দুই রূপে দুই আমির, কাকে মানব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি খুবই ধন্দে পড়ে গেছি। আমাকে এই অবস্থায় যিনি ফেলে দিয়েছেন, এই উপমহাদেশে তো বটেই, বাইরেও লক্ষ-কোটি মানুষ তাঁকে চেনেন। আমির খান। হিন্দি সিনেমার মহানায়ক আমির খানের কথাই বলছি।
আমিরের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই। উনি আমাকে চেনেন না। তাঁকে আমি যতটুকু চিনি, তা ওই সিনেমা মারফত। আমির বছরে একটা কি দুটো সিনেমা করেন। কোনোটা তাঁর প্রযোজিত, কোনোটায় তিনি অভিনয় করেন শুধু। কিন্তু তাতে কী? যে একটা-দুটো সিনেমা তিনি করেন, তা সব সময় সুপারহিট হয়। সেই সিনেমা নিয়ে সমাজ আলোড়িত হয়। সমাজপতিরা আলোচনায় বসেন। কিছু কিছু সিনেমা থাকে না, বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি যার রেশ অনেক দিন পর্যন্ত থেকে যায়? আমিরের সিনেমাগুলো সে রকমই।
আমিরের সর্বশেষ ছবির নাম দঙ্গল। ধন্দে পড়ে গেছি এটা দেখার পর। কেন, তা বলার আগে ‘দঙ্গল’ শব্দটার মানে একটু বলে নিই। শব্দটা হিন্দি হলেও বাংলায়ও ব্যবহার হয়ে থাকে। যেমন আমরা প্রায়ই বলে থাকি, এক দঙ্গল ছেলে। মানে একদল ছেলে। হিন্দিতে কিন্তু দঙ্গল মানে কুস্তি বা কুস্তির আখড়া। সিনেমাটাও কুস্তিকে ঘিরে।
তবে দঙ্গল-এর কাহিনি কাল্পনিক নয়, বরং জীবন থেকে নেওয়া। ভারতের উত্তর-পশ্চিম প্রান্তের হরিয়ানা রাজ্যের অখ্যাত এক গ্রাম বালালি। সেই গ্রামের ছেলে মহাবীর ফোগট। মহাবীর কুস্তিগির। জাতীয় পর্যায়ে কুস্তি চ্যাম্পিয়ন। কিন্তু আন্তর্জাতিক আসর থেকে দেশের হয়ে পদক জিততে পারেননি। কারণ, কোনো আন্তর্জাতিক আসরে তিনি যেতেই পারেননি। চাকরিতে ঢুকতে হয়েছিল। অথচ একমাত্র স্বপ্ন ছিল আন্তর্জাতিক আসর থেকে পদক আনছেন। ভেবেছিলেন তাঁর অপূর্ণ সাধ মেটাবে তাঁর পুত্র। কিন্তু সেই আশাতেও দিনে দিনে জমতে থাকে ছাই। পরপর চারটি সন্তানই তাঁর কন্যা! ভাগ্যকে দোষারোপ করা ছাড়া দুঃখী মহাবীরের যখন আর কোনো উপায় নেই, তখনই একদিন বাড়ি ফিরে দেখেন, এক প্রতিবেশী দুই পুত্রকে সঙ্গে নিয়ে বাড়িতে নালিশ জানাতে এসেছেন। মহাবীরের প্রথম দুই কন্যা গীতা ও ববিতার হাতে ওই দুই প্রায় সমবয়সী ছেলে বেদম মার খেয়েছে। মেয়েদের অপরাধের জন্য মহাবীর প্রতিবেশীর কাছে ক্ষমা চাইলেও তাঁর চিন্তা অন্য খাতে বইতে শুরু করে। তিনি উপলব্ধি করেন, অপূর্ণ সাধ তো তাঁর মেয়েরাই পূর্ণ করতে পারে! পুরুষ হয়ে যা তিনি করতে পারেননি, মেয়ে হয়ে মেয়েদের কুস্তিতে তা তো করতে পারে গীতা ও ববিতা! মহাবীরের মাথায় বিদ্যুতের ঝলক খেলে যায় যেন। শুরু হয় তাঁর সাধনা।

