দাপুটে দুতার্তের জনপ্রিয়তার রহস্য

সাহস, সদিচ্ছা আর দৃঢ় মনোবল থাকলে যে অসাধ্য সাধন করা যায়, ক্ষমতায় আসার এক বছরে তা দেখিয়ে দিলেন রদ্রিগো দুতার্তে। ফিলিপাইনের এই প্রেসিডেন্ট এক প্রথাবিরোধী মানুষ। দেশে দেশে গড়পড়তা সরকার বা রাষ্ট্রপ্রধান কী করেন? আগে ক্ষমতায় বসে পরিস্থিতি আর হাওয়াটা বুঝে নেন। তারপর সে অনুযায়ী পদক্ষেপ নেন, কর্মকাণ্ড চালান। কিন্তু দুতার্তের ধাত অন্য রকম। যেই কথা সেই কাজ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝে নেওয়ার পর দেশের আমজনতাকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর অনেকটাই এক বছরে পূরণ করেছেন। অথচ তাঁর বয়স কিন্তু ৭২। এই বয়সে তাঁর যে দাপট, তারুণ্যের তেজকে তা হার মানায়।
আজ ৩০ জুন দুদার্তের ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হয়েছে। গত ১২ মাসের বিভিন্ন জনমত জরিপ বলছে, দেশের ৭৫ ভাগ মানুষ দুদার্তের শাসনে সন্তুষ্ট। বিভিন্ন বিষয়ে নীতিগত ও সিদ্ধান্তের বেলায় তাঁর সঙ্গে হয়তো দেশবাসী অনেকেরই দ্বিমত রয়েছে, কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে দুদার্তেকে সাদরে গ্রহণ করেছে তারা। দেশের জন্য এমন কী করেছেন দুতার্তে?
দুর্নীতি, মাদক ব্যবসা আর উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কারণে দুতার্তে দেশের সব মানুষের মন জয় করতে পেরেছেন। করছি বা করব বলে দ্বিধা আর আলস্য নেই তাঁর। কাজ করেন ধরমার-কাট ধাঁচে। এতে কাউকে পরোয়া নেই। ফিলিপাইনের চিরাচরিত পররাষ্ট্রনীতি একেবারে উল্টে দিয়েছেন তিনি।
কথার বোমা ফাটিয়ে মিত্র আমেরিকাকে একহাত নিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে তিনি যে গালটা দিয়েছিলেন, এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্যে কেউ এভাবে অপদস্থ করার সাহস দেখিয়েছে কি না, সন্দেহ। মৈত্রীর মেলবন্ধনের তরি ঘুরিয়ে তিনি চীন আর রাশিয়ামুখী করেছেন। বিশ্লেষকেরা বলছেন, কারও সঙ্গে যে বিশেষ কোনো খাতির নেই, এটা স্পষ্ট করতেই দুতার্তে এ ভূমিকা নিয়েছেন। একই সঙ্গে সবার সঙ্গে সমান সখ্য গড়াটাও তাঁর লক্ষ্য।
২০১৬ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ১ কোটি ৬০ লাখের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন দুতার্তে। ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার সময় দেশে মাদকবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেন। এরপর শুরু হয় তাঁর এ অভিযান। এতে ব্যাপক প্রাণহানি ঘটে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে, এ অভিযানে সাত হাজারের মতো লোক প্রাণ হারিয়েছে। অভিযান এখনো চলছে।
সরকারি তথ্যের সূত্র উল্লেখ করে ফিলিপাইনের পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযানে তিন হাজারের বেশি সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করা হয়। কিন্তু মাদকদ্রব্য-সংক্রান্ত বিভিন্ন অপরাধের ঘটনায় অজ্ঞাত খুনির হাতে দুই হাজারের বেশি মানুষের প্রাণ ঝরেছে। অন্যান্য অপরাধ মিলিয়ে আট হাজারের বেশি মানুষ নিহত হয়। এসব হত্যাকাণ্ডের বেশির ভাগেরই উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে মাদকবিরোধী অভিযান কি ভালো নয়?
দুতার্তের নিজ দ্বীপ মিন্দানাওয়ের মারাওয়ি শহরে এখন ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান চলছে। এক মাসের বেশি সময় আগে সেখানে সামরিক আইন জারি করে সেনা অভিযান চালানোর নির্দেশ দেন দুতার্তে। দুর্নীতি ও অপরাধ নির্মূলে দুতার্তের এই কঠোর পদক্ষেপ ব্যাপক প্রাণহানি ঘটাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর মধ্যে এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে। দুতার্তের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ আবেদন জানিয়েছে। কিন্তু দেশের মানুষ এই প্রাণহানির ঘটনাকে ভিন্ন দৃষ্টিতে দেখছে। কিছু মন্দ মানুষ মরে গেলে কী এমন ক্ষতি! তারা বরং অঙ্গীকার পালনে দুতার্তের একাত্ম হওয়ার বিষয়টিকেই বড় করে দেখছে। দুর্নীতির অভিযোগে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন দুতার্তে। এর মধ্যে পুলিশ রয়েছে।
এ ব্যাপারে সান্টো টমাস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক এডমান্ড টায়াও বলেন, দুতার্তে আগাগোড়াই নতুন ধাঁচের নেতৃত্ব নিয়ে এসেছেন, যা জাতির জন্য প্রয়োজন বলে মনে করছে মানুষ।
ফিলিপাইনের রাজনৈতিক বিশ্লেষক র্যামন ক্যাসিপলে বলেন, দুতার্তের স্বাধীন পররাষ্ট্রনীতি মানুষ পছন্দ করেছে। চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান উত্তজনা দূর করাটাও দুতার্তের জন্য একটি বড় সাফল্য।
একটি দেশ বা জাতিকে নতুন ছাঁচে গড়ে তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়। পার হতে হয় পাহাড়সম প্রতিকূলতা। দিতে হয় অনেক বিসর্জন। মাদকের দৌরাত্ম্য ঝেঁটিয়ে বিদেয় করে, জঙ্গি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে দুতার্তের যে অঙ্গীকার, এর বাস্তবায়নে কার্যকর ভূমিকাই দুতার্তের জনপ্রিয়তার মূল কারণ।
শরিফুল ইসলাম ভূঁইয়া: কথাসাহিত্যিক ও সাংবাদিক
[email protected]