দায় রাজনীতিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাহোরে হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি
লাহোরে হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের আহাজারি

তবে এই অভিযান চালাতে অনেক সময়ক্ষেপণ হয়েছে। ফলে এই বিদ্রোহীরা অভিযান শুরুর আগেই এই পরিস্থিতি সামাল দেওয়ার এবং অন্যত্র সরে যাওয়ার যথেষ্ট সময় পেয়ে যায়।

পাকিস্তান রাষ্ট্র যদি সৎ হতো, তাহলে তারা জনগণকে জানাত, এ ক্ষেত্রে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হামলার প্রচারণার ফলেই শুধু এই ভূখণ্ড অধিকারের যুদ্ধে সফলতা আসবে। আর পাকিস্তান রাষ্ট্র যদি বিজ্ঞ হতো, তাহলে সে রাজনৈতিক ভুল নিয়ে জনগণের মতামত চাইত। যে ভুল ও সামাজিক-অর্থনৈতিক কারণে এই বিদ্রোহের সূত্রপাত হয়েছে। সেটা হলে পূর্ব পাকিস্তান হারানোর পর পাকিস্তান যে সবচেয়ে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে, সেটার সঙ্গে জাতি মানিয়ে নিতে পারত।

আর পাকিস্তান রাষ্ট্র যদি সাহসী হতো, তাহলে তারা ওই সব মিথ্যা আখ্যান ধুয়ে-মুছে মোহাম্মদ আলী জিন্নাহর সেই উচ্চ নৈতিকতার জামানায় ফেরত যেত, যার ভিত্তিতে তিনি ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত করেছিলেন। এই মিথ্যা আখ্যান দেশটির রাজনীতিকে কলুষিত করেছে।

সহজভাবে বললে, পাকিস্তানের তো সংবিধান ও আইন অনুসারে চলার কথা। আর সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল নাগরিকের অধিকার রক্ষা করা। ব্যাপারটা দুর্ভাগ্যজনক হলেও আগে থেকেই একরকম জানা ছিল যে পাকিস্তান রাষ্ট্র নিজের ভ্রমপ্রবণতা স্বীকার করার অক্ষমতার কাছে জিম্মি হয়ে পড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, নিরাপত্তাসহ জাতীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে পাকিস্তানিরা এখনো একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করে।

গত রোববারের এই লোমহর্ষক হামলার পর পাকিস্তানের শিষ্টাচারহীন সম্প্রচারমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে এটা চাউর হয়ে গেল যে ‘বেসামরিক প্রতিষ্ঠান’ ব্যর্থ হওয়ার কারণে এই হামলা হয়েছে। অথবা সফররত বিরোধীদলীয় নেতা বিলাওয়াল ভুট্টোর নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের কারণে এটা ঘটেছে। অথবা সম্প্রতি এক ভারতীয় গোয়েন্দাকে আটকের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

এদিকে কে কার দিকে অভিযোগের তির ছুড়বে, এই প্রতিযোগিতায় সমাজের সবচেয়ে প্রভাবশালী লোকজন পাকিস্তানের তালেবানদের কথা বলতে ভুলে গেছেন। বড় রকমের বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত না করে তাদের কথা কেউ বলছে না।

কথা হচ্ছে, সন্ত্রাসী গোষ্ঠী বা গোপন বিদেশি ষড়যন্ত্রের চেয়ে এই মানসিকতাই পাকিস্তানের জন্য সবচেয়ে বড় সমস্যা। কারণ, এটাকে সহজেই কাজে লাগানো যায়। অতীতের হিসাব-নিকাশ মেটানো এবং অভিন্ন জাতীয় পরিচয়ের ভিত্তিতেই কেবল একটি জাতি একই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। যদিও এই একতা অর্জন করতে হলে রাষ্ট্রের সব অংশকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। যারা ক্ষমতাবান হতে চায় বা দুর্নীতি করতে চায়, তাদের কাছে এটা কাঙ্ক্ষিত নয়। তারা মূলত কৃতিত্ব নেওয়া ও দায়িত্ব এড়ানোর পক্ষপাতি, তারা সন্ত্রাসবাদের আসল কারণটা আমলে নিতে চায় না।

দুঃখজনকভাবে, এ কথা সবার বেলাতেই খাটে—নির্বাচিত সরকার, সামরিক বাহিনী, আমলাতন্ত্র, বিচার বিভাগ ও পাকিস্তানি গণমাধ্যমে কর্মরত আমার সহকর্মী—সবার বেলায়।

স্বাভাবিকভাবেই সন্ত্রাসীদের ব্যাপারে রাষ্ট্রের যে দ্বৈতনীতি রয়েছে, সন্ত্রাসীরা সেটা ব্যবহার করে। লাহোরের এই বিনোদন পার্কের মতো জায়গা লক্ষ্যবস্তু হিসেবে খুব কঠিন কিছু ছিল না, কিন্তু এতে রাষ্ট্রের ওপর মানুষের আস্থা কমে যায়। ফলে মানুষ যে এক কথায় সন্ত্রাসীদের পরিত্যাগ করবে বা তাদের ছদ্ম-ইসলামি আদর্শ ছুড়ে ফেলবে, ব্যাপারটা তেমন হচ্ছে না।

যখন লাহোর আক্রমণ হলো, তখন হাজার হাজার চরমপন্থী ইসলামাবাদের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছিল। ২০১১ সালে পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে এক পুলিশ সদস্যের ফাঁসির বিরুদ্ধে তারা মাঠে নেমেছিল। এই সালমান তাসির ব্লাসফেমি আইন সংস্কারের কথা বলেছিলেন, যে আইন দিয়ে পাকিস্তানের অমুসলিম সংখ্যালঘুদের যখন-তখন হেনস্তা করা হয়।

এই প্রতিবাদকারীরা লাহোর হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাস্বরূপ নিজেদের কর্মসূচি স্থগিত করেনি, তবে এতে বিস্মিত হওয়ার কিছু নেই। এই হামলার ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যার মধ্যে আছে ক্ষোভ, ভীতি ও আতঙ্ক। গত শনিবার রাতে বেসরকারি স্কুলগুলো ঘোষণা করল, নিরাপত্তাব্যবস্থা নাজুক হয়ে পড়ার কারণে সোমবার স্কুল বন্ধ থাকবে। এমনকি তা যদি না–ও হতো, তাহলেও অভিভাবকেরা হয়তো তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতেন না। একদিকে নেতৃত্বহীনতা, অন্যদিকে সরকারের সঠিকভাবে কিছু না বলা—এ দুটি কারণে এমনটি হতো।

কথা হচ্ছে, পাকিস্তানের তালেবানরা হয়তো হেরে গেছে, কিন্তু হাজার হাজার নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে তাদের হাতে প্রচারণাযুদ্ধের জয় তুলে দেওয়া হয়েছে।

আল-জাজিরা থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন

টম হুসেন: ইসলামাবাদভিত্তিক পাকিস্তা​নি সাংবাদিক।