পরের ঝড়ের আগে যা ভাবা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দুর্যোগ পূর্বাভাস কখনো কখনো মিথ্যাবাদী রাখালের গল্পের মতো হয়ে যায়। মিথ্যা মিথ্যা বাঘ আসার গল্প বলার পর যেবার সত্যি সত্যি বাঘ এল, সেবার আর গ্রামবাসীরা রাখালকে বিশ্বাস করল না। ফলে বাঘের হাতে রাখালের জীবন গেল। সিডরের আগে দুইবার দুটি ঝড়ের সময় ১০ নম্বর মহা বিপৎ​সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু দুবারই তেমন কিছু হয়নি। তৃতীয়বার যখন ১০ নম্বর সংকেত দেওয়া হলো, আগের দুবারের মতোই অল্পের ওপর দিয়ে যাবে। অনেকেই আর আশ্রয়কেন্দ্রে গেল না। এর ফল কত ভয়াবহ হয়েছিল তা আমরা জানি।

এবার বিশ্বের বাঘা বাঘা আবহাওয়া বিশেষজ্ঞরা ‘মোরা’কে ক্যাটাগরি ওয়ান ঝড় বলতে রাজি ছিলেন না। অল্প কিছু সময়ের জন্য ক্যাটাগরি ওয়ান বললেও পরে সেখান থেকে সরে এসেছে। তাঁরা একে বলছিলেন ট্রপিক্যাল ঝড় বা মৌসুমি ঝড়। আর আমরা বলে দিলাম ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর থেকে নৌবন্দরের জন্য প্রযোজ্য সতর্কসংকেত সাতক্ষীরা থেকে টেকনাফ পর্যন্ত তা জারি করা হলো। মানুষের নিজেরও জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে; তারা প্রকৃতির চালচলন দেখে পরিস্থিতি অনুভব করতে পারে। ভুল সতর্কতা তাদের আস্থা নষ্ট করে দিতে পারে।
দ্বিতীয় বিষয় হলো, সাইক্লোন সেন্টারকেন্দ্রিক আশ্রয়ব্যবস্থা কাজের নয়। যাঁরা শহরে বসে বলেন, মানুষ অশিক্ষিত তাই সাইক্লোন সেন্টারে যায় না, তারা তো নিজেরা কখনো সেখানে থাকেননি। সেখানে প্রতিটি মানুষের জন্য দুই বর্গফুট জায়গা রাখা হয়। এটুকু জায়গায় শিশুদের রাখা যাবে? নারী, বৃদ্ধ কিংবা অসুস্থ মানুষ সেখানে যেতে চাইবে না। এটুকু জায়গায় প্রাণীর মতো এক-দুই দিন মানুষ কীভাবে থাকবে? অথচ সম্প্রতি জার্মান ব্যাংকের অর্থায়নে আরও সাইক্লোন সেন্টার বানানোর জন্য এলজিইডি চুক্তি করেছে।
এসব সাইক্লোন সেন্টার সাধারণত শীতকালে বানানো হয়। তখন উপকূলীয় অঞ্চলে মিষ্টি পানি দুর্লভ। অথচ লোনা পানিতে ভেজানো ইট-বালু-সিমেন্টের কাঠামো টেকসই হয় না, নোনা ধরে। মানুষ এসব সেন্টারে যেতে ভয় পায়। অথচ একটি সাইক্লোন সেন্টারের টাকা দিয়ে ৩৫টি দোতলা পাকা বাড়ি বানানো যায়। আমরা পটুয়াখালীর কলাপাড়ায় বানিয়েছি, অন্যান্য সংস্থাও কিছু কিছু বানিয়েছে। এসব বাড়িতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ মানুষ থাকতে পারে। একেকটি পরিবার একেকটি ঘর পায়, রান্নার ব্যবস্থা পায়। মানুষ নিজের মতো করে দুর্যোগের সময়টা থাকতে পারে। সাইক্লোন সেন্টারে প্রাণীর মতো গাদাগাদি করে রাখা মানে মানুষকে কষ্ট দেওয়া। এটা বঞ্চনার আরেকটা রূপ।
মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার স্কুল বা মাদ্রাসা থাকে। তো এসবের জন্য কয়েকটি ঘর ঘর আটকানো থাকে। সেটা আশ্রয়ের কাজে লাগে না। সাইক্লোন সেন্টারভিত্তিক সমাধান থেকে আমাদের স্থায়ী সমাধানে আসতে হবে। সুনামির পর যখন রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সাহায্য করতে চাইলে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বলল, তোমরা আমাদের পাকা ঘর দাও। ওসব দেশে পাকা বাড়ি বানানোর জন্য তারা পরিবারপিছু তিন-চার লাখ টাকা করে দিয়েছিল। অথচ আমাদের এখানে ২০ হাজার টাকার বেশি হাতে ওঠে না।