অবশ্যই কঠোর সেই সাধনায় মহাবীর সফল। ২০১০ সালের কমনওয়েলথ গেমসে ৫৫ কেজি বিভাগে মেয়েদের কুস্তিতে গীতা সোনা জেতেন। দ্বিতীয় কন্যা ববিতাও তত দিনে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন। মহাবীরের স্বপ্ন সার্থক। চোখ মোছার মধ্য দিয়ে সিনেমা শেষ। ইচ্ছাপূরণের এ এক সত্য কাহিনি। বলে না দিলেও পাঠককুল নিশ্চিতই বুঝতে পারছেন মহাবীর ফোগটের ভূমিকাতেই অভিনয় করেছেন আমির। সে জন্য তাঁকে কুড়ি কিলো ওজন বাড়াতে হয়েছিল। শিখতে হয়েছিল কুস্তির মারপ্যাঁচ। এই পরিশ্রমও সার্থক। কেননা, এই লেখা ছাপা হওয়ার আগেই দঙ্গল চলে গেছে সাড়ে তিন শ কোটির ক্লাবে। শেষ পর্যন্ত এই বাণিজ্যিক দৌড় কোথায় থামবে, জানা নেই। ট্রেড-পণ্ডিতেরা বলে দিয়েছেন, দঙ্গল বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

দঙ্গল-এর চরিত্রদের মানসিকতা, ঘাত-প্রতিঘাত, ঘটনার মোচড়, অভিনয়-দক্ষতা— এসব বিচারের জন্য আমি এই লেখা লিখতে বসিনি। লেখাটা লিখছি স্রেফ ধন্দে পড়ে গেছি বলে। ধন্দটা জাগিয়েছেন আমির খানই, তাঁর বক্তব্যের মধ্য দিয়ে।

এই লেখার শিরোনাম ‘দুই রূপে দুই আমির, কাকে মানব’।

দঙ্গল আমিরের একটা রূপ। অন্য রূপটা সাত বছর আগের সিনেমা থ্রি ইডিয়টস-এর। রাজকুমার হিরানির পরিচালনায় তৈরি এই ছবিটা ফাটাফাটি হিট। গল্প, ফিল্ম মেকিং, অভিনয়, সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, পরিচালনা— সব মিলিয়ে অসাধারণ হয়ে উঠলেই একটা চলচ্চিত্র মনে দাগ কাটে। থ্রি ইডিয়টসও সেই কারণেই সফল। কিন্তু আমার মনে এই ছবিটা দাগ কেটেছিল ভিন্ন এক কারণে। গল্পে আমির খান, মানে দরিদ্র পরিবারের অতি মেধাবী ছাত্র রাঞ্চোর দাস চাঞ্চোরের প্রক্সি হয়ে যে উচ্চশিক্ষা নিচ্ছে, তার জীবনদর্শন আমাকে তীব্রভাবে আকর্ষণ করেছিল। কারণ, সে বারবার সবাইকে বলে এসেছে, ‘নিজের অন্তরাত্মার কথা শোনো। তোমাকে যা আকর্ষণ করে, যাতে তোমার আগ্রহ, যে পথে তুমি এগোতে চাও, সেই দিকেই এগিয়ে চলো। মা-বাবা যা চাইছেন, তা নয়। তুমি যা হতে চাও, সেদিকেই এগোও। নিজের মনের কথা শোনো।’

