
এক ভিনদেশি ওয়েবসাইটে পড়ছিলাম, তুরস্কের একটা টিভি সিরিজ দেখার জন্য ইথিওপিয়ার দর্শকেরা প্রতিদিন কেমন উন্মুখ হয়ে থাকে। তাদের সেই আগ্রহের কথা পড়তে পড়তে মনে পড়ে গেল আমার শৈশবের স্মৃতি। পড়ি ক্লাস টু কিংবা থ্রিতে। আমাদের গ্রামের বাড়িতে তখনো বিদ্যুৎ নেই। প্রতি সন্ধ্যায় ব্যাটারি ভাড়া করে এনে ‘বাহির বাড়ি’তে টিভি দেখার আসর বসত। পুরো গ্রামে শুধু এক বাড়িতেই টিভি, দেখা যেত পুরো দুনিয়া। কখনো আরব্য রজনী অবলম্বনে আলিফ লায়লা, কখনো বাংলায় ডাব করা রোবোকপ,কখনো আবার ইংরেজিতেই এক্স-ফাইলস দেখতে নানা বয়সী মানুষের ভিড় জমত। একই ভিড় দেখা যেত আজ রবিবার, সবুজ ছায়া নাটকের বেলায়। আশপাশের গ্রামের মানুষ জানত না নাটকের নায়ক কে, নায়িকা কে। তবু এক অদ্ভুত নেশায় তারা ছুটে আসত নাটক দেখতে।
একসময় আমাদের গ্রামে বিদ্যুৎ এল, ধীরে ধীরে বাড়ি বাড়ি পৌঁছে গেল টিভি। মানুষ নাটকের নেশায় আরও জড়িয়ে গেল। বেসরকারি টিভি চ্যানেল চালু হলো। তারপর শুধু বিটিভির নয়, বেসরকারি চ্যানেলগুলোর নাটকও জনপ্রিয় হয়ে উঠল। দেশি নাটকের জনপ্রিয়তায় বিদেশি ধারাবাহিক নাটকগুলো যে কখন হারিয়ে গেল, দর্শক তেমন খেয়াল করল না। একুশে টিভির বন্ধন, এটিএন বাংলার জোয়ার ভাটা, চ্যানেল আইয়ের ৫১বর্তী, ৪২০, এনটিভির রঙের মানুষ, রমিজের আয়না ইত্যাদি টিভি সিরিজে লম্বা সময় বুঁদ হয়ে থেকেছে দর্শক। কিন্তু তারপর দর্শকের বাংলা নাটক দেখার আগ্রহ কমতে কমতে একসময় যেন তারা শীতনিদ্রায় চলে গেল। সেই শীতনিদ্রার কারণ ব্যাখ্যা করতে গেলে কষ্টে হু হু করে উঠতে পারে অনেকের বুক। তাই সেই ব্যাখ্যায় না গিয়ে আমরা আরও কিছুক্ষণ স্মৃতি হাতড়াই।
দিব্যি মনে আছে, নব্বইয়ের দশকের শেষ ভাগে ভারতীয় চ্যানেল জিটিভি ও স্টার প্লাসে টিভি সিরিজ প্রচারিত হলেও বাংলা নাটকের সামনে সবকিছুই ফিকে হয়ে যেত। বিদেশি টিভি সিরিজের নায়ক-নায়িকাদের নামে দেওয়া কোনো সাজপোশাক তখন বাজার পেত না; বরং তখনো দরজিঘরে গিয়ে বিপাশা হায়াত ও শমী কায়সারদের মতো রুমাল হাতার কামিজ বানানোর জন্য লাইন ধরত মেয়েরা। বিপ্রতীপ নাটকের অগ্নিলা পেয়েছিল দারুণ জনপ্রিয়তা। কী দারুণ সময় ছিল বাংলা নাটকের!
