দশম সংস্করণের খসড়া নিয়ে কিছু মতামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ ডিসেম্বর প্রথম আলো পত্রিকায় ‘কয়লানীতি: প্রথম থেকে দশম খসড়ার পূর্বাপর’ শিরোনামে একটি লেখা লিখেছিলাম। এর ধারাবাহিকতায় কয়লানীতির দশম সংস্করণের বর্তমান খসড়া সম্পর্কে কিছু মতামত তুলে ধরছি। ভূমিকা: প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে কয়লা ব্যবহার করে দীর্ঘমেয়াদি জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা কয়লানীতির মূল উদ্দেশ্য। শুধু কয়লা ব্যবহার করে দীর্ঘমেয়াদি জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। দীর্ঘ মেয়াদকালে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিতভাবে অনবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানিসমূহ (কয়লা, তেল, গ্যাস) এবং বিভিন্ন ধরনের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রয়োজন হবে। এ কারণে কয়লানীতিকে জাতীয় জ্বালানিনীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা উচিত।১.২ বাস্তবায়ন কৌশল: কয়লা উন্নয়ন ও ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদি ও বহুমাত্রিক (ভূমি, পানি, ফসল, জীববৈচিত্র্য) পরিবেশদূষণ ঘটায়। বেসরকারি খাতের বিনিয়োগকারীরা ন্যূনতম সময়ের মধ্যে তাদের বিনিয়োগকৃত অর্থ থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়। সে কারণে বেসরকারি খাতের প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশসম্মতভাবে কয়লা উত্তোলন ও ব্যবস্থাপনা সম্ভব নয়। কয়লা উত্তোলনের ২০০ বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে ভারত ১৯৭৩ সালে আইন করে কয়লা উন্নয়ন ও উত্তোলন সম্বন্ধীয় সব কার্যক্রম জাতীয়করণ করেছে এবং পাবলিক সেক্টর প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লি. (সিআইএল) এবং তার অধীন ১১টি পাবলিক সেক্টর কোম্পানির মাধ্যমে কয়লা উত্তোলন করে আসছে। ভারতের মোট উত্তোলিত কয়লার ৯৫ শতাংশ পাবলিক সেক্টর প্রতিষ্ঠান এবং ৫ শতাংশ প্রাইভেট সেক্টর প্রতিষ্ঠানসমূহ উত্তোলন করছে। কয়লা উত্তোলনে ভারতের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশও পাবলিক সেক্টর প্রতিষ্ঠানকে কয়লা উন্নয়নের সার্বিক দায়িত্ব দিতে পারে। প্রথম অবস্থায় বর্তমানে বিদ্যমান বড়পুকুরিয়া কয়লাখনি কোম্পানি ও মধ্যপাড়া গ্রানাইট খনি কোম্পানি সমন্বয়ে ‘খনি বাংলা’ বা ‘কোল বাংলা’ নামে একটি পাবলিক সেক্টর প্রতিষ্ঠান স্থাপন করা যেতে পারে। পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানের অধীনে প্রয়োজন অনুসারে বিভিন্ন কয়লাক্ষেত্রের উন্নয়নের জন্য ভারতের অনুরূপ আলাদা কোম্পানি গঠন করা যেতে পারে। ২.০ কয়লা উত্তোলন: কয়লা উত্তোলন সম্বন্ধে দ্বিতীয় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে আবিষ্কৃত কয়লাক্ষেত্রের ভূতাত্ত্বিক কাঠামো, ভূগঠন ও প্রকৃতি বিবেচনায় রেখে কারিগরি ও অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করে কয়লা উত্তোলন করা হবে [অর্থাৎ ভূগর্ভস্থ পদ্ধতি/উন্মুক্ত পদ্ধতি অথবা একই সঙ্গে ভূগর্ভস্থ এবং উন্মুক্ত পদ্ধতি প্রয়োগের মাধ্যমে খনি উন্নয়ন করা হবে]।