২০১৩ সালের শুরুর দিকে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ছিল ১০০ ডলারের কাছাকাছি। এখন তা ৪০–৪৫ ডলারে ওঠানামা করছে। মাঝে এই দাম ২৫ ডলারেও নেমেছিল। সাধারণ হিসাবে ২০১৩ সালের তুলনায় তেলের দাম এখন আড়াই ভাগের এক ভাগ। ব্যারেলপ্রতি ১০০ ডলার বিবেচনায় নিয়ে সেই বছরের জানুয়ারিতে বাংলাদেশে তেলের যে খুচরা দাম নির্ধারণ করা হয়েছিল, তা এখনো সরকার ধরে রেখেছে। ২০১৪ সালের মাঝামাঝি থেকে তেলের দাম কমতে শুরু করেছে এবং দেড় বছর ধরে এই কম দামের বিষয়টি স্থিতিশীল রয়েছে। আন্তর্জাতিক তেলের বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যদ্বাণী থেকে বোঝা যাচ্ছে যে খুব শিগগির তেলের দাম বাড়ার কোনো পরিস্থিতি নেই। ‘দ্য ফিন্যান্সিয়াল ফোরকাস্ট’ আগামী আগস্ট (২০১৬) পর্যন্ত অপরিশোধিত জ্বালানি তেলের দামের ব্যাপারে যে ভবিষ্যদ্বাণী করেছে, তাতে দেখা যাচ্ছে যে তেলের দাম নিকট ভবিষ্যতে কোনোভাবে ব্যারেলপ্রতি ৪১ ডলারের বেশি উঠবে না।
দেড় বছর ধরে তেলের দাম কমেছে এবং সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে—এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানো নিয়ে এত টালবাহানা কেন? ২০১৩ সালের শুরুতে যখন জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল, তখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার যুক্তি দেওয়া হয়েছিল। ব্যারেলপ্রতি তেলের দাম ৯৭–১০০ ডলার বিবেচনায় নিয়ে যে দাম নির্ধারণ করা হয়েছিল, এখন তা ৪০ ডলারে নেমে আসার পরও কেন বাংলাদেশের জনগণকে সেই আগের দামেই তা কিনতে হবে?
জ্বালানি তেলের দাম কমানোর দাবি বেশ আগে থেকেই দেশে উঠেছে। ব্যবসায়ীরা চেয়েছেন দাম কমানো হোক, অর্থনীতিবিদেরা বলেছেন দাম কমালে তা দেশের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। কিন্তু সরকার বিষয়টিকে বিবেচনায় না নিয়ে দীর্ঘদিন ধরে এড়িয়ে চলছে। প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী (২৯ মার্চ, ২০১৬) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বর্তমানে অকটেন, পেট্রল, ডিজেল ও ফার্নেস তেলের ক্ষেত্রে লিটারপ্রতি ৪৫ থেকে ২৮ টাকা পর্যন্ত মুনাফা করছে। মানতেই হবে যে এটা অস্বাভাবিক মুনাফা। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে সরকার সচেতনভাবেই দাম কমায়নি। উদ্দেশ্য, বিপিসির লোকসান কমানো। অর্থমন্ত্রীর কাছেই আমরা জেনেছি যে লোকসানটা সমন্বয় করা গেছে।
>বাস্তবতা বিবেচনায় নিয়ে যখন জনগণকে দাম বৃদ্ধির চাপটি নিতে হয়, তখন দাম কমলে এর স্বস্তিটাও তো জনগণকে দেওয়া উচিত। জ্বালানি তেলের দাম কমানো নিয়ে সময়ক্ষেপণ অনেক হয়েছে। সরকার যথেষ্ট মুনাফা করেছে, বিপিসিও তার দীর্ঘদিনের লোকসান পুষিয়ে নিয়েছে
এখন প্রশ্ন হচ্ছে, এরপরও কেন জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে না? সহজভাবে ধারণা করা যায়, সরকার এই খাত থেকে যে অস্বাভাবিক মুনাফা করছে, তা যত দিন সম্ভব ধরে রাখতে চাইছে। বিপিসির লোকসান সমন্বয় করা গেছে—অর্থমন্ত্রীর এই বক্তব্যের (প্রথম আলো, ৪ জানুয়ারি ২০১৬) পর মাস তিনেকের কাছাকাছি সময় চলে গেছে। এখন শোনা যাচ্ছে, সরকার জ্বালানি তেলের দাম ‘যৌক্তিক’ করার উদ্যোগ নিচ্ছে এবং প্রাথমিকভাবে তা বিদ্যুৎ ও শিল্প-কারখানায় ব্যবহার করা ফার্নেস অয়েলের ক্ষেত্রে। অন্য জ্বালানি তেলের ক্ষেত্রে কী হবে, সেই সিদ্ধান্ত হতে পারে এপ্রিল মাসের কোনো এক সময়। সর্বশেষ জানা গেল, জ্বালানি তেলের দাম কমাতে অর্থমন্ত্রী চার সচিবের কাছে চিঠি লিখেছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত হতে কত দিন বা তা কার্যকর করতে কত সময় লাগবে কে জানে!
