দীর্ঘ জীবন ও ভবিষ্যৎ বিনির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ সেপ্টেম্বর ২০১২ প্রথম আলোর আয়োজনে ‘দীর্ঘ জীবন ও ভবিষ্যৎ বিনির্মাণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। তাঁদের বক্তব্য এখানে সংক্ষিপ্ত আকারে ছাপা হলো।যাঁরা অংশ নিলেনএম আর খানজাতীয় অধ্যাপক, শিশুরোগ বিশেষজ্ঞ।খন্দকার মো. শিফায়েত উল্লাহমহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।শামসুল আলমসদস্য, সাধারণ অর্থনীতি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।এ আই মাহবুব উদ্দিন আহমেদসমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।সৈয়দ ম হাশমীপরিচালক, ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।আবুল হাসিব খানপরিচালক, রিক।কে এম রশিদসভাপতি, ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি, বাংলাদেশ।ফেরদৌস আরা বেগমসাবেক সদস্য, জাতিসংঘ সিডও কমিটি ও মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন।মো. শাহাবুদ্দিন সরদারসভাপতি, জাতীয় প্রবীণ কমিটি।সেলিনা আক্তারসভাপতি, বয়স্বী কল্যাণ সমিতি।আফসানা করিমচিকিৎসক, ডেল্টা মেডিকেল হাসপাতাল, মিরপুর, ঢাকা।তোফাজ্জেল হোসেননির্বাহী সদস্য, রিক ও গবেষক।সঞ্চালকআব্দুল কাইয়ুমসহযোগী সম্পাদক, প্রথম আলোআলোচনাআব্দুল কাইয়ুমবিশ্বের অনেক দেশে প্রবীণদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকে। প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে মর্যাদা দেওয়া হয়। আমাদের দেশে এ রকম ব্যবস্থা নেই। সুযোগ-সুবিধা যা দেওয়া হয়, তা-ও খুব কম। দেশে তাঁদের ভালো চিকিৎসার ব্যবস্থা নেই। অধিকংশ প্রবীণের কোনো আয় থাকে না। এ কারণে পরিবার ও সমাজে তাঁরা নানাভাবে অবহেলিত হন। অনেকে নিরুপায় হয়ে বৃদ্ধাশ্রমে চলে যান। সেখানে একাকিত্ব তাঁদের আরও অসহায় করে তোলে। তাঁদের ভালোমন্দ সার্বিক বিষয় নিয়ে আজকের আলোচনা। শুরুতে বক্তব্য দেবেন আবুল হাসিব খান।আবুল হাসিব খানজীবন-জগৎ সম্পর্কে প্রবীণদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আমরা তাঁদের অনেক কাজে লাগাতে পারি। তাঁরা বিভিন্ন ধরনের সেবা দিতে পারেন। কিন্তু এই সেবার বিষয়টি কখনো বিবেচনায় নিচ্ছি না। তাই দেশের প্রবীণেরা নানা ধরনের বঞ্চনার শিকার হচ্ছেন। অনেকে আশ্রমের কথা বলেন। কিন্তু আশ্রমের মাধ্যমে দেশের প্রায় দেড় কোটি প্রবীণের সমস্যা সমাধান করা সম্ভব নয়। প্রবীণেরা আশ্রমে আসতেও চান না। তাই সমাজের মধ্যে রেখে তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন সেবার ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্য সামনে রেখে ১৯৯০ সালে নরসিংদীতে ১৫০ জন প্রবীণ নিয়ে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করি। এখানে তাঁদের আয়নিরাপত্তা, স্বস্থ্যসেবা, সামাজিকীকরণ ইত্যাদি বিষয়ে কাজ করে সফলতা অর্জন করি। এরপর বিভিন্ন এনজিও ও উন্নয়ন সহযোগীর সঙ্গে কথা বলি। ২০০২ সালে মাদ্রিদে প্রবীণদের নিয়ে আলোচনা সভা হয়। এ সভায় যোগদানের উদ্দেশ্যে ওসমানী মিলনায়তনে রাষ্ট্রপতির উপস্থিতিতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় গৃহীত পরামর্শের আলোকে মাদ্রিদ-সভায় যোগ দিই। মাদ্রিদ সনদে অনুস্বাক্ষর করার পর সরকারগুলো কী করছে, তা দেখার জন্য কর্তৃপক্ষ বিভিন্ন দেশে কয়েকটি পরীক্ষামূলক প্রকল্প নিল। পুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশকে নির্বাচন করল। তখন আমরা দুটি ইউনিয়নে কাজ শুরু করলাম। গাজীপুরের পুবাইল ও পিরোজপুরের শ্রীরামকাঠি। আমরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে প্রবীণ সংগঠন তৈরি করলাম। তাদের কাজ হলো, প্রবীণ-ভাতা ঠিকমতো পাচ্ছেন কি না, স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ঠিকমতো পাচ্ছেন কি না ইত্যাদি দেখা। এসব কাজে