আমরা দেখেছি যে ২০০৫-২০১০ সময়কালে দেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য সংবাদমাধ্যমে পক্ষে ও বিপক্ষে প্রচুর আলোচনা হয়। উন্মুক্ত পদ্ধতির পক্ষের যুক্তি হচ্ছে যে ভূগর্ভস্থ পদ্ধতির তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি কয়লা উত্তোলন করা সম্ভব। অন্যদিকে উন্মুক্ত পদ্ধতির বিপক্ষের যুক্তি হচ্ছে যে বাংলাদেশের কয়লা মজুদের ওপর ১০০ থেকে ২০০ মিটার পানিবাহী বালুস্তর রয়েছে। উন্মুক্ত খনন পদ্ধতিতে খনি শুষ্ক রাখতে বিপুল পরিমাণ পানি সরানোর ফলে বড় ধরনের পরিবেশগত সমস্যা সৃষ্টি হবে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ, যেসব দেশে বর্তমানে উন্মুক্ত খনন পদ্ধতি প্রচলিত আছে, সেসব দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। ফলে বাংলাদেশে উন্মুক্ত খনন পদ্ধতি প্রচলন করা হলে অন্যান্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশিসংখ্যক লোক ক্ষতিগ্রস্ত হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কয়লানীতির অষ্টম সংস্করণে বলা হয়েছিল, উন্মুক্ত খনন পদ্ধতির বাস্তব অভিজ্ঞতা বাংলাদেশের নেই। তাই দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে প্রয়োজন অনুভূত হলে এ পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য প্রথমে ‘কোল বাংলা/সরকারি ব্যবস্থাপনায়’ স্ব-উদ্যোগে অথবা স্বচ্ছতার মাধ্যমে যৌথ উদ্যোগে (প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সহযোগী প্রতিষ্ঠান বাছাইপূর্বক) সীমিত আকারে একটি খনি উন্নয়ন করা যেতে পারে। দেশে প্রাপ্ত স্বল্পতম গভীরতায় বিদ্যমান কয়লা মজুদ এলাকায় (বড়পুকুড়িয়া কয়লাক্ষেত্রের উত্তর অংশ) উন্মুক্ত খনি উন্নয়ন করা যেতে পারে। এর মাধ্যমে প্রাপ্ত বাস্তব অভিজ্ঞতা সন্তোষজনক হলে প্রযোজ্য ক্ষেত্রে উন্মুক্ত পদ্ধতিতে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলনের ব্যবস্থা করা যেতে পারে।কয়লানীতির দশম সংস্করণের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বিনিয়োগকারী/লিজিকে ভূতাত্ত্বিক কাঠামো, ভূগর্ভস্থ পানির স্তর, ভূস্তরের প্রকৃতি, পুনর্বাসন ইত্যাদি বিবেচনায় রেখে পরিবেশগত সমীক্ষার আলোকে খনি ব্যবস্থাপনাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি অন্তর্ভুক্ত করে প্রস্তুতকৃত আর্থসামাজিক ও কারিগরি প্রতিবেদন, যা সরকার কর্তৃক অনুমোদন সাপেক্ষে কয়লা উত্তোলন করা যাবে। দেশের অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে সংগতি রেখে লিজিকে কয়লা উত্তোলন করতে হবে।’ এ অংশটি পর্যালোচনা করে মনে হয়, একটি বিদেশি কোম্পানিকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুযোগ প্রদানের জন্য উপরিউক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি মনে করি, সম্পূর্ণভাবে সরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরীক্ষামূলকভাবে উন্মুক্ত খনি বাস্তবায়নের অভিজ্ঞতা পর্যালোচনা না করে প্রথম থেকেই বাণিজ্যিকভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে যেকোনো উদ্যোগী প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করা উচিত হবে না।৫.