দশবার নয়, একবার পদত্যাগ করলেই তো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোলগেট’ হিসেবে পরিচিতি পাওয়া কয়লা কেলেঙ্কারি ভারতের রাজনীতিকে বেশ ভোগাচ্ছে। সেখানকার সংসদ অচল হয়ে রয়েছে এ ইস্যুতে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এ নিয়ে তদন্ত শুরু করেছে। যে তালিকা ধরে তদন্ত শুরু হয়েছে, তাতে ক্ষমতাসীন কংগ্রেস দলের এক সদস্য ও তাঁর ভাই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নামও রয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত হিসেবে কংগ্রেস-ঘনিষ্ঠ বেশ কয়েকজন ব্যবসায়ীর নামও এসেছে। এরই মধ্যে সিবিআই কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেছে। এঁদের কয়েকজন কয়লামন্ত্রী জয়সরওয়ালের ঘনিষ্ঠ বলেও জানা যাচ্ছে।শুধু ‘কোলগেট’ বা কয়লা কেলেঙ্কারি বললে আমাদের পাঠকদের অনেকের কাছেই বিষয়টি পরিষ্কার হবে না। এই কেলেঙ্কারি বা দুর্নীতির ঘটনাটি কী, তা একটু খোলাসা করা দরকার। ভারতজুড়ে কয়লার যথেষ্ট মজুদ রয়েছে। কয়লার মজুদ আছে এমন স্থানগুলোকে ব্লকে ভাগ করা হয় বিভিন্ন মাইনিং কোম্পানিকে লিজ দেওয়ার জন্য। ভারতে বিদ্যুৎ উৎপাদনের মূল জ্বালানি হচ্ছে কয়লা। একসময় ভারতের সব কয়লাখনি ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লিমিটেড বা সিআইএলের নিয়ন্ত্রণে। পরবর্তী সময়ে খনিগুলোকে শুধু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে না রেখে বেসরকারি খাতেও ছেড়ে দেওয়া হয়। ২০০৩ সালে ভারতে যখন বিজেপি সরকার ক্ষমতায়, তখন তারা ‘২০১২ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ’ নামে একটি পরিকল্পনার কথা ঘোষণা করে। এর লক্ষ্য ছিল ২০১২ সালের মধ্যে ভারতের জাতীয় গ্রিডে অতিরিক্ত এক লাখ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা। এরপর ২০০৪ সালে কংগ্রেস ক্ষমতায় এসে বুঝতে পারে যে নতুন তাপবিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য যে কয়লা লাগবে, তা শুধু সিআইএলের পক্ষে জোগান দেওয়া সম্ভব হবে না। তখন কংগ্রেস সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নতুন কয়লা ব্লক লিজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়কালে সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে ৭৫টি ও সরকারি কোম্পানিগুলোকে ৭০টি ব্লক ইজারা দিয়ে কয়লা তোলার লাইসেন্স দেয়। এ ধরনের বরাদ্দ এর আগেও হয়েছে এবং ১৯৯২ সালে গঠিত একটি নিরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে কয়লা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে এই বরাদ্দ দেয়। কয়লাখনি বরাদ্দ দেওয়ার যে নীতিমালা, তা ২০০৫, ২০০৬ ও ২০০৮ সালে তিন দফা পরিমার্জনা করা হয়েছে। এখন সরকারের প্রধান হিসাব নিরীক্ষক (কম্পট্রোলার ও অডিটর জেনারেল বা সিএজি) বিনোদ রাই বলছেন, যে নীতিমালার ভিত্তিতে কয়লার ব্লকগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, তা ছিল অস্বচ্ছ। এ নিয়ে ব্যাপক ও বিস্তৃত পর্যালোচনা করে তিনি দেখিয়েছেন, এ বরাদ্দের ফলে সরকারের যে রাজস্ব ক্ষতি হয়েছে, তার পরিমাণ প্রায় ১ দশমিক ৮৬ লাখ কোটি রুপি।কোলগেট নিয়ে সিবিআইয়ের তদন্ত শুরু হওয়ার পর অভিযুক্ত হিসেবে যখন নানা নাম আলোচিত হচ্ছে, তখন এ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বাগ্যুদ্ধও বাড়ছে। বিজেপির আক্রমণে কোণঠাসা কংগ্রেস যে পাঁচ সংস্থার বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে একটির মালিক যে বিজেপি-ঘনিষ্ঠ, তা তুলে ধরে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে। বিরোধী দল বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়েছে। তদন্ত মাত্র শুরু হয়েছে। আইন যদি সেখানে নিজের গতিতে চলে, তবে হয়তো অভিযুক্ত ব্যক্তিরা আটক হবেন, ভবিষ্যতে হয়তো কারও কারও জেল-জরিমানাও হবে। বিরোধী দল বিজেপি এ নিয়ে সরকারকে হয়তো বেকায়দায়ও ফেলতে পারে। এই কোলগেটের ওপর ভরসা করে বিজেপি ভবিষ্যৎ রাজনৈতিক ফায়দাও আদায় করে নিতে পারে। কিন্তু ভারত সরকারের প্রধান হিসাব নিরীক্ষকের হিসাব অনুযায়ী সরকারের যে ১ দশমিক ৮৬ লাখ কোটি রুপি রাজস্ব ক্ষতি হলো, তা পূরণ হবে কীভাবে?