সংগঠনগুলো সফল হলো। দুর্যোগের সময় বিশেষ করে, ঝড়, সাইক্লোন ও সিডরের সময় প্রবীণেরা সবচেয়ে বেশি নির্মম পরিস্থিতির শিকার হন। নারী-শিশু, তরুণ-তরুণী—সবার কথা ভাবা হয়। কিন্তু বৃদ্ধদের কথা কেউ ভাবে না। পরিবারের সদস্যরা তাঁদের ঘর পাহারার কাজে ব্যবহার করেন। ১৯৯১ সালে এক বৃদ্ধ অনেক কষ্টে দুর্যোগ আশ্রয়কেন্দ্রে গেলেন। কিন্তু তাঁকে উঠতে না দিয়ে এক যুবক ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলেন। যদিও আশ্রয়কেন্দ্রে ধারণক্ষমতাজনিত সমস্যা ছিল। প্রবীণদের কিছু উল্লেখযোগ্য সমস্যার মধ্যে রয়েছে: এক. আয়নিরাপত্তা—একটা সময় অধিকাংশ প্রবীণের কোনো আয় থাকে না। এ সময় তাঁরা খুব অসহায় বোধ করেন। দুই. স্বাস্থ্য—দেশের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবার পর্যাপ্ত ব্যবস্থা নেই। সে ক্ষেত্রে প্রবীণদের কথা কেউ ভাবছে না। আমাদের দেশের চিকিৎসা পাঠ্যক্রমে জেরিয়াট্রিক বিষয়টি নেই। দেশের হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য বিশেষ কোনো সুযোগ-সুবিধা নেই। কিন্তু ইচ্ছা থাকলে বর্তমান ব্যবস্থায় তাঁদের জন্য অনেক কিছু করা যায়। তিন. দুর্যোগ—তাঁরা সবচেয়ে বিশি বিপর্যয়ের মধ্যে পড়েন দুর্যোগের সময়। চার. বাসস্থান—অনেক ক্ষেত্রে প্রবীণদের গ্রামে কোনো থাকার জায়গা থাকে না। তাঁরা কোনো কোনো সময় বারান্দায় অনেক কষ্টে রাত কাটান। আবার কখনো অন্যের বাড়িতে আশ্রয় নেন। পাঁচ. বিনোদন—গ্রাম-শহর কোথাও প্রবীণদের বিনোদনের ব্যবস্থা নেই। আগে টেলিভিশনে কিছু অনুষ্ঠান ছিল, এখন তা-ও দেখা যায় না। প্রবীণদের কেউ ক্ষুদ্রঋণ দিতে চায় না। অথচ আমরা দেখেছি, ৬০ বছরেও অনেক প্রবীণ রিকশা চালানোর মতো কঠিন কাজ করেন। আমাদের পাশের দেশ ভারত, নেপালসহ পৃথিবীর অনেক দেশ প্রবীণদের সম্মানিত জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা করেছে। আমাদের দেশে এখনো হয়নি। অথচ এ কাজে সরকারের কোনো আয়-ব্যয়ের ভাবনা নেই। প্রবীণেরা প্রায় দেড় কোটি ভোটার। শুধু সম্মানিত নাগরিক ঘোষণা করলেও তাঁরা মানসিকভাবে অনেক প্রশান্তি পেতেন। এ দেশে এখনই সব হবে, তা আমরা আশা করছি না। অন্তত দুটি কাজ অবশ্যই হওয়া দরকার। এক. প্রবীণ নীতিমালা। দুই. সম্মানিত জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা।আব্দুল কাইয়ুমএক হিসাব অনুযায়ী, জনসংখ্যার প্রায় ৮ শতাংশ প্রবীণ অর্থাৎ দেশের প্রায় দেড় কোটি প্রবীণ আছেন। তাঁদের বিভিন্ন সামাজিক-মানসিক সমস্যা রয়েছে। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সবার কথা গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। এবার বলবেন এ আই মাহবুব উদ্দিন আহমেদ।এ আই মাহবুব উদ্দিন আহমেদযে জাতি তার বয়োজ্যেষ্ঠদের সম্মান দিতে পারে না, তারা জাতি হিসেবে উন্নত নয়। আমরা অনেক সময় দেখি, পরিবারের সন্তানেরা মা-বাবাকে সম্মান করেন না। একসময় তাঁরাও তাঁদের সন্তানদের দ্বারা অসম্মানিত হন। আজ আমাদের যে অর্জন, সম্মান, সমৃদ্ধি, তা নির্মাণের জন্য একসময় এই প্রবীণেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তাঁদের জন্য কোনো করুণা নয়, অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। এখানে আলোচনায় এসেছে যে প্রবীণের সংখ্যা প্রায় ৮ শতাংশ। কোনো দেশে এই সংখ্যা ৭ শতাংশের ওপরে গেলে সেটা সমস্যা তৈরি করে। পরিবারের সদস্যরা তাঁদের বাড়তি ঝামেলা মনে করে। ছেলের বউদের সঙ্গে শ্বশুর-শাশুড়ির একধরনের শীতল যুদ্ধ চলতে থাকে। ছেলের বউ মনে করেন, যে কক্ষে শ্বশুর-শাশুড়ি থাকেন, ওই কক্ষটি তাঁর ছেলেমেয়েদের পড়ার রুম হলে ভালো হয়। তখন তাঁরা বড় রকমের হতাশা, শূন্যতা ও অস্তিত্বহীনতায় ভুগতে থাকেন। এ অবস্থায় স্বামী-স্ত্রীর একজন মারা গেলে অন্যজন চারদিকে অন্ধকার দেখেন। ভয়ানক হতাশায় ভুগতে থাকেন। সাধারণত আমাদের দেশে প্রবীণ স্বামী-স্ত্রী আর বিয়ে করেন না। বিয়ের বিষয়টি সামাজিকভাবে উদ্বুদ্ধ করা উচিত। প্রবীণদের একা থাকা খুবই কষ্টকর। আমরা একটি অদ্ভুত রাষ্ট্রে বাস করি। এই রাষ্ট্র কখনো নিজে থেকে দেশের নাগরিকদের জন্য কোনো দায়িত্ব পালন করে না। এ জন্য যে সেবাগুলো এমনিতে পাওয়ার কথা, সেই সেবা পাওয়ার জন্য দিনের পর দিন এনজিওসহ বিভিন্ন সংগঠনকে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয়। এখন অন্তত ন্যূনতম কিছু কাজ সরকারকে দিয়ে করাতে হবে। যেমন: জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা, প্রবীণ নীতিমালা তৈরি, কিছু সুযোগ-সুবিধা যোগ করা। আপাতত এটুকু হলে কিছুটা অগ্রগতি হয়। মো. শাহাবুদ্দিন সরদারবাংলাদেশে প্রবীণদের নিয়ে কেউ ভাবে, কোথাও আলোচনা হয়—আমার ৭২ বছর জীবনের ইতিহাসে এ ঘটনা দেখিনি। এই প্রথম, প্রথম আলো বিষয়টি নিয়ে আলোচনার জন্য ডেকেছে। দীর্ঘ ১০ বছর ধরে প্রবীণদের নিয়ে কাজ করছি। মুক্তিযুদ্ধের সময় কামান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি। যুদ্ধের সময় প্রিয় মানুষ, ঘরবাড়ি ছেড়ে সব সময় তোপের মুখে থাকতাম। আজ স্বাধীন বাংলাদেশে প্রবীণ হয়ে সেই একই তোপের মুখে থাকি। কেউ আমাদের কথা শোনে না। অনেকের কাছে যাই। প্রয়োজনের কথা বলি। শুধু আশ্বাস দেয়। কিন্তু কেউ কথা রাখে না। রিকের পক্ষ থেকে মোখলেসুর রহমান বললেন যে প্রবীণদের সংগঠিত করেন। কাজ শুরু করলাম। এখন এলাকায় বিশাল সংগঠন। যেকোনো কাজে ডাক দিলে পাঁচ হাজার প্রবীণ একসঙ্গে চলে আসেন। আগে স্থানীয় প্রতিনিধিরা কথা শুনতেন না। এখন তাঁরাই আমাদের কাছে আসেন। প্রয়োজন জানতে চান। আমরা বলি, প্রবীণ নীতিমালা চাই। স্বাস্থ্যসেবা চাই। সম্মানিত জ্যেষ্ঠ নাগরিক হিসেবে ঘোষণা চাই। তাঁরা অনেক আশ্বাস দেন। কিন্তু কথা রাখেন না। আপনারা যাঁরা গণমাধ্যম, রাজনৈতিক নেতাদের কথা লেখেন, আরও অনেকের কথা লেখেন। আমাদের কথা কখনো লেখেন না। আজ প্রথম আলো লিখেছে। সবার উচিত এভাবে লেখা। তা হলে অবশ্যই সরকার বাধ্য হবে কিছু করতে। আমরা আপনাদের খুব অনুরোধ করি, সবাই অনুগ্রহ করে আমাদের কথা লেখেন, বলেন, ভাবেন। আমরা দেড় কোটি প্রবীণ। বাজেটের ১৫ অংশের এক অংশ আমাদের। কোথায় আমাদের বাজেট? সরকারকে জবাব দিতে হবে। মাসে ৩০০ টাকা ভাতা পাই। দিনে ১০ টাকা। এক কাপ চা, একটা শিঙাড়া। পাঠ্যপুস্তকে কেন প্রবীণদের কথা থাকবে না? বঞ্চনার যত দিক আছে, তার সবটাই এই বয়সে ভোগ করতে হচ্ছে। আমরা প্রবীণ নারী-পুরুষ মিলে ঢাকা শহর ঘেরাও করে ফেলতে পারি। স্থানীয় প্রতিনিধিদের কাছে, মন্ত্রণালয়ে প্রবীণ নীতিমালা দিয়েছি। অনেক বলেছি। ১০ বছর যাবৎ বলতে বলতে এ পর্যন্ত এসেছি। হয়তো সময় শেষ হয়ে আসছে, আর বলতে পারব না। জীবনের এই শেষ সময়েও যদি দেখে যেতে পারতাম যে সরকার আমাদের কিছুটা দাবি পূরণ করেছে, তা হলে মরেও হয়তো শান্তি পেতাম। জীবনের শেষ ইচ্ছা সরকার অন্তত জ্যেষ্ঠ নাগরিকের ঘোষণাটি দিক। এটি দেখে পৃথিবী থেকে চলে যেতে চাই।সেলিনা আক্তারবার্ধক্য জীবনের স্বাভাবিক পরিণতি। প্রবীণেরা একসময় কাজ করেছেন বলেই আজ আমরা এখানে। প্রশ্নাতীতভাবে তাঁদের প্রতি আমদের দায়িত্ব রয়েছে। মৃত্যুর আগে প্রতিবেশী এক নারীর অবর্ণনীয় কষ্ট দেখে বয়স্বী কল্যাণ সমিতি গঠনের উদ্যোগ নিই। ওই নারীর ছেলে ও তাঁর স্ত্রী তাঁর সঙ্গে খুব খারাপ আচরণ করেন। তিনি কাউকে কিছু বলতে পারেন না। আমার কাছে এসে কাঁদেন। কষ্টের কথাগুলো বলেন। এ ঘটনা আমাকে আহত করে। ২০০৮ সালে কাজ শুরু করি। কারও কাছ থেকে কোনো তহবিল পাই না। সম্পূর্ণ নিজস্ব টাকা দিয়ে প্রবীণদের জন্য কাজ করতে হয়। পারিবারিক পরিবেশে সেবা দিতে চেষ্টা করি। প্রবীণদের বড় সমস্যা একাকিত্ব। এ জন্য বছরে একবার পিকনিকে নিয়ে যাই। দর্শনীয় জায়গাগুলোতে বেড়াতে নিয়ে যাই। ভবিষ্যতে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে। প্রবীণদের অনেকের কিছু কিছু সম্পত্তি থাকে। আপনজনেরা দায়িত্ব পালনের শর্ত হিসেবে সম্পত্তি লিখে দিতে বলেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সম্পত্তি পাওয়ার পর তাঁরা দায়িত্ব পালন করেন না। এভাবে সবকিছু হারিয়ে প্রবীণেরা দিগ্ভ্রান্ত হয়ে পড়েন। অনেক প্রবীণের সন্তানেরা দেশের বাইরে থাকেন। অথচ বাবা-মায়ের জন্য টাকা পাঠান না। এমনকি খোঁজখবর পর্যন্ত নেন না। এই হলো সমাজের বাস্তবতা। প্রতিষ্ঠান চালাতে গিয়ে প্রতিবছর ভর্তুকি দিতে হয়।