দুটি সাক্ষাৎকার ও 'মিষ্টি খাওয়ার' রাজনীতি
প্রথম আলো পত্রিকায় গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক দুই সভাপতির সাক্ষাৎকার ছাপা হয়েছে। একজন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, একজন বিএনপির সঙ্গে। এই সাক্ষাৎকার দুটি পড়ে আমরা আসলে কী পেলাম? আইনজীবী ও আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন কি আমাদের পরিষ্কার করে বোঝাতে পারলেন, কেন এই রায়ে আওয়ামী লীগ এতটা খেপেছে? অথবা আইনজীবী ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যে কি আমরা রায় নিয়ে বিএনপির খুশির কারণটি বুঝতে পারলাম?
রায় নিয়ে দুই দলের উল্টো অবস্থান নিয়ে তাঁরা দুজন যা বললেন, তাতে মনে হলো, আওয়ামী লীগ রায় নিয়ে খেপেছে বলে বিএনপি খুশি হয়েছে, অথবা বিএনপি রায় নিয়ে উল্লসিত বলে আওয়ামী লীগের মেজাজ গরম হয়েছে। কোনটি আগে ঘটেছে, তার হিসাব-নিকাশ করা মুশকিল। সাক্ষাৎকার দুটি পড়ে আরও মনে হলো, রায় বা রায়ের পর্যবেক্ষণ—এসবের যৌক্তিক বিচার-বিশ্লেষণে কেউ নেই। বরং রায় নিয়ে রাজনীতি বা বিএনপির ‘মিষ্টি খাওয়ার’ মতো বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ।
রায় নিয়ে দুই দলের এই যে উল্টো অবস্থান, এর মধ্যেও দুই আইনজীবী কাম নেতার মধ্যে কিছু ক্ষেত্রে অদ্ভুত মিল পাওয়া গেল। ‘কোনো জাতি বা দেশ কোনো এক ব্যক্তিকে দিয়ে গড়ে ওঠে না, কিংবা কোনো একজন দ্বারা গঠিতও হয় না’—রায়ের এই পর্যবেক্ষণকে দুটি দল একইভাবে নিয়েছে। এখানে বঙ্গবন্ধুর কোনো নামগন্ধ না থাকলেও আওয়ামী লীগ ধরেই নিয়েছে, এই বক্তব্যের লক্ষ্য হচ্ছেন বঙ্গবন্ধু। এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে বঙ্গবন্ধুর অবদানকে খাটো করা হয়েছে। ইউসুফ হোসেন হুমায়ুন নিশ্চিত যে ওই বাক্যটি বঙ্গবন্ধুর প্রতি ইঙ্গিত করেই করা এবং তাঁদের কাছে বিষয়টি এতটাই পরিষ্কার যে ‘সরাসরি বলার দরকার পড়ে না’। আর যা বঙ্গবন্ধুকে ছোট করে, তাতে তো বিএনপির বগল বাজানোরই কথা। খন্দকার মাহবুবও মনে করেন, রায়ে ‘বঙ্গবন্ধুর প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, কোনো শুভ কাজই এক ব্যক্তির দ্বারা হয় না’।
আমরা বুঝলাম, রায়ের পর্যবেক্ষণের একটি বাক্য এবং তা নিয়ে দুই দলের যে ‘ধারণা’, তা নিয়েই এত তুলকালাম চলছে। দুই দলই যেহেতু ধরে নিয়েছে, এই বাক্য বঙ্গবন্ধুকে উদ্দেশ করেই বলা হয়েছে, মানে ইঙ্গিত করা হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব একা বঙ্গবন্ধুর নয়, তাই একদল বেজায় বেজার, আর অন্য দল মহাখুশি। দুজনের সাক্ষাৎকারে তাই রায় নিয়ে আইনজীবীসুলভ তর্ক-বিতর্ক বা পক্ষে-বিপক্ষে আমরা কিছু পেলাম না। পেলাম রায় নিয়ে ‘রাজনীতি’ ও অহেতুক তর্ক-বিতর্ক।
রায়ে বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ বা স্বাধীনতাযুদ্ধের ‘অবিসংবাদিত নেতা’—এসব যা-ই বলা হোক, আওয়ামী লীগের কাছে তা এখন আর বিবেচনার বিষয় নয়। কারণ, রায়ের পুরোটা ধরে বিচার-বিশ্লেষণের আগেই যে রায় নিয়ে ‘রাজনীতির’ পক্ষ-বিপক্ষ ঠিক হয়ে গেছে! ‘রায় ঘোষণার পর বিএনপি তো মিষ্টি খেয়েছে। তাদের মহাসচিব বলেছেন, এটা ঐতিহাসিক রায়। আবার একজন বলেছেন, সরকারের পদত্যাগ করা উচিত।’ ইউসুফ হোসেন হুমায়ুন বা আওয়ামী লীগের ক্ষোভের কারণটি বোঝা গেল। বিএনপি যে রায়ের পর ‘মিষ্টি খায়’, সেই রায় আওয়ামী লীগ সহ্য করে কীভাবে!
রায়ের পর্যবেক্ষণে মহা আলোচিত ওই বাক্যের (কোনো জাতি বা দেশ কোনো এক ব্যক্তিকে দিয়ে গড়ে ওঠে না, কিংবা কোনো একজন দ্বারা গঠিতও হয় না) বাইরে আর যা যা বলা হয়েছে, মানে দেশের রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতি, ‘অপরিপক্ব’ সংসদ বা নির্বাচন নিয়ে নানা মন্তব্য—এগুলো নতুন কিছু নয়। আলাপ-আলোচনা ও লেখালেখিতে এসব বিষয় সব সময়ই আলোচিত হচ্ছে। আর এর দায় যে এককভাবে আওয়ামী লীগের নয়, তা দলটির না বোঝার কথা নয়। ইউসুফ হোসেন হুমায়ুনের কথাবার্তায় আসলে আমরা আওয়ামী লীগের রায়ের বিরোধিতার পক্ষে ‘বিএনপির মিষ্টি’ খাওয়া ছাড়া কোনো পরিষ্কার যুক্তি-তর্ক পেলাম না।
আর খন্দকার মাহবুবই-বা কী আইনি যুক্তি-তর্ক দিলেন! তাঁর কথাবার্তায় আমরা কিছুতেই বুঝতে পারলাম না এই রায়ের খুশিতে তাঁরা ‘মিষ্টি খেতে’ গেলেন কেন? যে রায় জিয়াউর রহমানকে সামরিক শাসক, অবৈধ ক্ষমতা দখলকারী, স্বৈরশাসক বা দেশকে ‘ব্যানানা রিপাবলিক’ বানানের হোতা হিসেব চিহ্নিত করেছে, সেই রায় দলটির কাছে ‘ঐতিহাসিকের’ মর্যাদা পায় কী করে? শুধু রায়ের পর্যবেক্ষণে স্বাধীনতাযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করা হয়েছে—এই ধারণা থেকে? তাঁর মুখেও আমরা রায়ের কিছু পর্যবেক্ষণের বিরুদ্ধে রিভিউ করার কথা শুনলাম!
এই সাক্ষাৎকার দুটি আসলে আমাদের বুঝিয়ে দিল, এটাই আমাদের এখনকার রাজনীতি।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
akmzakaria@gmail. com