দলাদলিই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই বিভক্তির কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই পক্ষের হাতাহাতি ও মারামারি এবং শেষ পর্যন্ত আইনজীবীদের সাদা শার্টে রক্তের লাল দাগ
ছবি: সংগৃহীত

১৮ মে দুপুর দুইটা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আব্দুন নূরের অফিস কক্ষ। আইনজীবী সমিতির নির্বাচন এবং পরবর্তী ঘটনাবলী নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছি। বেশ কয়েকজন আওয়ামীপন্থি আইনজীবী পরিবেস্টিত হয়ে বসে ছিলেন তিনি। নিচে আইনজীবী সমিতির মূল ভবনের ১নং গেটের প্রবেশপথে ৪০-৪৫ বিএনপিপন্থী আইনজীবী সমাবেশ করছিলেন । কিছুক্ষণ পর তারা মিছিল–স্লোগান সহকারে সম্পাদকের কক্ষের সামনে পৌঁছালেন। এরপর যা ঘটলো তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। চিৎকার–চেচামেচি, সম্পাদকের নামফলক খুলে ফেলা, দুই পক্ষের হাতাহাতি ও মারামারি এবং শেষ পর্যন্ত আইনজীবীদের সাদা শার্টে রক্তের লাল দাগ। এ সবই হচ্ছে সমিতির নির্বাচনে সম্পাদক পদ নিয়ে তৈরি জটিলতাকে কেন্দ্র করে।

গত ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল)  এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল প্যানেল)। একদিন পর ১৭ মার্চ ভোট গণনায় সভাপতিসহ ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং সম্পাদকসহ আটটি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা এগিয়ে ছিলেন। একপর্যায়ে অনিয়মের অভিযোগ তুলে সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির আহবায়কের কাছে আবেদন দেন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী আবদুন নূর। ওই অবস্থায় দুই পক্ষের হট্টগোলের মধ্যে ফল ঘোষণা না করে স্থান ত্যাগ করেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের নেতৃত্বাধীন সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্যরা। এরপর রাতেই এ ওয়াই মসিউজ্জামান স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেন।

নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়কের পদত্যাগ সমিতির ইতিহাসে আগে ঘটেনি। এরপর পূর্বেকার সমিতির আওয়ামী সমর্থিত আইনজীবীরা মো. অজি উল্লাহর নেতৃত্ব একটি নতুন উপ-কমিটি গঠন করে এবং গত ২৮ এপ্রিল ভোট পুনর্গণনা করে আবদুন নূরকে বিজয়ী ঘোষণা করে। বিএনপি সমর্থক প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস পরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, অজি উল্লাহ নির্বাচন পরিচালনায় উপ-কমিটির আহ্বায়ক হিসেবে যে দাবি করছেন, তা ঠিক নয়। যে সভায় অজি উল্লাহকে নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহ্বায়ক করা হয়েছে বলে তিনি দাবি করছেন, সমিতির এমন কোনো সভা হয়নি। এরপর থেকেই সমিতির সম্পাদক পদ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে গত ১৬ মে আইনজীবী সমিতির দুই সহ-সম্পাদক, কোষাধ্যাক্ষসহ বিএনপিপন্থি সাত সদস্য সম্পাদক আব্দুন নুরকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সারা দেশে যখন কার্যত ‘জোর যার মুল্লুক তার’ নীতি চলছে, সর্বোচ্চ আদালতের আইনজীবীদের প্রতি ভিন্ন প্রত্যাশা থাকলেও, তারা এর থেকে দূরে থাকেন কীভাবে? তাছাড়া নির্বাচন নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগ তো এখন জাতীয় সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে গিয়ে ঠেকেছে। নির্বাচন নিয়ে যে অনিয়ম, দখলদারি কিংবা প্রহসন শুরু হয়েছিল, ধীরে ধীরে তা সব কিছুকেই গ্রাস করে নিচ্ছে।

গঠনতন্ত্রে ‘গোলমাল’

আপাতদৃষ্টিতে এই উত্তেজনার শুরু পুনরায় ভোট গণনার দাবি এবং সেই দাবি না মানার অনঢ় অবস্থান থেকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠণতন্ত্রে না থাকলেও অতীতে দুই পক্ষের সম্মতিতে পুনরায় ভোট গণনার নজির রয়েছে। ২০০৮-২০০৯ মেয়াদের নির্বাচনে সম্পাদক পদে ভোট পুর্নগণনা করা হয়। প্রথমে নীল দলের আবদুল্লাহ আল মামুনকে সম্পাদক ঘোষণা করা হয়েছিল। কিন্তু পুর্নগণনার পরে সাদা দলের নুরুল ইসলাম সুজন (বর্তমান রেলমন্ত্রী) সম্পাদক পদে এক ভোটে বিজয়ী হন। কিন্তু এবার জট বাধে পুর্নগণনা নিয়ে দুই পক্ষের অনঢ় অবস্থানে। নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য বলেন, দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের প্রতিনিধিত্বকারী সংগঠনের গঠনতন্ত্রে ভোট পুর্নগণনার বিধান না থাকা একটা অসম্পূর্ণতা। বর্তমান জটিলতার জন্য গঠনতন্ত্রের এই অসম্পূর্ণতা অনেকাংশে দায়ী।