কেন যেন নিজের মানসিকতার সঙ্গে রাঞ্চোর দাস চাঞ্চোররূপী আমির খানের জীবনদর্শনের অদ্ভুত মিল খুঁজে পাচ্ছিলাম। আমার কন্যা স্কুলে গিয়ে ফার্স্ট-সেকেন্ড-থার্ড হওয়া বা ফেল করার মর্ম যখন থেকে বুঝতে শিখল, তখন থেকেই তাকে আমি পইপই করে বলতে শুরু করি, তোমাকে কারও সঙ্গে কমপিটিশনে নামতে হবে না। তোমাকে আমি কোনো দিন ফার্স্ট হতে বলব না। শুধু বলব, পরীক্ষায় কতটা ভালো তুমি করতে পারো, তা নিজেই ঠিক করো। নিজেই নিজের মাপকাঠি ঠিক করে নাও। তারপর চেষ্টা করো সেই মাপকাঠি ছোঁয়ার ও তারপর তা টপকানোর। বলতাম, তোমার কমপিটিশন শুধু তোমারই সঙ্গে। যেটা ভালো লাগবে, সেটাই করো। কিন্তু মন দিয়ে করো। থ্রি ইডিয়টস দেখার পর কেন যেন মনে হয়েছিল, ভাগ্যিস, ভাবনাচিন্তা বা আইডিয়ার কোনো কপিরাইট নেই! রাজকুমার হিরানি ও অভিজিৎ যোশি তাই এমন অসাধারণ একটা গল্প ফাঁদতে পেরেছেন। এত সুন্দরভাবে আমিরও সেই ভাবনার প্রকাশ ঘটিয়েছেন। একটা দর্শন ছড়িয়ে দিতে পেরেছেন, ‘অন্তরাত্মার ডাকে সাড়া দাও’।

কতবার যে ছবিটা দেখেছি, কে জানে। নবীন মা-বাবাদের জনে জনে বলেছি, ছবিটা দেখো। ছেলেমেয়েকে অযথা প্রতিযোগিতার মধ্যে ফেলে তাদের স্বাভাবিক বিকাশ নষ্ট হতে দিয়ো না। বাচ্চাদের স্বাভাবিক ছন্দে বেড়ে উঠতে দাও। তাদের আনন্দে থাকতে দাও।

অথচ দঙ্গল-এর মহাবীররূপী আমির খান সাত বছর আগের রাঞ্চোরের দর্শনকে নস্যাৎ করে দিলেন। আমাকেও ফেলে দিলেন ধন্দে! এ তো চরম বৈপরীত্য! সাত বছর আগের আমিরের সঙ্গে সাত বছর পরের আমিরের বিস্তর অমিল! এ যে এক শ আশি ডিগ্রি ঘুরে উল্টো দিকে হাঁটা! সাত বছর আগে বলেছিলেন, মনের কথা শুনে এগিয়ে চলো, সাত বছর পর নিজের মেয়েদের বলছেন, পদক জিততেই হবে। দেশে তো বটেই, আন্তর্জাতিক আসর থেকেও, যা ছিল তাঁর স্বপ্ন।

