
বিশ্বের স্বল্পোন্নত দেশের কাতার থেকে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের উত্তরণের সম্ভাবনাকে এখন আর অবাস্তব বলে উড়িয়ে দেওয়া যাবে না। অনেক উন্নয়ন বিশেষজ্ঞের কাছে দুর্জ্ঞেয় মনে হলেও সবাইকে স্বীকার করতে হচ্ছে যে দুই দশক ধরে বাংলাদেশের অর্থনীতিতে যে গতিশীলতা সঞ্চারিত হয়েছে, তাতে বিশ্বের ‘নিম্ন-মধ্যম মাথাপিছু আয়ের’ দেশ হিসেবে ঘোষিত হওয়ার যেসব শর্ত রয়েছে, সেগুলো পূরণের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ।এই গতিশীলতা অর্জনের পেছনে যে চারটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়, সেগুলো হচ্ছে: ১. বাংলাদেশের কৃষি উৎপাদনে, বিশেষত ধান উৎপাদনে চমকপ্রদ সফলতা; ২. রপ্তানিমুখী পোশাকশিল্পের দ্রুত বিকাশ; ৩. বিদেশে অভিবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্স-প্রবাহের প্রশংসনীয় প্রবৃদ্ধির হার এবং ৪. অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংক প্রবর্তিত ক্ষুদ্রঋণের ধারণাটি গ্রহণের মাধ্যমে গ্রামে-গঞ্জে এনজিওগুলোর অংশগ্রহণে ক্ষুদ্রঋণের দ্রুত বিস্তার।
বাংলাদেশের অর্থনীতির সাফল্যের এ চারটি প্রধান ডাইমেনশনের কোনটা বেশি কৃতিত্বের দাবিদার, তা নিয়ে বেফজুল বিতর্ক আমার কাছে একেবারেই অপছন্দনীয়। তবে যে কথাটি নির্দ্বিধায় বলা চলে তাহলো, এই চারটি অর্জনের প্রতিটির মূল নায়ক বাংলাদেশের শ্রমজীবী জনগণ। সে জন্য যখন কিছু কিছু বিদেশি খ্যাতনামা উন্নয়ন-চিন্তাবিদ বাংলাদেশের অর্জনকে ‘প্যারাডক্স’, রহস্যজনক বা অবিশ্বাস্য বলে মন্তব্য করে বসেন এবং আমাদের দেশের কিছু কিছু নামজাদা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞকে তাতে সায় দিতে দেখি, তখন ক্ষুব্ধ না হয়ে পারি না। কারণ, এই চমকপ্রদ অর্জনগুলোর পেছনে কোনো রহস্য নেই, কিংবা এ ক্ষেত্রে প্যারাডক্সও নেই। বাংলাদেশে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দুর্নীতি এবং পুঁজি লুণ্ঠনের তাণ্ডব সত্ত্বেও এই ইতিবাচক প্রবণতাগুলো ক্রমেই জোরদার হয়ে চলেছে। এর মানে হলো, যদি এ দেশের শাসক মহল ও আমলাদের দুর্নীতির লাগাম টেনে ধরা যেত, তাহলে বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে এত দিনে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারত।
বার্লিনভিত্তিক দুর্নীতি গবেষণাপ্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গবেষণালব্ধ ও প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২০০১ সাল থেকে পর পর পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কুখ্যাতি অর্জন করেছিল, যার মধ্যে একবার শেখ হাসিনার আমলে এবং বাকি চারবার খালেদা জিয়ার আমলে। এরপর ২০০৬ সাল থেকে এই দুর্ভাগ্যজনক তকমাটা আমাদের কপালে আর না জুটলেও গত আট বছরে এ দেশে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দুর্নীতি, স্বজনপ্রীতি