
১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর কোনো প্রধানমন্ত্রী আজও মেয়াদ পূর্ণ করতে পারেননি। অতীতকালে হত্যাযজ্ঞ বা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের মধ্য দিয়ে তাঁদের মেয়াদকালে যতি পড়েছে। কিন্তু এবার বলপ্রয়োগের মাধ্যমে নয়, টাকার কারণে নওয়াজ শরিফের বিদায় হলো। পাকিস্তানের সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে এটা নিশ্চিত করেছেন যে তিনিও উল্লিখিত ধারার ব্যতিক্রম হতে যাচ্ছেন না। এতে যেন আদালত নিজেই বিস্মিত হয়ে গেছেন।
আদালত নওয়াজ শরিফকে পানামায় অফশোর হিসাব রাখার মতো লঘু অপরাধে দণ্ডিত করেছেন। তার সঙ্গে আছে উপসাগরীয় দেশগুলোতে অঘোষিতভাবে টাকা গচ্ছিত রাখার অপরাধ, যার কারণে তাঁকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে হয়েছে। কিন্তু শরিফের পরিবারের ক্ষমতা কি শেষ হলো, যারা তিন দশক ধরে পাকিস্তানের ডানপন্থী রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে? আর তাদের ক্ষমতা যদি শেষ হয়, তাহলে সেই শূন্যতা কে পূরণ করবে?
পাকিস্তানের মতো ক্রিকেট-আচ্ছন্ন জাতির প্রধান বিরোধী নেতা হচ্ছেন ইমরান খান। ফলে এখানে ক্রিকেট-সম্পর্কিত উপমা দ্রুতই আসতে শুরু করেছে। ব্যাপারটা হলো আত্মপরিহাসে পাকিস্তান সব সময়ই ভালো, ‘এটা কেবল টি–২০ দিয়ে শুরু হলো, আমরা টেস্ট ম্যাচের জন্য অপেক্ষা করছি (সাধারণ নির্বাচন)। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে’...‘শরিফ পরিবার চিরকাল ধরেই ম্যাচ পাতিয়ে আসছে।’ আকাশে-বাতাসে একধরনের হতাশা বিরাজ করছে, ভাবখানা এমন, শরিফ বহুদিন ধরেই দেশটি লুটপাট করেছেন, এবার অন্যদের সুযোগ দেওয়া উচিত।
ওদিকে শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পাল্টা আঘাত হানছে। তাদের অভিযোগ, আদালত প্রতিহিংসার বশবর্তী হয়ে এ কাজ করেছেন, যার সাধারণ অর্থ দাঁড়ায় এ রকম যে নওয়াজ টাকা দিয়ে একজন বিচারককেও কিনতে পারেননি। ব্যাপারটা সত্যি ব্যতিক্রম। পাকিস্তান দেশটি তার কোনো নাগরিকের জীবনের জন্যই সহায়ক নয়। একদিকে ভুট্টো-জারদারি পরিবারকেন্দ্রিক রাজনীতি, অন্যদিকে শরিফ পরিবারের রাজনীতি—এই উভয় পরিবারের রাজনীতি দুর্নীতিতে নিমজ্জিত। প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে শেখে, কীভাবে এই দুর্নীতি ধামাচাপা দেওয়া যায়। ফলে তারা নথিপত্র রাখে না এবং হিসাব নিয়ে নানা কারসাজি করে থাকে। বহু বছর আগের কথা বলি, বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী থাকাকালীন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষ তাঁর সম্পর্কে কী বলছে। উত্তরে আমি তাঁকে বললাম, ‘তাঁরা বলছেন, আপনার স্বামী একেবারেই দুর্নীতিগ্রস্ত, কিন্তু তাঁরা এটা নিশ্চিত নন, আপনি এ সম্পর্কে কতটা জানেন...।’
