বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যে উত্তেজনা ও সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে, সেটি যদি না হতো তাহলে সম্ভবত মার্চ ও এপ্রিল এ দুই মাসজুড়েই সংবাদমাধ্যমের শিরোনামে বারবার দেখা যেত দুর্নীতির খবর। বিশেষ করে রাজনীতিকদের দুর্নীতির। মনে হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে রাজনীতিকেরা দুর্নীতির প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। আর ঘটনাচক্রে এই এপ্রিলেই আমরা জানতে পারব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোড়ন জাগানো দুর্নীতির অভিযোগ—পদ্মা সেতু প্রকল্পকে ঘিরে দেশি-বিদেশিনির্বিশেষে কারা, কোথায়, কতটুকু দুর্নীতি করেছেন বা করার চেষ্টা করেছিলেন। কেননা, কানাডার আদালতে এ সপ্তাহেই (৮ এপ্রিল) এসএনসি লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পকে ঘিরে ওঠা দুর্নীতির মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। আর আশা করা যায়, পাশ্চাত্যের একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আদালতের স্বচ্ছতা এবং স্বাধীনতা নিয়ে অন্তত কেউ কোনো প্রশ্ন তুলবেন না বা সন্দেহ জাগানোর চেষ্টা করবেন না।বিশ্বজুড়ে যেসব দুর্নীতির অভিযোগের কথা বলছিলাম, তার মধ্যে যেমন রয়েছেন ফ্রান্সের শীর্ষস্থানীয় রাজনীতিক, তেমনি রয়েছেন শত-কোটি ডলারের বাণিজ্যিক সাম্রাজ্যের কর্ণধার, এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধানও। আর তার সঙ্গে যুক্ত হয়েছে উইকিলিকসের পর বিশ্বের সবচেয়ে বড় ধরনের অনুসন্ধানী সাংবাদিকতার ফলাফল, যাতে বেরিয়ে এসেছে বিশ্বের প্রায় সব প্রান্তের রাজনীতিক, ব্যবসায়ী এবং ক্ষমতাবানদের কর ফাঁকি দেওয়ার তথ্য।এগুলোর মধ্যে আলোচনার শীর্ষে আছে ফ্রান্স। কেননা, ধনী ও সম্পদশালীদের সঙ্গে ওঠাবসা এবং তাঁদের নানা ধরনের করসুবিধা দেওয়ার জন্য খেটে খাওয়া মানুষজনের সঙ্গে নিকোলা সারকোজির যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটাকেই কাজে লাগিয়ে সমাজতন্ত্রী নেতা ওলাঁদ প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর অঙ্গীকার ছিল ধনীদের আয়ের ওপর করের হার বাড়িয়ে ৭৫ শতাংশ করা। যাঁরা কর ফাঁকি দেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। আর প্রেসিডেন্ট ওলাঁদ সরকারের এই অর্থনৈতিক নীতি বাস্তবায়নের দায়িত্ব ছিল যাঁর, সেই বাজেটমন্ত্রীর কেলেঙ্কারিই এখন ফাঁস হয়ে গেছে এবং তাঁকে পদত্যাগ করতে হয়েছে। বিদেশি ব্যাংকে টাকা রাখার অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও বাজেটমন্ত্রী জেরেমি কাউজাক দেশটির পার্লামেন্টে দাঁড়িয়ে নির্দ্বিধায় তা অস্বীকার করে পার পেতে চেয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি এবং তাঁকে পদত্যাগ করতে হয়েছে। ওলাঁদের বিজয়ে ফরাসিদের মধ্যে যাঁরা ভেবেছিলেন যে দিনবদল ঘটেছে, তাঁরা হতাশ হয়েছেন। বিবিসির প্যারিস সংবাদদাতার ভাষ্য অনুযায়ী, সারকোজির সঙ্গী-সাথিদের বাড়াবাড়িতে যাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, তাঁরা এখন দেখছেন যে নতুন যাঁরা ক্ষমতায় এসেছেন, তাঁরা মোটেও ভালো নন তাঁদের চেয়ে। সুতরাং, ফরাসি প্রচারমাধ্যমে এখন সাধারণ মানুষের যেসব ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, তার সুর একটাই, ‘রাজনীতিকেরা সবাই পচে গেছে’। মাত্র