তবু প্রবীণদের কথা ভেবে কেন্দ্র চালু রেখেছি। সময়ের সঙ্গে সঙ্গে নতুন-পুরোনোর দূরত্ব বেড়ে যাচ্ছে। উভয়ের মধ্যে একধরনের বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। আমরা স্কুলের শিক্ষকদের সঙ্গে পরামর্শ করেছি। তাঁদের বলেছি, ছুটির দিনে স্কুলের শিক্ষার্থীরা যেন এলাকার প্রবীণদের সঙ্গে গল্প করে, সময় দেয়, তাঁদের কথা মন দিয়ে শোনে ইত্যাদি। এতে তাঁদের মানসিক চাপ, মনঃকষ্ট কিছুটা কমে আসবে। অনেকগুলো দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। যেমন: জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা; দিবাযত্নকেন্দ্র নির্মাণ করা; বাস, ট্রেন, লঞ্চ ইত্যাদি যানবাহনে ওঠার বিশেষ ব্যবস্থা করা; প্রবীণদের জন্য একটি প্রবীণদের চিকিৎসার (জেরিয়াট্রিক) হাসপাতাল তৈরি করা; বর্তমান হাসপাতালগুলোতে বার্ধক্যজনিত রোগের চিকিৎসা বিভাগ চালু করা ইত্যাদি দাবি-দাওয়া ছিল। কিন্তু একটি দাবিও সরকার গ্রহণ করেনি। এ দাবিগুলো পূরণ করা হলে জীবনের শেষ দিনগুলো তাঁদের ভালোভাবে কাটতে পারত।ফেরদৌস আরা বেগমমাঝেমধ্যে মনে হয়, প্রবীণদের জন্য মানুষের সংজ্ঞা পরিবর্তন করতে হবে কি না। আজ সমাজে, পরিবারে, সরকারের বাজেটে, আইন প্রণয়নে—কোথাও প্রবীণেরা নেই। স্বাস্থ্যসেবাসহ কিছু সূচকের উন্নয়নের ফলে গড় আয়ু বাড়ছে। নারীর গড় আয়ু পুরুষের চেয়ে বেশি। স্বামী মারা যাওয়ার পর নারীরা পুনর্বিবাহ করছেন না। অধিকাংশ নারীর কোনো আয় নেই। সম্পত্তি নেই। লেখাপড়া জানেন না। এ কারণে একাকী ও বিষণ্নতার মধ্য দিয়ে তাঁদের জীবন কাটাতে হচ্ছে। সমাজে নারী প্রবীণেরা বেশি রকমের অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। প্রবীণের সমস্যা মোকাবিলার জন্য সরকারের দিক থেকে কোনো প্রস্তুতি দেখি না। আন্তর্জাতিক দলিলে প্রবীণ নারীদের বিষয়ে কোনো উল্লেখ নেই। জাতীয় বাজেটে, নীতিনির্ধারণীতে প্রবীণ নারীদের কোনো অংশগ্রহণ নেই। প্রবীণ নারীরা সীমাহীন কষ্ট নিয়ে দৃষ্টির অন্তরালে চলে যাচ্ছেন। তাঁদের বহুবিধ বঞ্চনার কথা ভেবে জাতিসংঘ সিডও কমিটি প্রবীণ নারীদের নিয়ে সাধারণ সুপারিশমালা তৈরি করেছে। নীতিমালা যাতে না হয়, সে জন্য জাতিসংঘের ওপর বিভিন্ন দেশের চাপ ছিল। কারণ, এটি তৈরি হলে সরকারগুলোর ওপর একটি দায়বদ্ধতা তৈরি হবে। আমি এ কমিটির সভাপতিত্ব করতে পেরে গৌরব বোধ করছি।বিশ্বের ১০০ দেশের এনজিও আমাদের এ কাজে সমর্থন দিয়েছে। ২০১০ সালে জাতিসংঘ এ সুপারিশমালা গ্রহণ করেছে। প্রবীণ নারীর মানবাধিকার রক্ষার জন্য এটি একটি বড় দলিল। এর কোনো প্রচার নেই। এ বছর যুক্তরাজ্যের এনজিওগুলো সিডও কমিটির প্রবীণ নারীর সুপারিশমালার ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন তৈরি করে জাতিসংঘে জমা দিয়েছে। যখন রাষ্ট্রীয় প্রতিবেদন আলোচনা হবে, তখন নারীর দারিদ্র্য, সহিংসতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ফ্রান্স সরকারের প্রবীণ মন্ত্রণালয় আছে। এ মন্ত্রণালয় থেকে প্রবীণদের স্বাস্থ্যসেবাসহ যাবতীয় সমস্যার সমাধান করা হয়। বাংলাদেশের এনজিওগুলো সিডও কমিটির মতো একটি সাধারণ সুপারিশমালা করতে পারে। এর মাধ্যমে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসতে হবে। সরকারের বাইরে বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় প্রবীণদের কাজে লাগানো যেতে পারে। বিশেষ করে, ফ্রান্স সরকারের মতো বাংলাদেশে একটি প্রবীণবিষয়ক মন্ত্রণালয় করার উদ্যোগ নিতে হবে।