ও আত্মীয়তোষণ, পুঁজি লুটেরাদের লুণ্ঠন, চাঁদাবাজি, মাস্তানি বেড়ে যে আরও অসহনীয় পর্যায়ে চলে গেছে, তা কি অস্বীকার করা যাবে? আমাদের কৃষকসমাজ কৃষি উৎপাদনে, বিশেষত ধান উৎপাদনে যে চমকপ্রদ সাফল্য অর্জন করে ‘খাদ্যশস্য স্বয়ম্ভরতার’ দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, তা স্বাধীনতার উষালগ্ন থেকে তথাকথিত ‘তলাহীন ভিক্ষার ঝুলি’ হিসেবে পরিচিত এই দেশটিকে ওই চরম অপমানজনক অবস্থা থেকে উদ্ধার করেছে। এই সাফল্যের পেছনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সৎ, মেধাবী ও নিরলস প্রয়াসকেও প্রশংসা করতেই হবে এবং দেশবাসী এই স্বীকৃতি দিতে কার্পণ্য করছেন না বলেই আমার বিশ্বাস। কিন্তু বাকি তিনটি বিষয়ে জনগণ নিজেদের জীবন ও জীবিকার তাগিদেই প্রাণপণ প্রয়াস চালিয়ে সাফল্যকে ধরা দিতে বাধ্য করেছেন বলা চলে। শুধু ক্ষুদ্রঋণের সহায়তায় দারিদ্র্য দূর করা যাবে না, এটা মেনে নিয়েও বলতেই হবে ‘দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী বাংলাদেশের জনসংখ্যার হার’ প্রশংসনীয়ভাবে কমে আসার পেছনে ক্ষুদ্রঋণের অবদানকে যাঁরা খাটো করতে চাইছেন, তাঁরা নেহাতই জ্ঞানপাপী। ওই একই দৃষ্টিভঙ্গি থেকে বলা যায়, পোশাকশিল্পে উন্নত বিশ্বের বহুজাতিক কোম্পানিগুলো এ দেশের নারী শ্রমিকদের নিষ্ঠুর শোষণের (সুপার এক্সপ্লয়টেশন) ব্যবস্থা কায়েম করে মুনাফাবাজির ক্ল্যাসিক নজির স্থাপন করলেও সমাজের সবচেয়ে দরিদ্র প্রায় ৪০ লাখ নারীর কর্মসংস্থানের এই বিরাট আয়োজনটিকে দারিদ্র্যের করাল থাবা ও মানবেতর জীবনের মরণফাঁদ থেকে বাংলাদেশের এই নারী শ্রমিকদের রক্ষা পাওয়ার মহা সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। তেমনিভাবে বাংলাদেশের প্রায় এক কোটি অভিবাসী শ্রমিক ও পেশাজীবীর বিদেশে অভিগমনের ব্যাপারটিতেও সরকারের কৃতিত্ব তেমন নেই। নিজেদের জীবন-জীবিকার তাগিদে যে যেভাবে পেরেছেন বিদেশে পাড়ি জমিয়েছেন, তাঁদের সিংহভাগ, কিন্তু মা-বাবা-স্ত্রী-পুত্র-কন্যা-ভাইবোনদের ভরণপোষণের জন্য পাঠানো তাঁদের রেমিট্যান্সই গত দুই দশকে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের এই অগ্রগতির পথে সবচেয়ে দুর্লঙ্ঘ্য বাধার পাহাড় দুর্নীতি ও লুটপাট। স্বাধীনতার ৪৩ বছর পার করছি আমরা, অথচ এই দুর্নীতি ও লুটপাটের ক্রমবর্ধমান দৌরাত্ম্য থেকে পরিত্রাণের কোনো আলামত এখনো দেখা যাচ্ছে না। নব্বই দশকের শেষ দিকে বিশ্বব্যাংকের গবেষণায় দাবি করা হয়েছিল, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার প্রতিবছর ১ শতাংশ