কয়েক দিন আগে, ২১ মার্চ, ফ্রান্সের একটি আদালত নিকোলা সারকোজির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুর্নীতির অভিযোগ তদন্তের কথা ঘোষণা করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালের নির্বাচনের সময় তিনি ফ্রান্সের সবচেয়ে ধনী মহিলা লিলিয়ান বেতেনকোর্টের কাছ থেকে বেআইনিভাবে গোপনে প্রায় দেড় লাখ ইউরো নিয়েছেন। বেতেনকোর্ট হলেন লরিয়্যাল ব্র্যান্ডের প্রসাধনসামগ্রীর প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিক। সারকোজিকে জিজ্ঞাসাবাদেও হাজির হতে হয়েছে। এর এক দিন আগে ফরাসি পুলিশ আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ডের প্যারিসের বাড়িতে তল্লাশি চালায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সারকোজি সরকারের অর্থমন্ত্রী থাকাকালে ২০০৭ সালের নির্বাচনে সারকোজিকে সমর্থনের প্রতিশ্রুতির বিনিময়ে এক ব্যবসায়ীকে ফরাসি ব্যাংক ক্রেডিট লিয়োনেইস থেকে ৪০ কোটি ইউরো ক্ষতিপূরণ পাইয়ে দিয়েছিলেন। ক্রেডিট লিয়োনেইস ব্যাংকটি সে সময় আংশিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকায় এই অভিযোগ। ফরাসি রাজনীতিকদের কেলেঙ্কারির তালিকায় সর্বসাম্প্রতিক সংযোজন হচ্ছে প্রেসিডেন্ট ওলাঁদের সোশ্যালিস্ট পার্টির কোষাধ্যক্ষের কেম্যান আইল্যান্ডসে দুটো কোম্পানিতে বিনিয়োগের তথ্য ফাঁস। করমুক্ত আয়ের আশায় অথবা কালোটাকা লুকিয়ে রাখার জন্য খ্যাতি অর্জন করেছে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চল, কেম্যান আইল্যান্ডস হচ্ছে সেগুলোর অন্যতম। যে সম্পদশালীরা কর ফাঁকি দেয় বলে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার রাজনৈতিক অঙ্গীকার করে নির্বাচিত হওয়ার কারণেই এই কেলেঙ্কারি দেশটিতে আলোড়ন তুলেছে।ফরাসি শাসক দলের কোষাধ্যক্ষের এই গোপন বিনিয়োগের খবর ফাঁস হয়েছে অনুসন্ধানী সাংবাদিকতায় বৈশ্বিক সহযোগিতার এক অভূতপূর্ব উদ্যোগের মাধ্যমে। ব্রিটেনের গার্ডিয়ান এবং বিবিসি, ফ্রান্সের লা মঁদ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট, কানাডার সিবিসিসহ আরও ৩২টি সংবাদমাধ্যমের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কোলাবরেশন অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম—আইসিআইজে প্রায় ২৫ লাখ গোপন নথিতে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ নানা পেশার লোকজনের গোপন বিনিয়োগের তথ্য হাতে পেয়েছে। এসব তথ্যের বিশ্লেষণ এখনো চলছে। জানা যাচ্ছে, এ ধরনের প্রায় পৌনে দুই লাখ বেনামী কোম্পানির বিনিয়োগের পরিমাণ হচ্ছে প্রায় ৩২ ট্রিলিয়ন ডলার।এসব করমুক্ত রাজ্য বা স্বায়ত্তশাসিত এলাকায় ভুয়া কোম্পানি এবং ট্রাস্ট ফান্ড রেজিস্ট্রি করে নামে-বেনামে টাকা জমা রেখেছে বলে এ পর্যন্ত যাঁদের নাম প্রকাশিত হয়েছে, তাঁদের মধ্যে আছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহ্যাম আলিয়েভ, রুশ উপপ্রধানমন্ত্রী ইগর শুভালভের স্ত্রী, রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের দুজন নির্বাহী, জর্জিয়ার প্রধানমন্ত্রী বিদজিনা ইভানিশভিলি, মঙ্গোলিয়ার ডেপুটি স্পিকার, কানাডার লিবারেল পার্টির একজন সিনেটর পানা মার্চেন্টের আইনজীবী স্বামী, যুক্তরাষ্ট্রের তেলের ব্যবসায়ী ও ঠগবাজ মার্ক রিচ, যাঁকে প্রেসিডেন্ট ক্লিনটন সাজা মওকুফ করে মুক্তি দিয়েছিলেন তাঁর স্ত্রী