সৈয়দ ম হাশমীকোনো বিষয়কে ফলপ্রসূ করতে হলে আগে তার সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করতে হবে। প্রবীণদের সম্পর্কে সমাজের মানুষের, বিভিন্ন সংস্থার নেতিবাচক ধারণা রয়েছে। বাংলাদেশে দুই কোটি ২০ লাখ পরিবার ক্ষুদ্রঋণের সঙ্গে যুক্ত। এখানে প্রবীণের সংখ্যা মাত্র ২ থেকে ৩ শতাংশের বেশি হবে না। সংস্থাগুলোর ধারণা, প্রবীণেরা ঋণ পরিশোধে অক্ষম। তাঁদের মারা যাওয়ার কথা তারা বেশি বিবেচনা করে। আমরা ৬০-৭০ বছরের প্রবীণদের অনেক কঠিন কাজও করতে দেখি। শহরে অনেককে রিকশা চালাতে দেখা যায়। গ্রামের প্রবীণেরা হালচাষ থেকে শুরু করে সব ধরনের কাজই করেন। আমরা বুঝি না, কেন তাঁদের অক্ষম বলে ঋণের আওতার বাইরে রাখা হয়। হাঁস-মুরগি পালন, গরু-ছাগল পলন, মাছের চাষ, শাকসবজির চাষ, ছোট ছোট ব্যবসা, দোকানদারি—সবই তাঁরা করতে পারেন। প্রবীণদের ক্ষুদ্রঋণের আওতায় আনতে হবে। এসব কাজের সঙ্গে যুক্ত করতে হবে। সরকারের ৩০০ টাকার ভাতায় তাঁদের কিছুই হয় না। তাই প্রবীণেরা সাহায্য চান না। কাজ চান। প্রবীণদের ঋণ দেওয়া লোকসানের ব্যাপার নয়। প্রবীণদের অভিজ্ঞতা বেশি। তাঁরা ভালো কাজ করবেন। কাজে মুনাফা করবেন এবং ঋণের টাকা ফেরত দেবেন। সরকারি-বেসরকারি উদ্যোগে তাঁদের জন্য সঞ্চয় প্রকল্প, স্বাস্থ্যবিমা থাকতে হবে। তাঁরা ৫-১০ টাকা করে প্রতিদিন জমা করতে পারেন। ভারতসহ আফ্রিকার বহু দেশে এ সুযোগ রয়েছে। প্রবীণদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, তাঁরা একত্র হতে চান। প্রবীণেরা সপ্তাহে এক জায়গায় বসে তাঁদের স্বাস্থ্য, পুষ্টি, বিভিন্ন সেবা, কাজকর্ম, সমাজ-সামাজিকতা—সবকিছু নিয়ে আলোচনা করতে পারেন। প্রবীণদের সহযোগিতা করার জন্য সরকারের পাশাপাশি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ইত্যাদি প্রতিষ্ঠানকে চাপ দিতে হবে। দুর্যোগের সময় প্রবীণেরা বেশি আক্রান্ত হন। তাই তাঁদের জন্য সরকারের বিশেষ নিরাপত্তাবেষ্টনী তৈরি করতে হবে। প্রবীণদের চাওয়াগুলো সহজ। শুধু কাজগুলো করার মানসিকতা থাকতে হবে। আমরা অনেক বিষয়ে কথা বলি। কিন্তু প্রবীণদের নিয়ে কোনো কথা বলি না। আমাদের চেতনার জায়গায় প্রবীণদের নিয়ে আসতে হবে।আব্দুল কাইয়ুমযে মানুষটি দীর্ঘ সময় নিজের পরিবার স্বপ্নের মতো করে গড়ে তুলেছেন, তিনি একসময় সেই পরিবারের বোঝা হচ্ছেন। সরকারি সহযোগিতা ছাড়াও বেসরকারিভাবে স্বাস্থ্যবিমাসহ প্রবীণদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা যায়। এখন আলোচনা করবেন কে এম রশিদ।কে এম রশিদপ্রবীণ মানে হিসাব থেকে বাদ। এটি হচ্ছে সমাজের হিসাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসাবমতে, বিশ্বে ৬০ বছরের ওপরের জনসংখ্যা ৮ শতাংশের বেশি। এর অর্থ হচ্ছে, ২০২৫ সালে প্রবীণ জনসংখ্যা হবে দ্বিগুণ। ২০৫০ সালে হবে তিন গুণ। এ ব্যাপক প্রবীণের সংখ্যা অর্থনীতি, রাজনীতি ও সমাজের ওপর বড় রকমের চাপ তৈরি করবে। এখন থেকে পরিকল্পনা না নিলে সরকারের জন্য বিপর্যয় নেমে আসবে। কিন্তু আমরা লক্ষ করছি, এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। সরকারের পরিকল্পনার পদ্ধতি হচ্ছে অগ্নিনির্বাপণ পদ্ধতি। কোথায় আগুন লেগেছে, পানি ঢেলে দাও। আগুন যে আবার জ্বলবে, সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই। প্রবীণেরা তাঁদের প্রয়োজন বোঝেন। কিন্তু প্রকাশ করতে পারছেন না। তাঁরা সাধারণ মানুষের মতো রাস্তায় নেমে আন্দোলন-সংগ্রাম করতে পারেন না। আর আমাদের দেশে এটা না করা পর্যন্ত সরকারের কানে পানি ঢোকে না। এক মন্ত্রী বললেন, প্রতিটি জেলায় প্রবীণদের জন্য আবাসন করতে হবে। এটি একটি অবাস্তব ধারণা। শিল্পোন্নত দেশও আবাসন করে সমাধান করতে পারেনি। বিভিন্ন বিষয়ে ১০-১২টি