দুর্বৃত্তায়িত রাজনীতি ও লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে দুজন সাংসদ নিয়ে আজকের আলোচনা, ঘটনাক্রমে তাঁরা দুজনই লক্ষ্মীপুরের বাসিন্দা। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অন্যান্য স্থানের মতো লক্ষ্মীপুরে অনেক গুণী ও যোগ্য মানুষ আছেন। কিন্তু পরপর সেই এলাকার দুই জনপ্রতিনিধির দুটি ঘটনা লক্ষ্মীপুরের বদনাম করেছে। এর আগে তাহের-পুত্র বিপ্লবের ঘটনাও বেশি আলোচিত ছিল। আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি রাষ্ট্রপতির অনুকম্পায় মুক্তি পেয়ে যান।

দুই সাংসদ শহিদ ইসলাম ওরফে পাপুল ও এম এ আউয়াল। শহিদ ইসলাম ২০১৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। আর এম এ আউয়াল জয়ী হয়েছিলেন ২০১৪ সালের নির্বাচনে। মানব ও অর্থ পাচারের দায়ে প্রথমে কুয়েতের একটি আদালত লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ শহিদ ইসলামকে চার বছর কারাদণ্ড দেন। এরপর আপিল আদালত দণ্ড বাড়িয়ে সাত বছর কারাদণ্ড দেন। দণ্ডিত হওয়ার কারণে তাঁর সাংসদ পদ ইতিমধ্যে বাতিল হয়ে গেছে।

শহিদ ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েও কীভাবে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেয়েছিলেন, কেন্দ্রীয় কোন কোন নেতার সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল, কার নির্দেশ ও পরামর্শে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ নোমান প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন, তার বিস্তারিত বিবরণ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেছেন, শহিদ কোনো দিন আওয়ামী লীগ করেননি। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি চিঠি দিয়ে লক্ষ্মীপুর আওয়ামী লীগের নেতাদের হুকুম দেয়, দলের নিবেদিতপ্রাণ এই নেতাকে জিতিয়ে আনার জন্য কাজ করতে হবে। কুয়েতে শহিদ ইসলাম গ্রেপ্তার হওয়ার পর প্রথম আলো সংবাদ শিরোনাম করেছিল ‘শুধু টাকার জোরেই....’। টাকার জোরে কেবল শহিদ ইসলাম সাংসদ হননি, তাঁর স্ত্রী সেলিনা ইসলামকেও সংরক্ষিত আসনে সাংসদ করেছিলেন। সেলিনা ইসলাম এখনো সাংসদ।

বাংলাদেশে টাকার জোরে অনেক কিছুই হয়। টাকার জোরে, জোটের জোরে সাংসদ হওয়া যায়। আবার একবার সাংসদ হলে তার প্রভাব-প্রতিপত্তি আমৃত্যু খাটানো যায়। সম্প্রতি মিরপুরে সাহিনুদ্দিন খুনের রহস্য উদ্‌ঘাটন করতে গিয়ে এলিট ফোর্স র‌্যাব যেসব তথ্য-উপাত্ত হাজির করেছে, তা রীতিমতো রোমহর্ষ। র‌্যাবের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘মিরপুরে সুমনের নেতৃত্বাধীন সন্ত্রাসী গ্রুপ দিয়ে সাবেক সাংসদ এম এ আউয়াল জমি দখল ও আধিপত্য বিস্তার করতেন। সুমন আউয়ালের কাছ থেকে প্রতি মাসে ১০-১২ হাজার টাকা পেতেন। ক্ষেত্রবিশেষে কাজ অনুযায়ী অতিরিক্ত টাকা পেতেন। সুমন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, রিকশার টোকেন-বাণিজ্য, মাদক, জুয়াসহ নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য আইনে ছয়টি মামলা আছে।’

এখানে কয়েকটি সত্য বেরিয়ে এসেছে। এক. একবার সাংসদ হলে সেই নাম ভাঙিয়ে জমি দখল ও আধিপত্য বিস্তারের জন্য মাসোহারা দিয়ে সন্ত্রাসী গ্রুপ পোষা যায়। দুই. সেই সন্ত্রাসী গ্রুপের প্রধান সুমন চাঁদাবাজি-ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

পত্রিকার খবর অনুযায়ী, ১৭ মে বিকেলে সাত বছরের শিশুপুত্রকে নিয়ে সাহিনুদ্দিন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। এ সময় সুমন ব্যাপারী ও টিটু নামে তাঁর পূর্বপরিচিত দুই ব্যক্তি তাঁকে পল্লবীর-ডি ব্লকে ডাকেন জমির বিরোধ মীমাংসার জন্য। সাহিনুদ্দিন সেখানে গেলে সুমন শিশু পুত্রের সামনেই তাঁকে লাথি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেন। এরপর কুপিয়ে হত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর রোডে দুই তরুণ দুই পাশ থেকে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছেন। ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীদের একজন চলে যান। অন্যজন ওই ব্যক্তির ঘাড়ে কোপাতে থাকেন মৃত্যু হওয়া পর্যন্ত। এ দুই তরুণের অপরজন মানিক।

পল্লবীর ১২ নম্বর সেকশনের বুড়িরটেকে (আলীনগর) সাহিনুদ্দিন ও তাঁদের স্বজনদের ১০ একর জমি আছে। আশপাশের কিছু জমি দখল করে সেখানে হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেড নামের আবাসন প্রকল্প গড়ে তোলেন সাবেক সাংসদ এম এ আউয়াল। সাহিনুদ্দিনের মা আকলিমা বেগমের অভিযোগ, তাঁদের জমি দখল করতে ব্যর্থ হয়ে আউয়াল ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁর পুত্রকে কুপিয়ে হত্যা করেছেন।