০ নতুন কয়লাক্ষেত্র আবিষ্কার ও উন্নয়ন: পঞ্চম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে নতুন কয়লাক্ষেত্র আবিষ্কার ও উন্নয়নের জন্য বিদ্যমান আইন ও বিধির অধীনে উপযুক্ত প্রতিষ্ঠান/উদ্যোক্তাকে দ্রুততার সঙ্গে লাইসেন্স ও লিজ অনুমোদন প্রদান করা হবে। সরকারি, বেসরকারি যৌথ বিনিয়োগ ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে কয়লাক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে উৎসাহিত করা হবে। দেশে ভবিষ্যতে স্থাপিতব্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অগ্রাধিকার ভিত্তিতে কয়লার ব্যবহার নিশ্চিত করা হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে বর্তমানে আবিষ্কৃত পাঁচটি কয়লাক্ষেত্রের কয়লা উত্তোলন সম্বন্ধে বিদ্যমান আইন ও বিধি পালন করা হবে কি না, তা উহ্য রাখা হয়েছে। ৬.০ কয়লা রপ্তানি: ষষ্ঠ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদনে কয়লার ক্রমবর্ধমান ব্যবহার ও কয়লার দীর্ঘমেয়াদি চাহিদা ইত্যাদি বিবেচনায় রেখে জনস্বার্থে প্রয়োজন না হলে কয়লা রপ্তানি করা যাবে না। কয়লানীতির সপ্তম থেকে নবম সংস্করণে দেশের ২০৩৫ সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে কয়লার চাহিদা নিরূপণ করে সুপারিশ করা হয়েছিল যে দেশের বর্তমানে আবিষ্কৃত কয়লা দেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়, সে কারণে রপ্তানির কোনো সুযোগ নেই। তবে ভবিষ্যতে নতুন কয়লাক্ষেত্র আবিষ্কৃত হলে ৫০ বছরের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে তৎকালীন চাহিদা ও সরবরাহ বিবেচনা করে কয়লা উন্নয়নের মহাপরিকল্পনার আলোকে কয়লা সেক্টর উন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার কয়লা রপ্তানির বিষয়টি পুনর্বিবেচনা করবে। কোকিং কয়লা থেকে কোকে রূপান্তর করে দেশে ব্যবহার করা হবে। তবে দেশে কোকের পর্যাপ্ত ব্যবহার না থাকলে উদ্বৃত্ত কোক রপ্তানি করা যেতে পারে। দশম সংস্করণে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় কয়লার ভবিষ্যৎ চাহিদা নিরূপণের ছকটি বাদ দিয়ে কয়লা রপ্তানির সুপারিশ সংযোজন করা হয়েছে। উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলিত ফুলবাড়ী কয়লাক্ষেত্রের কয়লা রপ্তানির সুযোগ প্রদানের জন্য এ সুপারিশ করা হয়েছে বলে মনে হয়। দেশের স্বার্থবিরোধী দশম সংস্করণে উল্লিখিত ষষ্ঠ অনুচ্ছেদটি বাদ দিয়ে নবম সংস্করণে উল্লিখিত কয়লা রপ্তানি সম্বন্ধীয় অনুচ্ছেদ (৫.৫) পুনঃসংযোজন করা উচিত।৭.০ পরিবেশ সংরক্ষণ: ‘কয়লা অনুসন্ধান, উত্তোলন, কয়লা মজুদ ব্যবস্থাপনা ও ব্যবহার করার ক্ষেত্রে লাইসেন্সি/লিজিকে বাংলাদেশের পরিবেশসংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে। তবে যেসব ক্ষেত্রে বিধিমালা বিদ্যমান নেই সে ক্ষেত্রে ইকুয়েটর প্রিন্সিপল অনুসরণ করতে হবে।’ কয়লাখনি শিল্প বিশেষভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন একটি অত্যন্ত পরিবেশদূষণকারী উন্নয়ন কার্যক্রম। পরিবেশদূষণ নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব প্রদান করে লেখা হয়নি। এর ফলে বিনিয়োগকারীরা পরিবেশদূষণের সুযোগ পাবে, যার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। ইকুয়েটর প্রিন্সিপলের কোনো আইনগত ভিত্তি নেই। বিষয়টি উন্নয়ন ব্যাংকসমূহের অর্থ বিনিয়োগের ভলান্টারি গাইডলাইন মাত্র (www.equator-principles.com)। