দলীয় ফায়দা ওঠানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো সফল নির্বাচনের পর ফলাফল ও তার তাৎপর্য নিয়ে আলোচনা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন, বিশেষত মেয়র পদের নির্বাচন, মোটেই তার ব্যতিক্রম নয়। তবে এই নির্বাচনের প্রার্থী-মনোনয়ন থেকে ফলাফল—সবই তুলনামূলকভাবে অন্য যেকোনো নির্বাচনের চেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে। সেলিনা হায়াৎ আইভীর বিজয় কেবল নারায়ণগঞ্জ নয়, গোটা দেশের রাজনীতির জন্য একটা পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে বলে অনেক বিশ্লেষক আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁদের সেই আশাবাদের সঙ্গে অংশত একমত হলেও আমার ধারণা, নির্বাচনী প্রক্রিয়ার সময় অনেক ঘটনা ঘটেছে, যেগুলো বিস্মৃত হওয়ার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন এবং আশাপ্রদ ফলাফলের কারণে এগুলো ভুলে গেলে যে সম্ভাবনাগুলো নিয়ে সবাই আশাবাদী হয়ে উঠছেন, সেগুলো শেষাবধি অন্য অনেক সম্ভাবনার মতো খুব সহজেই তিরোহিত হবে। পাশাপাশি নির্বাচনের পরও কিছু ঘটনা ঘটেছে, যা অতিরিক্ত আশাবাদীদের জন্য ইঙ্গিতবহ।নির্বাচনী প্রক্রিয়া ও প্রচারাভিযানের সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শামীম ওসমান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে নারায়ণগঞ্জে জঙ্গি হামলা হতে পারে। কেবল আশঙ্কাই নয়, তাঁর কথাবার্তায় মনে হয়েছিল, এ বিষয়ে তাঁর কাছে যথেষ্ট তথ্যও রয়েছে। এই মন্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের আশঙ্কাকে অমূলক বলে উড়িয়ে দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক প্রমাণিত হয়েছে—কোনো রকম হামলা হয়নি। কিন্তু এ নিয়ে আর কোনো রকম তদন্ত হয়েছে বা হচ্ছে বলে খবর পাওয়া যায়নি। জঙ্গি হামলার আশঙ্কাকে সাধারণ ভোটাররা আমলে নেননি, সেটা ভোটকেন্দ্রে লাখ লাখ ভোটারের উপস্থিতি ও কোনো রকম উদ্বেগ প্রকাশ না করা থেকেই বোঝা যায়। কিন্তু অভিযোগটি যেহেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট, এ নিয়ে খোঁজখবর নেওয়া খুবই জরুরি। নারায়ণগঞ্জ নির্বাচনে এ ধরনের বক্তব্য প্রভাব বিস্তার করেনি, কিন্তু ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করা যাবে না, এমন নিশ্চয়তা কেউই দিতে পারেন না। ভয়ভীতি ছড়িয়ে নির্বাচনের পথে বাধা সৃষ্টির চেষ্টার জন্য সরকার বা নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নিলে এই পদ্ধতি ভবিষ্যতে বড় আকারে রূপ নিতে পারে।নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করার জন্য নির্বাচন কমিশনের অনুরোধ সরকার অগ্রাহ্য করেছে। এ নিয়ে নির্বাচনের আগে যেসব কথা বলা হয়েছে, তার সঙ্গে নির্বাচন-পরবর্তী বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ। নির্বাচনের আগে সরকারদলীয় কয়েকজন নেতা বলেছিলেন, নির্বাচন কমিশন যথাযথভাবে অনুরোধ না করায় সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। তাঁদের কথায় মনে হয়েছিল, একটা পদ্ধতিগত বা প্রক্রিয়াগত কারণে এবং নির্বাচন কমিশনের ত্রুটিতেই সেনাবাহিনী মোতায়েন হয়নি। নির্বাচনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সরকারের লক্ষ্যই ছিল সেনাবাহিনী মোতায়েন না করা। নির্বাচনের পর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যেও স্পষ্ট যে এটা সরকারের সিদ্ধান্তই ছিল। সরকারের এই সিদ্ধান্ত সংবিধানের লঙ্ঘন বলে অনেক বিশেষজ্ঞই মত দিয়েছেন। নির্বাচন কমিশন যে তাতে খুশি হয়নি তা আমরা জানি। এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি রিট হয়েছে। কিন্তু সেই রিটের ফলাফল ভবিষ্যতের নির্বাচনের বিষয়টি