উত্তরাঞ্চলের এবারের বন্যা একাধারে আকস্মিক ও ভয়ংকর। এমন কিছু কিছু এলাকা এবার প্লাবিত হয়েছে, যেখানে আগে কখনো বন্যা হয়নি। ফসল, সম্পদ, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি যা হওয়ার তা তো হয়েছেই, মানুষের দুর্ভোগও অনেক বেশি।
বিধ্বংসী রূপ
কুড়িগ্রাম ও দিনাজপুরের বন্যাকবলিত এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখে মনে হয়েছে, প্রচণ্ড বিধ্বংসী রূপ ছিল এই বন্যার। কুড়িগ্রামে বন্যা নতুন নয়। ছোট-বড় ১৬টি নদী বয়ে গেছে জেলার ওপর দিয়ে। কমবেশি প্রতিবছরই এখানে বন্যা হয়। বিস্তীর্ণ চরাঞ্চল। বন্যার সঙ্গে মানিয়ে নিয়ে বসবাসের অভিজ্ঞতা আছে অনেকের। এমন অভিজ্ঞদের কাছেও এবারের বন্যার এই বিধ্বংসী চেহারা ছিল অচেনা।
উজান থেকে নেমে আসা ঢল প্রবল শক্তিতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ও গ্রামীণ সড়ক ভেঙে দিয়ে প্লাবিত করেছে বিস্তীর্ণ জনপদ। অকল্পনীয় শক্তির পানির স্রোতের সামনে যা পড়েছে সব চুরমার হয়ে গেছে। পাকা বাড়ি, বাজার, কমিউনিটি ক্লিনিক, গুদামঘর, সেতু বিধ্বস্ত হয়েছে। টিনের বাড়িগুলো যেন ছিটকে গেছে ঝোড়ো হাওয়ায় উড়ে যাওয়া শুকনো পাতার মতো। উপড়ে পড়েছে আস্ত বাঁশঝাড়, অসংখ্য বড় গাছ। সড়ক ভেঙে সৃষ্টি হয়েছে গভীর খাদ।
কুড়িগ্রামে নিম্ন ও মধ্যম আয়ের লোকেরা সাধারণত টিনের বেড়া ও ছাউনির ঘর তৈরি করেন। বন্যা পরিস্থিতির বেশি অবনতি হলে এসব ঘরের দেয়াল ও ছাউনি দ্রুত খুলে আলাদা করে সরিয়ে নেওয়া যায়। কিন্তু এবার পানি এত দ্রুত ধেয়ে এসেছে যে অনেকেই ঘর সরিয়ে নিতে পারেননি। বাঁধভাঙা স্রোতের সামনে পড়ে সেই সব ঘর নিশ্চিহ্ন হয়ে গেছে।
মাটির ঘরে বিপর্যয়
দিনাজপুর উঁচু এলাকা। জেলার অধিকাংশ জমিজমা বরেন্দ্র প্রকল্পের আওতাভুক্ত। এসব এলাকা বন্যামুক্ত বলেই চিহ্নিত। প্রধান নদ আত্রাই কিছুটা প্রশস্ত ও গভীর। কিন্তু পুনর্ভবা, ঢেপা, কাকরা, গাবুড়া এগুলোর আধমরা দশা। কোনো কোনোটি বছরের বেশির ভাগ সময়ই শুকনো থাকে। এসব নদীতে এমন ভয়াবহ বন্যা হবে, আশপাশের মানুষের কাছে তা ছিল অকল্পনীয়। ফসলের খেত তো ডুবেছেই, বিপর্যয় ঘটেছে বসতবাড়িরও।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিরল ও চিরিরবন্দর উপজেলার গ্রামের পর গ্রামে মাটির বাড়ি ধসে সমান হয়ে গেছে। এই গ্রামগুলোতে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত পানি আটকে ছিল টানা প্রায় চার দিন। তারপর পানি নামতে থাকে। এত দীর্ঘ সময় পানিতে থাকায় মাটির দেয়ালগুলো নরম হয়ে যায়। একটা পর্যায়ে ছাউনির ভার বহন করতে না পেরে হুড়মুড় করে ধসে পড়ে। ঘরবাড়ি হারিয়ে, সংসারের হরেক রকম জিনিসপত্র নিয়ে পথের ওপর ঝুপড়ি করে বসবাস করতে গিয়ে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যাকবলিত লোকদের।
দুই শহরের দুই ছবি
কুড়িগ্রাম ও দিনাজপুর দুই শহরের অবস্থা দুই রকম। কুড়িগ্রামের সব কটি উপজেলা বন্যাকবলিত হয়েছে। ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ী উপজেলার সঙ্গে সড়কযোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। রংপুরের সঙ্গে কুড়িগ্রাম শহরের সড়কযোগাযোগও এক দিন বিচ্ছিন্ন
