
নব্বইয়ের তীব্র গণ-আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের মাত্র কিছুদিন পর ১৯৯১ সালের নির্বাচনে কারান্তরীণ এরশাদ রংপুরের পাঁচটি আসনে জয়ী হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর শাসনামলের অন্য সব অনাচারের কথা নাহয় বাদই দিলাম, উদার পশ্চিমা রাষ্ট্র-সমাজেও নারীঘটিত কেলেঙ্কারির জন্য ক্ষমতাসীন ব্যক্তির নাকাল হওয়ার উদাহরণ আছে অনেক। কিন্তু কী আশ্চর্য, আমাদের মতো এমন রক্ষণশীল সমাজে এরশাদ সাহেবের নামে এ ধরনের নানা অভিযোগ সত্ত্বেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালেন না তাঁর এলাকার ভোটাররা!
আমাদের প্রতিবেশী দেশ ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জনপ্রিয়তার কথাটিও উল্লেখ করা যেতে পারে এ প্রসঙ্গে। তাঁর দুর্নীতির কথা বহুলপ্রচারিত, কিন্তু তাতে এককালের রুপালি পর্দার এই তারকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হতে অসুবিধা হয়নি কোনো। এমনকি সম্প্রতি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে মুখ্যমন্ত্রী পদে তাঁর অযোগ্য ঘোষিত হওয়া এবং জেল-জরিমানা হওয়ার ঘটনায় আত্মহত্যা করেছেন তাঁর ছয়জন সমর্থক, এ ছাড়া খবর শুনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। এই ঘটনাগুলো ব্যক্তিবিশেষের জনপ্রিয়তা ও ভোটারদের মনস্তত্ত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে আমাদের।
কয়েক দিন আগে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদি জামিন পেয়ে কক্সবাজার ফিরে গিয়ে যে বিশাল সংবর্ধনা পেলেন, তা রীতিমতো বিস্ময়কর। কোনো রাজনৈতিক কারণে তো নয়, তিনি ১৮ দিন আটক ছিলেন দুদকের দায়ের করা দুর্নীতির মামলায়। অথচ কক্সবাজার বিমানবন্দরেই তাঁর ‘বীরোচিত’ সংবর্ধনার আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। এরপর চার শতাধিক গাড়ির বহর নিয়ে টেকনাফের দিকে রওনা হন বদি। উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কে তিন শতাধিক তোরণ নির্মাণ করে তাঁকে বরণ করেছেন সমর্থকেরা। পথে পথে অন্তত ১০টি পথসভায় ভক্ত-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে হয়েছে তাঁকে। এসব দেখে-শুনে মনে হতে পারে, ভবিষ্যতে রাজনীতিকেরা দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া ও কারাভোগ করাটাকে তাঁদের রাজনৈতিক জীবনের এক ‘গৌরবময় অধ্যায়’ হিসেবেই বিচেনা করবেন।
যা-ই হোক, এ রকম সংবর্ধনা পেয়ে স্বভাবতই আপ্লুত হয়েছেন সাংসদ। সম্ভবত সে কারণেই তাঁর বক্তব্যে কারও প্রতি ক্ষোভ বা বিদ্বেষ ছিল না, বরং অস্বাভাবিক ‘উদারতা’র পরিচয় দিয়েই দুদককে ধন্যবাদ ও সাংবাদিকদের স্যালুট জানিয়েছেন তিনি। বদি বলেছেন, ‘মামলা করে আমাকে কারাগারে পাঠানোর জন্য আমি দুদক চেয়ারম্যানকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। কারণ, কারাগারে পাঠানোর পর এলাকায় আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।...আর সাংবাদিকদের প্রতি স্যালুট ও কৃতজ্ঞতা। কারণ, তাঁরা আমাকে সারা দেশে ব্যাপকভাবে পরিচিত করে দিয়েছেন।’
আবদুর রহমান বদি নানা সময়ে নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন। তাঁর চরিত্রের বৈপরীত্যের দিকটি তুলে ধরা এখানে অপ্রাসঙ্গিক হবে না। ২০০৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর হাতে নানা সময়ে প্রহৃত হয়েছেন, নির্যাতিত হয়েছেন কখনো মুক্তিযোদ্ধা, কখনো সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, কখনো বা ব্যাংক কর্মকর্তা। আইনপ্রণেতা নির্বাচিত হওয়ার মানে যে আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, এ কথা কিছুতেই মানতে চাননি এই সাংসদ। অন্যদিকে, নির্বাচিত হওয়ার পর তাঁর নির্বাচনী এলাকার প্রায় ৭৭ হাজার মানুষের একটি তালিকা তৈরি করে তাঁদের দিয়েছেন জাতীয় পরিচয়পত্রের আদলে অন্য একটি পরিচয়পত্র, যার মাধ্যমে এই দরিদ্র ব্যক্তিদের মধ্যে নিজের তহবিল থেকে প্রতি মাসে ২০ কেজি চাল ও ৫০০ টাকা নিয়মিত বিতরণ করে আসছেন তিনি। এ ছাড়া প্রতিবছর দুই ঈদে শাড়ি-লুঙ্গি ও লাখ লাখ টাকা বিতরণ করে রীতিমতো ‘দানবীরে’র মর্যাদা পেয়েছেন এলাকাবাসীর কাছে। জনশ্রুতি আছে, পাঁচ বছরে প্রায় ১০ কোটি টাকা বিতরণ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এই বিশাল অর্থ কোথায় পেলেন বদি?