কমিয়ে দিচ্ছে দুর্নীতি। আমার বিশ্বাস, দুর্নীতির ক্ষতিকর প্রভাব অর্থনীতির প্রবৃদ্ধির জন্য আরও অনেক বেশি নেতিবাচক। কারণ, এই দুর্নীতির অর্থনীতি যে বিশাল কালো অর্থনীতি বা ‘প্যারালাল ইকোনমি’কে ভয়ংকর পর্যায়ে নিয়ে চলেছে, তার ফলে দেশের বিনিয়োগের স্থবিরতা কাটানো ক্রমেই দুরূহ হয়ে উঠবে। জমিজমা-প্লট-ফ্ল্যাট কেনা, রিয়েল এস্টেটে বিনিয়োগ, সোনাদানা কেনা ইত্যাদি পর্ব পেরিয়ে এখন শনৈঃ শনৈঃ বাড়ছে বিদেশে পুঁজি পাচার। এই পলাতক পুঁজির বহির্মুখী প্রবাহকে রুদ্ধ করা বিশ্বায়নের বর্তমান যুগে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের ঋণের একটা বড় অংশ বিদেশে পাচার করে দেওয়াটা ‘কালচারে’ পরিণত হয়েছে এ দেশের ধনাঢ্য ব্যবসায়ী ও শিল্পপতিদের কাছে।
এখন নতুন আপদ শুরু হয়েছে দেশীয় ব্যাংকগুলোর গ্যারান্টির ভিত্তিতে বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়ার হিড়িক। এ ঋণও পাচার হয়ে যাচ্ছে বিদেশে। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমানো পুঁজি পাচারকারীদের কাতারে গার্মেন্টসের মালিক ও অন্যান্য রপ্তানিকারক, আমদানি ব্যবসায় নিয়োজিত বড় বড় ব্যবসায়ী, কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক আমলা ও সিভিল আমলা, ইঞ্জিনিয়ার, কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, আয়কর ও ভ্যাট কর্মকর্তা-কর্মচারী, পুলিশ অফিসার এবং দুই দশক ধরে ক্ষমতাসীন দুটো রাজনৈতিক দলের বড় বড় নেতা ও তাঁদের আত্মীয়স্বজনদেরই আধিক্য লক্ষ করা গেছে। তাঁরা বিদেশে ঘরবাড়ি কিনেছেন, ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করছে, অনেকে ইতিমধ্যেই ব্যবসাপাতি ফেঁদে বসেছেন। বেগম সাহেবানরা পরিবার নিয়ে বিদেশে বসবাস করছেন, দুই ঈদে, আত্মীয়স্বজনের বিয়ে-শাদিতে দেশে এসে বেড়িয়ে যাচ্ছেন। আর সাহেবরা দেশে ধুমসে দুর্নীতি আর লুটপাট করে টাকা কামাচ্ছেন এবং বিদেশে পাচার করে চলেছেন। যথাসময়ে তিনিও চলে যাবেন। অভিবাসীদের ‘হুন্ডি ডলার’ পুরো ব্যাপারটাকে একেবারেই সহজ করে দিচ্ছে দিন দিন। উপরন্তু, কালোটাকা সাদা করার জন্য সরকারের অব্যাহত ছত্রচ্ছায়া তো রয়েছেই।
এ পর্যায়েই বলা প্রয়োজন, সত্তরের দশকে বঙ্গবন্ধুর সরকারের শাসনামলে দুর্নীতি ‘সিস্টেমে’ পরিণত হয়নি, কিন্তু তা ক্রমবর্ধমান ছিল। রিলিফের মালামাল চুরি, রাষ্ট্রায়ত্ত কল-কারখানায় দুর্নীতি ও লুটপাট, শ্রমিকনেতাদের একাংশের চাঁদাবাজি, কিছু দৃশ্যমান স্বজনপ্রীতি—এগুলোর জন্য বঙ্গবন্ধু সরকারকে প্রচুর বদনাম সইতে হলেও তাঁর পরবর্তী শাসকদের শাসনামলের তুলনায় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দুর্নীতি উভয়ই তাঁর আমলে অনেক কম ছিল। কিন্তু সদ্য স্বাধীন দেশে মানুষের অনেক বেশি প্রত্যাশা ছিল তাঁর কাছে। যুদ্ধবিধ্বস্ত দেশে অভাব-অনটন এবং মানুষের জীবনের দুর্ভোগও ছিল অনেক বেশি তীব্র।মানুষের দৈনন্দিন জীবন এতই টানাপোড়েনকবলিত ছিল যে দুর্নীতি ও লুটপাটের মতো নেতিবাচক বিষয়গুলোই প্রচার পেয়েছে বেশি।তাই প্রত্যাশার বিপরীতে হতাশা সৃষ্টি হতেও দেরি হয়নি।
