বিশেষ প্রতিনিধি | অক্টোবর ১৩, ২০১৫
সংবাদ: স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন করতে আইনের সংশোধন অনুমোদন করেছে মন্ত্রিসভা। নির্বাচনে মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক থাকতে হবে।
মানসুর আহমেদ
বেশির ভাগ ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী এমনকি দলীয় মনোনয়ন কাকে বলে তা জানেন না। অসম্ভব যদি নাও হয়, কেবল মুখ দেখে ইউপি প্রার্থীদের মনোনয়ন দেওয়া খুবই কঠিন হবে। এই ব্যবস্থায় দুর্নীতি ও পেশিশক্তির ব্যবহার আরও বাড়বে। সম্পূর্ণ তুঘলকি কাণ্ড।
আখলাকুর রহমান
গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায়, অফিসপাড়াসহ সবখানে এমনিতেই নেতা, পাতি নেতাদের দৌরাত্ম্যে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। দলীয় মার্কার শেষ কৌশল চূড়ান্ত করায় সাধারণ মানুষ খালে-বিলে, নালা-নর্দমায় পড়ে হাবুডুবু খাবে। ৯৫ শতাংশ মানুষ হাতে গোনা কিছু দলীয় লোকদের কাছে জিম্মি থাকবে (সে যেকোনো দলের নেতা হোক)। খেলা আর কতভাবে খেলা যায়। আবার দেশের শতভাগ মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে এবং রাজনীতিসচেতন হলে দল এবং রাষ্ট্রীয় সব যন্ত্রে গণতন্ত্রের সঠিক চর্চা থাকলে তো কোনো প্রশ্নই ছিল না।
ভি সি ঘোষ
‘এই উদ্যোগ স্থানীয় সরকারব্যবস্থাকে ধ্বংস করবে এবং ক্ষমতাসীন দলই স্থানীয় সরকার গ্রাস করে ফেলবে। এ ছাড়া প্রভাবশালী, বিত্তশালী ও রাজনৈতিক দাপট থাকা খারাপ লোক নির্বাচিত হয়ে আসার সুযোগ প্রশস্ত হবে।’ সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের এই মতবাদ একদম সঠিক বলে মনে করি। সঙ্গে যোগ করি: রাজনৈতিক দাপটে থাকা অল্পশিক্ষিত লোকও নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করবে।
শামসুল আলম সুরমা
সরকার চাইছে এখন থেকে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলের ব্যানারে হবে। এই আইনে লুটেরাদের সংখ্যা বাড়বে, স্থানীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে। জাতির মধ্যে বিভেদ বাড়বে, ঘরে ঘরে আওয়ামী লীগ বিএনপি জামায়াতের লাঠিয়াল ককটেল বাহিনী তৈরি হবে। গ্রামগঞ্জে গ্রুপিং হবে, জাতীয় ঐক্য বিনষ্ট হবে। আমরা চাই একমাত্র সংসদ নির্বাচন ছাড়া বাকি সব নির্বাচন রাজনৈতিক দলের ব্যানারের বাইরে হবে। এমনিতেই চেয়ারম্যান মেম্বার নির্বাচনে মারামারি, কাটাকাটি হয়, তার ওপর যদি সেটা দলীয়ভাবে হয় তবে পরিণতি হবে ভয়াবহ।