গত বছরের নভেম্বরেও সন্ত্রাসীরা সাহিনুদ্দিনকে একবার কুপিয়ে আহত করেছিল। সেই ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। উল্টো সাবেক সাংসদের দেওয়া মামলায় পুলিশ সাহিনুদ্দিন ও তাঁর ভাইকে গ্রেপ্তার করে। সপ্তাহখানেক আগে সাহিনুদ্দিন জামিনে মুক্তি পেয়ে জেলখানা থেকে বেরিয়ে আসেন। এলাকাবাসী জানিয়েছেন, পল্লবী এলাকার কিছু জমি সরকার অধিগ্রহণ করে। সাবেক সাংসদ আউয়াল অধিগ্রহণ করা জমি উদ্ধার করে দেওয়ার কথা বলে নিজেই জমি দখল করে আবাসন ব্যবসা চালাচ্ছেন।

শুধু সাহিনুদ্দিন নয়, গত ১৫ বছরে ওই এলাকায় জমিজমার দখল নিয়ে বিরোধে সাতজন খুন হয়েছেন। ২০১৫ সালের ১৪ মে বুড়িরটেকে দুই পক্ষের সংঘর্ষের সময় বঙ্গবন্ধু কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র চঞ্চলকে কুপিয়ে হত্যা করা হয়। একই বছর ৮ জুলাই মোহাম্মদপুর থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয় পল্লবীর ১২ নম্বর সেকশনের টেকেরবাড়ির সামাদ বক্সের ছেলে মমিন বক্সকে। চার দিন পর কালশী ব্রিজ থেকে তাঁর লাশ উদ্ধার হয়। এরপর খুন হন পাগলা খোকন ও ডি-ব্লকের মিন্টু। ২০১৪ সালে কালাপানির মুসা খুন হন। এর আগে ডিওএইচএস সড়কে খুন হন মোহাম্মদ আলী। ২০০৪ সালের ১৩ ফেব্রুয়ারি সিরামিকের পেছনে কুপিয়ে হত্যা করা হয় আব্বাস নামের এক যুবককে। খুনের বদলা হিসেবে সেখানে একের পর এক খুনের ঘটনা ঘটেছে। কিন্তু খুনিরা ধরা পড়েনি। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকায় খুনের এই পুনরাবৃত্তি কিসের ইঙ্গিত দেয়?

এম এ আউয়াল কেবল সাবেক সাংসদ নন। তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে একটি দলের চেয়ারম্যান। এর আগে ছিলেন তরীকত ফেডারেশনের মহাসচিব। তরীকত হলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক। ২০১৪ সালের নির্বাচনে ১৪ দলের হয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছিলেন এম এ আউয়াল। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি কয়েকটি ইসলামী দল নিয়ে জোট গঠনের উদ্যোগ নিলে তরীকত ফেডারেশন থেকে তাঁকে বহিষ্কার করা হয়।

এম এ আউয়াল তাঁর দলে ‘ইসলামী’ ও ‘গণতান্ত্রিক’ শব্দযুগল জুড়ে দিয়েছেন। কিন্তু তাঁর চরিত্রে ইসলামি কিংবা গণতান্ত্রিক চেতনার লেশমাত্র নেই। নিজের ব্যবসা রক্ষায় ভাড়াটে খুনি-সন্ত্রাসী পোষা কিংবা জমি দখলের জন্য জমির মালিককে সন্ত্রাসী দিয়ে খুন করানোর নাম কি রাজনীতি? এ ধরনের লোক কীভাবে জনপ্রতিনিধি হন, সেই প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তিনি সাবেক সাংসদ না হলে এতটা ঔদ্ধত্য দেখাতে পারতেন কি না। সন্ত্রাসীরা সাহিনুদ্দিনকে খুন করে সাবেক সাংসদকে টেলিফোন করে বলেছেন, ‘স্যার, ফিনিশ।’ এটি পরিকল্পিত খুন। আদালতে এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত কর্মকর্তারাও বলেছেন, আউয়ালের নির্দেশেই এ খুনের ঘটনা ঘটেছে।

র‌্যাব সাহিনুদ্দিন খুনের আসামিদের গ্রেপ্তার করেছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে খুনের রহস্য বের করেছে। এ জন্য সংশ্লিষ্টরা ধন্যবাদ পেতে পারেন। কিন্তু যখন দেখি সাহিনুদ্দিন হত্যার প্রধান দুই আসামি সুমন ও মানিক ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন, তখন প্রশ্ন জাগে কাকে রক্ষা করতে এ নাটক? বন্দুকযুদ্ধ সমাজে ভুল বার্তা দেয়। অপরাধী যত দুর্ধর্ষ হোক, বিচারের মাধ্যমে তার শাস্তি হতে হবে।

আমরা লক্ষ্মীপুরের দুই লক্ষ্মী ছেলের কাহিনি এখানে তুলে ধরলাম। এর অর্থ এই নয় যে অন্যান্য অঞ্চলে লক্ষ্মী ছেলেদের অভাব আছে। রাজনীতির নামে সবখানে এখন লক্ষ্মী ছেলেদেরই দৌরাত্ম্য চলছে।

● সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি

[email protected]