দুই কাপ চা খান, ক্যানসারের ঝুঁকি কমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মাইনউদ্দীন আহমেদের লেখা একটা বই হাতে আসার পর এক নিশ্বাসে পড়ে ফেললাম। তাঁর বইয়ের নাম চা ইতিকথা: বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান নিয়ে আমার উৎসাহের অন্ত নেই। তাই দৃষ্টি আকর্ষণ করল। আরও একটা কারণ আছে। বছর দুয়েক আগে, ২০১৪ সালের ২৪ আগস্ট প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘আমিই বাংলাদেশ’ শিরোনামে মাইনউদ্দীন আহমেদকে নিয়ে আমরা লিখেছিলাম। এই শিরোনামে তখন বাংলাদেশের বেশ কয়েকজন কৃতী ব্যক্তির ওপর লেখা ছাপানো হয়েছিল। তাঁরা নিজ নিজ অবস্থানে থেকে অসামান্য অবদান রাখছেন বলেই তাঁদের নিয়ে লেখা হয়েছিল। মাইনউদ্দীন আহমেদ তাঁদেরই একজন।
পড়তে গিয়ে চোখ আটকে গেল অষ্টম অধ্যায়ে। ‘চা এবং মানব স্বাস্থ্য’। একবার কলেজে পড়ার সময় আমরা কয়েকজন বন্ধু ট্রেনে চড়ে ঢাকার অদূরে পুবাইল গিয়েছিলাম। মনে পড়ল, স্টেশনে চা খাওয়ার সময় হঠাৎ দেখি দোকানের ভেতরে পুরোনো দেয়ালে বেশ বড় বড় অক্ষরে লেখা ‘চা পান করিলে কলেরা, টাইফয়েড, যক্ষ্মাসহ ৩২ রকমের অসুখ হইতে মুক্তি পাইবেন।’ জিজ্ঞেস করলাম, এটা কোন ডাক্তারের কথা? দোকানি বললেন, তা জানি না। ব্রিটিশ আমল থেকে এই বিজ্ঞাপন লেখা আছে।
শুনেছি ‘নেটিভদের’ বুঝিয়ে-শুনিয়ে চায়ের প্রতি আকৃষ্ট করার জন্য ব্রিটিশরা এ রকম প্রচার চালাত। সেই বিজ্ঞাপনে অনেক অসুখের নাম লেখা ছিল, কিন্তু ক্যানসারের কথা ছিল না। মাইনউদ্দীন আহমেদের বইয়ে দেখলাম, কলেরা-টাইফয়েড না, তবে চা পানে ক্যানসারের ঝুঁকি কমে। আর অবসাদ দূর, সতেজতা প্রভৃতি তো আছেই।
ক্যানসারের বিষয়টা মাইনউদ্দীন আহমেদ বেশ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমাদের শরীরে সব সময় নানা রকম রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে, যা বিপাক বা মেটাবলিজম নামে পরিচিত। এটা অভ্যন্তরীণ স্বাভাবিক প্রক্রিয়া। এই বিপাক ক্রিয়ার ফলে অথবা দূষিত রাসায়নিক পদার্থ, গুরুপাক খাদ্য, ধূমপান, পরোক্ষ ধূমপান প্রভৃতি কারণে অস্থিতিশীল একক অক্সিজেন পরমাণু তৈরি হয়। এরা হলো ‘মুক্তমূলক’ বা ফ্রি র্যাডিক্যালস। এই অক্সিজেনমূলক বা ফ্রি র্যাডিক্যালগুলো দেহের ভেতর কিছু উপকারী ভূমিকা পালন করে, কিন্তু যদি এদের সংখ্যা খুব বেড়ে যায়, তাহলে শরীরের প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে পড়তে পারে। কারণ, এদের উপস্থিতিতে দেহের কোষ বিনষ্টকরণের হার বেড়ে যায়। তখন দেখা দিতে পারে নানা রকম অসুস্থতা। এগুলোর মধ্যে ক্যানসার একটি। তাই দরকার অ্যান্টি-অক্সিডেন্ট। চায়ে আছে পলিফেনল, যা অতি উৎকৃষ্ট মানের অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে (পৃ. ১১৩-১১৪)। ফ্রি র্যা ডিক্যালগুলোকে প্রশমিত বা নিষ্ক্রিয় (নিউট্র্যালাইজ) করতে অ্যান্টি-অক্সিডেন্টগুলো কাজ করে।
মাইনউদ্দীন আহমেদ লিখেছেন, ‘গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে জারণের ফলে মুক্তমূলকসমূহ দ্বারা ধ্বংসপ্রাপ্ত কোষসমূহের মাধ্যমেই ক্যানসার সৃষ্টি হয়। এক হিসাবে প্রমাণ পাওয়া গেছে যে মানবদেহেও একটি কোষের ডিএনএ প্রতিদিন প্রায় ১০ হাজার জারণ-আঘাত (অক্সিডেটিভ হিটস) প্রাপ্ত হয়। অ্যান্টি-অক্সিডেন্ট এসব আঘাতের ফলে ক্ষতির আশঙ্কা কমিয়ে ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।’
