দামে বেশি, মানে কম ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসিক (রংপুর সিটি করপোরেশন) ২০১২ সালের ২৮ জুন যাত্রা শুরু করে। এরপর ৯টি বছর পেরিয়ে গেছে। বিগত ৯ বছরে এ শহরের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সব রকম কর বেড়েছে, বাড়িভাড়া বেড়েছে। ২০১০ সালের পর থেকে বিভাগীয় শহর হওয়ার কারণে বসতি হু হু করে বাড়তে শুরু করে। সিটি করপোরেশন হওয়ার পর জনবসতি আরও বাড়ছে। এখন যেকোনো পণ্য কিনতে গেলেও আগের চেয়ে বেশি দামে কিনতে হয়। এমনকি কোথাও যেতে হলে আগের চেয়ে সময়ও লাগে বেশি। জীবনযাত্রার মান বৃদ্ধি না পেলেও ব্যয় বেড়েছে। এই অর্থে বলা যায়, রংপুর সিটি করপোরেশন দামে বেশি। আর এ শহরের মান সর্বত্রই কম।

রসিক উন্নয়নে নীরব সরকার
রসিক প্রতিষ্ঠার পর সরকারের পক্ষে এমন কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হয়নি, যা দিয়ে নাগরিক সুবিধা বৃদ্ধির কোনো কাজ চলে। দেশের অনেক পৌরসভাতেও সরকারের যে বরাদ্দ থাকে, তার চেয়েও অনেক কম বরাদ্দ থাকে রংপুর সিটি করপোরেশনের জন্য। চাওয়ারও কেউ নেই, দেওয়ার কেউ নেই। এমনই এক অসহায় শহরের নাম রংপুর। এ শহরের জন্য মায়াই লাগে। মনে হয় যেন বাপে তাড়ানো মায়ে খেদানো শহর। দেশের সবচেয়ে গরিব পাঁচটি জেলার একটি হচ্ছে রংপুর। সেই রংপুরের সঙ্গে বৈষম্য ক্রমাগত বাড়ছে।

এক আজব শহর রংপুর
তরতর করে (!) বাংলাদেশের উন্নয়ন ঊর্ধ্বগামী হলেও রংপুর সিটি করপোরেশনে বসে তা উপলব্ধি করাই কঠিন। এখনো সিটি করপোরেশনের সব সড়কে সড়কবাতি জ্বলে না, পাকা হয়নি সব সড়ক। সিটি করপোরেশন হওয়ারও আগে শুরু হয়েছিল সড়ক প্রশস্তকরণের কাজ। সেই সময়ে কাটা হয় সড়কের দুই ধারের বড় বড় সব গাছ। আজ পর্যন্ত আর সেখানে নতুন করে গাছ লাগানো হয়নি। সেই সময়ে বিদ্যুতের খুঁটিগুলো সড়কের ভেতরে পড়েছিল। আজ পর্যন্ত সেই খুঁটি আর সরানো সম্ভব হয়নি। সিটি করপোরেশনের প্রধান ফটকেই সড়কের ভেতরে বিদ্যুতের খুঁটি আছে। শহরজুড়ে অসংখ্য সড়কের এই অবস্থা। মেয়রের বাসার পাশেই প্রধান সড়কের ওপর গরু লালন-পালন করা চলে। গোয়ালঘরও আছে। সড়কে অসংখ্য গরু ছেড়ে দেওয়া থাকে।

এই গরুর কারণে অসংখ্য দুর্ঘটনা ঘটে। শহরের ব্যস্ততম এলাকা বলতে জাহাজ কোম্পানির মোড় থেকে পুলিশ লাইনস। এই অংশে সড়কের ওপরই আছে শত শত দোকান। নিয়ন্ত্রণহীন অটোরিকশা। নিয়ন্ত্রণ না থাকার কারণে শহরের বিভিন্ন এলাকায় প্রায়ই যানজট দেখা যায়। বিশ্ববিদ্যালয় থেকে লালবাগ পর্যন্ত প্রায় এক কিলোমিটার নালা তৈরি হচ্ছে বছরের পর বছর ধরে। একদিকের রাস্তা বন্ধ করে দিয়ে চলছে এ কাজ। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। সামান্য একটু কাজে এত দিন লাগার কোনো কারণই নেই। এটা গাফিলতি ছাড়া আর কিছুই নয়। লালবাগ মোড়ের কাছেই সড়কের ওপর করা হয়েছে বিশাল ডাস্টবিন। পাশ দিয়ে যেতে দুর্গন্ধে নাক বন্ধ করে যেতে হয়।

