দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান আর সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের শান্তি সম্মেলনটা সবচেয়ে শোচনীয় ছিল। সময়ের আগেই এই সম্মেলনটা করুণ ও আশাহীন হয়ে পড়ে, যেটা একরকম মরে গিয়েছিল। ট্রাম্প কাউকে পাঠাননি, নেতানিয়াহু বলেছেন, এটা পুরোনো দুনিয়ার শেষ হ্যাঁচকা টান। একনায়ক মাহমুদ আব্বাস সম্মেলনে হাজির হওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি। ওদিকে থেরেসা মের ভাঁড় পররাষ্ট্রমন্ত্রী শুধু কয়েকজন চুনোপুঁটিকে পাঠিয়েছিলেন। জন কেরি দুই বছর আগে বলেছিলেন, বড়জোর ১৮ মাসের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। এখন তিনি অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বলছেন, প্যারিসে যে ৭০ জাতির সম্মেলন হলো, তাতে ‘বলটা আরেকটু এগিয়েছে’, তা সে যে উপায়েই হোক না কেন।
সন্দেহ নেই ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জাতিগুলোর মধ্যে ফ্রান্সের অবস্থান আরও পোক্ত করতে চান, যেখানে ইউরোপীয় ইউনিয়ন ও আরব দেশগুলো শেষবারের মতো ‘হ্যাঁচকা টান’ মারতে চেয়েছে—যাতে নিজেদের ঘাড়ে দোষ না চাপে বা তারা একটু তফাতে থাকতে পারে শুধু তার জন্য। দুই-রাষ্ট্র সমাধান? যার রাজধানী হবে জেরুজালেম? দখলদারি? ভূমি চুরি? শরণার্থী? তারা বলবে, আমরা শেষ চেষ্টাটি করেছি। আপনারা এ কথা বলবেন না যে আমরা আপনাদের সতর্ক করিনি, আমাদের দোষ দেবেন না। এমনকি রুশ সরকার শুধু ফ্রান্সে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে ‘শান্তি’ সম্মেলনে পাঠিয়েছিল। কিন্তু তারা সবাই কী আশা করেছিল?
ট্রাম্পের জমানায় ইসরায়েলের নতুন মার্কিন রাষ্ট্রদূত কি তেল আবিবে থাকবেন? ওই ঔপনিবেশিক শাসক ও প্রধান বসতি স্থাপনকারী বেঞ্জামিন নেতানিয়াহু কি আরও ভূমি দাবি করবেন না? যে ফিলিস্তিনিরা দিনের বেলায় ইসরায়েলের কাছে ভূমি হারাচ্ছে এবং যাদের কাঁধে এমন এক নেতার ভার অর্পণ হয়েছে, যার বৈধতা নির্ভর করছে ইসরায়েলের ওপর—সেই তারা কি আবার ভূমি দখলকারীদের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করবে। তাহলে দেখা গেল, প্যারিসে যে ভালো ও মহান লোকেরা জড়ো হয়েছিলেন, তাঁদের ভাষ্য ছিল এ রকম: একপাক্ষিকভাবে পদক্ষেপ নিয়ে আলোচনার ফলাফল সম্পর্কে আগেভাগে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এক ফরাসি মুখপাত্র ঘোষণা করেছেন, এটা ট্রাম্পের প্রতি এক ‘অবচৈত্তিক (সচেতন নয়) বার্তা’।
হায় ঈশ্বর! ট্রাম্প এ–জাতীয় বার্তা গ্রহণ করেন না। তিনি বরং টুইট করেন, ‘ইসরায়েল, শক্তি বজায় রাখো।’ আপনি কীভাবে এর উত্তর দেবেন? কিন্তু সম্ভবত প্যারিসের বালক-বালিকারা এই বার্তা পেয়ে গেছে। তারা একবারের জন৵ও ‘দখল’ শব্দটা উচ্চারণ করেনি, ‘বর্ণবৈষম্যের নীতি’ তো দূরস্থান। তারা মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার মতো ছোট একটি ঘটনাও উল্লেখ করল না কেন? শক্তিধর জন কেরি বলেছিলেন, এটা ‘যথাযথ হতো না’। ইসরায়েলের প্রধানমন্ত্রী (দৃশ্যত ট্রাম্প) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের (দৃশ্যত নেতানিয়াহু) কাছে এটা পরিষ্কার হওয়ার কথা ছিল যে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানটাই প্যারিসের একমাত্র খেলা ছিল।
দেখা যাচ্ছে, সব দেশের গণমাধ্যমের সংবাদ বুলেটিনে ফিলিস্তিনিদের দুর্দশার খবর ক্রমেই কমে যাচ্ছে, যার কারণে ইসরায়েল ব্যাপক খুশি। এ খবর হাসপাতালের ট্রলিতে শুয়ে মৃত্যু ও একাডেমি পুরস্কারের জাঁতাকলে পড়েছে। অন্যদিকে ট্রাম্প, পুতিন, রাশিয়া, মধ্যপ্রাচ্য, আইএস ও ব্রেক্সিট, ইউরোপীয় শরণার্থী ও বৈশ্বিক উষ্ণতার তুলনায় ফিলিস্তিনিদের দুর্দশার খবর অনেক কমে গেছে। ফিলিস্তিনে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরিতে বুদ্বুদ সৃষ্টি হয়েছে, অন্যদিকে অ্যান্টার্কটিকায় বিশ্বের সবচেয়ে বড় বরফ চাঁইটি গলে যাচ্ছে, ভেবে দেখুন, কোন খবরটি বেশি গুরুত্ব পাবে?
