দুর্গা: জন থেকে জনতার
শরৎ মানেই মনের ভেতর জমে ওঠা কত কথা! শিউলির কথা, নীল আকাশের প্রেক্ষাপটে সাদা মেঘের কথা, মৃদু বাতাসে হাস্যরত কাশফুলের কথা! কিন্তু বাঙালির অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসবের কথা বলব না আমরা? বলব, অবশ্যই বলব। অবশ্যই বলব আমরা দুর্গোৎসবের কথাও।বিভিন্ন পুরাণে উল্লিখিত উদাহরণ এবং গবেষণালদ্ধ নানা সূত্রমতে দুর্গোৎসবের প্রকৃত ইতিহাস অতি প্রাচীন। অবিভক্ত বাংলায়ও দুর্গোৎসবের সংযুক্ততা একেবারে নতুন নয়। খ্রিষ্টীয় নবম-দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাঙালি স্মার্তদের লেখা দেবীভাগবত পুরাণ ও কালিকাপুরাণ-এ দুর্গোৎসবের উদাহরণ মেলে। বাংলায় দুর্গাপূজার ব্যাপক প্রচলনের প্রমাণ মেলে একাদশ শতাব্দীতে লেখা ভবদেব ভট্টের মাটির মূর্তিতে দুর্গাপূজার বিধান, চতুর্দশ শতাব্দীতে লেখা বিদ্যাপতির দুর্গাভক্তি-তরঙ্গিনী, শূলপাণির দুর্গোৎসব-বিবেক ও পঞ্চদশ শতাব্দীতে লেখা স্মার্ত রঘুনন্দনের দুর্গাপূজা-তত্ত্ব-এ। শুধু তা-ই নয়, পঞ্চদশ শতাব্দীতে কৃত্তিবাস ওঝা বিরচিত ‘রামায়ণ’-এও উঠে আসে দুর্গোৎসবের অনবদ্য বর্ণনা।কৃত্তিবাসী ‘রামায়ণ’ অনুসারে শরৎকালে দুর্গোৎসব করেন রামচন্দ্র। তবে রামচন্দ্রের দুর্গোৎসবের সঙ্গে বর্তমান বাংলায় প্রচলিত দুর্গোৎসবের প্রভেদ অনেক। বাংলায় প্রচলিত দুর্গোৎসবে দেবী দুর্গা মহিষাসুরমর্দিনী রূপে সপরিবারে আবির্ভূতা।মহিষাসুরমর্দিনী দুর্গার এই পরিবারসমন্বিতা রূপের প্রচলন হয় ষোড়শ শতাব্দীর প্রথম পাদে। পরিবারসমন্বিতা এই রূপে দুর্গাপূজা প্রথম অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজশাহী জেলার তাহিরপুরে। পণ্ডিতপ্রবর রমেশ আচার্যের বিধানে সম্পূর্ণ নতুন আঙ্গিকে মহাড়ম্বরে দুর্গাপূজা শুরু করেন তাহিরপুরের রাজা কংসনারায়ণ। কংসনারায়ণের পূজার পর পরই আড়ম্বরপূর্ণ দুর্গাপূজার প্রতি আগ্রহী হয়ে ওঠেন অবিভক্ত বাংলার জমিদাররা। নতুন আঙ্গিকের এই পূজার শাস্ত্রীয় ও সামাজিক আয়োজন অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দুর্গাপূজা পরিণত হয় জমিদারদের উৎসবে।জমিদারি প্রথা বিলোপের পর দুর্গোৎসবে জমিদারদের অংশগ্রহণের হার কমে আসে স্বাভাবিকভাবেই। নব্য ধণিক শ্রেণীর উদ্ভবের পরিপ্রেক্ষিতে দুর্গোৎসব আয়োজকগোষ্ঠীতে যুক্ত হয় অনেক নতুন মুখ। তবে প্রতিটি দুর্গোৎসবই তখন আয়োজিত হতো সম্পূর্ণ একক উদ্যোগে।আনুমানিক ১৭৯০ খ্রিষ্টাব্দে একটি ঘটনা ঘটে অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়ার একটি ধনী পরিবারের আকস্মিক অর্থনৈতিক বিপর্যয়ের ফলে অনিশ্চয়তার সম্মুখীন হয় বাড়িটির বার্ষিক পূজার আয়োজন। গুপ্তিপাড়ার বারোজন বন্ধুস্থানীয় যুবক তখন এগিয়ে আসে সামনে। এই বারোজন ‘ইয়ার’ বা বন্ধু সংঘবদ্ধভাবে গ্রহণ করে পূজার দায়িত্ব। গুপ্তিপাড়ার এই পূজা মানুষের কাছে পরিচিত হয় ‘বারোইয়ারি’ বা বারোয়ারি পূজা নামে।