সংগীত রচয়িতা ডেনিস রিচ, স্পেনের শিল্পপতি ব্যারনেস কারমেন থাইসেন বর্নেমিৎসা, ফিলিপাইনের সামরিক শাসক মার্কোসের মেয়ে মারিয়া ইমেলদা মার্কোস মানোটক, থাইল্যান্ডের সাবেক মন্ত্রী নলিনি তাভেসিন, ইন্দোনেশিয়ার শিল্পপতি স্টিফেন রিয়াদি, পাকিস্তানের সাবেক উপপ্রধানমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহির ছেলে মুনিস এলাহি, ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের এমপি, শিল্পপতি গাদ্দাম বিবেকানন্দ প্রমুখ। এসব বিনিয়োগ অনেক ক্ষেত্রেই যদিও বিদ্যমান আইনের সুবিধা নিয়েই করা হয়েছে, তবু নামের তালিকা থেকে রাজনৈতিক ক্ষমতা বা রাজনীতিতে প্রভাবের সঙ্গে সম্পদের যোগসাজশটা সুস্পষ্ট হয়ে ওঠে। ফিলিপাইনের সরকার বলেছে যে তাঁদের ধারণা, মার্কোস-কন্যা এই বিনিয়োগ আসলে তাঁর বাবার অবৈধভাবে পাচার করা ৫০০ কোটি ডলারের অংশ। ইমি মার্কোস নামে অধিক পরিচিত মার্কোস-কন্যা ফিলিপাইনের একটি প্রদেশের গভর্নর এবং দেশের আইন অনুসারে ঘোষিত সম্পদ বিবরণীতে ব্রিটিশ ভার্জিন দ্বীপে তাঁর এই বিনিয়োগের তথ্য তিনি ঘোষণা করেননি। সুতরাং, তাঁরা এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখার উদ্যোগ নিচ্ছেন। ভারত ও পাকিস্তানের এ দুই রাজনীতিকই অবশ্য বলেছেন যে এ ধরনের কোনো বেনামী কোম্পানিতে তাঁরা জড়িত নন।তালিকাটি প্রকাশের পর জার্মানি বলেছে, শিল্পোন্নত দেশগুলোর জোট জি-এইট আসন্ন বৈঠকে এই কর ফাঁকির বিষয়টি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেবে। তবে ব্রিটেনে এ বিষয়ে এখনো কিছুটা দোদুল্যমানতা লক্ষণীয়। কেননা, করমুক্ত সুবিধা দেয় যেসব অঞ্চল, সেগুলোর মধ্যে বেশ কয়েকটিই ব্রিটিশরাজ্য বা স্বায়ত্তশাসিত এলাকা। আর কর না পেলেও ওই বিপুল অঙ্কের বিনিয়োগ কোনো না কোনোভাবে অর্থনীতিতে ভূমিকা রেখে থাকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক লিবারেল ডেমোক্র্যাটরা এবং প্রধানমন্ত্রী ক্যামেরনের প্রতি তাঁরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। রাজনৈতিক ক্ষমতা, সম্পদ এবং দুর্নীতির দুষ্টচক্র উন্মোচনে সংবাদমাধ্যমের এই বৈশ্বিক প্রকল্প যে নতুন মাত্রা যোগ করেছে, তার পটভূমিতে আশা করি বাংলাদেশের সম্পাদকেরাও অচিরেই অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়টিতে যথেষ্ট গুরুত্ব দেবেন। বিশ্বজুড়ে দুর্নীতির এসব খবরে অবশ্য বাংলাদেশের অনেকেই কিছুটা আহ্লাদিত হতে পারেন। কেননা, হল-মার্ক, ডেসটিনির মতো পুকুরচুরির ঘটনায় যেসব উপদেষ্টা এবং রাজনীতিকের নাম এসেছে কিংবা রেলের বস্তা থেকে লাফ দিয়ে পড়া কালো বিড়ালখ্যাত রথী-মহারথীরা এখন বলতে পারবেন যে এসব অনিয়ম-বিচ্যুতির অভিযোগ দুনিয়ার সব জায়গাতেই শোনা যায়। শেয়ারবাজারের বিপর্যয়কে তো অর্থমন্ত্রী দুষ্ট লোকেদের কারবার বলে বহুবার অভিহিত করেছেন। সুতরাং, শেয়ারবাজার থেকে হাতিয়ে নেওয়া টাকা কোথাও কোনো দ্বীপরাজ্যে বেনামে কেউ সরিয়ে রেখেছেন কি না, সে বিষয়ে সরকারি তদন্তের কোনো সম্ভাবনাই নেই। পদ্মা সেতুর অভিযোগ ঘিরে বিতর্কের সময় তো মন্ত্রীদের অনেকেই বলেছিলেন যে বিশ্বব্যাংকের উচিত আগে তাদের নিজেদের ভেতরের দুর্নীতির দিকে নজর দেওয়া। এখন হয়তো তাঁরা আইএমএফের কথাও বলবেন। কিন্তু এতে করে তো বাংলাদেশের মানুষের কানে ফরাসি ভোটারদের কথাগুলোই শুধু বাজবে।কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।