আন্তর্জাতিক সংস্থা একসঙ্গে কাজ করে। কিন্তু প্রবীণের বিষয়ে তাদের পাওয়া যায় না। ১০ বছর ধরে নীতিমালা নিয়ে কাজ করছি। মন্ত্রণালয়ে জমা দিই, আর খুঁজে পাওয়া যায় না। নীতিমালা হলে জ্যেষ্ঠ নাগরিক, প্রবীণ কমিটিসহ অনেক বিষয় চলে আসত। বড় এনজিওগুলো বিচ্ছিন্নভাবে কাজ করে। আমার বয়োজ্যেষ্ঠ সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছিলাম, সবাইকে এক করে কাজ করা যায় কি না। এদের অনেকেই সরকারের ভালো সুযোগ-সুবিধা পেয়ে থাকে। ফলে তারা এক হবে কেন? সরকারের একটি প্রবীণদের চিকিৎসার হাসপাতালের কথা জানি। যেখানে আগে বছরে বাজেট ছিল ৭০ লাখ টাকা। এখন দেড় কোটি। ৫০ বেডের হাসপাতালে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি। কোনো তদারকি নেই। খোঁজখবর নেই। এটা কোনো বিশেষায়িত হাসপাতাল নয়, তাই স্বাস্থ্যকেন্দ্রের মতো পড়ে আছে।তোফাজ্জেল হোসেনঅনেক দিন থেকে রিক চেষ্টা করছে গণমাধ্যমের সঙ্গে কাজ করার। আজ সেটা সম্ভব হলো। ১০ বছর ধরে গ্রামের প্রবীণদের সঙ্গে কাজ করছি। তাঁদের বিভিন্ন সমস্যা খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে। প্রবীণ সংগঠনগুলো অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে না। কারণ, তাঁরা মারা যান, অসুস্থ হন ইত্যাদি। আবার ৬০ থেকে ৬৯ বছরের প্রবীণ এক ধরনের, ৭০ থেকে ৮০ বছরের প্রবীণ অন্য ধরনের। প্রতিটি পর্যায়ে শারীরিক সক্ষমতা ভিন্ন ধরনের। ফলে সবাইকে নিয়ে একসঙ্গে পথচলা যেমন সহজ, তেমনি কঠিন। প্রবীণকে যে সেবা দেওয়া দরকার, সে ধরনের পারিবারিক কাঠামো এখনো আমাদের দেশে গড়ে ওঠেনি। যে কারণে এই প্রবীণেরা উপযুক্ত সেবা পরিবার থেকে পান না। গৃহপরিচর্যাসেবা (হোম কেয়ার) নামের একটি সেবা আছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি খুব জনপ্রিয়। পরীক্ষামূলকভাবে বাংলাদেশের মহেশখালী ও গঙ্গাচরা উপজেলার ২০টি গ্রামে রিকের পক্ষ এ সেবা কার্যক্রম শুরু করেছি। পারিবারিক সেবার বিকল্প কী হতে পারে, সে অভিজ্ঞতা আমাদের নেই। প্রবীণদের কর্মময় বার্ধক্য দিতে হবে। এ জন্য ঋণ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাঁদের গড়ে তুলতে হবে। পশ্চিমা বিশ্বে এটি খুব জনপ্রিয়। কর্মময় বার্ধক্যের জন্য প্রয়োজন অংশগ্রহণ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা। পরিবার, সমাজ ও অন্যান্য ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ থাকবে। অর্থনৈতিক ও আইনের নিরাপত্তা থাকবে। স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিমার ব্যবস্থা থাকবে। পশ্চিমা বিশ্ব এগুলো যথাযথভাবে পালন করছে। আমরা এখনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে পরিবার, সমাজ ও রাষ্ট্রে বড় রকমের সমস্যা তৈরি হবে।শামসুল আলমইতিপূর্বে কোনো পত্রিকায় প্রবীণদের বিষয়ে এভাবে আলোচনা হয়েছে, আমার জানা নেই। সেই অর্থে রিক একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রবীণদের জন্য এটি একটি মাইলফলক উদ্যোগ। তাঁদের দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, হতাশা-বঞ্চনা নিয়ে যথেষ্ট আলোচনা হয়। কিন্তু বাস্তব অবস্থা এর চেয়ে অনেক বেশি খারাপ। মুক্তিযোদ্ধা ভাতা থেকে মাতৃত্ব ভাতা পর্যন্ত অনেক বিছুই সরকারকে দেখতে হয়। প্রবীণদেরও শেষ পর্যন্ত সরকারকেই দেখতে হবে। সরকারের সমাজিক নিরাপত্তাবেষ্টনীতে ২২ হাজার ৭৫০ কোটি টাকা বরাদ্দ আছে। ২২টি মন্ত্রণালয় ৯৯টি কর্মসূচি পালন করে। পেনশনের টাকা, মুক্তিযোদ্ধা ভাতাসহ অনেক রকমের ব্যয় এ অর্থ থেকে হয়। তবে এ ব্যাপক জনগোষ্ঠীর দেশে এ রবাদ্দ খুব কম। মাসে ৩০০ টাকা প্রবীণ-ভাতা দেওয়া হয়। কিন্তু প্রতিবছর প্রবীণের সংখ্যা বাড়ছে, ভাতা বাড়ছে না। ফলে অনেক প্রবীণ ভাতার আওতার বাইরে থেকে যাচ্ছেন। প্রবীণদের ভরণপোষণ, বাসস্থান ও চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। ১৫-৬৪ বছর পর্যন্ত মোট কর্মক্ষম জনসংখ্যা ৫৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষম জনসংখ্যা বেশি। নির্ভরশীল জনসংখ্যা কম। ২০৩৩ সাল পর্যন্ত এই অবস্থা বিরাজ করবে।