সর্বোপরি, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের অব্যবহিত পরের মাসগুলোতে আওয়ামী লীগের জনপ্রিয়তায় এই দুর্নীতির বদনামই সবচেয়ে বেশি ধস নামিয়েছিল। এটারই হয়তো সুযোগ নিয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘাতকেরা। দুর্নীতির কথাই ঘাতকেরা ফলাও করে প্রচার করেছিল। এমনকি ১৯৭৫ সালের নভেম্বরে ক্ষমতা গ্রহণের পর জিয়াউর রহমানও তাঁর ব্যক্তিগত সততার একটা ‘মিথ’ গড়ে তোলার মাধ্যমে নানা ধরনের অবৈধ সুযোগ-সুবিধা দিয়ে তাঁর কেনাবেচার রাজনৈতিক দুর্নীতিকে অনেকটা আড়াল করে দিতে সমর্থ হয়েছিলেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণের যথেচ্ছ বাঁটোয়ারা, ব্যক্তি খাতের শিল্প-কারখানার লাইসেন্স-পারমিট বিতরণ, পরিত্যক্ত ও রাষ্ট্রায়ত্ত কল-কারখানা-ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা বিতরণ, দেদার আমদানি পারমিট বিতরণ, দুর্লভ বৈদেশিক মুদ্রার বণ্টনে অগ্রাধিকার প্রদান, বৈদেশিক ঋণ-অনুদানে অর্থায়িত প্রকল্পের ঠিকাদারি বিতরণ-রাজনৈতিক নেতা-কর্মী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সিভিল আমলা ও ব্যবসায়ীদের বিএনপির পূর্বসূরি জাগদলে ভেড়াতে জিয়াউর রহমান এ ধরনের সব মহাজনী পন্থাই যথেচ্ছ ব্যবহার করেছেন। সঙ্গে আরেকটা ‘কমন ফ্যাক্টর’ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধবাদী সাজতে হবে ওই সব সুযোগসন্ধানী ব্যক্তিদের। স্বাধীনতাবিরোধী, পাকিস্তানের দালাল কিংবা পাকিস্তানপ্রেমী হলেও ক্ষতি নেই।
স্বৈরাচারী এরশাদ আমল থেকে দুর্নীতি ও লুটপাট এ দেশে প্রাতিষ্ঠানিকতা অর্জন করতে শুরু করেছিল, যা গত তিন দশকে পুরোপুরি ‘সিস্টেমে’ পর্যবসিত হয়েছে। ১৯৯১ সালে ভোটের গণতন্ত্রের লেবাসে ‘নির্বাচিত প্রধানমন্ত্রীর একনায়কত্ব’ চালু হওয়ার পর গত ২৩ বছরে ক্রমেই বিএনপি ও আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটকে নতুন নতুন শিখরে পৌঁছে দিচ্ছে তাদের প্রতিটি শাসনামলে। কিন্তু এতৎসত্ত্বেও বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৬ শতাংশের আশপাশেই থাকছে। এটাকেই ‘প্যারাডক্স’ হিসেবে অভিহিত করছেন কিছু কিছু উন্নয়ন চিন্তাবিদ, আর সেখানেই আমাদের আপত্তি। এখানে কোনোই রহস্য নেই। কোনো দেশের জিডিপির প্রবৃদ্ধি ওই দেশের জনগণেরই অর্জন, দেশের অভ্যন্তরেই হোক বা বিদেশেই হোক। সরকার প্রধানত উৎপাদনের সহায়ক শক্তি কিংবা ‘পথের বাধা’ হিসেবেই ভূমিকা পালন করে থাকে। আমাদের দুর্ভাগ্য যে এ দেশের সরকারগুলো দুর্নীতি ও লুটপাটের ধারাবাহিকতা বহাল রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে ‘এক নম্বর বাধা’ হিসেবেই খাড়া হয়ে রয়েছে। নয়তো এত দিনে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থানে পৌঁছে যেত।
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ও সাবেক সভাপতি, বাংলাদেশ অর্থনীতি সমিতি।