দেউলিয়া রাজনৈতিক নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তালেবান জঙ্গিদের হাতে মালালা ইউসুফজাইয়ের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সে দেশের রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ করলেও রামুর সন্ত্রাসী ঘটনা বাংলাদেশের রাজনীতিকদের চৈতন্যোদয় ঘটাতে পারেনি। সেই রাজনৈতিক নেতৃত্বই প্রাজ্ঞ ও বিচক্ষণ বলে বিবেচিত হয়, যে নেতৃত্ব জাতীয় দুর্যোগে সঠিক সিদ্ধান্তটি নিতে পারে। সন্ত্রাসীরা যখন বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব ধরে টান দিয়েছে, তখন নেতা-নেত্রীরা কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত আছেন। এটি কিসের লক্ষণ?স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব খুব কম ক্ষেত্রেই দূরদর্শিতার পরিচয় দিয়েছে; যে কারণে বারবার অসাংবিধানিক শাসন জেঁকে বসেছে। তার চেয়েও কঠিন সত্য হলো, আমাদের গণতান্ত্রিক শাসকেরা দেশকে এমন অবস্থায় নিয়ে গেছেন, যখন যে উপায়েই ক্ষমতার পরিবর্তন হোক না কেন, জনগণ মহা-উৎসাহে তাকে স্বাগত জানিয়েছে; যদিও তার ফল ভালো হয়নি। ১৯৮২ সালে এরশাদের সামরিক শাসন জারি এবং ২০০৭ সালের সেনা-সমর্থিত সরকার প্রতিষ্ঠায় ক্ষণিকের জন্য হলেও জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে রাজনীতিকদেরই। এখন যাঁরা ক্ষমতায় কিংবা বিরোধী দলে থেকে ফের এক-এগারো আসবে বলে জুজুর ভয় দেখাচ্ছেন, তাঁদের বিষয়টি গভীরভাবে ভাবতে বলব। কিছু লোককে কিছু সময়ের জন্য বোকা বানানো গেলেও সব সময়ের জন্য সব মানুষকে যে বোকা বানানো যায় না, সেই সত্যটি আমাদের বিজ্ঞ রাজনীতিকেরা স্বীকার করেন না।সোয়াতের বাসিন্দা মালালা ইউসুফজাই ১৪ বছরের কিশোরী। তালেবানের রক্তচক্ষু উপেক্ষা করে সে পড়াশোনা চালিয়ে যায় এবং তালেবান যে তাদের ঘরে বন্দী করে ঠিক কাজটি করেনি, সে কথাটি বিবিসির একটি ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেয়। মালালা লিখেছে, ‘আমার পড়াশোনা কেউ বন্ধ করতে পারবে না।’ এই সাহসী উচ্চারণ অন্ধকারের জীবদের সহ্য হয়নি। গত বুধবার বাসযোগে অন্য সহপাঠীদের সঙ্গে মালালা স্কুল থেকে বাসায় ফেরার পথে তালেবান জঙ্গিরা তাকে খুব কাছ থেকে গুলি করলে সে গুরুতর আহত হয়। মালালার ঘটনাটি পাকিস্তানে এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে এবং সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে গুলি বর্ষণকারীর প্রতি ধিক্কার জানিয়েছে, তালেবান সন্ত্রাসীদের মোকাবিলায় তারা একযোগে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেছে। দল-মতনির্বিশেষে সবাই এই কন্যা সাহসিকার সুস্থতা কামনা করে প্রার্থনা করেছে।পাকিস্তানে মালালা নামের কিশোরীটি একা গুলিবিদ্ধ হয়ে সমগ্র দেশকে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু বাংলাদেশের রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় সন্ত্রাসী হামলায় বৌদ্ধ সম্প্রদায়ের কয়েক শ বাড়িঘর ও বিহার ভাঙচুর ও অগ্নিদগ্ধ হলেও রাজনৈতিক মতৈক্যের লক্ষণ নেই; বরং শুরু থেকে সরকার ও বিরোধী দল একে অপরকে দোষারোপ করে রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা করছে। কিন্তু যে সম্প্রদায়ের ওপর এই ন্যক্কারজনক হামলা হলো, তাদের পাশে কান্ডারি হুঁশিয়ার বলে কেউ দাঁড়ায়নি। সরকারি ও বিরোধী দলের দাবি অনুযায়ী আমরা যদি ধরেও নিই যে, কতিপয় দুষ্কৃতকারী সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে, তার পরও প্রশ্ন, সেই হামলা ঠেকাতে আপনারা কী করেছেন? সরকারের কী ভূমিকা ছিল? কী ভূমিকা নিয়েছে সেখানে বসবাসরত সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ? হামলার এক পক্ষকাল পরও সেখানে সর্বদলীয় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সমাবেশ করার উদ্যোগ দেখি না। দেখি সরকার ও বিরোধী দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি করতে, যে কারণে আক্রান্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে, আরও বেশি শঙ্কিত হয়ে পড়ছে।