বোঝা যায়, জ্বালানি তেলের দাম কমানোর ক্ষেত্রে সরকার যতটা পারে সময়ক্ষেপণের কৌশল নিয়েছে। সরকারের এই নীতি বা কৌশল আসলে কতটা যৌক্তিক? দেশের জনগণ, ব্যবসায়ী বা অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ব্যবসায়ীরা বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হলে তাঁরা একটু হলেও স্বস্তির নিশ্বাস নিতে পারবেন। শিল্প উৎপাদনের ক্ষেত্রে বড় একটি অংশ যেহেতু জ্বালানি খাতে ব্যয় হয়, তাই জ্বালানি তেলের দাম কমা মানে ব্যবসার খরচ কমা। চূড়ান্ত বিচারে তা নতুন বিনিয়োগ বা বিনিয়োগ বাড়ার পরিস্থিতি তৈরি করে। অর্থনীতিবিদ ও দেশের বিশেষজ্ঞ পর্যায় থেকে বলা হচ্ছে, জ্বালানি তেলের দাম কমানো হলে প্রবৃদ্ধি বাড়বে। গবেষণা সংস্থা সিপিডি এক হিসাব-নিকাশ করে দেখিয়েছে যে জ্বালানি তেলের দাম গড়ে ১০ শতাংশ কমানো হলে জিডিপির প্রবৃদ্ধি দশমিক ৩ শতাংশ বাড়বে। তৈরি পোশাকের রপ্তানি বাড়বে দশমিক ৪ শতাংশ, ভোক্তা চাহিদা বাড়বে দশমিক ৬ শতাংশ। মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রেও তা ভূমিকা রাখবে।
জ্বালানি তেলের দাম কমালে সাধারণ জনগণ পরিবহন ভাড়ার ক্ষেত্রে কোনো সুবিধা পাবে কি না, তা নিয়ে সরকারের একটি শঙ্কা রয়েছে। সরকার মনে করে যে জ্বালানি তেলের দাম কমলেও পরিবহন ভাড়া কমানো হবে না। সরকার যদি এমনটি মনে করে, তবে তাতে আসলে সরকারের সক্ষমতার বিষয়টিই প্রশ্নবিদ্ধ হয়। জ্বালানি তেলের বা সিএনজির দাম বাড়ানোর পর যদি সরকার গণপরিবহনের ভাড়া বাড়িয়ে পুনর্নির্ধারণ ও তা কার্যকর করতে পারে, তবে দাম কমলে কেন কমিয়ে পুনর্নির্ধারণ করা যাবে না?
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সরকারের ওপর যে চাপ পড়ে, সেটা সামাল দেওয়ার জন্য দাম না বাড়িয়ে সরকারের সামনে কোনো পথ থাকে না। অর্থাৎ চাপটা জনগণ ভাগ করে নেয়। বাস্তবতা বিবেচনায় নিয়ে যখন জনগণকে দাম বৃদ্ধির চাপটি নিতে হয়, তখন দাম কমলে এর স্বস্তিটাও তো জনগণকে দেওয়া উচিত। জ্বালানি তেলের দাম কমানো নিয়ে সময়ক্ষেপণ অনেক হয়েছে। সরকার যথেষ্ট মুনাফা করেছে, বিপিসিও তার দীর্ঘদিনের লোকসান পুষিয়ে নিয়েছে। দেশের জনগণ ও ব্যবসায়ীদের স্বস্তি এবং দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত জ্বালানি তেলের দাম কমানো হোক।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।