দুদক এখন কী করবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতা ও শক্তি থাকার পরও হাত গুটিয়ে বসে থাকার রেওয়াজ কিছু প্রতিষ্ঠানে বেশ জোরালোভাবেই চেপে বসেছে। নির্বাচন কমিশন সম্ভবত এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। এর ফলাফল আমরা ধারাবাহিকভাবে পেয়ে আসছি। বলা যায়, নির্বাচনের কমিশনের নিষ্ক্রিয়তা, দায়িত্বহীনতা ও হাত গুটিয়ে বসে থাকার চূড়ান্ত একটি রূপ আমরা দেখতে পেয়েছি এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দায় যাদের এবং তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের ক্ষমতা যাদের রয়েছে, তারাই কার্যত দেশের নির্বাচনী ব্যবস্থার বারোটা বাজিয়ে ছেড়েছে।
একইভাবে প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনও (দুদক) যথেষ্ট শক্তিশালী। কিন্তু নিজেদের ক্ষমতা ও শক্তি ব্যবহারের অনীহা এখানেও জেঁকে বসেছে। ফলে দুর্নীতি দমনে এই প্রতিষ্ঠানও কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে রোববার। সেখানে বলা হয়েছে, আইনি কাঠামো বিবেচনায় নিলে দুদক একটি শক্তিশালী প্রতিষ্ঠান এবং তা আন্তর্জাতিক মানের। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শক্তি ও আন্তর্জাতিক মান ‘লইয়া দুদক করছেটা কী’! এই প্রতিষ্ঠানটির ওপর তো জনগণের আস্থা খুবই কম।
দুদকের ওপর যে জনগণের আস্থা খুবই কম, এটা কোনো নতুন বা বিস্ময়কর তথ্য নয়। বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতা যে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু, তা অর্থমন্ত্রীর মুখ থেকেই আমরা শুনেছি। পত্র-পত্রিকার প্রতিবেদনেও তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ নানাভাবে তুলে ধরা হয়েছে। দুদকের তদন্ত শেষে মামলা থেকে যখন তাঁকে বাদ দেওয়া হয়, তখন সেই দুদকের প্রতি মানুষের আস্থা থাকবে না এটাই তো স্বাভাবিক। দুর্নীতি দমন নয় দুদক, বরং দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ‘দায়মুক্তি’ দেওয়ার কমিশন হিসেবেই মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। বিষয়গুলো সাধারণভাবে আমাদের সবারই জানা। তবে টিআইবি একটি গবেষণা কাঠামোর মাধ্যমে কাজটি করে দুদকের একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছে। কাগজে-কলমে ও আইনগতভাবে প্রতিষ্ঠানটি কতটা শক্তিশালী, তা তারা পরিষ্কার করেছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যকর দুদকের জন্য যে সুপারিশগুলো তারা করেছে, সেটাই আসলে এ গবেষণা প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।
টিআইবির এই প্রতিবেদনের ব্যাপারে দুদকের নতুন চেয়ারম্যান যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তাকে স্বাগত জানাতে চাই। তিনি সামনে কতটুকু কী করতে পারবেন, তা আমরা এখনো জানি না, তবে তিনি অন্তত দুদকের আস্থার সংকটের বিষয়টি মেনে নিয়েছেন। বলেছেন, ‘আস্থার সংকটের যে কথা বলা হয়েছে, সেটা সত্যি। সে সংকট কাটাতে আমরা কাজ করছি। আমরা কাজের মাধ্যমেই মানুষের আস্থা ফিরিয়ে আনব।’
দুদক চেয়ারম্যান এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন। এ পরিপ্রেক্ষিতে বলতে চাই, টিআইবির তরফে যে সুপারিশগুলো করা হয়েছে, সেগুলো কি তিনি বিবেচনায় নেবেন? আইনগত ও প্রাতিষ্ঠানিক সামর্থ্য বাড়ানোটা দুদকের জন্য এক বড় চ্যালেঞ্জ। প্রসিকিউশনের যে দুর্বলতা, তা দূর করতে হবে। যাদের বিরুদ্ধে লড়াই করা দুদকের কাজ, সেই দুর্নীতিবাজেরা বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ—অর্থনৈতিক ও সামাজিক রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি—দুই বিবেচনাতেই। জাঁদরেল ও দক্ষ আইনজীবী ছাড়া আইনগতভাবে এদের সামাল দেওয়া কঠিন। ফলে সে ধরনের আইনজীবী দুদকের প্যানেলে থাকতে হবে। দুদকের বাজেট হতে হবে এসব বিবেচনায় নিয়ে এবং সরকারের কাছ থেকে তা আদায় করতে হবে।
আর আস্থার ঘাটতি দূর করতে হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান ও পরিচয়-নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে হবে। বিরোধী রাজনৈতিক দলের ১৬ জনের বিরুদ্ধে যখন দুদকে মামলা চলে, তখন এর বিপরীতে সরকারি দলের মাত্র তিনজনের বিরুদ্ধে মামলার তথ্য আর যা-ই হোক দুদকের সাহসী ও নিরপেক্ষ অবস্থানের প্রমাণ তুলে ধরে না। দুর্নীতির সঙ্গে ক্ষমতার সম্পর্ক রয়েছে, অতীতে যারা ক্ষমতায় ছিল, তাদের দুর্নীতির বিচার করা সহজ, কিন্তু দুদকের সক্ষমতার প্রমাণ মিলবে ক্ষমতাসীন দলের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারার মধ্যেই।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধের আগাম উদ্যোগ, জনমত ও প্রচার-প্রচারণার কাজেও দুদকের কাছ থেকে আরও শক্তিশালী অবস্থান প্রত্যাশিত। বলা হচ্ছে, দুদক আইনগতভাবে যথেষ্ট শক্তিশালী, কিন্তু এ অবস্থাকে ধরে রাখাও দুদকের জন্য বড় চ্যালেঞ্জ। দুদকের শক্তি কমানোর চেষ্টা নানা সময়ে হয়েছে এবং সামনেও তা হবে ও থাকবে—এটাই আমাদের বাস্তবতায় স্বাভাবিক। দুর্নীতিবিরোধী জনমতই এ ক্ষেত্রে দুদকের বড় সহায়ক শক্তি হতে পারে।
দুদকের নতুন চেয়ারম্যান প্রতিষ্ঠানটির ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে কতটুকু সাহস দেখাতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। আইন প্রতিষ্ঠানটিকে যে শক্তি দিয়েছে, সেটা বিবেচনায় নিলে এ কাজটি তাঁর জন্য কঠিন হওয়ার কথা নয়। দরকার শুধু মেরুদণ্ডটি শক্ত রাখা।

এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
akmzakaria@gmail. com