আমাদের নেতাদের কী হয়েছে? থেরেসা মের হাতুড়ে সহযোগীরা মনে করেন, প্যারিস সম্মেলনের কারণে ফিলিস্তিনিদের অবস্থান ‘কঠোর’ হতে পারে। অন্যদিকে ওবামা প্রথমবারের মতো জাতিসংঘের বসতি স্থাপনবিরোধী প্রস্তাবে ভেটো দিলেন। অস্ট্রেলিয়া মনে করছে, এটা ‘গভীরভাবে উদ্বেগজনক’। মনে হচ্ছে, ম্যালকম টার্নবুল ইসরায়েলের বসতি স্থাপন নিয়ে আলোচনা করাটা উদ্বেগজনক মনে করছেন, যেখানে অন্যরা বসতি স্থাপনকেই উদ্বেগজনক মনে করছেন। তাহলে কোনটা খারাপ: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের ভীরুতা, নাকি হোয়াইট হাউসে ক্রেমলিনের সম্ভাব্য শীর্ষ গোয়েন্দাকে মের নিজের কাজে ব্যবহারের চেষ্টা? না, ব্যাপারটা তেমন নয়, ফিলিস্তিনে ব্রিটিশদের যে ম্যান্ডেট আছে, সেটা।
গুরুত্বের সঙ্গেই বলছি, এসব কী হচ্ছে? সম্প্রতি যাঁরা পশ্চিম তীরে গেছেন ও চুরি করা আরব ভূমিতে স্থাপিত ইহুদি উপনিবেশ দেখেছেন, গাজার নোংরা-আবর্জনা ও দখলদারি দেখেছেন ও নির্মম হামাস গেরিলা যোদ্ধাদের দেখেছেন এবং যাঁরা ভালোভাবেই জানেন, ইসরায়েলের ক্রমেই বর্ণবাদী হয়ে ওঠা মন্ত্রিসভায় নেতানিয়াহু বামপন্থী হয়ে উঠছেন, তাঁরা ভালোভাবেই জানেন, ‘দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান’-এর সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গেছে। কেন আমরা ভাবলাম, প্রিয় টনি ব্লেয়ার মধ্যপ্রাচ্যে যে রাজনৈতিক ছুরি-কাঁচি চালিয়েছিলেন, তা সত্ত্বেও ফিলিস্তিন বেঁচে যাবে। টনি ব্লেয়ার যদি সৎ হতেন, তাহলে হয়তো বলতেন, খেলাটি ‘পুরোপুরি ও একদম’ শেষ হয়ে গেছে।
আর আরবের বাকি অংশের কী হবে? ঈশ্বর, ঈশ্বর। আমরা আরবের শিরশ্ছেদকারী, মিসরের একনায়ক ও সিরিয়ার ‘বিদ্রোহীদের’ বুকে টেনে নিই। আমরা ইয়েমেনে নিক্ষেপ করার জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করি, এতে ইয়েমেনিরা সৌদি ও পশ্চিমের প্রতি আরও কুপিত হওয়া সত্ত্বেও। আবার আমরা লেবাননকে টাকা দিই, যাতে তারা সিরিয়ার শরণার্থীদের ইউরোপে ঢুকতে না দেয়। কারণ, এই শরণার্থীদের আমাদের সমাজে ঢুকে পড়া ‘গভীরভাবে উদ্বেগজনক’ হবে। আমরা আলেপ্পোর বিদ্রোহীদের ভালোবাসি, আবার মসুলের বিদ্রোহীদের ঘৃণা করি, যাদের মধ্যে তুলনা টানাটা খুবই ‘অযথাযথ’। তো এখন সেটা ‘অবচৈত্তিক বার্তা’, যদি সে রকম কিছু থাকে। এটা ‘বলটা আরেকটু এগিয়েছে’-এর নমুনা।
অনুবাদ: প্রতীক বর্ধন, ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।