দুই দেশেই সংখ্যালঘুদের ঝুঁকি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

জীবন-জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও পড়াশোনার তাগিদে মানুষের এক দেশ থেকে আরেক দেশে যাওয়া স্বাভাবিক। ঐতিহাসিক, সামাজিক, আত্মিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কারণে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে যাওয়া-আসার মাত্রা বেশি। পড়াশোনা, চিকিৎসা কিংবা ব্যবসা-বাণিজ্য উপলক্ষে বাংলাদেশিদের সেখানে যাওয়াকে ভারত সরকারই উৎসাহিত করে থাকে। আবার অনেক ভারতীয় চাকরি ও ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। তারা ভিসা নিয়ে এলেও সবার ওয়ার্ক পারমিট বা ব্যবসার ছাড়পত্র আছে, সে কথা হলফ করে বলা যায় না। বাংলাদেশের সংলগ্ন ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও আসামে যেমন বাংলাদেশি নাগরিকদের আত্মীয়স্বজন আছে, তেমনি সেসব রাজ্যের নাগরিকদের আত্মীয়স্বজনও বাংলাদেশে আছে। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই স্বজনদের দেখতে এক দেশ থেকে আরেক দেশে যায়। তাদের যাতায়াত সহজতর করতে দুই দেশই বাস, ট্রেন ও নৌ-যোগাযোগ বাড়িয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা ভুল বার্তা দেবে।
উল্লেখ্য, ‘স্বজন’ ও ‘বিমলাংশু রায় ফাউন্ডেশন’ নামে আসামের দুটি এনজিও ২০১২ সালে বাংলাদেশ থেকে ‘নির্যাতিত’ হয়ে যেসব হিন্দু ভারতে আশ্রয় নিচ্ছে, তাদের অবৈধ ঘোষণা না করা এবং ফেরত না পাঠানোর দাবি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে রিট করে। ২০১২ সালে এই রিট করা হলেও তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার অত্যন্ত সতর্ক ও ধীরে চলা নীতি অনুসরণ করে। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর মামলাটি সচল হয় এবং বিষয়টি যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে জন্য সরকার একজন আইনজীবীও নিয়োগ করে। তারা সুপ্রিম কোর্টে একটি পলিসি ডকুমেন্ট বা নীতি-পরিকল্পনা পেশ করারও সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান থেকে আসা শিখ ও হিন্দুদের আশ্রয় দিয়ে আসছিল। গত বছর পাকিস্তান থেকে আসা ৪ হাজার ২০০ সংখ্যালঘুকে নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নেয়। এই সংখ্যা গোটা ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদে আসা সংখ্যালঘুর চার গুণ। বিশ্লেষকদের মতে, বিজেপি নির্বাচনের আগে যেসব হিন্দুত্ববাদী অঙ্গীকার করেছিল, তার কোনোটিই পূরণ করতে না পেরে সহযোগী আরএসএসকে খুশি করতে বহিরাগত হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে।
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে অভিবাসী সমস্যাটি বহুদিন ধরেই ক্ষমতার এবং ভোটের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যাঁরা মনে করেন, অভিবাসীদের ভোট প্রতিপক্ষের বাক্সে যাবে, তাঁরা এটি নিয়ে শোরগোল তোলেন। আর যাঁরা মনে করেন, তাঁদের পক্ষে যাবে, তাঁরা নিশ্চুপ থাকেন।
অতীতের সন্দেহ-অবিশ্বাস পেছনে ফেলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন অনেকটা সৌহার্দ্যপূর্ণ। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ বেড়েছে। ভারত থেকে বাংলাদেশ বিদ্যুৎ পাচ্ছে, বিনিময়ে বাংলাদেশও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য ভারতকে ট্রানজিট সুবিধা দিচ্ছে। এশীয় মহাসড়ক ও ট্রান্স এশিয়ান রেলওয়ের রুট নির্ধারণেও দুই দেশ একমত হয়েছে।
এ অবস্থায় বিজেপি সরকারের এই বৈষম্যমূলক অভিবাসী নীতি দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে কূটনীতিকেরা মনে করেন। একসময় বিজেপি নেতারা ভারতে কয়েক কোটি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে বলে ঢালাও অভিযোগ করতেন, যার পক্ষে তাঁরা তথ্য-প্রমাণ দেখাতে পারেননি।
সম্প্রতি ঢাকায় এক সমাবেশে বাংলাদেশের সংখ্যালঘু নেতারাও বিজেপির এই ভেদনীতির বিরোধিতা করেছেন। তাঁদের অভিমত, এ ধরনের প্রচারণা বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের আরও ঝুঁকিতে ফেলবে। একইভাবে ভারতেও সংখ্যালঘু মুসলমানের ঝুঁকি বাড়াবে। অর্থাৎ দুই দেশেই সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের সন্দেহের চোখে দেখবে। আর সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের দেখবে ভয়ের চোখে, যা কখনো কাম্য হতে পারে না।