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (পরবর্তী সময়ে সংশোধিত), পরিবেশ সংরক্ষণবিধি, ১৯৯৭ (পরবর্তী সময়ে সংশোধিত) এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক ২০০৯ প্রণীত EIA Guidelines for Coal Mining অবশ্যপালনীয় লেখা উচিত।৭.২ পানি ব্যবস্থাপনা: উন্মুক্ত খনন পদ্ধতিতে খনি এলাকা শুষ্ক রাখার প্রয়োজনে ভূগর্ভস্থ পানি পাম্প করে বের করতে হয়। অন্যদিকে খনির আশপাশের এলাকায় পানির ভারসাম্য রক্ষা করতে খনি থেকে কিছু দূরে উত্তোলিত পানি ভূগর্ভে রি-ইনজেকশন করা প্রয়োজন হয়। বাংলাদেশে পানি ভূগর্ভে রি-ইনজেকশন পদ্ধতি প্রয়োগের বাস্তব কোনো অভিজ্ঞতা নেই। ফলে খসড়া কয়লানীতিতে বিষয়টি প্রয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করাই যথেষ্ট নয়। এ জন্য বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ঢাকা ওয়াসার ঢাকা শহর এলাকায় পরীক্ষামূলকভাবে পানি রি-ইনজেকশন পদ্ধতি প্রয়োগের প্রকল্প গ্রহণ করা উচিত। ভূগর্ভে পানি রি-ইনজেকশন একটি জটিল কারিগরি ব্যবস্থা, সে কারণে বিস্তৃত এলাকায় উন্মুক্ত খনন পদ্ধতি প্রচলনের আগে সরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরীক্ষামূলকভাবে সীমিত এলাকায় উন্মুক্ত খনি পদ্ধতির প্রভাব পর্যবেক্ষণ করা উচিত। সফলতা অর্জন করা সম্ভব হওয়ার পর বাণিজ্যিকভাবে উন্মুক্ত খনন পদ্ধতির অনুমতি দেওয়া যেতে পারে।৮.০ ভূমি পুনরুদ্ধার, পুনর্বাসন ও ব্যবহার: খসড়া কয়লানীতিতে উল্লেখ করা হয়েছে, ‘লিজিকে পর্যায়ক্রমে অনুসন্ধান/খনন কার্যক্রম চলাকালে ভূমি পুনরুদ্ধার এবং পুনর্বাসন কাজ খনি এলাকা ত্যাগের পূর্বেই সমাপ্ত করতে হবে। লিজিকে উক্ত ভূমি যত দূর সম্ভব পূর্বাবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে যাবতীয় পুনরুদ্ধার ও পুনর্বাসন ব্যয় বহন করতে হবে।’ এখানে উল্লেখ করা যেতে পারে যে খনির লিজ প্রাপ্ত কোম্পানির প্রধান উদ্দেশ্য হচ্ছে ন্যূনতম সময়ে অধিক মুনাফা অর্জন করা। ভূমি পুনরুদ্ধার ও পুনর্বাসন অত্যন্ত ব্যয়বহুল কার্যক্রম। আইনগত বাধ্যবাধকতা না থাকলে লাভজনকভাবে খনি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না, এ যুক্তিতে লিজি ‘যত দূর সম্ভব’ বাক্যাংশের অপব্যবহার করবে। খনি এলাকার ভূমি পুনরুদ্ধার এবং পুনর্বাসন একটি বিশেষ ধরনের কার্যক্রম। পরিবেশ অধিদপ্তর এবং ব্যুরো অব মিনারেল ডেভেলপমেন্টের পক্ষে এ ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারক করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রে এ ধরনের কাজের তদারকির জন্য আলাদা অফিস অব সারফেস মাইনিং নামে প্রতিষ্ঠান করা হয়েছে। টেকসইভাবে বাংলাদেশে খনি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের অনুরূপ সারফেস মাইনিং কন্ট্রোল অ্যান্ড রিক্লামেশন আইন প্রণয়ন এবং যথাযথভাবে ভূমি পুনরুদ্ধার ও ব্যবস্থাপনার জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সৃষ্টি করা প্রয়োজন। ৯.