বর্তমানে প্রবীণের সংখ্যা ৭ শতাংশ। ২০৩৬ সালে হবে ১৪ শতাংশ। ২০৫০ সালে হবে ২০ শতাংশ। এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্যথায় নির্ভরশীল জনসংখ্যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। সরকার একা এ দায়িত্ব পালন করতে পারবে না। সমাজকে এগিয়ে আসতে হবে। এখন সমাজে কোটিপতি গুনে বের করা সম্ভব নয়। হাজার হাজার কোটিপতি আছেন। এই মানুুষগুলোকে এগিয়ে আসতে হবে। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণসহ বিভিন্ন কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। প্রবীণদের জন্য বাধ্যতামূলক সামাজিক বিমা চালু করতে হবে। দেশে চাকরিজীবীদের ২২ শতাংশ নিয়োগপত্র পান। ৭৮ শতাংশ বিভিন্ন শর্তের ভিত্তিতে চাকরি করেন। কমপক্ষে নিয়োগপ্রাপ্ত চাকরিজীবীদের বেতন থেকে বাধ্যতামূলক ২-৩ শতাংশ সামাজিক বিমা বাবদ জমা রাখতে হবে। সর্বোপরি সমাজটাকে মানবিক হতে হবে। পাঠ্যক্রমে নৈতিকতা, মূল্যবোধ অন্তর্ভুক্ত করতে হবে। সবকিছু অর্থ দিয়ে হয় না। একটু ভালো ব্যবহার পেলে প্রবীণেরা অনেক খুশি হন। অনেক শিক্ষিত মানুষও প্রবীণ মা-বাবাকে দেখাশোনা করেন না। শুধু সমাজের মানুষগুলো মানবিক হলে সমস্যা অনেকাংশে কমে যাবে। তাই সবচেয়ে আগে প্রয়োজন সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও মনুষ্যত্ব ফিরিয়ে আনা।আফসানা করিমজীবনের পথ ধরে বার্ধক্য আসে। বার্ধক্য কোনো অভিশাপ নয়, আশীর্বাদ। চিকিৎসা সম্পর্কে আমার যতটুকু ধারণা, তাতে মনে করি যে বার্ধক্যজনিত রোগের চিকিৎসা কোনো কঠিন ব্যাপার নয়। শুধু সরকারের ইচ্ছাটা দরকার। সরকার ইচ্ছা করলে এখনই হাসপাতালগুলোতে বার্ধক্যজনিত রোগের চিকিৎসাসেবা চালু করতে পারে। প্রবীণদের কোনো প্রচার নেই। সরকারের স্বাস্থ্যশিক্ষা ব্যুরো থেকে প্রবীণদের সম্পর্কে প্রচার করা দরকার। দেশের ফোন কোম্পানিগুলো কত রকমের বিজ্ঞাপন দেয়। অথচ প্রবীণদের নিয়ে কোনো কথা নেই। ‘প্রবীণদের সম্মান করো’, ‘প্রবীণেরাই আমাদের অনুপ্রেরণা’—এ রকম নানা ধরনের স্লোগান তারা ব্যবহার করতে পারে। সমাজকে আরও সংবেদনশীল ও মমত্বপ্রবণ হতে হবে।খন্দকার মো. শিফায়েত উল্লাহবাংলাদেশে এখন বয়স্ক মানুষের চাপ বেশি। বর্তমানে জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ প্রবীণ। প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির হার শহর ও গ্রামে প্রায় এক। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬৭ বছর। ২০০০ সালে ছিল ৬১ বছর, ১৯৮১ ছিল সালে ৫৪ বছর। আগামী চার দশকে বিশ্বে প্রবীণ জনসংখ্যা ১০ থেকে বেড়ে ২২ শতাংশ হবে। প্রবীণদের সংখ্যা ৮০ থেকে বেড়ে ২০০ কোটি হতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখন প্রবীণের সংখ্যা ৮ শতাংশ। ২০২৫ সালে ১২ শতাংশ হবে। ২০৫০ সালে হবে ২০ শতাংশ। আমরা প্রবীণদের বিষয়ে কিছু কিছু প্রচার শুরু করেছি। আমাদের কর্মসূচিতে প্রবীণদের স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। কমিউনিটি ক্লিনিক সরকারের স্বাস্থ্যক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে এসেছে। এখানে ২৮ ধরনের খুব উন্নত মানের সরকারি ওষুধ পাওয়া যায়। চার ধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাওয়া যায়। কিন্তু চিকিৎসকদের ঘাড়ে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি নামের একধরনের ভূত চেপে বসেছে। চিকিৎসকেরা ওষুধের মান ভালো-খারাপ না জেনে রোগীদের প্রতিনিধিদের নির্ধারিত ওষুধ লিখে দেন। সরকারের উন্নত মানের ওষুধ গুদামে নষ্ট হয়। এটা একধরনের বাস্তবতা। আমাদের অধিদপ্তর থেকে একটা পরিপত্র জারি করব, যাতে