
শ্রীলঙ্কার ভোটাররা আজ (বৃহস্পতিবার) যে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন, তা সেই দেশের গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নির্বাচন। মাহিন্দা রাজাপক্ষে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার লক্ষ্যে নির্বাচন করছেন। সমালোচকেরা তাঁর শাসনামলকে কর্তৃত্বপরায়ণ ও রাজবংশীয় অভিধা দিয়েছেন। এবার তিনি নির্বাচিত হলে সেই শাসনামলই আরও দীর্ঘায়িত হবে।
৬৯ বছয় বয়সী এ নেতা আগেভাগে নির্বাচন দিয়ে ভেবেছিলেন, বিরোধীরা বিভক্ত হয়ে যাওয়ায় বেশ সহজেই উতরে যাবেন। কিন্তু সেই সমীকরণ প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। কারণ, তাঁর একসময়ের সহযোগী ও বর্তমান প্রতিপক্ষ মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বে একটি বৃহৎ জোট গড়ে উঠেছে।
‘ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন হয়ে উঠেছে। লড়াই হবে সেয়ানে সেয়ানে’ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশেষজ্ঞ অ্যালান কেনান এ কথা বলেছেন।
খুব কম পর্যবেক্ষকই ভেবেছিলেন, এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। মোট প্রদত্ত ভোটের ৫০ ভাগ যে পাবে, সেই জিতবে—ধারণাটা এমনই ছিল। রাজাপক্ষে ২০০৫ সালে প্রথম নির্বাচিত হন। এরপর ২৬ বছরের পুরোনো গৃহযুদ্ধের সফল পরিসমাপ্তি, যদিও রক্তাক্ত, ঘটানোর কারণে ২০১০ সালে তিনি আবারও বিপুল ভোটে বিজয়ী হন।
তামিলদের দমন করায় দেশটির সিংহভাগ বৌদ্ধ জনগোষ্ঠীর সমর্থন ও যুদ্ধোত্তর অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতির বদৌলতে রাজাপক্ষে সংবিধান সংশোধন করেন। এর মাধ্যমে তিনি সংবিধানে যেকোনো সংখ্যক বার নির্বাচিত হওয়ার বিধান সংযুক্ত আর প্রেসিডেন্টের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেন।
সম্প্রতি শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচনে দেখা যায়, গ্রামীণ সিংহলি জনগণের মধ্যে তাঁর জনপ্রিয়তা কমেছে। বেকারত্বের ঊর্ধ্বগতি ও স্বজনপ্রীতির কারণে এটা ঘটেছে। রাজাপক্ষের তিন ভাই ঊর্ধ্বতন সরকারি পদে কাজ করছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, রাজাপক্ষের ২৮ বছর বয়সী সাংসদ পুত্রকে তাঁর উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী সিরিসেনা প্রেসিডেন্ট পদে নির্বাচন করায় এই বর্ষীয়ান রাজনীতিক বিস্মিত হয়েছেন। নির্বাচন ঘোষণা করার এক দিন পর তিনি সরকার থেকে বেরিয়ে যান। সিরিসেনা মৃদুভাষী মানুষ। প্রশাসক হিসেবে তিনি সৎ ও সফল। তাঁর আবেদনও সেই রক্ষণশীল গ্রামীণ ভোটারদের কাছে। কিন্তু তামিলদের কাছে তিনি প্রার্থী হিসেবে সবচেয়ে কম খারাপ, এর বেশি কিছু নয়। শ্রীলঙ্কার ২১ মিলিয়ন জনগোষ্ঠীর ১৫ শতাংশই তামিল।