সুতরাং আমরা যদি দিনে এক-দুই কাপ কালো চা বা সবুজ চা পান করি, তাহলে ক্যানসারের আশঙ্কা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অন্য অনেক উপকার তো আছেই।
মাইনউদ্দীন আহমেদ একজন কৃতী ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যার কীটতত্ত্বে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পিরিয়াল কলেজ থেকে এমএসসি ও ডিআইসি ডিগ্রি লাভ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চা-বাগানের একটি বড় শত্রু উইপোকা। সাধারণত কীটনাশক দিয়ে উইপোকা দমন করা হয়। এর ফলে কিছু ক্ষতিকর রাসায়নিক দ্রব্য চা পাতায় থেকে যেতে পারে। তাই গবেষণা করে মাইনউদ্দীন আহমেদ বের করলেন ভিন্ন এক নিরাপদ উপায়। তিনি দেখলেন শুধু একটি রানি উইপোকা মারতে পারলেই উইপোকার বংশ নিপাত করা সম্ভব।
উইপোকার কলোনিতে মাত্র একটিই রানি থাকে। সে অন্য সাধারণ উইপোকা থেকে সম্পূর্ণ আলাদা। লম্বায় প্রায় ১০-১২ সেন্টিমিটার। সে প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ৮০ হাজার ডিম পাড়ে। একটি রানি উইপোকা প্রায় ৫০ বছর বাঁচে। এই রানি উইপোকাই উইয়ের ঢিবির একক সম্রাজ্ঞী। তাকে সরিয়ে দিতে পারলেই উইয়ের গোটা সাম্রাজ্য শেষ।
মাইনউদ্দীন আহমেদ সেই দিকেই গবেষণা শুরু করলেন। তাঁর উদ্ভাবিত পদ্ধতিতে প্রথমে রানি উইপোকার পছন্দের খাদ্য দিয়ে ফাঁদ (ফুড ট্র্যাপ) তৈরি করে চা-বাগানের মাটির নিচে উইপোকার কলোনি খুঁজে বের করা হয়। তারপর গরম পানি ও কিছু রাসায়নিক মিশিয়ে রানি উইপোকা দমন করে উইপোকার পুরো আবাস নির্মূল করা হয়। ফলে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক আর লাগে না। তাঁর এই আবিষ্কারের কথা তুলে ধরে বছর দুয়েক আগে আমরা মাইনউদ্দীন আহমেদকে প্রথম আলোয় ‘আমিই বাংলাদেশ’ পর্বে নিয়ে এসেছিলাম। সেই লেখা প্রকাশের পর তাঁর কাছে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক শ ফোন এসেছিল। মাইনউদ্দীন আহমেদ উদ্ভাবিত চা-বাগানে উইপোকা দমনের বিশেষ পদ্ধতি সম্পর্কে জানা-বোঝার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শ্রীমঙ্গল চা গবেষণা কেন্দ্রে গিয়েছিলেন।
চা নিয়ে মাইনউদ্দীন আহমেদের প্রায় ১১০টি গবেষণাপত্র, নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর লেখা ‘টি পেস্ট ম্যানেজমেন্ট’ বইটি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবই হিসেবে সমাদৃত হয়েছে।
আমাদের দেশে অনেক বিজ্ঞানী নীরবে কাজ করে যাচ্ছেন। মাইনউদ্দীন আহমেদ তাঁদের একজন। তিনি চা-বাগানের উৎকর্ষ সাধনে অসাধারণ অবদান রেখে চলেছেন। বাংলাদেশ তাঁর কাছ থেকে আরও অনেক কিছু পেতে পারে। চা গবেষণা ইনস্টিটিউটকে তিনি আরও অভাবনীয় আবিষ্কারের মাধ্যমে হয়তো নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। তাঁর লেখা চা ইতিকথা: বিজ্ঞান ও প্রযুক্তি বইটি সেই সম্ভাবনার কথাই মনে করিয়ে দেয়।
বইটি গত মাসেই শ্রীমঙ্গল থেকে প্রকাশিত হয়েছে। বিটিআরআই, শ্রীমঙ্গলে যোগাযোগ করে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বইটি সংগ্রহ করতে পারেন। সুন্দর ঝকঝকে ছাপা। দাম ৪৫০ টাকা, বিদেশে ১০ ডলার।
আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]