দুই প্রিয় মানুষের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাইয়ুম চৌধুরী, জগলুল আহমেদ চৌধূরী
কাইয়ুম চৌধুরী, জগলুল আহমেদ চৌধূরী

বিক্ষিপ্ত আজ আমার মন। কত অনিত্য এই জীবন। এই আছি, এই নেই। হিসাব মেলে না। সাংবাদিক বন্ধু জগলুল আহমেদ চৌধূরী না বলে বিদায় নিল দুই দিন আগে। কারওয়ান বাজারে বাস থেকে নামতে গিয়ে মাথায় আঘাত। যাচ্ছিলেন এটিএন বাংলায় টক শোতে যোগ দিতে। সেখান থেকে প্রডিউসার বারবার তাগাদা দিচ্ছেন। জগলুল বললেন, এই এসে গেছি, মাত্র দুই মিনিট। বাসের পাদানিতে পা রেখে নামতে যাবেন, এর মধ্যেই এল পরপারের ডাক। এমন একজন ভালো মানুষ কমই পেয়েছি। সব সময় তাঁর সুন্দর মিষ্টি হাসি। 
দীর্ঘ ৪৩ বছর তিনি ছিলেন সাংবাদিকদের জন্য ঈর্ষণীয় একেকটি কাজে। ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট। বিএসএসের প্রধান। যখন দিল্লিতে পোস্টেড, তাঁর ব্যবহারে দিল্লির সাংবাদিকেরা অবাক। বলতেন, বাঙালিদের মধ্যে এ রকম একজন সহৃদয় ব্যক্তি লুকিয়ে আছে, তা অভাবনীয়।
কলম্বোতে রোটারির গুডউইল কনফারেন্স। নিয়ে যাই বক্তা হিসেবে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কার শত রোটারিয়ান শ্রোতা। জগলুল বললেন, যার যার পতাকা আর সীমানা নিয়ে বড় ব্যস্ত। অথচ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মিয়ানমারের মানুষ আর কত দিন বিচ্ছিন্ন থাকব? একই মানুষ আমরা। রাজনীতি আমাদের আলাদা করে দিয়েছে। ‘রোটারি’ বা ‘সার্ক’ যদি আমাদের আরেকটু কাছে আসার সুযোগ করে দেয়, সাধারণ মানুষ সাধুবাদ দেবে। রোটারিতে বা সার্কে, গালভরা বক্তৃতা। বক্তৃতা শেষ হলে জগলুলকে সবাই খুঁজে নিল। কারও মুখের দিকে তাকিয়ে বক্তৃতা দেন না তিনি। এখানেই তাঁর জয়। জীবনভর বক্তৃতাই করে গেলাম। জগ্লুলের কথা যদি শুনি তাহলে কত আনন্দে থাকব আমরা এই উপমহাদেশে।
তাঁর পাতানো দুলাভাই, আসমা আব্বাসী তাঁর সিলেটি বোন সুবাদে। বয়সে বড়, জড়িয়ে ধরে বলতেন, আপনি আমার প্রিয় দুলাভাই। গাইতেন হিন্দি গানটির প্রথম লাইন: ‘যো ওয়াদা কিয়া থা নিভানা পাড়েগা’। বাগদাদে চারদিকে বোমা পড়ছে, তখন জগলুল আর আমি পাশাপাশি হোটেলে। আমি আর জগলুল গল্পে গল্পে অনেক সময় কাটিয়ে দিই।
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত সম্মেলনে গান শুনতে গেছি। কৌশিকী চক্রবর্তীর গান শুনিনি কোনো দিন। আবুল খায়ের লিটু কার্ড পাঠিয়েছে। ছোট মেয়ে শারমিনী, তার বন্ধু নাদিরা ও আসমাকে সঙ্গে করে দু-একটি গান শুনতে। আজমির শরিফ থেকে আনা সুন্দর একটি কালো টুপি পরেছি। সভায় গিয়েই পেলাম কাইয়ুম ভাইকে, সুন্দর একটি মাফলার জড়িয়েছেন এবং বলছেন জসীমউদ্দীনের কথা। বক্তৃতা শেষ করে নিজের আসনে গিয়ে বসতেই আবার উঠে দাঁড়ালেন। বললেন, আমার আর একটি কথা বলা হয়নি। স্টেজের দিকে আসতেই পড়ে গেলেন। তারপর সংজ্ঞাহীন।