০ প্রাতিষ্ঠানিক ও ভৌত অবকাঠামো উন্নয়ন: খসড়া কয়লানীতিতে উল্লেখ করা হয়েছে, ‘নতুন এলাকায় পর্যাপ্ত ভূতাত্ত্বিক ও ভূপদার্থিক জরিপ চালিয়ে নতুন কয়লাক্ষেত্র আবিষ্কার করার লক্ষ্যে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা, লাইসেন্সি/লিজি নিয়োগ এবং কয়লাক্ষেত্র আবিষ্কার ও উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকির জন্য খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে শক্তিশালী করা হবে।’ বাংলাদেশে ইতিমধ্যে পাঁচটি কয়লাখনি আবিষ্কার করা হয়েছে, এমতাবস্থায় ‘খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর কার্যক্রম পুরোনো এবং ভবিষ্যতে আবিষ্কৃতব্য নতুন সব ধরনের কয়লাখনির জন্য প্রযোজ্য হবে’ লেখা উচিত। খসড়া কয়লানীতিতে লেখা হয়েছে, ‘কয়লা গবেষণা প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে কয়লাসংক্রান্ত বিভিন্ন গবেষণা, স্টাডি ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া প্রয়োজনবোধে কয়লা ব্যবস্থাপনার জন্য নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে।’ কয়লাসহ খনি সেক্টরের সার্বিক উন্নয়নের জন্য ‘খনি বাংলা’ স্থাপন করা একান্ত জরুরি, এ বিষয়টি নীতিতে স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত।১০.০ বিনিয়োগ: কয়লানীতির দশম সংস্করণের খসড়ায় বলা হয়েছে, ‘দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত বাণিজ্যিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কয়লা অনুসন্ধান, উন্নয়ন, উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ ও প্রত্যক্ষ দেশি/বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হবে। তবে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে বিদেশি জাতীয় সরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে।’ এখানে বিনিয়োগকারী/লিজির অভিজ্ঞতার বিষয়টি অনুপস্থিত। বিনিয়োগকারী/লিজি নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের অনুরূপ ভূতাত্ত্বিক কাঠামোতে কাজের অভিজ্ঞতা, কয়লাস্তরের উপরিভাগে ভূগর্ভস্থ পানি-ব্যবস্থাপনা, পরিবেশগত ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার ও ব্যবস্থাপনায় সুদীর্ঘ অভিজ্ঞতা অত্যাবশ্যক শর্ত হিসেবে বিবেচিত হওয়া আবশ্যক।১০.১ স্ট্র্যাটেজিক পার্টনার/যৌথ বিনিয়োগকারী নির্বাচন-প্রক্রিয়া: খসড়া কয়লানীতিতে উল্লেখ করা হয়েছে যে আবিষ্কৃত কয়লাক্ষেত্র উন্নয়নের জন্য প্রচলিত সরকারি বিধিবিধান অনুসরণ করে প্রতিযোগিতার ভিত্তিতে যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান নির্বাচনপূর্বক কয়লা অনুসন্ধান, উন্নয়ন, উৎপাদন ও ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হবে। বর্তমানে আবিষ্কৃত এবং ভবিষ্যতে আবিষ্কৃতব্য সব কয়লাখনির উন্নয়নের জন্য দেশীয় সরকারি প্রতিষ্ঠান স্বচ্ছ প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের মাধ্যমে যোগ্যতাসম্পন্ন দেশি বেসরকারি বা বিদেশি সরকারি/বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিয়োগপূর্বক যৌথ উদ্যোগে দেশে কয়লা অনুসন্ধান, উন্নয়ন, উৎপাদন ও ব্যবহারের বিষয়টি নিশ্চিত করবে।১৬.০ কয়লার মূল্য: স্থানীয়ভাবে ব্যবহূত কয়লার খনিমুখে সর্বোচ্চ মূল্যের হার নিম্নলিখিত সমীকরণ অনুসারে লেখা উচিত। CP = ICPt X 0.7; CP—স্থানীয়ভাবে ব্যবহূত প্রতি টন কয়লার খনিমুখে সর্বোচ্চ মূল্য এবং ICPt—আন্তর্জাতিক বাজারে প্রতি টন কয়লার মূল্য বিষয়টি উল্লেখ করা প্রয়োজন।