বারোয়ারি পূজার সূত্র ধরে একক উদ্যোগে সম্পাদিত পূজা রূপান্তরিত হলো একাধিকজনের পূজাতে। ধনীর আঙিনা থেকে পূজা নেমে এল অনেকটাই সাধারণের সন্নিকটে। গুপ্তিপাড়ার আদর্শ অনুসরণ করে সম্মিলিত উদ্যোগের বারোয়ারি পুজো ছড়িয়ে পড়ল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে।অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে বাংলায় দুর্গাপূজার সংখ্যা বাড়ল ব্যাপক হারে। পূজার সংখ্যা বাড়লেও সেসব পূজার সঙ্গে সর্বজনের সংযুক্ততা সৃষ্টি হয়নি তখনো। ঊনবিংশ শতাব্দী বাংলার সামাজিক আন্দোলনের স্বর্ণযুগ। একদিকে ব্রিটিশ-বিরোধিতা, অন্যদিকে শিক্ষার প্রসার—এই দুইয়ের কারণে ধনী-দরিদ্রের মধ্যে সামাজিক প্রভেদ অনেকটাই কমে এল। বিংশ শতকের প্রথম পাদে বঙ্গভঙ্গের বিরোধিতায় গড়ে ওঠা ‘স্বদেশি আন্দোলন’ বাংলার শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে একত্র হওয়ার সুযোগ এনে দিল। আন্দোলনের নেতৃত্ব ধণিক শ্রেণীর হাতে থাকলেও আন্দোলনের স্বার্থেই তারা শ্রেণীগত ও জাতিগত বিভেদ নিয়ে আপস করতে বাধ্য হলো।রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের এই নৈকট্য সাধারণ মানুষকে সাহস জোগাল দুর্গাপূজার মতো সুবৃহৎ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিত্তশালীদের একচেটিয়া অধিকারে ভাগ বসাতে, ব্যক্তি বা বারোয়ারির সীমা ছাড়িয়ে পূজাকে সর্বজনের উৎসবে পরিণত করতে।বাংলায় দুর্গাপূজাকে সর্বজনের উৎসবে পরিণত করার অগ্রপথিক বিপ্লবী অতীন্দ্রনাথ বসু। উত্তর কলকাতায় তাঁরই প্রতিষ্ঠিত ‘সিমলা ব্যায়াম সমিতি’ ছিল সে যুগের বিপ্লবীদের আস্তানা। এই সমিতির উদ্যোগে ১৯২৬ সালে আয়োজিত হলো ‘সর্বজনীন দুর্গোৎসব’। এই উৎসবে সর্বজনের অধিকার নিশ্চিত করা হলো। শিক্ষিত-অশিক্ষিত, ধনী-দরিদ্র, ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণীর মানুষকেই উৎসবের শর্তহীন অংশীদার করা হলো। সিমলা ব্যায়াম সমিতির ওই পূজার উদ্যোগের সঙ্গে পর্যায়ক্রমে যুক্ত হলেন বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বিখ্যাত ব্যক্তিরা।ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলন জোরদার হয়ে উঠল। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের পাশাপাশি সশস্ত্র বিপ্লবের পথে স্বাধীনতা অর্জনের প্রচেষ্টাও চলল সমান তালে। ইংরেজের নজর এড়াতে দুর্গোৎসবকে ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করল বিপ্লবীরা। ধর্মীয় অনুষ্ঠানের ছদ্মাবরণে বিভিন্ন শ্রেণীর মানুষকে সংঘবদ্ধ করার কাজের অন্যতম উপায় হয়ে উঠল দুর্গোৎসব। কালের পরিক্রমায় ব্রিটিশ শাসনের অবসান হলো। বিভাজিত হলো বাংলা। পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শেষে বিভাজিত বাংলার পূর্বাঞ্চল রূপান্তরিত হলো বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রে। স্বাধীন বাংলাদেশের সিংহভাগ মানুষের অসাম্প্রদায়িক প্রবণতা দুর্গোৎসবকে পরিণত করল প্রকৃত অর্থেই সর্বজনীন উৎসবে।