দুই ফ্রন্টে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তা সত্ত্বেও পাকিস্তান মোদির শুভেচ্ছার প্রত্যুত্তর দিতে রাজি নয়, আর চীনও ভারতের স্বার্থ আমলে নিতে অনাগ্রহী। মোদি যদি দুই বছর আগে এই দুটি দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে রাজনৈতিক ঝুঁকি নিতেন, তাহলে তিনি এত দিনে ভারতের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে হয়তো উল্টো পথে হাঁটতেন। কিন্তু মোদি বেলুচিস্তানে পাকিস্তানের নৃশংসতার ঘটনা উন্মোচিত করার আহ্বান জানিয়েছেন, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতের সদস্যপদ পাওয়ার ব্যাপারে চীনের সঙ্গে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন। আবার দিল্লি পাকিস্তানে চীনের অর্থনৈতিক করিডরের ব্যাপারে আপত্তি জানিয়েছে। ফলে মনে হচ্ছে, চীন ও পাকিস্তানের ব্যাপারে মোদি অবস্থান পরিবর্তন করেছেন। এর ভিত্তি হচ্ছে সেই কথাটি: এক হাতে তালি বাজে না। মোদির প্রচেষ্টা আসলে কাঠামোগত সমস্যার ঘূর্ণিপাকে পড়েছে। কাশ্মীর ও বেলুচিস্তানের প্রসঙ্গে এই দুটি সমস্যা একত্র হয়েছে।

শুধু পাকিস্তান নয়, জম্মু ও কাশ্মীরের একটা অংশ চীনের দখলেও রয়েছে। তারা এত দিন কাশ্মীর প্রশ্নে ভারত-পাকিস্তানের বিবাদে নিরপেক্ষ ভূমিকা পালন করলেও এখন আর সেটা করছে না। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নিয়েই বিপত্তি শুরু হয়েছে। বেলুচিস্তানে চীনের সামরিক ঘাঁটি হওয়ার সম্ভাবনা থাকায় এর সঙ্গে হিমালয় নিয়ে ভারত-চীনের সমস্যা ও ভারত মহাসাগরে চীনা সেনাবাহিনীর প্রভাব বৃদ্ধির বিষয়টি যুক্ত হয়েছে। এর সঙ্গে শ্রীনগরের সমস্যা যুক্ত হয়ে পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ হয়ে উঠেছে, যেটা ভারতের সঙ্গে পাকিস্তান ও চীনের প্রথাগত সম্পর্কের কাঠামোটি নষ্ট করে দিচ্ছে।

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ১৯৮৮ সালের বেইজিং সফরের মধ্য দিয়ে দুই দেশের শীতল সম্পর্কের অবসান হয়। দেশ দুটির মধ্যে নতুন করে সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকে ভারত সীমান্তে স্থিতিশীলতা রক্ষা ও চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরালো করছে, বিশ্বদরবারে চীনকে সমর্থন জুগিয়েছে। কিন্তু চীন অধিকতর শক্তিশালী হয়ে ওঠায় ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে চীনের সহানুভূতি পাওয়া কঠিন হয়ে ওঠে, যেমন, বাণিজ্য ঘাটতি দূরীকরণ, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্যপদ লাভ ও সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য পাকিস্তানকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। কিন্তু মোদি ভারতের আগের প্রধানমন্ত্রীদের মতো এ কথা মানতে নারাজ যে এসব ‘ছোটখাটো’ সমস্যা, ‘কৌশলগত অংশীদারত্ব’ জোরদার করতে এসব বাধা হয়ে দাঁড়াবে না। অতীতে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রীরা প্রকাশ্যে চীনের সঙ্গে দ্বিমত করতে অনাগ্রহী ছিলেন; বেইজিংয়ের যে নীতি ভারতের জন্য ক্ষতিকর ছিল, সেগুলো নিয়ে ব্যক্তিগত আলোচনায়ও প্রশ্ন করতে ইতস্তত করতেন।

মোদি এই ভান ধরতে নারাজ যে, চীনের সঙ্গে সব ঠিক আছে। সাম্প্রতিক অতীতে দিল্লি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের ব্যাপারে অনাপত্তি জানালেও মোদি প্রকাশ্যেই তার বিরোধিতা করছেন। আর পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসের ব্যাপারে চীনের ‘না’ও মোদি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে ১৯৯০-এর শুরুতে পাকিস্তান-ভারত সম্পর্কের যে নতুন কাঠামো গড়ে ওঠে, মোদি সেটাও ভেঙে ফেলার চেষ্টা করছেন। পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে পাকিস্তান কাশ্মীরে দীর্ঘকাল ধরে সন্ত্রাসে মদদ দিচ্ছে। সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করার জন্য নানা রসদ দিচ্ছে। সেই নব্বইয়ের দশকে দিল্লি চাপে পড়ে কাশ্মীরকে আলোচনার টেবিলে তুলে আনে। এরপর ২০০০ সালের মাঝামাঝি সময় থেকে দিল্লি সদ্বিশ্বাসে কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনা শুরু করে। এমনকি ভালো রকম অর্থনৈতিক সহযোগিতারও প্রস্তাব দেয় তারা। কিন্তু এতে পাকিস্তানের অবস্থানে বড় পরিবর্তন আসেনি। দিল্লি আবিষ্কার করল, শুরুটা পাকিস্তানই করে। তারা চাইলেই সন্ত্রাসী হামলা করতে পারে আবার আলোচনার টেবিল থেকে সরে আসতে পারে। ১৯৯০-এর শুরু থেকে যদি সব ভারত সরকার মনে করে থাকে, পাকিস্তানের সঙ্গে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলে মোদি সেই দলের লোক নন। তিনি বিকল্প খুঁজতে চান।

কিন্তু কথা হচ্ছে, যাঁরা এতগুলো বছর ধরে পাকিস্তান ও চীনের সঙ্গে আলোচনা চালিয়েছেন, তাঁরা মনে করেন, ভারত যদি এই দেশ দুটির সঙ্গে সম্পর্কের রসায়ন বদলে ফেলতে চায়, তাহলে ব্যাপারটা ঝুঁকিপূর্ণ হবে। তাঁরা বলবেন, ভারত দুটি ফ্রন্টেই পরীক্ষা-নিরীক্ষা চালাতে শুরু করলে ঝুঁকি অনেকাংশে বেড়ে যাবে। কিন্তু মোদি ঠিক এ কাজটিই করছেন, চীন ও পাকিস্তানের কাছ থেকে একই সঙ্গে বেশি ছাড় চাইছেন। এই দুই ফ্রন্টে লড়াই চালানো বহুদিন ধরেই ভারতের কাছে কৌশলগতভাবে দুঃস্বপ্নের মতো। কিন্তু দিল্লির কেউ কেউ বলছেন, এই দুটি ফ্রন্ট আর আলাদা নয়। এই অঙ্গীভবনের ব্যাপারটা ভারতকে মেনে নিতে হবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, কাশ্মীর ও বেলুচিস্তান।

ইংরেজি থেকে অনূদিত, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া।

সি রাজা মোহন: ভারতীয় সাংবাদিক ও লেখক।