সাধারণভাবে প্রচলিত ধারণা, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাঁর। দেশে আজ মিয়ানমার থেকে আসা ইয়াবার ব্যবহার ও আসক্তের সংখ্যা যে আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে, তাতে আবদুর রহমান বদিরও দায় আছে বলে গুরুতর অভিযোগ আছে। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করে বারবার তিনি দাবি করেছেন, ‘মাদক ব্যবসার টাকা আমার ও আমার সন্তানের রক্তে নেই।’ একদিকে তিনি দুদকের দুর্নীতি মামলার আসামি, অন্যদিকে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ করদাতা হিসেবে কর বিভাগের সম্মাননাও লাভ করেছেন।
আসলে এসব দিক থেকে বিবেচনা করলে আবদুর রহমান বদিকে দেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক ক্ষমতাবান ব্যক্তিদের প্রতীকী চরিত্র বলে মনে হয়েছে আমাদের। এলাকাবাসীর দারিদ্র্য ও নিরক্ষরতার সুযোগ নিয়ে তাঁরা একেক সময় যেন ‘ত্রাতা’র ভূমিকায় অবতীর্ণ হন। দেশের প্রচলিত আইন-আদালতের তোয়াক্কা না করে এলাকার উন্নয়ন, জনগণের উপকার—সবই করতে চান তাঁরা তাঁদেরই পছন্দ অনুসারে। সেখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাঁরা, তাঁদের মতামতই চূড়ান্ত। এ ক্ষেত্রে ভিন্নমতাবলম্বীকে নিষ্ঠুরভাবে দমন করার উদাহরণও পাওয়া যাবে অসংখ্য। জয়নাল হাজারী, শামীম ওসমান, ভিপি জয়নাল, ওয়াদুদ ভুঁইয়া, আবু তাহের, মঞ্জুরুল আহসান মুন্সি কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো রাজনীতিকেরা যে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই, জনকল্যাণে তাঁদের কিছু ভূমিকার কথাও বহুল আলোচিত ছিল একসময়। কিন্তু তাঁদের কার্যক্রমে গণতান্ত্রিক রীতিনীতির চেয়ে সামন্ত জমিদারের আচরণটাই ফুটে উঠেছে বেশি। বদি এই ধারার রাজনীতিকদের সাম্প্রতিক সংস্করণ। একটি সভ্য সমাজে এই আচরণ গ্রহণযোগ্য হতে পারে না, এমনকি তা যদি সাময়িকভাবে এলাকার কিছু অভাবী লোকের জন্য লাভজনকও হয়।
দুদক যে ক্ষমতাসীন দলের সাংসদ বদিকে আদালতে তুলে কারাগার পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, এটা তাদের সাফল্য বলেই মনে করি আমরা। কারামুক্ত বদি বলেছেন, ‘সরকার আমাকে কারাগারে পাঠিয়ে প্রমাণ করেছে, যে যত ক্ষমতাধরই হোক, এ সরকার কাউকে ক্ষমা করবে না। জননেত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।’ অনেকের মনে এ প্রশ্ন জাগতে পারে, ব্যাপারটা (কারাভোগ) অল্পের ওপর গেল বলেই কী মহানুভব সাজতে পারলেন তিনি? কারণ, এর আগেও তাঁর এ রকম সুবচন শুনেছি আমরা। প্রথম যখন দুদকের মুখোমুখি হন, বদি বলেছিলেন, তাঁর বিরুদ্ধে যদি এক টাকার দুর্নীতিরও প্রমাণ পাওয়া যায়, তাহলে সংসদ সদস্য পদটি ত্যাগ করবেন। কিন্তু দুদক তাঁর জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১১ কোটি টাকার সন্ধান পাওয়ার পর এ বিষয়ে আর কোনো উচ্চবাচ্য করেননি তিনি।
আগেই বলেছি, দুদককে ধন্যবাদ ও সাংবাদিকদের স্যালুট জানিয়েছেন আবদুর রহমান বদি। দুদক তাতে কতটা খুশি জানা যায়নি, কারণ এর অব্যবহিত পরই তারা বদির অন্তর্বর্তী জামিন বাতিলের আবেদন জানিয়েছিলেন। অবশ্য, তাঁর জামিন বহাল থাকলেও আইনি লড়াইটা যে জারি আছে, সে বার্তা দুদক দিয়েছে। আমরা আশা করব, দুদক ও সাংবাদিক-সমাজের প্রতি যে ‘সম্মান’ বদি জানিয়েছেন, তার মর্যাদা রক্ষার জন্য হলেও তাঁর পরবর্তী কার্যক্রমকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে তারা।
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
[email protected]