দঙ্গল-এ বাবার এই স্বপ্ন সফল করার তাগিদটা কিন্তু গীতা-ববিতার মধ্যে নিজে থেকে জাগেনি। তারা আর পাঁচজন গ্রামীণ মেয়ের মতোই হেসেখেলে বড় হতে চেয়েছিল। তারা স্কুলে যেত, ইচ্ছেমতো ফুচকা খেত, চু কিতকিতও হয়তো খেলত। কিন্তু বাবার ইচ্ছেয় তাদের কাকভোরে ওঠার অভ্যাস করতে হলো। ফুচকা, চুরমুর, টক, চাটনিসহ সব ‘যাচ্ছেতাই’ খাবার খাওয়া বন্ধ হলো। স্ত্রীর আপত্তি অগ্রাহ্য করে প্রথমবার বাড়িতে ঢোকানো হলো মুরগির মাংস। শুরু হলো জবরদস্তি প্রোটিন ইনটেক। মাটির আখড়ায় চুলের বারোটা বাজছে দেখে মেয়েরা আপত্তি জানাতে দুই মেয়ের মাথা মুড়িয়ে কদমছাঁট করে দিলেন ‘হৃদয়হীন’ বাবা। মহাবীর তখন শুধু বাবাই নন, তিনি মেয়েদের কুস্তির কোচও। সাফল্যের জন্য মেয়েদের সব শখ-আহ্লাদ হেলায় জলাঞ্জলি দেওয়ার মতো কঠোর ও শৃঙ্খলাপরায়ণ। কিন্তু সারা দিন হাড়ভাঙা খাটুনির পর রাতে গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েদের তিনি যখন দেখেন, তখন কোচকে ছাপিয়ে জেগে ওঠেন পিতা মহাবীর। ঘুমন্ত কন্যার পা তিনি টিপে দেন। বাবার সেই মানবিক দিক কন্যাদের অদেখাই থেকে যায়। তত দিনে বাবা তাদের কাছে সাক্ষাৎ ভিলেন। এই ভিলেন থেকে গুরুর পর্যায়ে মহাবীরের উত্তরণ এক বিয়ের আসরে। গীতা-ববিতার কিশোরী বন্ধুর বিয়ে। কনের সাজে সেই বন্ধু যখন গীতা-ববিতাকে বলছে, ‘তোরা কত ভাগ্যবান, তোদের বাবা তোদের জন্য কত ভাবে! আর আমার বাবা? বিয়ে দিতে পারলে বেঁচে যায়। এই বয়সে ঘরছাড়া করছে!’

এই দুই মেয়ের কেউ পালোয়ান হতে চায়নি। কেউ ধুলোয় মাখামাখি হয়ে কুস্তি লড়তে চায়নি। কেউ কাকভোরে উঠে দৌড়াতে চায়নি। সবচেয়ে বড় কথা, তাদের মন কী চায়, তাদের বাবা তা একটা দিনের জন্যও জানতে বা বুঝতে চাননি। চেষ্টাও করেননি। নিজের ইচ্ছাটা তিনি সাবলীলভাবে চাপিয়ে দিয়েছেন মেয়েদের ওপর। এই উপমহাদেশের পিতৃতান্ত্রিক সমাজের নির্ভেজাল দলিল এটাই।

দঙ্গল যুদ্ধজয়ের কাহিনি। ইচ্ছাপূরণের কাহিনি। সাফল্যের কাহিনি। অনুপ্রেরণারও কাহিনি। গীতা-ববিতার এই জীবনকাহিনি এবং তারপর অলিম্পিকে সাক্ষীমালিকের পদক জয়ের প্রেরণা হরিয়ানার গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। আখড়ায় আখড়ায় ছেলেদের মতো মেয়েরাও আজ আধুনিক কুস্তিতে প্রশিক্ষণ নিচ্ছে। আসছে দেদার টাকাও। ভারতে চালু হয়েছে পেশাদার কুস্তি লিগ। পর্দার বাইরে এসে মেয়েরা দেখতে শুরু করেছে এক নতুন পৃথিবী, যে পৃথিবীতে এত দিন ছাড়পত্র ছিল শুধুই ছেলেদের।

অবশ্যই এ এক বিপ্লব। কিন্তু তবু কেন যেন মনটা খচখচ করছে। অবসান হচ্ছে না ধন্দের। ভেবেই চলেছি, কোন আমির খানকে মানব। যে আমির অন্তরাত্মার আওয়াজকে প্রাধান্য দেওয়ার কথা শিখিয়ে গেছেন? বলেছেন, মনের কথা শোনো? নাকি সেই আমির, যিনি মেয়েদের ইচ্ছা-অনিচ্ছা, পছন্দ-অপছন্দ ও শখ-আহ্লাদের বিন্দুমাত্র তোয়াক্কা না করে নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে নিজের অপূর্ণ সাধ পূরণের রাস্তায় হেঁটে পিতৃশাসিত সমাজের জয়ধ্বজা ওড়ালেন? কোন আমিরকে বিশ্বাস করব? কোন আমিরকে মানব?

সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।