দুই জোটেই মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক?
৩০ ডিসেম্বরের নির্বাচনে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের অংশগ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর তর্ক চলছে। তর্কের বিষয়: এবারের নির্বাচনে কোন পক্ষে যুদ্ধাপরাধী-স্বাধীনতাবিরোধী বা তাঁদের সন্তানেরা বেশি মনোনয়ন পেয়েছেন। রাজনৈতিক দলগুলো দাবি করছে বটে, তারা কোনো যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধীকে মনোনয়ন দেয়নি; কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রকাশিত সংবাদগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দেশের প্রধান দুই রাজনৈতিক জোটই যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী বা তাঁদের স্বজনদের মনোনয়ন দিয়েছে।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিএনপির প্রতীকে কোনো যুদ্ধাপরাধী সরাসরি নির্বাচন না করলেও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর ২১ জন এবং যুদ্ধাপরাধী পরিবারের একজন (বগুড়া-৩ আসন) নির্বাচন করছেন। প্রথম আলো আরও জানাচ্ছে, একজন ছাড়া এঁদের কেউই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত নন এবং তাঁদের বিরুদ্ধে কোনো তদন্তও হচ্ছে না। তবে বগুড়া-৩ আসনের সাবেক বিএনপি সাংসদ আবদুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা হওয়ার পর তদন্ত চলছে। তিনি পলাতক আছেন। ওই আসনে তাঁর ভাইকে মনোনয়ন দেয় বিএনপি। পরে তাঁর স্ত্রীকে ধানের শীষ প্রতীক দেওয়ার আদেশ দেন আদালত। অন্যদিকে, প্রথম আলোর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের ২২ জন যুদ্ধাপরাধী বা স্বাধীনতাযুদ্ধের বিপক্ষে বা পাকিস্তান সরকারের পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। এঁদের অনেকেই এবার নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশ নিচ্ছেন। বিএনপির প্রকাশ করা এই তালিকার ছয়জন সাবেক ও বর্তমান মন্ত্রী এবং সাংসদ এবং এবারও তাঁরা প্রার্থী। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট মোসলেমউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা আছে। তিনি পাঁচবার সংসদ সদস্য হয়েছেন।
কোন দল থেকে বেশি যুদ্ধাপরাধী বা স্বাধীনতাবিরোধীরা নির্বাচন করছেন, সেটা নির্ণয় করা এই লেখার মূল উদ্দেশ্য না। মূল প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার এত বছর পরও যুদ্ধাপরাধী বা স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনৈতিক দল বা জোটগুলোর এত টানাহেঁচড়া কেন? যেসব আসনে তাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, ওই সব আসনে কি আর একজনও যোগ্য লোক নেই? একজন মুক্তিযোদ্ধাও নেই, যাঁকে মনোনয়ন দেওয়া যেত! নাকি আসলে চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ ইত্যাদি আসলে কথার কথা। তা যদি না হবে, তাহলে প্রধান দুটি জোটেই কেন বিতর্কিত ব্যক্তিদের সংখ্যা এত বেশি?
যুদ্ধাপরাধীদের সঙ্গে কেন জোট করা হচ্ছে, মনোনয়ন দেওয়া হচ্ছে? মূলত, পেশিশক্তি, কালোটাকানির্ভর রাজনৈতিক কাঠামোর কারণে যুদ্ধাপরাধীরা বিভিন্ন দলে জায়গা করে নিচ্ছেন। রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে পারেনি। একটি কথা প্রায়ই বলা হয়—রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই। এখানেই মূল দুর্বলতা লুকিয়ে আছে। রাজনীতি তাহলে কাদের হাতে চলে গেল?
আমাদের রাজনীতির সবচেয়ে বড় বিপদ হচ্ছে মিথ্যাচার। রাজনীতি এখন সহজে আখের গোছানোর পথ। সবাই সংসদ সদস্য হতে চান। সরকারি আমলা–সচিব হিসেবে অবসরে গিয়েছেন, সংসদ সদস্য হবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। অধ্যাপক মানুষ সবার শ্রদ্ধার পাত্র। শিক্ষার্থীরা দেখলে সম্মানে পথ ছেড়ে দেবেন। বাস্তবে হয় তার উল্টো। ভিসিমশাই স্থানীয় আওয়ামী লীগ বা বিএনপির সভাপতিকে দেখে নিজেই পথ ছেড়ে দেন। যেন কেন্দ্রে তাঁর সম্পর্কে ভালো প্রতিবেদন যায়। মনোনয়ন নিশ্চিত হয়। শিক্ষকদের থাকার কথা ক্লাসে, ল্যাবে। বরং ফুলের ডালা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন রাজনৈতিক নেতা যাবেন বলে। যদি নেতাকে একনজর নিজের উপস্থিতি দেখানো যায়। শুধু শিক্ষক কেন, চিকিৎসক, ব্যবসায়ী, প্রকৌশলী—সব পেশার মানুষেরই এক অবস্থা। সবাই এখন অনিয়মতান্ত্রিক রাজনীতিমুখী।
আর দলগুলোয় যেহেতু গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চা নেই, তাই সবাই সুযোগ নিচ্ছেন। টাকা দিয়ে পদ-পদবি বাগিয়ে নিচ্ছেন। চলছে পদ ও মনোনয়ন–বাণিজ্য। দলগুলোর মধ্যে নেতৃত্ব তৈরির প্রক্রিয়াও নেই। বরং আছে ক্যাডার তৈরির সহজ পন্থা। তাই ক্ষমতায় যাওয়ার জন্য যুদ্ধাপরাধীদের মনোনয়ন দিতে, জোট করতে কেউই কুণ্ঠাবোধ করে না। ক্ষমতার লোভ এদের জেঁকে ধরেছে। সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি চায়, তবে দলগুলো নীতির পরিবর্তন করতে বাধ্য। যুদ্ধাপরাধী বা স্বাধীনতাবিরোধীদের মনোনয়ন না দিতে বাধ্য হবে। জনসাধারণের জন্য সুস্থির, স্বাভাবিক নিরাপদ রাজনীতি নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে, এই দেশ থেকে আর কেউই হারিয়ে যাবেন না। গুম হবেন না। এই জন্য রাজনীতিতে সবার অংশগ্রহণ জরুরি।
ড. মারুফ মল্লিক, ভিজিটিং রিসার্চ ফেলো, ইনস্টিটিউট অব ওরিয়েন্ট অ্যান্ড এশিয়ান স্টাডিজ, ইউনিভার্সিটি অব বন