মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে গুম হওয়াটা পাকিস্তানের জন্য বহুদিন ধরেই বড় এক সমস্যা। কিন্তু গত এক দশকে এই সমস্যা এত প্রকট আকার ধারণ করেছে যে ব্যাপারটা আমাদের কাছে ভীতিকর হয়ে উঠেছে। ২০০৫ সালে বেলুচিস্তানের জাতীয়তাবাদীদের বিরুদ্ধে যে চতুর্থ অভিযান শুরু হয়, তখন অনেক বেলুচ নেতাই গুম হয়েছিলেন। দুর্ভাগ্যবশত পাকিস্তানের সংসদ, গণমাধ্যম ও রাজনৈতিক নেতারা এই গুম হয়ে যাওয়া বেলুচ নেতাদের ব্যাপারে কথা বলেননি। সে কারণে সমস্যাটা শুধু জিইয়ে থাকেনি, তা আরও মারাত্মক আকার ধারণ করেছে।
৯/১১-এর সন্ত্রাসী হামলার পর যে তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু হয়, তার কারণেও পাকিস্তানে গুম বেড়েছে। সেই পর্যায়ে সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের আবাস ছিল পাকিস্তানে, সে কারণে মনে করা হতো, পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সূতিকাগার। কিন্তু জেনারেল মোশাররফের আমলে পাকিস্তান বেশ কিছু দিন সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে অস্বীকার করার নীতি মেনে চলেছে, তাই সন্ত্রাসবিরোধী কার্যকর আইন প্রণয়ন ও সন্ত্রাসীদের বিচার করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়নি। নিরাপত্তা সংস্থাগুলো বিচারবহির্ভূতভাবে এই সমস্যা মোকাবিলা শুরু করে।
তৎকালীন প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী যখন নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে তোড়জোড় শুরু করেন, তখন ব্যাপারটি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে পাদপ্রদীপের আলোয় আসে। পাকিস্তানের সর্বোচ্চ আদালত কিছু ব্যক্তিবিশেষকে রেহাই দিতে পারলেও তাঁরা সমস্যাটির সমাধান করতে পারেননি। শেষমেশ, একজন সাবেক বিচারপতির অধীনে নিখোঁজ হওয়ার সমস্যাটি আমলে নেওয়ার জন্য বিশেষ কমিশন গঠন করা হয়। কিন্তু সংশ্লিষ্ট সংস্থাগুলো বিচার বিভাগীয় কমিশনকে সহযোগিতা না করায় এ ব্যাপারে তেমন একটা অগ্রগতি হয়নি। এই দিন দশেক আগে পাকিস্তানের গুমের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়। দেখা গেল, ইসলামাবাদ ও পাঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে কিছু ব্লগার ও সামাজিক যোগাযোগের মাধ্যমের কর্মী গুম হতে শুরু করেন। এখন পর্যন্ত পাঁচজনের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে, যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন।
সংসদে এর ব্যাপক প্রতিবাদ হয়েছে, তেমনি নাগরিক সমাজও এই অপহরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন পর্যন্ত এই নিখোঁজ ব্লগারদের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু অ্যাকাউন্ট থেকে বিদ্বেষপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে যে এই ব্লগাররা ধর্মমতের প্রতি তীব্র কটাক্ষপূর্ণ পোস্ট করতেন। যে রাজনীতিক, সাংসদ ও নাগরিক সমাজের কর্মীরা এই গুমের বিরোধিতা করছেন, তাঁদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের তির ছোড়া হচ্ছে। যাঁরা এসব করছেন, তাঁরা জানেন, এটা চরমপন্থী সন্ত্রাসের আহ্বান, কিন্তু তাঁদের যেন বিচার হওয়ার নয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই ব্লগারদের কেউ যদি অপরাধ করে থাকেন, তাহলে তাঁদের যথাযথভাবে গ্রেপ্তার করে আদালতের সামনে হাজির করা হচ্ছে না কেন? দৃশ্যত, এ ব্যাপারে কারও সমস্যা থাকা উচিত নয়। কিন্তু অপহরণ ও অন্যায্যভাবে আটকে রাখা অবৈধ, কোনো অজুহাতেই যা জায়েজ করা যায় না।
>জেনারেল মোশাররফের আমলে পাকিস্তান বেশ কিছু দিন সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে অস্বীকার করার নীতি মেনে চলেছে, তাই সন্ত্রাসবিরোধী কার্যকর আইন প্রণয়ন ও সন্ত্রাসীদের বিচার করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায়নি
সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মীদের অপহরণ করাটা গুরুতর ব্যাপার। কারণ, যাঁদের কাজ নিরাপত্তা দেওয়া, তাঁরা যদি অপহরণ শুরু করেন, তাহলে সাধারণ নাগরিকেরা যাবেন কোথায়? কিন্তু ব্যাপারটা ঠিক এতটা সহজ-সরল নয়। এই অপহরণ সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদ-বিষয়ক রাষ্ট্রীয় নীতির মতো বৃহৎ বিষয়ের সঙ্গে সম্পর্কিত। আমরা জানি, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম নানা চাপের মধ্য দিয়ে ইতিমধ্যে গভীর রাষ্ট্রের অধীনে চলে এসেছে।
এদিকে আত্মনিয়ন্ত্রণ মূলধারার গণমাধ্যমের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এখন সময় হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের, যদিও সাইবার অপরাধ হ্রাস করার জন্য বিগত দিনগুলোতে কঠোর আইন করা হয়েছে। অনেকেই আশা করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা বচনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে; সন্দেহ আছে, তারা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। কিন্তু এখন পর্যন্ত সে রকম কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এর বিপরীতে দেখা গেল, যেসব অ্যাকাউন্ট থেকে চরমপন্থা, গোষ্ঠীতন্ত্র ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো হতো, তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আগেও বলেছি, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অ্যাকাউন্ট থেকে যদি আপত্তিকর উপাদান ছড়ানো হয়, যা দেশের আইনের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে আইনকে নিজের পথে চলতে দিতে হবে। কিন্তু নিষিদ্ধঘোষিত সংগঠনগুলো যদি দায়মুক্তি পেয়ে যায়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে ব্যাপক গুরুতর প্রশ্নের উদয় হয়। বিশেষ করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিষিদ্ধঘোষিত সংগঠনগুলোর সঙ্গে দুর্বল যুক্তির ভিত্তিতে যোগাযোগ রাখেন, তাহলে তা আরও প্রখর হয়।
যদি ইতিহাসের শরণ নিতে হয়, তাহলে দীর্ঘ ইতিহাসের পরিপ্রেক্ষিতে বলা যায়, যদি সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে শান্ত বা প্রশমিত করার নীতি গ্রহণ করা হয়, তাহলে তা বুমেরাং হয়। এই নীতি বরং এসব শক্তিকে আরও উৎসাহিত করে।
গুমের আরেকটি কৌশলগত দিক আছে। প্রচলিত আইনে নিরাপত্তা বাহিনীর গ্রেপ্তার করার ক্ষমতা নেই। ফৌজদারি দণ্ডবিধি অনুসারে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থা গ্রেপ্তার করতে পারে। কিন্তু এটা সবাই জানে, গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত নিয়মিতভাবে মানুষকে গ্রেপ্তার করলেও আদালত যখন জিজ্ঞেস করেন, তখন তারা সেটা অস্বীকার করে। ব্যাপারটা হাস্যকর, যা অসীম সময় ধরে চলতে পারে। এ ব্যাপারে আমাদের সৎ বিতর্ক হওয়া উচিত। সংসদের উচিত, অংশীজন ও নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে এই সমস্যার কার্যকর সমাধান বের করা। এটাকে জিরোসাম গেম (যে খেলায় একজন যতটা হারে, আরেকজন ততটা জেতে) হিসেবে কারও নেওয়া উচিত নয়। সর্বোপরি, এটা পাকিস্তানকে গণতান্ত্রিক ও সভ্য দেশ বানানোর যৌথ প্রচেষ্টা।
পাকিস্তানের সংবিধানে মৌলিক মানবাধিকার নিয়ে পুরো একটি অধ্যায় আছে। মানবাধিকার রক্ষার জন্য বিভিন্ন আইন ও প্রতিষ্ঠান রয়েছে। মানবাধিকার-বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক রীতিতেও পাকিস্তান স্বাক্ষর করেছে। কিন্তু বাস্তবে দেখা যায়, এসবের বাস্তবায়ন না হওয়ায় পাকিস্তানে মানবাধিকার-বিষয়ক নানা সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট কাটাতে হলে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সমন্বয়ে আমাদের একটি যৌথ মানবাধিকার সনদ প্রয়োজন, যাতে কেউ দায়মুক্তি না পায়। একই সঙ্গে পাকিস্তানে একটি ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন প্রয়োজন, যাতে এই ব্যাপারটার পরিসমাপ্তি টানা যায়।
অনুবাদ: প্রতীক বর্ধন, পাকিস্তানের দৈনিক দ্য নেশন থেকে নেওয়া।
আফ্রাসিয়াব খটক: আঞ্চলিক সম্পর্ক বিশ্লেষক।