পরিকল্পনার ‘প’ও নেই
একটি শহরের জন্য মাস্টারপ্ল্যান চাই, অর্গানোগ্রাম চাই, নগর উন্নয়ন কর্তৃপক্ষ চাই। এসবের বালাই নেই রংপুরে। বিন্দুমাত্র পরিকল্পনা ছাড়াই চলছে নগরটি। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে এমনটি কীভাবে সম্ভব? নির্দিষ্ট কোনো শিল্পাঞ্চল নেই, আবাসন এলাকা নেই। ওয়ার্ডভিত্তিক বিনোদনকেন্দ্র নেই, পাঠাগার নেই, ব্যায়ামাগার নেই, খেলার মাঠ নেই, শিশুবিকাশের কোনো উপযুক্ত ক্ষেত্র নেই, পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান নেই। কেবল নেই আর নেই। নেই-এর শহর এবং অপরিকল্পিত শহরের নাম রসিক।

জলাবদ্ধ নগরের আরেক নাম রসিক
রংপুর সিটি করপোরেশন হওয়ার পর আজ অবধি শহরের পানিনিষ্কাশনের কোনো বিশেষ ব্যবস্থা করা হয়নি। শহরের প্রধান পানির প্রবাহ ঘাঘট নদের শাখা শ্যামাসুন্দরী নদী। সিটি করপোরেশন হওয়ার পর একবারও এই নদী খনন করা হয়নি। মাঝেমধ্যে কিছু ময়লা তোলা হয়। নদীটির তলদেশ অনেক ভরাট হয়েছে। মূলত ঘাঘট নদের চেয়ে শাখা এ নদীর তলদেশ ২০-২৫ ফুট উঁচু হয়েছে। শ্যামাসুন্দরীসহ প্রাকৃতিক ছয়টি পানির প্রবাহ রয়েছে সিটি করপোরেশনে। এর একটিরও পরিচর্যা না থাকার কারণে এখন প্রতিবছর শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এ শহরের জলাবদ্ধতা দূরীকরণে সরকারের কোনো দপ্তরের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। গত বছর এক সপ্তাহের বেশি সময় শহরটি ডুবে ছিল।

পৌর সেবারও কম সেবা রসিকে
রংপুর যখন পৌরসভা ছিল, তখন যে সেবা পাওয়া যেত রংপুরে, এখন আর সেই পরিমাণ সেবা পাওয়া যায় না। সেবা কমেছে অনেক। সেবা কমিয়ে সিটি করপোরেশনের ব্যয় চেপেছে জীবনযাত্রার ওপর। আবাসন, চিকিৎসা, কর্মস্থল, যোগাযোগ—সব পর্যায়ে রয়েছে সীমাহীন সংকট। এসব সংকট দূরীকরণে কোনো চেষ্টাই নেই। সাধারণ মানুষসহ দায়িত্বপ্রাপ্ত সবাই এখানে দর্শক। কল্পনা করলেই দেখা যায়, একটি শহর কীভাবে অবহেলায় অযত্নে, বৈষম্যের শিকার হয়ে নষ্ট শহরের পথে হাঁটছে। সারা দেশে এমন কাউকেই পাওয়া যাচ্ছে না, যিনি রংপুর সিটি করপোরেশনকে রক্ষা করতে পারেন।

মডেল শহর হতে পারে রসিক
দশম বছরে পদার্পণ করা রসিকের মধ্যে কোনো রসবোধ নেই। জীর্ণ-শীর্ণ বেহাল রসিক এখন রসিকতার পাত্র। তারপরও সম্ভাবনাময় রংপুর সিটি করপোরেশন। যথেষ্ট উন্মুক্ত স্থান রয়েছে। একটি মাস্টারপ্ল্যানের আওতায় নিয়ে রংপুর শহরকে আন্তর্জাতিকভাবে উন্নত কোনো শহরের আদলে এগিয়ে নেওয়ার কাজ শুরু করা যেতে পারে। নয়তো কয়েক বছরের মধ্যে এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে এ শহর যে এখানকার প্রত্যেক নাগরিককে এর খেসারত দিতে হবে। সে জন্য সাধারণ মানুষদেরও নগরের ভবিষ্যৎ নিয়ে ভাবা প্রয়োজন আছে।

তুহিন ওয়াদুদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক
[email protected]