১৭.০ কয়লার রয়্যালটি: সরকার সময়ে সময়ে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে উত্তোলিত কয়লার রয়্যালটি নির্ধারণ করবে। প্রতিটি কয়লাখনি মাইনিং লিজ প্রদানের আগে সরকার প্রয়োজনবোধে রয়্যালটির নতুন হার নির্ধারণ করতে পারবে। কয়লার রয়্যালটি নির্ধারণের সময় সংশ্লিষ্ট সবার স্মরণ রাখা প্রয়োজন যে সংবিধানের ১৪৩ ধারা অনুসারে কয়লাসহ বাংলাদেশের ভূমির অন্তঃস্থ সব খনিজ ও অন্যান্য মূল্যবান সামগ্রীর মালিক প্রজাতন্ত্র এবং সংবিধানের ৭ ধারা অনুসারে প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। ১৩ মে ২০০৪ সালে প্রকাশিত গেজেটে সুড়ঙ্গ ও উন্মুক্ত খনি পদ্ধতিতে উত্তোলিত কয়লার রয়্যালটির হার যথাক্রমে ৫ ও ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সুড়ঙ্গ ও উন্মুক্ত খনন পদ্ধতিতে যথাক্রমে কয়লাক্ষেত্রে প্রাপ্ত কয়লার ২০ ও ১০০ শতাংশ উত্তোলন করা সম্ভব। এমতাবস্থায় সুড়ঙ্গ খনি পদ্ধতির রয়্যালটি হার ৫ শতাংশ হলে উন্মুক্ত খনি পদ্ধতির রয়্যালটি হার অন্তত ২০ শতাংশ হওয়া উচিত। খসড়া কয়লানীতিতে রয়্যালটি নির্ধারণের বিষয়টি উহ্য রাখা হয়েছে। সুড়ঙ্গ ও উন্মুক্ত খনি পদ্ধতির জন্য খসড়া কয়লানীতিতে কয়লার রয়্যালটির হার যথাক্রমে ৫ ও ২০ শতাংশ নির্ধারণ করে খনি ও খনিজ সম্পদ আইন, ১৯৯২ এবং মাইন অ্যান্ড মিনারেলস অনুসারে গেজেট প্রকাশ করা উচিত।২২.০ আর্থিক সুবিধাদি: খসড়া কয়লানীতিতে উল্লেখ করা হয়েছে যে (ক) কয়লা অনুসন্ধান ও উন্নয়ন পর্বে লাইসেন্সি/লিজি কর্তৃক আমদানিকৃত যন্ত্রপাতি, মালামাল, খুচরা যন্ত্রাংশের ১০ শতাংশ ও পুনরায় রপ্তানিযোগ্য মালামাল ইত্যাদি আমদানির ক্ষেত্রে শুল্ক, কর ও ভ্যাট অব্যাহতি প্রদান করা হবে। ওপরে বর্ণিত ১০ শতাংশ বাদ দেওয়া প্রয়োজন।২৬.০ ক্ষতিপূরণ: ওই বিধিমালার বিধি ২৭(গ) অনুযায়ী, ইনস্যুরেন্সের দেনা-পাওনার ব্যয়ভার লিজিকে বহন করতে হবে। ওই বিধিমালার বিধি ২৭(গ)-এর পরিবর্তে বিধি ২৭(এম) অনুযায়ী ইনস্যুরেন্সের দেনা-পাওনার ব্যয়ভার লিজিকে বহন করতে হবে।এর আগে প্রণীত খসড়া কয়লানীতির নবম সংস্করণে অন্তর্ভুক্ত নিম্নলিখিত অনুচ্ছেদগুলো বর্তমান খসড়ানীতিতে অন্তর্ভুক্ত করা উচিত:১৩.৩.৬ খনিবিজ্ঞান ও প্রকৌশলসংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠান: দক্ষ জনসম্পদ উন্নয়নের জন্য এতদসংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে যথাযথ শিক্ষাক্রম গ্রহণ করার ব্যবস্থা করা উচিত।১৩.৩.৭ জনসম্পদ উন্নয়ন: বিদেশি বিশেষজ্ঞ ও বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে দক্ষ জনসম্পদ উন্নয়নের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন।১৩.৩.৯ কয়লা সেক্টর উন্নয়ন কমিটি: কয়লানীতির আলোকে যাবতীয় বিষয় বাস্তবায়নের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি থাকা একান্ত প্রয়োজন। এ কমিটির অনুপস্থিতিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ব্যুরো অব মিনারেল ডেভেলপমেন্টের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ গ্রহণ করবে, যা দেশের জন্য মঙ্গলজনক না-ও হতে পারে।মো. নুরুল ইসলাম: অধ্যাপক, ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।