এখানে বলা প্রয়োজন, ভারতে বাংলাদেশ থেকে যে মানুষগুলো কাজের সন্ধানে যায়, তারা কেউ ধর্মীয় পরিচয়ে যায় না। তারা সেখানে যায় জীবিকার তাগিদে। আবার একটা সময় পর ফিরেও আসে। সীমান্তের হাটবাজারগুলোতে দুই দেশের মানুষ মিলেমিশেই ব্যবসা-বাণিজ্য করে। কয়েক বছর আগে এই নিবন্ধকার কুমিল্লা সীমান্তে গিয়ে দেখেন, সীমান্তের এপারের একটি দোকান যিনি দেখাশোনা করছিলেন, তিনি ওপারের মানুষ। তিনি সকালে বাজারে এসে দোকান খোলেন, সারা দিন বেচাকেনা করে রাতে ওপারে চলে যান। আবার এর বিপরীত চিত্রও আছে।
লোকসভা নির্বাচনের আগেও পশ্চিমবঙ্গ ও আসামের বিজেপির নেতারা বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুধর্মাবলম্বীদের ভোটাধিকার ও নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছিলেন। তা ছাড়া, দ্বিপক্ষীয় যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্ব আলোচনা করে থাকে, কিন্তু বাংলাদেশ থেকে ‘নির্যাতিত’ হয়ে যাওয়া সংখ্যালঘুদের বিষয়ে নয়াদিল্লি সাম্প্রতিককালে আলোচনা করেছে বলে মনে পড়ে না। নরেন্দ্র মোদির ঢাকা সফর শেষে প্রকাশিত যুক্ত ইশতেহারেও এ সম্পর্কে কিছু নেই। তাহলে হঠাৎ করে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্নটি কেন এল?
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও কলকাতায় সাবেক ডেপুটি হাইকমিশনার এম হুমায়ুন কবির বলেন, বিজেপি সরকারের এই সিদ্ধান্ত ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী। ভারত বরাবরই নিজেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে দাবি করে। তাহলে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কে কীভাবে সামনে নিয়ে আসে? বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জির দৃষ্টি আকর্ষণ করলে তিনি দিল্লি থেকে টেলিফোনে প্রথম আলোকে বলেন, সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই। এই পদক্ষেপ সংখ্যালঘু সমস্যার সঠিক উত্তর নয় বলেই মনে করি। বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো সমস্যা হলে সেটি বাংলাদেশকেই সমাধান করতে হবে।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের চার মাসের মাথায় ভারতের কেন্দ্রীয় সরকার এখান থেকে চলে যাওয়া হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণাটি দুই দেশের রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছে। এর উদ্দেশ্য নিয়েও দেখা দিয়েছে সন্দেহ ও সংশয়। প্রথমত, নরেন্দ্র মোদির ঢাকা সফরের পর দ্বিপক্ষীয় সম্পর্কে যে গতি এসেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তা কিছুটা হলেও ব্যাহত করবে বলে মনে করছে কূটনৈতিক মহল। তাদের দাবি, আগামী বছর আসাম ও পশ্চিমবঙ্গে নির্বাচন। নরেন্দ্র মোদির সরকার মূলত সেই নির্বাচন সামনে রেখে হিন্দু কার্ড খেলছে। সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহ গত ২৭ এপ্রিল আসামের এক জনসভায় বলেছিলেন, সাম্প্রদায়িক গোলযোগের কারণে কিছু বাংলাদেশি হিন্দু আসামে এসেছে। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিষয়েও তাঁদের নীতি অভিন্ন।
বাংলাদেশ থেকে অনেকে জীবিকার খোঁজে ভারতে যাচ্ছে, আবার ভারত থেকেও অনেকে বাংলাদেশে আসছে। তাদের মধ্যে হিন্দুধর্মাবলম্বী যেমন আছে, তেমনি আছে মুসলমান, বৌদ্ধ বা খ্রিষ্টানও। কিন্তু একটি সম্প্রদায়কে আলাদা করে দেখায় স্বভাবতই অন্য সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। আস্থা হারাবে।
দুই দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে যেমন সেক্যুলার মানসিকতার লোক আছে, তেমনি আছে সাম্প্রদায়িক মানসিকতার লোকও। কিন্তু রাষ্ট্রীয় নীতিতে কখনোই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। সবশেষে নরেন্দ্র মোদির কথায় বলতে চাই, ‘সবকা সাথ সবকা বিকাশ’ চাইলে সাম্প্রদায়িক রাষ্ট্রীয় নীতি বর্জন করতেই হবে, সেটি বাংলাদেশের জন্য যেমন, তেমনি ভারতের জন্যও প্রযোজ্য। (শেষ)
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]