একসময়ের লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) অধ্যুষিত এলাকায় ব্যাপকসংখ্যক সেনা উপস্থিতি ও স্থানীয় রাজনৈতিক স্বায়ত্তশাসনের অনুপস্থিতিই তামিলদের দুঃখ-দুর্দশার প্রধান কারণ।
উত্তরাঞ্চলের তামিল অধ্যুষিত অঞ্চল জাফনার রাজনৈতিক-অর্থনীতি বিশ্লেষক আহিলান কাদিরগামার বলেছেন, ‘আম তামিল ভোটাররা গত ১০ বছরের শাসনে ত্যক্ত-বিরক্ত হয়ে গেছে। এ সময়ে তারা কোনো সমঝোতা ও বেসামরিকীকরণের চেষ্টা করেনি। উপায়ন্তর না থাকায় তারা সিরিসেনাকে ভোট দেবে।’
রাজাপক্ষে সড়ক, রেল ও অন্যান্য অবকাঠামোগত প্রকল্প দিয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ তামিলদের মন জয় করার চেষ্টা করেছেন, কোনো রাজনৈতিক ছাড় না দিয়ে তিনি চেষ্টা করেছেন। বিশেষ করে যুদ্ধে ছারখার হয়ে যাওয়া উত্তর ও পূর্বাঞ্চলে। কাদিরগামার বলেছেন, ‘সিরিসেনা রাজনৈতিক সমাধান ও ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিষয়ে কিছু বলেননি। কিন্তু বহু মানুষ বিশ্বাস করছে, ক্ষমতার পালাবদল ঘটলে তার কিছু সুযোগ তৈরি হবে।’
তামিলদের সবচেয়ে বড় রাজনৈতিক গোষ্ঠী সিরিসেনাকে সমর্থন দিয়েছে। সম্প্রতি গজিয়ে ওঠা বৌদ্ধ কট্টরপন্থীদের সহিংসতায় উদ্বিগ্ন মুসলিম দলগুলো বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছে। আর ক্ষমতাসীন দল ২০ জন সাংসদকে হারিয়েছে।
সাংসদ ও সাবেক অ্যাকাডেমিক রাজিব বিজেসিনহা গত নভেম্বরে পক্ষ ত্যাগ করেছেন। তিনি বলেছেন, ‘রাজাপক্ষে তামিলদের হাত থেকে নিষ্কৃতি লাভ করে বিশাল এক কাজ করেছেন। কিন্তু তাঁর উচিত ছিল, সংস্কার ও মিটমাটের দিকে যাওয়া। কিন্তু তাঁকে এ বিষয়ে আগ্রহী মনে হয়নি।’
প্রেসিডেন্ট ক্রমেই একাকী হয়ে পড়ছেন। বিজেসিনহা দ্য গার্ডিয়ানকে বলেছেন, এমনকি তিনি উদীয়মান বৌদ্ধ কট্টরপন্থীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা বিদেশি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত চরমপন্থীদের পয়সা খেয়ে মুসলমানদের মধ্যে তাঁর জনপ্রিয়তা হ্রাস করে তাঁকে দুর্বল করে দিয়েছে।
রাজাপক্ষে একজন সাবেক রাগবি খেলোয়াড়। বৈশিষ্ট্যগত দিক দিয়ে তিনি অত্যন্ত কৃত্রিমভাবে প্রথাগত, অপরিচিত মানুষের সঙ্গে মেশার ক্ষমতা তাঁর ভালো। কিন্তু পশ্চিমের কাছে তিনি বিতর্কিত মানুষ। গৃহযুদ্ধের শেষের দিকে উভয় পক্ষই মানবাধিকার লঙ্ঘন করেছে—জাতিসংঘ এরূপ অভিযোগের তদন্তে নেমেছে।
শ্রীলঙ্কার বাণিজ্যিক ও সাংস্কৃতিক রাজধানী কলম্বোয় গত বছর অনুষ্ঠিত কমনওয়েলথ রাষ্ট্রগুলোর প্রধানদের একটি বৈঠকে ভারত, কানাডা ও মরিতিয়াস যোগ দেয়নি। ডেভিড ক্যামেরন এতে যোগ দিলেও তিনি দেশটির তামিলনিয়ন্ত্রিত উত্তরাঞ্চল সফর করেছেন। সেখানে তিনি বলেছেন, বৈঠকের আয়োজক দেশের কাছে মানবাধিকারবিষয়ক তাঁর উদ্বেগের কথা পেড়েছেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার থাকার সময় নাভি পিল্লাই শ্রীলঙ্কায় ক্রমবর্ধান হারে সৃষ্ট