প্রবীণদের সেবায় অগ্রাধিকার থাকে। রিক যে কাজ করছে, সেটা প্রশংসা পাওয়ার যোগ্য। এনজিওগুলো কাজ করতে করতে জনগণকে সচেতন করে তুলবে। একসময় এনজিওগুলো ও জনগণের দাবি একসঙ্গে সরকারের কানে পৌঁছাবে। একবার সরকারের কানে পৌঁছাতে পারলে সেটা কোনো না কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। আগামী এক বছর প্রবীণদের জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে, সেগুলো করার চেষ্টা করব। আর অনেকেই সমাজটাকে মানবিক হওয়ার কথা বলেছেন। সত্যি কথা বলতে কী, এর কোনো বিকল্প নেই। আমি এটাকে খুব গুরুত্বের সঙ্গে অনুভব করি। আমরা যদি কিছুটা মানবিক হই, তা হলে সমস্যা অর্ধেকে নেমে আসবে।আব্দুল কাইয়ুমপ্রবীণদের বিভিন্ন সমস্যা এবং তাঁদের জন্য সরকার ও সমাজের করণীয় বিষয়ে আলোচনা হয়েছে। এখন প্রবীণদের সার্বিক বিষয়ে আলোচনা করবেন এম আর খান।এম আর খানআমার বয়স ৮৫ বছর। কেউ আমাকে প্রবীণ বলেন, কেউ বলেন নবীন। আমি নবীন। আবার প্রবীণও। প্রবীণদের আমি চার ভাগে ভাগ করতে চাই। এক. সুস্থ বিত্তশালী প্রবীণ। দুই. অসুস্থ বিত্তশালী প্রবীণ। তিন. বিত্তহীন সুস্থ প্রবীণ। চার. বিত্তহীন অসুস্থ প্রবীণ। সুস্থ বিত্তশালী প্রবীণ নিয়ে কোনো সমস্যা নেই। অসুস্থ বিত্তশালী প্রবীণ নিজের বিত্ত দিয়েই সুস্থ হতে পারবেন। আবার বিত্তহীন সুস্থ প্রবীণ, তাঁরও সমস্যা কম। যত সমস্যা বিত্তহীন অসুস্থ প্রবীণদের নিয়ে। গ্রাম ও শহরে প্রবীণেরা থাকেন।গ্রামের প্রবীণদের চেয়ে শহরের প্রবীণেরা কিছুটা বেশি সুযোগ-সুবিধা পান। প্রবীণদের একটা বড় সমস্যা একাকিত্ব। সব শ্রেণীর প্রবীণই একসময় ভীষণ একাকী হয়ে পড়েন। প্রবীণদের এমন একটা সংগঠন থাকবে, যেখানে সবাই এক ছাতার নিচে এসে কাজ করতে পারবেন। প্রবীণদের সুস্থ থাকতে হলে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। বাজার, মসজিদ, ইউনিয়ন ইত্যাদি কমিটির সঙ্গে যুক্ত থাকতে পারেন। টিকাদান কর্মসূচি, হাঁস-মুরগি পালন, শাকসবজির চাষ, মৎস্য চাষ ইত্যাদি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমরা যদি ভাবি যে সবই সরকার করবে, তা হলে হবে না। সরকারের হাজার রকমের কাজ আছে। হাজারটা সমস্যা আছে। সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আমাদের যাঁদের বিত্ত আছে, তাঁরা যদি চিত্ত নিয়ে এগিয়ে আসি, তা হলে এ সমস্যার দ্রুত সমাধান হবে। বয়স্কদের কেউ ঋণ দিতে চায় না। তাঁদের ঋণ পরিশোধ করার অক্ষমতা এবং মারা যাওয়ার ঝুঁকি থাকে। আমাদের দেশটা ছোট। সবাই সবার আত্মীয়, পরিচিত। তাই আমাদের একজনের সাহায্যের জন্য অন্যজনকে অবশ্যই এগিয়ে আসতে হবে। প্রবীণেরা আমাদের কারও মা-বাবা, কারও শিক্ষক, কারও খুব নিকটজন। আমাদের সমৃদ্ধ করার জন্য একদিন তাঁরা সবকিছু করেছেন। আজ আমাদের সবকিছু দিয়ে তাঁদের জন্য করতে হবে। আমাদের জন্যও আমাদের সন্তানেরা করবে। এটিই পৃথিবীর নিয়ম। সরকারি হাসপাতালে মানুষের যাওয়া উচিত। এখানে দামি দামি ভালো ওষুধ আছে। তার আগে ডাক্তারদের প্রশিক্ষণ দিতে হবে। যেন তাঁরা সরকারের এত ভালো ওষুধের পরিবর্তে প্রতিনিধির দেওয়া ওষুধ না লেখেন। সবার সঙ্গে আমিও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, প্রবীণদের জ্যেষ্ঠ নাগরিক ঘোষণা করতে হবে। অন্ততপক্ষে দুটি বিমা তাঁদের জন্য চালু করতে হবে—এক. সামাজিক বিমা ও দুই. স্বাস্থ্যবিমা। সর্বোপরি নবীন-প্রবীণ সবাই মিলে একটা ভালোবাসার পরিবেশ গড়ে তুলতে হবে। যেখানে সবাই একসঙ্গে সময় কাটাব।আব্দুল কাইয়ুমপ্রবীণদের জরুরি সমস্যা নিয়ে আলোচনা হলো। আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ ও দিকনির্দেশনা উঠে এসেছে। নিশ্চয়ই সরকার ও সংশ্লিষ্ট সবাই বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাববেন। ব্যস্ততার মধ্যেও আপনারা সময় দিয়েছেন। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।