্রম ঝিমিয়ে পড়ার আশঙ্কাও থাকে
প্রাসঙ্গিক যে দুদকের করা মামলায় গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার বিধান উচ্চ আদালত বাতিল করে দিয়েছেন। সেখানে গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীও তাঁদের মতোই কথা বললেন। তিনি রাজনীতিক। হয়তো পরিস্থিতি শান্ত করতে এমন কথা বলতে পারেন। তবে না বললেই যথার্থ হতো। আর রাজউকের চেয়ারম্যান তো এ গ্রেপ্তারকে দুঃখজনক বলে অভিহিত করে জানালেন, রাজউক এই দুই প্রকৌশলীকে আইনগত সহায়তা দেবে (ঢাকার একটি দৈনিকের ভাষ্যমতে)। তাঁর বক্তব্যটিও তখনকার মতো কৌশলগত কি না, এটা বোধগম্য হচ্ছে না। আর আইনগত সহযোগিতা বলতে যদি রাজউকের ব্যয়ে তাদের আইনজীবী দ্বারা মামলা পরিচালনা করার ব্যবস্থা বোঝানো হয়, তাহলে আরেকটি গর্হিত কাজ হবে। সহমর্মিতা দেখানো ভালো। কিন্তু আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। এখানে আত্মপক্ষ সমর্থনের দায়দায়িত্ব অভিযুক্ত ব্যক্তিদের। এ ক্ষেত্রে রাজউকের কোনো অর্থ ব্যয় হলে আরেকটি দুর্নীতি মামলার বীজ বপন করা হবে। আমাদের জানামতে, রাজউকের বর্তমান চেয়ারম্যান একজন প্রতিশ্রুতিশীল নিবেদিত কর্মকর্তা। তাই কথা যা-ই বলেন না কেন, কাজ করতে সতর্ক থাকবেন, এটা আমরা অবশ্যই আশা করব।
এখন প্রশ্ন আসে, ক্ষোভের বহিঃপ্রকাশ এ ধরনের হবে কেন? দুজন প্রকৌশলীকে দপ্তর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তো সাংসদ আর সচিবও হন। হন ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীরা। এরই মধ্যে একজন উপসচিবও গ্রেপ্তার হয়েছেন। তাঁর জন্য কি তাঁদের সহকর্মীরা সরকারি কাজকর্ম ফেলে দিয়ে বিঘ্ন সৃষ্টি করেন? তাহলে রাজউকে তাঁরা এমন করবেন কেন? তাঁদের সংস্থায় জনভোগান্তি সম্পর্কে তাঁরাও নিশ্চয়ই অবহিত। আর এসব ভোগান্তির পেছনে কাজ করছে অদক্ষতার পাশাপাশি দুর্নীতি। এটা তো সর্বজনবিদিত। কথা হলো, সর্বত্রই তো দুর্নীতি আছে। অতি সত্যি কথা। এমনকি দুদকেও আছে। তা সত্ত্বেও দুর্নীতি–সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান (ইনকোয়ারি) আর তদন্ত (ইনভেস্টিগেশন) করার দায়িত্বপ্রাপ্ত একমাত্র কর্তৃপক্ষ তো দুদকই। বিকল্প কোনো সংস্থা এর জন্য নেই। আর রাজউক ছাড়া অন্য সংস্থার দুর্নীতির বিষয়ও তারা দেখছে। দুদকের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি তদন্তের এখতিয়ার তাদের নিজস্ব। সংস্থাটির কার্যক্রমে অন্য কারও হস্তক্ষেপ বন্ধ করতে এ বিধান করা হয়েছে। তবে এ নিয়ে ভাবনার অবকাশ আছে। স্বাধীন সত্তা যেমন দরকার, তেমনি দরকার ক্ষমতার ভারসাম্য। সে বিতর্ক পরের। বর্তমান আইনি বিধানমতেই তো কাজ চলবে।
প্রশ্ন থাকে, কোনো সংস্থার দুজন কর্মকর্তা গ্রেপ্তারের পর যদি এ ধরনের প্রতিরোধ গড়ে তোলা হয়, তাহলে দুদক কাজ করবে কীভাবে? এ ধরনের প্রতিরোধে ভাটা পড়তে পারে তাদের মনোবলে। কার্যক্রম ঝিমিয়ে পড়ার আশঙ্কাও থাকে। এমন কিছু ঘটলে আমরা ব্যথিত হব। ২০০৪ সালে দুদক গঠিত হলেও ২০০৭-০৮ ছাড়া বাকি সময়টা তো কার্যত নিষ্ক্রিয়ই ছিল। ২০০৭-০৮-এ আবার অতি সক্রিয় থাকার অভিযোগ কেউ কেউ করেন। এখন তো একটি গতিশীল কমিশন আমরা দেখতে পাচ্ছি। বিশ্বাস করা যৌক্তিক যে, সরকার দুর্নীতির লাগাম টেনে ধরতে চায় বলে এ ধরনের ব্যক্তিদের কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা পরিমিতিবোধ-সম্পন্ন ব্যক্তি। মেধা ও মননের সমন্বয় লক্ষ করা যায় তাঁদের মধ্যে। বাস্তবতা কেউ উপেক্ষা করেন না। এ ক্ষেত্রে তো আমাদের উচিত তাঁদের পেছনে দাঁড়ানো। তবেই না তাঁরা বর্তমান অবস্থান ক্রমান্বয়ে আরও জোরদার করে দুর্নীতির প্রসার রোধ করবেন। ক্রমান্বয়ে কমিয়ে আনবেন। এটাই তো গোটা জাতির প্রত্যাশা। এমনকি বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার।
রাজউক প্রতিষ্ঠান হিসেবে দুর্বল হোক, এটাও আমরা চাই না। তাদের সমস্যাও আছে বটে। রয়েছে জনবলের ঘাটতি। এ প্রতিষ্ঠানটির ওপর পরিকল্পিত রাজধানী গড়ার দায়িত্ব আছে। এটা ১৯৫৬ সালে গঠিত ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের উত্তরসূরি প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৭ সালে রূপান্তরিত হয় রাজউক নামে। রাজধানীর সমন্বিত নগরায়ণ এই প্রতিষ্ঠানের দায়িত্ব। নগর পরিকল্পনার পাশাপাশি এটা নাগরিকদের আবাসন–সুবিধা সম্প্রসারণের কাজও করছে। নগরের অবকাঠামো নির্মাণকাজও কিছু পরিমাণে করছে। সরকারি-বেসরকারি স্থাপনা নির্মাণ অনুমোদনও তারাই দেয়। আবার এগুলো নিয়মকানুন মানছে কি না, তা-ও দেখে থাকে। এ বিবেচনায় রাজউক প্রমোটার ও রেগুলেটর। এর ধারাবাহিকতা স্বাধীনতার আগে থেকেই। ১৯৫৩ সালের টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট এবং ১৯৬৯ সালের ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (অ্যালটমেন্ট অব ল্যান্ড) রুলস্ পরিবর্তন, পরিবর্ধন সাপেক্ষে এখনো অনুসরণ করা হচ্ছে। রাজধানীকে বাসযোগ্য রাখার জন্যই আমরা শক্তিশালী রাজউক চাই। এটা ঠিক, অনেকে তাদের দিয়ে বেআইনি কাজ করে নিতে চাপ দেয়। দেখায় প্রলোভন। এ ফাঁদে পা দেয় কেউ কেউ। পরে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে না।
সুশাসন প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। সংবিধান–প্রণেতারা সচেতনভাবেই এ অধিকারের নিশ্চয়তা দিয়েছেন। আর আমাদের বিভিন্ন দপ্তরে কিছুসংখ্যক দুর্নীতিপরায়ণ কর্মকর্তার দাপটে সে অধিকারের ওপর বাধা আসছে বারবার। দুর্নীতিবাজেরা একধরনের বিচারহীনতার সংস্কৃতির মধ্যেই আছে। এ অবস্থায় পুনর্গঠিত দুর্নীতি দমন কমিশন কিছু ছিটেফোঁটা কাজকর্ম শুরু করেছে। এতে নতুনভাবে আশাবাদ সৃষ্টি হয়েছে জনমনে। আমরা জানি, এ কার্যক্রম প্রকৃত চাহিদার বিবেচনায় অনেক কম। তবে শুরু যে হয়েছে, এটাই তো একটা প্রশংসনীয় বিষয়। এখানে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
রাজউকে মামলা চট করে হয় না। অভিযোগ এলে এটা বাছাই কমিটির মাধ্যমে অনুসন্ধান করা হয়। ব্যাপক অনুসন্ধান করে তথ্যের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে দায়ের করা হয় এজাহার। তদন্ত করে আবার কমিশনের অনুমোদন নিয়ে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয় আদালতে। স্পেশাল ট্রাইব্যুনালে হয় বিচার। সুতরাং, এখানে প্রতিটি ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। অবিচারের সুযোগ নেই। আমাদের প্রত্যাশা, বিক্ষোভ আর প্রতিবাদের ধার না ধেরে দুদক তার আইনি কার্যক্রম আরও জোরদার করবে।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]