আমাদের যে উপকূলীয় জনসংখ্যা, তাদের সাইক্লোন সেন্টারে আশ্রয় দিতে চাওয়া এক অসম্ভব অঙ্ক। সমাধান হলো, ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় প্রতিরোধী আবাসন নির্মাণ করা। মানুষের শক্ত ঘর পাওয়ার অধিকার আছে। গরিব মানুষ টাকা লোপাট করে না, ফেরত দেয়। তাদের বাড়ি বানানোর টাকা দিলে তারা নিজেরাই এটা বানিয়ে নেবে। এতে স্থানীয় কারিগরদেরও কর্মসংস্থান হবে। আমরা দেখেছি, এসব পাকা ঘর তার আয়ও বাড়ায়। সে এসব ঘরে শস্য জমিয়ে রেখে দাম বাড়ার সময় বিক্রি করতে পারে। একটা পাড়ায় চার-পাঁচটি বাড়ি করে দেওয়া হলে দুর্যোগের সময় সেসব সবার আশ্রয় হবে। বাড়ি বানানোর ঋণকে বিনিয়োগ হিসেবে দেখতে হবে। একজন টাকা ফেরত দিলে, তা দিয়ে আবার আরেকজনের বাড়ি বানানো যাবে।
সুন্দরবনের বন বিভাগের দুজন প্রহরীর কথা বলি। একজন কাশেম অন্যজন হাশেম। কাশেম পাকা বাড়ি বানিয়েছেন, তাঁর সাতটি সন্তানের সবাই পড়ালেখা করে মোটামুটি প্রতিষ্ঠা পেয়েছেন। আর হাশেমের ওই জমি ছাড়া কিছু ছিল না, সেটাও মেয়ের বিয়ের জন্য বিক্রি করতে হয়েছে।
তৃতীয় বিষয় হলো, উপকূল রক্ষাবাঁধ। এবারেও অনেক জায়গায় বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকেছে। যেখানে গাছ ছিল না, সেখানেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। বাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকার ভূমিহীনদের দিতে হবে। ১৯৯২-৯৩ সালে ভোলায় ওয়াটার বোর্ড, স্থানীয় সরকার ও এনজিওরা মিলে মানুষকে দিয়ে বাঁধ বানিয়েছিল। যারা বানাতে শ্রম দিয়েছিল, তারাই এর ওপর ঘর বানিয়ে বাস করে, গাছপালা লাগায়, বাঁধের রক্ষণাবেক্ষণ করে। সেই বাঁধ এখনো আছে। একজন ১০০ দিন কাজ করলে তার যে সঞ্চয় হয়, তা দিয়ে এক বান্ডিল টিন কিনতে পারে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে বাঁধ বানাবার ভার তাদের হাতে দিতে হবে। হাওরে দুর্নীতির কারণে সময়মতো বাঁধ হলো না। অথচ যে কৃষকেরা ২৪ দিন ধরে বাঁধের ভাঙন ঠেকিয়ে রাখলেন, তাদের ওপর আমরা ভরসা করতে চাই না। ওয়াটার বোর্ডকে মানুষের ওপর আস্থা রাখতে হবে। যারা বেড়িবাঁধের বাইরে আছে এখন, তারাই বাঁধ বানাবে, তারাই থাকবে। ১৯৮৮ সালের বন্যার পর গাইবান্ধায় আশ্রয়কেন্দ্র বানানো হয়। জমি কেনার টাকা ছিল না। তখন গ্রামের মানুষ বলল, আমাদের যে মজুরি দিতেন, তা দিয়ে জমি কিনুন। এভাবে তাদের টাকায় বানানো আশ্রয়কেন্দ্রের মালিকও তারাই হলো। এসব জায়গায় তাঁরা থাকেন এবং দুর্যোগের জন্য প্রস্তুত রাখেন। হাওরের বাঁধও সরকারি অর্থায়নে আর কমিউনিটির অধীনে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করানোই সমাধান। মানুষকে আস্থায় নিলে অনেকভাবে টেকসই বাঁধ ও আশ্রয়কেন্দ্র বানানো সম্ভব।
উপকূলজুড়ে অনেক গাছ লাগাতে হবে। জাহাজ নির্মাণশিল্পকে স্বীকৃতি দিয়ে উপকূলীয় প্যারাবন ধ্বংস করা হয়। একই জিনিস যেন সুন্দরবনের বেলায় করা না হয়। শুধু সাইক্লোনের জন্য না, আমাদের দ্বিতীয় সর্বোচ্চ অপঘাতে মৃত্যুর কারণ যে বজ্রপাত, তা থেকেও বাঁচতে গাছ চাই। বজ্রপাতও খারাপ নয়, বজ্রপাত না হলে তো মাছ ডিম পাড়ে না। প্রকৃতিতে সবই থাকবে। সিডরের পর সুন্দরবনের বনজীবীদের প্রবেশ বন্ধ করা হলো। এটা বনের জন্য ক্ষতিকর হয়েছে। মানুষ যদি গোলপাতা না কাটে, তাহলে গোলপাতা মরে যায়। উপকূলীয় অঞ্চলের গাছগুলোর মানুষকে দরকার, মানুষেরও তাদের দরকার। কোনো কোনো গাছ মানুষের পরিচর্যা চায়। মানুষের সঙ্গে সম্পৃক্ত করে প্রকৃতিকে বড় করার যে ইতিহাস, তা চলমান রাখতে হবে।

নাইম গওহর ওয়ারা: পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচি, ব্র্যাক। শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।