ইদানীং আবারও দেশি চ্যানেলগুলোয় বিদেশি সিরিজের প্রচার শুরু হয়েছে। দেশি নাটকগুলো ছাপিয়ে বিদেশি সিরিজগুলো এরই মধ্যে দর্শকমহলে আলোড়ন তুলেছে। তবে দেশি নাটকের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা ঐক্যবদ্ধ হয়ে ভিনদেশি টিভি সিরিজগুলোর বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। এখন এই আন্দোলনে দর্শক কোন দিকে যাবে, তা নিয়ে রয়েছে নানা জনের নানা মত। সেই তর্ক আজ নয়। আমরা বরং বাইরের কয়েকটি দেশের টিভি নাটক সম্প্রচারের বর্তমান অবস্থার দিকে নজর দিই।
বাংলাদেশে প্রায় কত শতাংশ মানুষ এখন ভিন্ন মাধ্যমে (টিভিতে নয়) নাটক দেখে, তার সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নেই। তবে টেলিভিশনের দর্শক সারা পৃথিবীতেই কমে যাচ্ছে। দর্শক চলে যাচ্ছে ইন্টারনেট মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং–বিষয়ক কানাডীয় অনলাইন ম্যাগাজিন নেটইমপারেটিভ ডটকম বলছে, ২০১৫ সালে বিশ্বে গড়ে একজন মানুষ ৩ ঘণ্টা ১৪ মিনিট টিভি দেখেছে। ২০১৪ সালে গড়ে টিভি দেখার এই পরিমাণ ছিল ৩ ঘণ্টা ১৭ মিনিট। অর্থাৎ প্রতিবছরই এই সংখ্যা একটু একটু করে কমছে।
পাশের দেশ ভারতও এর ব্যতিক্রম নয়। সেখানেও তরুণদের সিংহভাগ নিজের মনের মতো কনটেন্ট অনলাইনে দেখছেন। ভারতের টিভি নাটক নির্মাতা, শিল্পী, কলাকুশলীরা এসব নিয়ে এখন আর রা করেন না। তাঁরা আন্দোলনে না গিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য নিজেদের সেরাটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন। ভারতে পাকিস্তানি, মেক্সিকান আর তুরস্কের নাটকের প্রচুর দর্শক। তাই তো দর্শকের কথা মাথায় রেখে ভারতে জি নেটওয়ার্ক একটা আস্ত চ্যানেলই চালু করল। চ্যানেলের নাম ‘জিন্দেগি’।
পাকিস্তানেও ডাব করা বিদেশি সিরিজের কদর অনেক। তবে দেশি চ্যানেলে বিদেশি সিরিজ কতখানি প্রচার করা যাবে, তা নিয়ে সে দেশে মতভেদ আছে। দেশটির শিল্পীসমাজ চায় না সংস্কৃতির আদান-প্রদানের রাস্তা একেবারেই বন্ধ হয়ে যাক। তারা শুধু চায় সুষ্ঠু তদারকি, যেন নিজেদের চ্যানেলে শুধুই বিদেশি নাটক না চলে। তারাও যেন প্রাইমটাইমে বিদেশি সিরিজের মতোই সমান গুরুত্ব পায়।
তবে এসব দিক থেকে বলা যায়, ইথিওপিয়া একটা সুশৃঙ্খল দৃষ্টান্ত গড়ে তুলেছে। দেশটির প্রথম সারির বেসরকারি টিভি চ্যানেল ‘কানা’ তুরস্কের টিভি সিরিয়াল প্রচার করছে। প্রথমে এ নিয়ে বেশ সমালোচনা হলেও মাত্র ছয় মাসের ব্যবধানে প্রত্যাশিত সাফল্য, পাশাপাশি দেশি কনটেন্ট প্রচার করে দায়বদ্ধতার জায়গা থেকেও এগিয়ে গেছে। ইথিওপিয়ান রাইটার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুসে ইয়াকুব তাঁদের দেশে ডাব করা বিদেশি সিরিজ প্রচারের বিষয়ে বলেন, ‘এ ধরনের কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের মানে হলো স্বাধীনভাবে দর্শকদের অনুষ্ঠান নির্বাচনে বাধা দেওয়া, যা আমরা করতে পারি না। আমি মনে করি, এ ধরনের কনটেন্ট আমাদের আন্তর্জাতিক মানের কাজের সঙ্গে পাল্লা দেওয়ার সাহস জোগাবে।’
সেদিন ফেসবুকে একটি গ্রুপে দেখলাম অচেনা এক ভিনদেশি জুটির ছবি। সেটিতে প্রচুর কমেন্ট ও লাইক পড়েছে। ছবিটির ক্যাপশনে লেখা, এই জুটি আস্ক লাফতান আনলামাজ নামের এক জনপ্রিয় তুর্কি টিভি সিরিজের মূল পাত্র-পাত্রী। শুরুতেই ধারণা হলো, নিশ্চয়ই কোনো দেশি টিভি চ্যানেলে নাটকটি প্রচারিত হয়, তাই এতে কমেন্ট ও লাইক। কিন্তু ছবির নিচের কমেন্টগুলো পড়ে বুঝতে পারলাম যে নাটকটি দেশি কোনো চ্যানেলে প্রচারিত হয় না। কমেন্টকারীদের মধ্যে ৯০ শতাংশই বয়সে তরুণ এবং তাঁরা কেউই টিভিতে নাটক দেখেন না। ওই পোস্টে কমেন্ট করা অনেকের সঙ্গে পরে ইনবক্সে যোগাযোগ করি। জানতে চেয়েছিলাম এসব ভিনদেশি টিভি সিরিজের খবর তাঁরা পান কেমন করে। তাঁরা যদি দেশি চ্যানেলেই বিদেশি সিরিজ না দেখেন, তাহলে আমরা কেন বলছি টিভি চ্যানেলে ডাব করা সিরিজের প্রচার বন্ধ করতে? তাহলে আমরা কি এখন ভিন্ন মাধ্যমেও তরুণদের ভিনদেশি সিরিজ দেখার পথ বন্ধ করে দেব? প্রযুক্তির উৎকর্ষের এই যুগে তরুণদের বাক্সে ভরে একটা ছোট সরু ছিদ্র দিয়ে শুধু দেশি নাটক দেখতে বাধ্য করব? আমরা কি প্রশ্ন করব, কেন তাঁরা অন্তর্জালে পুরো দুনিয়া দেখবেন?
