১৫ অক্টোবর ২০১৫। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভা। জনসভা উপলক্ষে প্রথম আলোতে লিখলাম ‘বিচ্ছিন্নতার ৭৫ বছর’। সেখানে আন্তনগর ট্রেনের কথা, ইপিজেড, বিশ্ববিদ্যালয়, নদ-নদী খননসহ আরও কয়েকটি বিষয় তুলে ধরা হলো। যাহোক, নির্ধারিত দিনে জনসভা শুরু হলো। স্থানীয় নেতারা ওই সব দাবির কাছ দিয়েও গেলেন না। এমনকি আমাদের দাবি বিশ্ববিদ্যালয়ের বদলে তাঁরা চাইলেন নার্সিং ইনস্টিটিউট। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় ঠিকই আন্তনগর ট্রেনের কথা, ইপিজেড, নদ-নদী খনন ও বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিলেন।
জনসভায় মঞ্চের একেবারে সামনে হঠাৎ আমাদের ব্যানারটা তুলে ধরায় প্রধানমন্ত্রী বললেন, ‘আমি জানি আপনাদের দাবি।’ উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সৈয়দ শামসুল হককে এর কয়েক দিন আগে আমরা গণসংবর্ধনাও দিয়েছিলাম।
কুমিল্লা, সিলেট, ফেনী, নোয়াখালী ও চাঁদপুর জেলায় গড়ে পাঁচ লাখ লোক প্রবাসে থাকে। আর কুড়িগ্রাম জেলায় তা ১০ হাজার। কুড়িগ্রাম থেকে পাঁচ লাখ শ্রমিক অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসে পাঠানো সহজ সমাধান। বিদেশ যাওয়ার শর্তে প্রশিক্ষণ দিয়ে তা করা কি খুব কঠিন?
২.
গত ১২ বছরে কুড়িগ্রামে চিলমারী বন্দরের সড়ক সিসি ঢালাই দেওয়া হয়েছে; সোনাহাট, রৌমারী ও চিলমারী বন্দরের কাজ শুরু হয়েছে। চিলমারী-সুন্দরগঞ্জ সেতুর কাজ চলমান। আন্তনগর ট্রেন (যদিও আসন বরাদ্দ মাত্র ১২৫টি) চালু হয়েছে, সামাজিক নিরাপত্তার কর্মসূচিও আছে, তবু দারিদ্র্যের হার বাড়ল কেন? কয়েক দিন ধরে আমাকে এ প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ও পরিকল্পনা কমিশনের সচিব স্তরের কর্তারা। খোদ প্রধানমন্ত্রীও নাকি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কুড়িগ্রামবাসীকে নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বিগ্নতা প্রমাণ করে, উন্নয়নের একই মডেল সর্বত্র একই হয় না।
ভিজিডি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তায় কতটুকু উপকার হয়? আগে ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর চর থেকে জ্বালানির চাহিদা মিটত। এজমালি খাল-বিল থেকে গরিব মানুষের মাছের চাহিদা মিটত। সেগুলো ব্যক্তিদের ইজারায় চলে গেছে। ইজারায় নদীও প্রথমে খাল, পরে পুকুর হয়ে যায়। রাজারহাটের চাকিরপশার ও নাগেশ্বরীর নাগেশ্বর নদ যেমন পুকুর হয়ে গেছে। চরের কাশবনগুলো ছিল গরিবের গোখাদ্যের মাঠ। রমনা থেকে লোকাল ট্রেন তাঁদের প্রায় বিনা পয়সায় পার্বতীপুর, পঞ্চগড়, লালমনিরহাট ও সান্তাহার নিয়ে যেত। পরিবহন খরচ ছিল না বললেই চলে। শিক্ষা তখনও কোচিং-নির্ভর হয়ে ওঠেনি। স্বাস্থ্য খাতও ল্যাব ও যন্ত্রনির্ভর হয়নি। নৌ পারাপার এত খাজনাময় ছিল না।
সামাজিক নিরাপত্তাবেষ্টনীর ওই কয় টাকা কি এই খরচগুলো পূরণে সক্ষম? সবকিছুকে খাজনার আওতায় এনে সামাজিক বেষ্টনীর নামে বাহাদুরি নেওয়াতে কতটুকু উশুল হয়? এ তো দশ হাত দিয়ে নিয়ে এক হাত দিয়ে ফিরিয়ে দেওয়া। চিলমারীর রানীগঞ্জের গায়ক গোপীচন্দ্রের গানের মতো: ‘লাঙ্গল বেচায় জোয়াল বেচায় আরও বেচায় ফাল/ খাজনার তাপত বেচায় দুধের ছাওয়াল।’
জেলেরা চিলমারী ছাড়ছে কেন? কোলাগুলো (নদীর ভেতরে থাকা জলাভূমি) হলো একেকটা প্রজননক্ষেত্র। এগুলোয় মাছ ধরা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করলেই প্রাকৃতিক মাছের অভাব পূরণ হবে। তখন ভিটেমাটি ছেড়ে কে পালায়! কর্মসংস্থান কি বেড়েছে? রোজগার যা বেড়েছে, তা হলো কাগজে, যাকে বলে মুদ্রাস্ফীতি। টেলিভিশন এসেছে, মুঠোফোন এসেছে; মানুষ ভাত এক বেলা খায় না, কিন্তু এগুলো না হলে ভাতটুকুও জোটে না। এগুলোই বোধ হয় উন্নয়ন!