কর্তৃত্বপরায়ণতার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অনেক বিরোধী রাজনীতিক, শত শত সাংবাদিক ও মানবাধিকারকর্মীকে ভয় দেখানো হয়েছে। অনেকে আবার হারিয়েও গিয়েছেন। গত মাসে এক ঘটনা ঘটেছে। মানবাধিকারবিষয়ক সংগঠন রাইট টু লাইফের ব্রিতো ফার্নান্দোর বাড়ির দেয়ালে কে বা কারা একটি কুকুরের কাটা মাথা গেঁথে রেখেছিল। আরেকজন কর্মীর সঙ্গেও তা করা হয়েছিল। এই মানুষেরা ‘রাজবংশীয় শাসনের’ বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।
ফার্নান্দে বলেছেন, ‘সরকার বা গোয়েন্দা সংস্থার সমর্থিত কেউ এ কাজ করেছে। তবে এতে আমি শঙ্কিত নই, আমি আমার সন্তান ও স্ত্রীর বিষয়ে চিন্তিত। কিন্তু কাজ থেকে আমি পিছপা হব না।’
পর্যবেক্ষকেরা বলছেন, তাঁরা প্রচারণাকালে ২৩৭টি ‘বড় ঘটনা’ প্রত্যক্ষ করেছেন। এর মধ্যে আছে হামলা, ভয় দেখানো বা সম্পত্তির ক্ষতিসাধন। সিরিসেনার তিন সমর্থক অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আহত হয়েছেন।
ক্যােম্পইন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নির্বাহী পরিচালক কীর্তি টেনাকুন রয়টার্সকে বলেছেন, ‘সহিংসতা বাড়ছেই। আর সেটা আসলে খুব সুপরিকল্পিত কৌশল বলেই মনে হচ্ছে। বিরোধীদের প্রচারণা বন্ধ করতেই এসব করা হচ্ছে।’
শ্রীলঙ্কার পুলিশ বলেছে, ৬৫ হাজার পুলিশ সদস্যের মধ্যে এলিট কমান্ডোদেরও নামানো হবে। তারা নির্বাচন কেন্দ্রে পাহারা দেবে।
বিরোধী নেতারাও অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী দিয়ে মানুষকে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখার পরিকল্পনা করছে। আর প্রোপাগান্ডা চালানোর জন্য সরকারি টেলিভিশন তো আছেই। সরকারি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
কাদিরগামারের মতে, ভোটারদের উপস্থিতিই আসলে বড় প্রশ্ন।
ওদিকে সমর্থন লাভের জন্য রাজাপক্ষে তেলের দাম কমিয়ে দিয়েছেন, পানি ও বিদ্যুতের শুল্ক কমিয়ে দিয়েছেন। আর ১৬ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়িয়েছেন।
পরপর কয়েকটি নির্বাচনী প্রচারণায় রাজাপক্ষে বিভাজনের সুরে কথা না বলার চেষ্টা করেছেন। দেশের সবাইকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন, তা সে ‘তামিল, সিংহলি বা মুসলিম যা-ই হোক না কেন’। আর তিনি জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবেন না।
পর্যবেক্ষকেরা বলছেন, ভোটের ফল যা-ই হোক না কেন আগামী কয়েকটি মাস ঝঞ্ঝাবিক্ষুব্ধ ও অস্থিতিশীল যাবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কেনান বলেছেন, ‘কিছু সময়ের জন্য এটাই হবে শ্রীলঙ্কার গণতন্ত্রের জন্য শেষ সুযোগ। কিন্তু ঘটনা পরম্পরা যা-ই হোক, পুরো পরিস্থিতিই হবে বিশৃঙ্খল।’
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য গার্ডিয়ান থেকে নেওয়া
জেসন বার্ক: দ্য গার্ডিয়ানের দক্ষিণ এশীয় প্রতিনিধি।