আমি কথা বলেছি ঐশী নামের এক তরুণীর সঙ্গে। তিনি বললেন, একসময় বিটিভিতে ওশিন নামে একটি জাপানি টিভি সিরিজ দেখাত, সেই ওশিন নামটি থেকে অনুপ্রাণিত হয়েই মা-বাবা তাঁর নাম রাখেন ঐশী। তিনি একটা সময় নিজের নামের রহস্য জানার পর ইউটিউবে পুরো ওশিন সিরিজটা দেখে ফেলেন। তিনি এভাবে আস্তে আস্তে বিদেশি সিরিজের প্রতি আকৃষ্ট হন। জানতে চেয়েছিলাম, ‘দেশি নাটক দেখেন না?’ ঐশীর জবাব, ‘দেখি তো। আমার পছন্দ পুরোনো নাটক। কোথাও কেউ নেই, অয়োময় ইত্যাদি। আবার এই শতকের প্রথম দশকের কিছু নাটকও বেশ পছন্দ। যেমন রঙের মানুষ, হাউজফুল। সবই দেখি অনলাইনে।’
এখন আমাদের দেশের দর্শক ও টিভি নাটক নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা শেষ পর্যন্ত কোন সমাধানের পথ বেছে নেবেন, তা বলা কঠিন। তবে একজন দর্শক হিসেবে আমি আবার সেই সোনালি সময়ে ফিরে যেতে চাই, যখন দেশি নাটক দেখার জন্য বিদেশি ডাকসাইটে তারকাদেরও ভুলে যেতাম। দর্শক হিসেবে আমরা চাপিয়ে দেওয়া আরোপিত বিনোদন চাই না। সাংবাদিক, লেখক, শিল্পী, কলাকুশলী হিসেবে তো ঐক্যবদ্ধ হয়ে যেকোনো আন্দোলনই সফল করা যাবে। কিন্তু পুরো দেশের কোটি দর্শকের স্বাধীনভাবে টিভি কনটেন্ট দেখার অধিকার হরণ করা হলে দর্শক কোথায় আন্দোলনে দাঁড়াবে?
তখন দর্শক যদি অভিমান করে টিভি দেখাই ছেড়ে দেয়? অথবা দেশের টিভিতে বিনোদন না পেয়ে দর্শক যদি অনলাইনে বিদেশি ভাষার নাটকে বিনোদন খুঁজে পায়, তাহলে কী করার আছে? এই দর্শকদের টিভিমুখী করতে তখন কী উদ্যোগ নেওয়া হবে? তখন কি অন্তর্জালের দুনিয়া থেকে দেশকে বিচ্ছিন্ন করে দিতে সবাই একজোট হব? এসব প্রশ্নের জবাব নিজেদেরই খুঁজে পেতে হবে।
সব জানালা-দরজা বন্ধ করে আমরা থাকতে পারব না। আলো না আসতে দিলে তো নিজের ছায়াকেও অন্ধকারে হারিয়ে ফেলব। একজন সাধারণ দর্শক হিসেবে দিন শেষে ঘরে এসে আমি আমার পছন্দের অনুষ্ঠান দেখতে চাই। কোনো দর্শকের কাছে তা হতে পারে ম্যাকগাইভার, কারও কাছে হয়তো রঙের মানুষ। দেশি চ্যানেলে নিজের ভাষায় যদি দুটিই দেখতে পাওয়া যায়, তাহলে দর্শক কেন যাবে ভিনদেশি চ্যানেলে? দর্শককে আগে দেশি চ্যানেলে থিতু হওয়ার সুযোগ দিন।
আদর রহমান: সাংবাদিক।