নির্ধারণ করবে। তার আগে নির্বাচন কমিশনের উচিত হবে স্পষ্ট করা যে তাদের পক্ষ থেকে কোনো পদ্ধতিগত ত্রুটি ছিল না। তদুপরি সরকার যদি সংবিধানের বিধি লঙ্ঘন করে থাকে, কমিশন তার জন্য আদালতের শরণাপন্ন হতে পারে। এই নির্বাচন কমিশনের তিনজন সদস্যই আগামী এপ্রিল মাসের মধ্যে কমিশনে তাঁদের মেয়াদ পূর্ণ করবেন। এই পরিস্থিতিতে এই নিয়ে কমিশন হিসেবে তাঁদের অবস্থান পরিষ্কার করে জানানো দরকার। স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থেই এটা করা দরকার। সেনাবাহিনী মোতায়েন হয়নি—এই অজুহাতে বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করেন। সিদ্ধান্তটি তাঁর একার ছিল না। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে নিজেকে ‘কোরবানি’ দিয়েছেন বলেই তাঁর বক্তব্য। এই নাটকীয় সিদ্ধান্ত সেলিনা হায়াৎ আইভীর বিজয়ে সাহায্য করলেও বিএনপি স্থানীয় নির্বাচনে প্রত্যক্ষ হস্তক্ষেপের যে নজির সৃষ্টি করল তা হয়তো নতুন নয় কিন্তু তা গণতান্ত্রিক বা ইতিবাচক নয়। বিএনপি সেনা মোতায়েনের দাবি তোলার সময় ২০০৩ ও ২০০৪ সালে তারা যে নির্বাচন কমিশনের অনুরোধ উপেক্ষা করেছিল তার জন্য অনুতপ্ত হওয়া ও ক্ষমা চাওয়া দরকার ছিল। আওয়ামী লীগ সমর্থন দেওয়ার ক্ষেত্রে যেমন স্থানীয় ভোটারদের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয়নি, বিএনপিও ঠিক একইভাবে বয়কটের সিদ্ধান্ত ওপর থেকে চাপিয়ে দিয়েছে। এর কোনোটাই দল ও দেশের রাজনীতির জন্য কোনো শুভ বার্তা বহন করে না।এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের সুশীল সমাজের ভূমিকা নিয়ে আলোচনার সুযোগ হয়েছে। গত দুই-আড়াই বছরে যাঁরা প্রয়োজনে-অপ্রয়োজনে সুশীল সমাজের বিরুদ্ধে সমালোচনায় মুখর হন তাঁরা আশা করি লক্ষ করে থাকবেন যে সেলিনা হায়াৎ আইভীর প্রতি সুশীল সমাজের সমর্থন কতটা কার্যকর ছিল। এটাও লক্ষ করা দরকার যে সৎ প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎকে সমর্থন দেওয়ার একটা প্রভাব কাউন্সিলর নির্বাচনেও পড়েছে। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৩৬ জন কাউন্সিলরের মধ্যে কমপক্ষে ২০ জন প্রার্থী বিজয়ী হয়েছেন, যাঁদের বিরুদ্ধে কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ড বা মামলার অভিযোগ নেই। নারায়ণগঞ্জ যে গোটা বাংলাদেশ নয়, আমরা সবাই জানি। কিন্তু সৎ প্রার্থীর জন্য সমাজের সর্বস্তরের সমর্থন জোগাড় করা গেলে ইতিবাচক ফল তৈরি যে সম্ভব, তা অংশত হলেও প্রমাণিত হয়েছে। সুশীল সমাজ বললে কেবল পরিচিত মুখগুলোকেই মনে করলে হবে না। এই নির্বাচনে আইভীর সমর্থনে গোটা দেশে নতুন সামাজিক শক্তির ইঙ্গিত লক্ষ করা গেছে। এই লেখার গোড়াতে আশাবাদীদের সঙ্গে আমার একমতের জায়গাটি এখানেই। এই নতুন শক্তি ভবিষ্যতে কী ভূমিকা রাখতে পারে, সেটাই দেখার বিষয়। নারায়ণগঞ্জ নির্বাচনের ফলাফল থেকে দুটো প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি সন্ত্রাসী ও গডফাদারদের বিরুদ্ধে জনরায়ের শিক্ষা নেবে বলে যাঁরা আশা করছেন, আমি তাঁদের অতিরিক্ত আশাবাদী মনে করি। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর মন্তব্য, পরাজয়ের মধ্য দিয়ে শামীম ওসমানের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, তাঁর বিরুদ্ধে এখন কোনো অভিযোগ আর থাকল না—এটা কিসের ইঙ্গিত দেয় তা ব্যাখ্যার প্রয়োজন নেই। বিএনপির দু-একজন নেতা ফলাফলকে ‘সন্ত্রাসীর বিরুদ্ধে রায়’ বলে বর্ণনা করলেও দল একে ‘সন্ত্রাসের বিরুদ্ধে রায়’ বলে মন্তব্য করেনি। তদুপরি এ থেকে দলগতভাবে কতটা ফায়দা ওঠানো সম্ভব তা নিয়ে দল যত ব্যস্ত, অন্য কোনো শিক্ষা তারা নেবে বলে মনে হয় না।আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।