আরও পড়ুন

নির্বাচনে প্যানেল , দলবাজি এবং বিচার বিভাগের সঙ্গে সম্পর্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রে প্যানেলভিত্তিক নির্বাচনের কোন বিধি বা নিয়ম নেই। তবু দীর্ঘদিন ধরে প্যানেলভিত্তিক নির্বাচন হয়ে আসছে। এখানে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হলো, আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল। আইনজীবী সমিতির একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, শুধু আইনজীবী নেতারা নয়, এই দুই প্যানেলে কারা থাকবেন সেটা নির্ধারনে সরাসরি ভূমিকা রাখেন দল দুইটির শীর্ষ নেতৃত্বও। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রে নির্বাচনী বিধিমালার ২ ধারার ৩ উপধারায় বলা হয়েছে, নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কারো প্রার্থিতা ঘোষণার পর কোন দলের কোন কর্মী বা পদাধীকারী সেই প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচারণায় যুক্ত হতে পারবেন না। বাস্তবতা হলো, নির্বাচনী প্রচার-প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত দলের নেতারা নানাভাবে যুক্ত থাকেন। এর ফলে আইনজীবী সমিতির নির্বাচনগুলো রাজনৈতিক নির্বাচনের মতো হয়ে গেছে এবং আইনজীবীদের একটি বড় অংশ দলীয় আনুগত্য প্রকাশে মরিয়া হয়ে উঠেছেন। একটি পেশাজীবী সংগঠনের নির্বাচনে অতি রাজনীতিকীকরণ বা দলবাজিকেই বেশ কয়েকজন আইনজীবী সমস্যার আসল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

একটি বহুল প্রচলিত কথা আছে, বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চ (আদালত) একই মুদ্রার এপিঠ-ওপিঠ এবং স্বাধীন বার স্বাধীন বিচার বিভাগের জন্য অপরিহার্য। বাংলাদেশের জন্য এ কথাটি আরো বেশি প্রযোজ্য এই কারণে যে, হাইকোর্টে এখনো গড়ে প্রায় ৭০ ভাগ বিচারপতি নিয়োগ হয় আইনজীবীদের মধ্যে থেকে। এই আইনজীবীরা যদি আইনজীবী থাকা অবস্থায় রাজনৈতিক বিভাজনের অংশ হয়ে পড়েন, পরবর্তীতে বিচারপতি হিসেবে নিয়োগ পেলে তারা কি তাদের পুরনো ‘স্বভাব’ ভুলে যেতে পারবেন?

জোর যার মুল্লুক তার

১৮ তারিখ সুপ্রিম আইনজীবী সমিতির সম্পাদকের রুমে বসে যে হাতাহাতি-রক্তারক্তি দেখেছিলাম, তারপরের দিন কোর্টে গিয়ে জানতে পারলাম, সেই ঘটনায় দন্ডবিধির ৩০৭ ধারায় অর্থাৎ খুনের চেষ্টাসহ আরো কিছু ‍গুরুতর অভিযোগে মামলা হয়েছে। সম্পাদক পদ নিয়ে জটিলতার সূত্র ধরে এ ধরনের হামলা-মামলা স্পষ্টতই আইনজীবীদের মধ্যে বিভক্তি আরো বাড়াচ্ছে। বেশ কয়েকজন আইনজীবীর কাছে এ অবস্থা থেকে উত্তরণের উপায় সর্ম্পকে জানতে চেয়েছিলাম। আইনজীবী সমিতির গত কার্যকরী কমিটির একজন সদস্য শুধু একটা বাক্যই বললেন, ‘জোর যার মুল্লুক তার’। দেশের সর্বোচ্চ আদালতের একজন ‘বিজ্ঞ’ আইনজীবীর মুখে এ ধরনের ‘বেআইনী’ কথা শুনে আমি পাল্টা যুক্তি দিতে গিয়েও থেমে গেছি। মনে পড়লো, ‘নগর পুড়িলে দেবালয় কি এড়ায়’; সারা দেশে যখন কার্যত ‘জোর যার মুল্লুক তার’ নীতি চলছে, সর্বোচ্চ আদালতের আইনজীবীদের প্রতি ভিন্ন প্রত্যাশা থাকলেও, তারা এর থেকে দূরে থাকেন কীভাবে? তাছাড়া নির্বাচন নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগ তো এখন জাতীয় সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে গিয়ে ঠেকেছে। নির্বাচন নিয়ে যে অনিয়ম, দখলদারি কিংবা প্রহসন শুরু হয়েছিল, ধীরে ধীরে তা সব কিছুকেই গ্রাস করে নিচ্ছে।

  • মনজুরুল ইসলাম সাংবাদিক