ছিল। কিন্তু তারপরও কুড়িগ্রাম শহরে পানি ওঠেনি। অন্য এলাকার বাঁধ ভাঙলেও শহররক্ষা বাঁধ টিকে যাওয়ায় প্রকৃতপক্ষেই কুড়িগ্রাম শহর রক্ষা পেয়েছে। শহর ছেড়ে গেলেই চারদিকে থই থই পানি। ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, ফুলকুমারসহ সব নদ–নদী একাকার হয়ে যেন সমুদ্রের বিস্তার।
দিনাজপুর শহরের অবস্থা এর বিপরীত। ১৯৮৮ সালের বন্যায়ও যে দিনাজপুর শহরে পানি ওঠেনি, এবার সেই শহরের দুই-তৃতীয়াংশ এলাকা কোমরপানিতে তলিয়ে যায়। শহরের তুতবাগান ও সাহেবগঞ্জ বাজার এলাকায় শহররক্ষা বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে শহরে। পাকা বাড়ির নিচতলার বাসিন্দাদের আসবাবপত্র আর দোকানপাটের মালামাল ভিজে নষ্ট হয়েছে।
বিপুল ক্ষতি হয়েছে চালকলগুলোর। শহরের কসবা মাহমুদপুর এলাকা, যেখানে বড় বড় অটো চালকল রয়েছে—সেই এলাকা প্রায় পাঁচ-ছয় ফুট পানিতে ডুবে যায়। এতে চালকলগুলোর হাজার হাজার বস্তা ধান-চাল ভিজে যায়। চালকল মালিক সমিতির নেতারা বলেছেন, যে কলে কম ক্ষতি হয়েছে, সেটিতেও ন্যূনতম এক হাজার বস্তা ধান ভিজে গেছে। এসব ধান ভানলে চাল ভেঙে যাবে। চালগুলোতে গন্ধ হবে, রংও কালো হয়ে যাবে। এগুলো পশুখাদ্য হিসেবে ব্যবহার করা ছাড়া উপায় নেই।
অতর্কিত হানা, প্রস্তুতির অভাব
অতর্কিতে দস্যুর হানার মতো এবার আঘাত হেনেছে উজানের ঢল। এই বিপুল জলপ্রবাহের পরাক্রম থেকে রক্ষার কোনো পূর্বপ্রস্তুতি পাউবো বা জনসাধারণ কারোরই ছিল না। লোকজন বলেছেন, এত দ্রুত পানির স্রোত বইছিল যে ঘর থেকে বের হতে যারা একটু দেরি করেছে তারাই ভেসে গেছে। দৌড় দিয়েও বহু লোক নিরাপদ জায়গায় পৌঁছাতে পারেনি।
দিনাজপুরের পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান বলেছেন, জেলার নদ–নদীগুলোর এত বিপুল পরিমাণ পানি ধারণের ক্ষমতা ছিল না। অতি অল্প সময়ে এত বিপুল পানি উজান থেকে নেমে এসেছে যে তা ছিল অকল্পনীয়। এবারের বন্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
ত্রাণ পৌঁছাতে বিলম্ব
বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতেও এবার বেশ দেরি হয়েছে। কার্যত পানি ওঠার এক সপ্তাহ পর থেকে দুর্গত লোকের হাতে ত্রাণসামগ্রী পৌঁছাতে থাকে। এই বিলম্বের প্রধান একটি কারণ সড়কযোগাযোগ বিচ্ছিন্ন থাকা। নৌকা ছাড়া অধিকাংশ এলাকায় যাওয়ার কোনো উপায়ই ছিল না। নৌকার সংখ্যাও অপ্রতুল। কুড়িগ্রাম অঞ্চলে কিছু নৌকা পাওয়া গেলেও দিনাজপুরে নৌকা দুর্লভ। দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীও বলেছেন, নৌকার অভাবে প্রথম তিন দিন তাঁরা দুর্গত অঞ্চলে যেতেই পারেননি। অগত্যা সেনাবাহিনীর স্পিডবোটে করে চতুর্থ দিন থেকে সীমিত পরিসরে ত্রাণ তৎপরতা শুরু হয়।
এবার পানি যেমন দ্রুত বেড়েছিল, নেমেছেও দ্রুতই। দিনাজপুর শহর তিন দিনের মধ্যে জলাবদ্ধতামুক্ত হয়েছে। অন্যান্য স্থানেও পানি কমতে থাকে প্রতিদিনই। এখন দুর্গত মানুষ ঘরে ফিরছে। শুরু হয়েছে তাদের ঘুরে দাঁড়ানোর সংগ্রাম।
আশীষ-উর-রহমান: সাংবাদিক।