তিনি সবই জানতেন, এ কথা শুনে তিনি মোটেও লজ্জিত না হয়ে বললেন, ‘আপনি এত বিনয়াভিমানী। সময় বদলে গেছে, যে পৃথিবীতে আমরা থাকি, তা-ও। সবাই এসব করছে, প্রতিটি পশ্চিমা দেশের রাজনীতিকই...’। পরবর্তীকালে নওয়াজ শরিফ সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট ও বেনজিরের স্বামী আসিফ আলী জারদারিকে গ্রেপ্তার করেন, কিন্তু তাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রকৃত প্রমাণ পাওয়া যায়নি, ধামাধরাদের প্রতি জারদারির আনুগত্য কিংবদন্তিসম, পরিণামে তাঁরাও জারদারির প্রতি অনুগত ছিলেন। মনে হয়, শরিফ এ ব্যাপারে অতটা ভাগ্যবান নন।
অনেকেই ঠারেঠোরে বলছেন, সুপ্রিম কোর্টের এই সর্বসম্মত রায়ের পেছনে সেনাবাহিনীর হাত আছে, যে হাত আবার অতটা অদৃশ্যও নয়। বলপ্রয়োগ করেই কি অর্থসংক্রান্ত মামলা দিয়ে তুরুপ করে দেওয়া হলো? স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নেসার যখন শান্তস্বরে গণমাধ্যমকে জানালেন, তাঁর দেশ চারটি গুরুতর হুমকির মুখে পড়েছে, যা সম্পর্কে তিনিসহ শুধু চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অবগত, তখন এই ধারণাটা আরও শক্তিশালী হয়। এই চতুষ্টয়ের বাকিরা উর্দিধারী, আর সে কারণেই তাঁদের নাম মুখে আনা হয়নি।
তো হুমকির ব্যাপারটা কী? সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতায় খেপে গেছে, যেটা তারা সব সময়ই করে থাকে। সৌদি রাজতন্ত্রের প্রতি শরিফের দাস্য মনোভাবে ইরান খেপে গেছে। এরপর শরিফ আবার নিরন্তরভাবে ভারতের কাছে দেনদরবার করছেন, যদিও নয়াদিল্লিতে মোদির মতো ক্ষমতাকামী মানুষ ক্ষমতায়। এর সঙ্গে ছিল আফগানিস্তানের ন্যাটোবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করার তীব্র মার্কিন চাপ এবং পাকিস্তানের ভেতরে ড্রোন হামলার হুমকি। অর্থাৎ যুক্তরাষ্ট্র উপজাতি-অধ্যুষিত মরুভূমিতে শুধু নয়, পাকিস্তানের ভেতরেও প্রয়োজনবোধে ড্রোন হামলা চালাবে। এ পথে শরিফ বাধা ছিলেন, তাই তাঁকে সরাতে হলো।
এ নিয়ে তেমন একটা সন্দেহ নেই যে রাজনৈতিক দুর্নীতি পাকিস্তানে মারাত্মক আকার ধারণ করেছে। তবে এটা শুধু পাকিস্তানে নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এবং এমনকি চীনেও আছে। সামরিক একনায়কেরা এটা বাগে আনতে চেষ্টা করেও লাভবান হন না। কারণ, তাঁরা সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের দুর্নীতির বিষয়টি গ্রাহ্য করতে চান না। পাকিস্তানের অন্যান্য সমস্যার মধ্যে আছে সংখ্যালঘু, নারী ও দরিদ্রদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা। পাকিস্তানের সামাজিক সংহতি এমনভাবে ঘুণে আক্রান্ত হয়েছে যে তা যেন আর সারানোর নয়।
কলাকৌশলগত খুঁটিনাটির মাধ্যমে শরিফকে ক্ষমতা থেকে নামানো হলো, যাহোক, তিনি এখন নেই। শরিফের একদা পৃষ্ঠপোষক জেনারেল জিয়াউল হক সংবিধানে যে ধারা যোগ করেছিলেন, তার বলেই শরিফের পতন হলো। জেনারেল জিয়া এটা ধরে নিয়ে এই ধারা ঢুকিয়েছিলেন যে সব সাংসদ ‘সৎ ও আন্তরিক’ হবে। এটা প্রয়োগ করা হলে জাতীয় সংসদ চিরকালই শূন্য থেকে যাবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
তারিক আলী: পাকিস্তানি লেখক ও সাংবাদিক।