৩.
সারা দেশে ১০০টি ইপিজেডের ঘোষণা হয়েছে। গরিবানার হ্যাটট্রিকপ্রাপ্ত কুড়িগ্রামের জন্য কয়টা বরাদ্দ হলো? জামালপুর থেকে রৌমারী পর্যন্ত গ্যাস লাইন তো অনায়াসে আসতে পারে। সম্প্রসারিত হতে পারে রেললাইনও। রৌমারীতেই গড়ে উঠতে পারে ইপিজেড। সোনার বাংলাদেশের মানচিত্রটা কেউ কি ভালো করে দেখেছি? ব্রিটিশের কাটাছেঁড়ার ভাগাভাগিতে কুড়িগ্রাম শুধু পকেট এলাকাই হয়নি, ভারতের কয়েকটি রাজ্যের সীমান্তও হয়েছে।
কুমিল্লা, সিলেট, ফেনী, নোয়াখালী ও চাঁদপুর জেলায় গড়ে পাঁচ লাখ লোক প্রবাসে থাকে। আর কুড়িগ্রাম জেলায় তা ১০ হাজার। কুড়িগ্রাম থেকে পাঁচ লাখ শ্রমিক অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসে পাঠানো সহজ সমাধান। বিদেশ যাওয়ার শর্তে প্রশিক্ষণ দিয়ে তা করা কি খুব কঠিন? ইপিজেড চাইলেই বাজার ও কাঁচামাল সহজে প্রাপ্তির কথা বলা হয়। দাসের হাটের স্পিনিং মিল ও নাজিরার টেক্সটাইল মিল বন্ধ হওয়ার প্রসঙ্গ আসে। তাহলে দক্ষ শ্রমিক প্রশিক্ষণপূর্বক প্রবাসে পাঠানোর কথা ভাবা হয় না কেন?
ব্রহ্মপুত্রের চরাঞ্চলগুলোয় কয়েক হাজার তাঁত শুধু সুতা আর বাজারের অভাবে বন্ধ হয়ে গেছে। স্থানীয়ভাবে তুলা চাষ ও সুতা উৎপাদনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা কোথায়? চিলমারী বন্দর পর্যন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ও রেল পরিবহনের ব্যবস্থা চালু করা গেল না। দেড় শ বছরের ঐতিহ্যের চিলমারী-দেওয়ানগঞ্জ স্টিমার সংযোগ বন্ধ হওয়ার পর আর চালু হলো না, যা কুড়িগ্রাম-লালমনিরহাট-রংপুর-নীলফামারীর জনগণের ঢাকা আসা-যাওয়ার রুট ছিল। এগুলো কোন সামাজিক বেষ্টনী দিয়ে উশুল করবেন?
কুড়িগ্রামের শিল্পায়নের প্রধান বাধা নাকি বাজার না থাকা। ভারতের সেভেন সিস্টারসে পণ্য কোথা থেকে সরবরাহ করা হবে? কুড়িগ্রামের নষ্ট ও পচা সুপারি আর ঝুট তুলার পর্যন্ত সেখানে ব্যাপক চাহিদা। সাতটি রাজ্যের চাহিদা মেটাতে খোদ কুড়িগ্রামেই সাত থেকে আটটি শিল্প এলাকার চাহিদা আছে। ব্রহ্মপুত্রের ওপারে রৌমারী-রাজীবপুরে একটি, ধরলার ওপারে ভূরুঙ্গামারী-ফুলবাড়ী-নাগেশ্বরীতে একটি এবং উলিপুর-কুড়িগ্রাম সদর-রাজারহাট মিলে অন্তত একটি করে মোট তিনটি ইপিজেড গড়ে উঠতে পারে। ব্রহ্মপুত্রের খনিজ সেখানে ভূমিকা রাখতে পারে। লালমনিরহাট বিমানবন্দরটিকে কাজে লাগানো যেতে পারে।
চিলমারীতে ব্রহ্মপুত্রের চরে প্রাকৃতিক বন গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। এটাকে কেন্দ্র করে পর্যটনশিল্প এবং রমনা রেলস্টেশন ও বালাবাড়ি বাসস্ট্যান্ডের মাঝামাঝি, পূর্বদিকে বয়ে যাওয়া ব্রহ্মপুত্রের পাশে পেদী খাওয়ার বিলে পৃথিবীর সুন্দরতম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণ হতে পারে। শুধু এইটুকু করুন, পাঁচ বছর পর কুড়িগ্রামের গরিবি হাল কতটা পাল্টে যায় দেখুন।
নাহিদ হাসান রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি।
ই-মেইল: [email protected]