দলভিত্তিক স্থানীয় নির্বাচন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত: দুর্ভাগ্যবশত বাংলাদেশে আমরা যথার্থ রাজনৈতিক দল গড়ে তুলতে সক্ষম হইনি। আমাদের আশঙ্কা যে দলভিত্তিক স্থানীয় নির্বাচন দলের নামে দলাদলি ও মারামারি তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে।

অগাস্টিন ডি ক্রুজ
রাজনৈতিক দলভিত্তিক স্থানীয় নির্বাচন করা তখনই কার্যকর হবে, যখন দেশের নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান বা নির্বাচন কমিশন স্বাধীনভাবে প্রতিটি নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সাধারণ জনগণের আস্থা অর্জন করতে পারেনি। বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে তাদের স্বাধীনভাবে কাজের মাধ্যমে স্বচ্ছতার প্রমাণ দিতে হবে। বর্তমান সরকারের মনোভাব সুন্দর, কিন্তু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতার প্রশ্নে ভরাডুবি হওয়ার আশঙ্কা রয়েছে।

জিয়াউল হক
এত দিন ধরে সুশীল সমাজের অনেককেই বলতে শুনেছি যে দলীয় প্রভাবেই যেহেতু স্থানীয় সরকার নির্বাচন হয়, সেহেতু এটাকে দলীয়ভাবেই করা উচিত। এখন সরকার সিদ্ধান্ত নেওয়াতে তার বিরোধিতা যেহেতু করতেই হবে, এখন অনেকেই সুর পাল্টাচ্ছেন।
বিতর্কের জায়গাটা দলীয় বা নির্দলীয় নয়, জায়গাটা হলো সুষ্ঠু নির্বাচন। নির্বাচনী সংস্কৃতিই যেখানে কলুষিত এবং যেহেতু দলগুলোতেই গণতন্ত্রের চর্চা নেই, কাজেই গণতন্ত্র নিয়ে মরাকান্না করে লাভ নেই। আগে গণতান্ত্রিক দল দরকার, তারপর গণতান্ত্রিক নির্বাচন। আমাদের দেশে তো পরিবারগুলোও গণতান্ত্রিক নয়—দল আর দেশ তো অনেক পরের ব্যাপার।

খন্দকার হাবিব আহমেদ
এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংলাপ আয়োজন এবং জাতীয়ভাবে গবেষণার জন্য বেশ কিছুটা সময় নেওয়া। এ সংলাপ বা বিতর্ক এবং গবেষণা থেকে সুস্থ ও গুণগত মানসম্পন্ন গণতান্ত্রিক রাজনীতি চর্চার দলিল বের হয়ে আসতে পারে। দেশ ও সমাজের ভালো চাইলে কষ্ট করতে হবে উদ্ভাবনী শক্তি দিয়ে। দলিলটি শুধু স্থানীয় নয়, জাতীয় নির্বাচনেও সমভাবে প্রযোজ্য হবে। সমস্যা আসলে দলীয় বা নির্দলীয় সে জায়গায় নয়, জায়গাটা হলো সুস্থ রাজনীতির ধারা কীভাবে তৈরি করা যায়, সেখানে।

সাইফ
বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে দলভিত্তিক স্থানীয় নির্বাচনের সুফল জনগণ পাবে বলে মনে হয় না। স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, স্থানীয় সমস্যার সমাধানে এবং প্রকৃত অসহায় ব্যক্তিদের জীবনমান উন্নয়নে তৃণমূলে ত্যাগী এবং জনকল্যাণকামী নেতৃত্ব প্রয়োজন। তৃণমূলে রাজনৈতিক দায়বদ্ধতা সৃষ্টি করাও গুরুত্বপূর্ণ। এতে রাজনৈতিক দলগুলো গণজবাবদিহির আওতায় আসবে। তবে নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিরাজমান থাকায় স্বেচ্ছাব্রতী নেতৃত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, দক্ষ, যোগ্য এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন,
শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হোক প্রথম অগ্রাধিকার। দ্বিতীয় অগ্রাধিকার হতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা। এর অংশ হিসেবে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন জাতির জন্য ইতিবাচক ফল আনতে সহায়তা করবে।