এর কিছুক্ষণ পর আমার পেছনে বসা এক ভদ্রমহিলা মোবাইলে দেখালেন প্রথম আলোর সংবাদ। কাইয়ুম নেই। এই তো জীবন। একটু আগে কাইয়ুম ভাই কত মিষ্টি করে কথা বলছিলেন, আর এখন পরপারে। জীবনের তাহলে কী মূল্য? অনিত্য জীবন। এর মধ্যেই বসবাস সচল জীবনের, গান শোনার জন্য এত রাতের প্রস্তুতি। ৫০ হাজার শ্রোতা, শ দুয়েক শিল্পী দেশ-বিদেশ থেকে। অধ্যাপক আনিসুজ্জামান এসে বললেন, ‘বন্ধু কাইয়ুম আর নেই। জীবন কি বয়ে চলবে না? চলবে। কাইয়ুম তাই চাইতেন।’
৫০ বছর আগে তাঁর বাড়ির সামনে সাইকেলে ক্রিং ক্রিং বেল বাজাচ্ছি, উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিকীর সম্পাদক হিসেবে প্রচ্ছদ সংগ্রহ। কদিন যাতায়াতের পর মিলল। ধরিয়ে দিলাম ১০০ টাকা। প্রিন্টার তকিউল্লাহ বললেন, কাইয়ুম আপনাকে আপনার ভাইয়ের কর্মক্ষেত্রটি দেখিয়েছেন [অর্থাৎ হাইকোর্ট], কটি লাইন ধরিয়ে দিয়েছেন মাত্র। জার্নাল বেরোলে বললেন অনেকে, এ রকম আধুনিক প্রচ্ছদ আর পাইনি।
অধমের আত্মজীবনী জীবন নদীর উজানে-এর প্রচ্ছদ এঁকেছেন তাঁর ভালোবাসা উজাড় করে দিয়ে। একটি নৌকা উজান পথে যাত্রা করেছে, সেটি আমিও হতে পারি, কাইয়ুমও হতে পারে। তাঁর মৃত্যুর ক্ষণটি একটি জানালা, নিত্য ও অনিত্যের। বন্ধ হলে অনিত্য, যতক্ষণ খোলা, বহমান। জীবনের রং অনেক, এর মধ্যে পছন্দের রং নিয়ে আঁকব জীবন ছবি, অপছন্দনীয় ফেলে দেব। রক্ষণ ও বর্জনের হিসাব।
উনি আমার ধর্মচর্চা সমর্থন করতেন, আমিও সমর্থন করেছি তার এড়িয়ে যাওয়া। কারণ মনেপ্রাণে ধার্মিক, সবাইকে ভালোবাসার ধর্মে অটুট। এটাই সবচেয়ে বড় ধর্ম। প্রথম বেঙ্গল মিউজিক্যাল উৎসবে দুজন বয়স্ক ব্যক্তি [চার বছরের বড়] বিশেষ প্রয়োজনে স্টেডিয়ামের কোণে। কাইয়ুম বললেন, আব্বাসী, এই লিটু লোকটি আমার কাছে একটি বিস্ময়। তার জীবনের আকর্ষণ শিল্পকলা, সারা দিন যোগাযোগ শুধু শিল্পী-সাহিত্যিকের সঙ্গে। এ রকম আরেকজনকে খুঁজে বের করো। বললাম, আছে, নাম কাইয়ুম, নিজেই আর্টের কর্ণধার, অথচ মন পড়ে সংগীতে ও সাহিত্যে। ম্লান হাসি উপহার দিলেন।
বছর বারো আগে জানালাম: গুলশানের নতুন বাড়ির দেয়াল খালি রেখেছি, কাইয়ুম চৌধুরীর একটি পাখির জন্য। বললেন, পাখিটির একটি ডেসক্রিপশন দেওয়া যাবে? পাঠালাম অপূর্ব একটি পাখির ছবি, যা আমার স্বপ্নের মধ্যে বিরাজ করে। ছবিটি আঁকা হয়ে ওঠেনি।
গানের আসরে, হোক তা লোকসংস্কৃতির মেলায়, কুষ্টিয়ায় লালনের আখড়ায়, উচ্চাঙ্গসংগীতের আসরে, নিমগ্ন মনে গান শুনছেন কাইয়ুম। জগলুলের জ্যেষ্ঠ আমি, কাইয়ুম আমার জ্যেষ্ঠ, মাঝখানে আমি।
গান শুনে চলেছি, গান গেয়ে চলেছি। কবে শুনব তার আহ্বান:
‘ভাই বল, বন্ধু বল, কেউ তো কারো নয়
দিনেক দুই চার দেখাশুনা পথের পরিচয়।’
মুস্তাফা জামান আব্বাসী: সাহিত্য-সংগীত ব্যক্তিত্ব।
[email protected]