ভারতে যখন ‘কোলগেট’, বাংলাদেশে তখন হলমার্ক কেলেঙ্কারি। ভারতের তুলনায় বাংলাদেশ ছোট দেশ, এখনকার কেলেঙ্কারির অর্থমূল্যও কম। চার হাজার কোটি টাকা মাত্র (এই অর্থের পরিমাণ যে খুবই নগণ্য, তা অর্থমন্ত্রী না বললে অবশ্য আমাদের মাথায় ঢুকত না)! বাংলাদেশেও তদন্ত শুরু হয়েছে। এখানেও এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত বলে সরকারের প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের নাম এসেছে। স্বাভাবিক কারণে এ নিয়ে রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলমার্ক কেলেঙ্কারিকে সরকারের ‘দুর্নীতির অংশ’ হিসেবে উল্লেখ করে সরকারের পদত্যাগ চেয়েছেন। অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে যে হলমার্ক নামের অখ্যাত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারপারসনকে আমাদের দুর্নীতি দমন কমিশন ডেকে নিয়ে গিয়েছিল। যে ব্যাংকের সহায়তায় ব্যাংক খাতে দেশের সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা ঘটেছে, সেই রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের দুই উপব্যবস্থাপনা পরিচালকসহ ২৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। ঋণ হিসেবে হলমার্ক গ্রুপের নেওয়া দুই হাজার ৬০০ কোটি টাকার অর্ধেক ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়ার জন্য সোনালী ব্যাংক থেকে চিঠি গেছে। যে পরিমাণ ঋণ হলমার্ক গ্রুপ নিয়েছে, সেই পরিমাণ সম্পদ তাদের রয়েছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। হলমার্কের পুরো সম্পদ বাজেয়াপ্ত করলে কি সেই টাকা উঠে আসবে? দুর্নীতি ঘটে গেলে এ নিয়ে যতই তদন্ত, হইচই, শাস্তি বা রাজনৈতিক প্রতিপক্ষের ফায়দা নেওয়ার ঘটনা ঘটুক, তাতে দুর্নীতির কারণে রাষ্ট্র বা এর জনগণের যে ক্ষতি হয়, তা কখনো পূরণ করা যায় না। ফলে দুর্নীতি ঘটতে না দেওয়াই হলো আসল পথ। বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক যখন ঋণচুক্তি বাতিল করল, তখন সরকারের পক্ষ থেকে বারবার বলার চেষ্টা হলো, যে সেতুর নির্মাণকাজই শুরু হয়নি, সেখানে দুর্নীতি হলো কী করে! এর জবাব বিভিন্নভাবে এসেছে, অনেক লেখালেখিও হয়েছে। ঘটে যাওয়া দুর্নীতি আর দুর্নীতির আশঙ্কা—এর তফাতের সূত্র ধরে পুরোনো প্রসঙ্গ আবারও নতুন করে বলি; সম্ভাব্য দুর্নীতি ঠেকাতে বিশ্বব্যাংক যেসব শর্ত দিয়েছিল, তা সরকার পূরণ না করায় বিশ্বব্যাংক চুক্তিটি বাতিল করেছে। এবং সম্ভাব্য দুর্নীতির বিষয়টি বিশ্বব্যাংক বিবেচনায় নিয়েছে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি করার লক্ষ্য নিয়ে দেশে-বিদেশে যেসব নড়াচড়া হয়েছে, সেসব তথ্যপ্রমাণের ভিত্তিতে। পদ্মা সেতু প্রকল্প নিয়ে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে সে দেশের তদন্তে। ফলে পদ্মা সেতু প্রকল্পের কোনো না কোনো পর্যায়ে যে অন্তত দুর্নীতির চেষ্টা হয়েছে, তা নিয়ে সন্দেহের সুযোগ কম। দুর্নীতির ঘটনা সব সময় গোপনেই ঘটে। আর সব দেশেই রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলা—তিনটি পক্ষই হচ্ছে এর মূল খেলোয়াড়। এই তিন গোষ্ঠী এক হয়ে যখন কোনো দুর্নীতির ঘটনা ঘটায়, তখন স্বাভাবিক কারণে শুরুতেই তা সহজে প্রকাশ পায় না। পরে তদন্ত হলে অনেক ক্ষেত্রে তা বের হয়ে আসে। কিন্তু এই তদন্ত ও দুর্নীতি প্রমাণের বিষয়টি একদিকে যেমন সময়সাপেক্ষ, তেমনি জটিলও। ভারতের কোলগেট বা বাংলাদেশের হলমার্ক কেলেঙ্কারিসূত্রে আগেই বলেছি, এতে অভিযুক্ত ব্যক্তিরা চিহ্নিত বা শাস্তির মুখোমুখি হলেও দুর্নীতির কারণে রাষ্ট্র ও এর জনগণ যে ক্ষতির মুখোমুখি হয়, তা পূরণ করা যায় না। এখন পদ্মা সেতুর মতো একটি বড় ও আন্তর্জাতিক প্রকল্পে দুর্নীতির ঘটনা ঘটার সুযোগ দিয়ে পরে তা নিয়ে হইচই বা তদন্তের চেয়ে দুর্নীতির আশঙ্কা দূর করতে আগাম প্রতিষেধকই কি বেশি কার্যকর নয়?পদ্মা সেতু নিয়ে দুর্নীতি বা দুর্নীতির ষড়যন্ত্র দূর করতে আগাম প্রতিষেধক হিসেবে চারটি ওষুধের প্রেসক্রিপশন দিয়েছিল বিশ্বব্যাংক। এই ওষুধগুলো সম্ভবত বড় তিতা মনে হয়েছে বাংলাদেশ সরকারের কাছে, কোনোভাবেই এই ওষুধ গিলতে চায়নি। মুখ-চোখ খিঁচিয়ে তিনটি গিললেও শেষ বড়িটি নিয়ে সরকার বসে আছে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার বিদায়ের এই শেষ বড়িটি সরকার কবে গিলবে বা আদৌ গিলবে কি না, তা এখনো অস্পষ্ট। যাঁর বিদায়ের ওপর পদ্মা সেতুর ভবিষ্যৎ নির্ভর করছে, তাঁর সাম্প্রতিক বক্তব্যেও তেমন কিছু পরিষ্কার হলো না। ‘আমার পদত্যাগের কারণে যদি সমস্যার সমাধান হয়, তবে একবার কেন, ১০ বারও পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু কোনো মিথ্যা অপবাদ মাথায় নিয়ে পদত্যাগ করব না।’ এ বক্তব্যের শুরুর বাক্যটির সঙ্গে শেষের বাক্যটি স্ববিরোধী। তিনি পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান। তিনি তা হলে তা করছেন না কেন? কিন্তু পরে তিনি যখন বলেন, ‘কোনো মিথ্যা অপবাদ মাথায় নিয়ে’ পদত্যাগ করবেন না, তখন প্রথম বাক্যটি অর্থহীন হয়ে পড়ে। তবে এটা ঠিক, ‘মিথ্যা অপবাদ’ দিয়ে কাউকে কোনো পদ থেকে সরে যেতে বলার চেয়ে অন্যায় আর কিছু হতে পারে না। আমরা জানি, কানাডায় এসএনসি-লাভালিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের যে তদন্ত ও মামলা হয়েছে, তার বিচারকাজ আদালতের শিডিউল অনুযায়ী আগামী মার্চ মাসের আগে শুরু হওয়ার সুযোগ নেই। সেই বিচারকাজ শুরু এবং তা শেষ না হওয়া পর্যন্ত বা অভিযোগ প্রমাণিত না হওয়ার আগে কি আমরা প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ চাইতে পারি—এ প্রশ্ন করেছিলাম টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের কাছে। তিনি বললেন, তিনটি কারণে তিনি সরে যেতে পারেন। প্রথমত, ঋণ পাওয়ার জন্য এটা বিশ্বব্যাংকের একটি শর্ত, তাঁর জন্য যখন এটা আটকে আছে, তখন দেশের স্বার্থে তিনি সরে দাঁড়াতে পারেন। দ্বিতীয়ত, তিনি সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি, দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেটার প্রভাবমুক্ত তদন্তে সহায়তার স্বার্থে তাঁর সরে যাওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে তো শুধু পদত্যাগ বা সরে যাওয়ার বিষয়টি মুখ্য থাকবে না, তখন আসবে শাস্তির প্রশ্ন। তৃতীয়ত, দুর্নীতির অভিযোগ ওঠায় একেবারেই নৈতিক অবস্থান থেকে তিনি সরে যেতে পারেন।সবশেষ খবর হচ্ছে, বহুল আলোচিত পদ্মা সেতুর ঋণ পেতে হলে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানকে সরে যেতে হবে। শর্ত অনুযায়ী, তাঁকে বিদায় বা ছুটিতে না পাঠালে অর্থায়ন করবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক (প্রথম আলো, ১০ সেপ্টেম্বর)। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ১০ বার পদত্যাগের কথা বলেছেন। আমরা বলি, ১০ বার নয়, একবার পদত্যাগ করলেই তো হয়!এ কে এম জাকারিয়া: সাংবাদিক।[email protected]