দেশে গণতন্ত্র আছে, সরকার আছে, বিরোধী দল আছে, প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তারা আছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী আছে, সীমান্তের অতন্ত্র প্রহরী নামে খ্যাত সীমান্তরক্ষীরা আছে, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী আছে, আছে সরকারের একাধিক গোয়েন্দা বিভাগ; কিন্তু এরা কেউ গুটি কয়েক দুষ্কৃতকারীর হাত থেকে রামুর উখিয়ার, টেনাফের বৌদ্ধধর্মাবলম্বীদের, তাদের বসতবাড়ি কিংবা উপসনালয়গুলো রক্ষা করতে পারেনি। তারা আজ বিধ্বস্ত, বিপন্ন, বিষণ্ন। যেমনটি ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর দেশব্যাপী তাণ্ডব চালানো হয়েছিল। সে সময় সংখ্যালঘুদের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরাও আক্রান্ত হয়েছিলেন, পালিয়ে বেড়াচ্ছিলেন। তখন তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি সাম্প্রদায়িক দাঙ্গা নয়, রাজনৈতিক সংঘাত। এবার আমাদের রাজনৈতিক নেতৃত্ব কী বলবে? কোথাও আওয়ামী লীগ, বিএনপি বা অন্য কোনো দলের ওপর হামলা হয়নি। হামলা হলো বেছে বেছে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর। আরও নির্দিষ্ট করে বললে বৌদ্ধবিহার ও উপাসনালয়গুলোর ওপর। উপাসনালয় যেকোনো ধর্মের মানুষের সর্বোচ্চ মর্যাদা ও পবিত্রতার প্রতীক। সে কারণেই সন্ত্রাসীরা প্রথম টার্গেট করে উপাসনালয়, বৌদ্ধবিহার ও বিগ্রহগুলো।বাংলাদেশের কোথাও কি সংখ্যাগুরু সম্প্রদায়ের ওপর এ রকম হামলার ঘটনা ঘটতে পারত? পারত না। ঘটলে সারা দেশে আগুন জ্বলে যেত।দেশে এখন সংসদীয় গণণতন্ত্র আছে, সেই গণণতন্ত্র রক্ষার জন্য, সরকারের জবাবদিহি আদায়ের জন্য ৩৪৫ জন সাংসদ আছেন; কিন্তু একটি সংসদীয় প্রতিনিধিদল সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। তারা সর্বদলীয় একটি কমিটি গঠন করে তদন্ত করতে পারত। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্য উদ্ঘাটন। একই সঙ্গে আক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সর্বোচ্চ কণ্ঠে এই কথাটি বলতে হবে যে পৃথিবীর যেখানেই সাম্প্রদায়িক দাঙ্গা বা হানাহানি হোক না কেন, তার বিরূপ প্রতিক্রিয়া আমরা এখানে পড়তে দেব না। এখানে বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—আমাদের সংখ্যালঘুদের ওপর যারাই ফণা তুলতে চাইবে, তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। মিয়ানমারে সংখ্যালঘু মুসলিমদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, আমরা কঠোর ভাষায় তার প্রতিবাদ করি, নিন্দা জানাই; কিন্তু তার কোনো রকম প্রতিক্রিয়া ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে হতে পারে না।দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে, আমাদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের মধ্যে সেই প্রত্যয় চরমভাবে অনুপস্থিত। আমরা নিয়মমাফিক প্রতিবাদ করছি, বক্তৃতা-বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করছি। আর দেশের সংখ্যালঘু বৌদ্ধ জনগোষ্ঠীর হূদয়ে যে রক্তক্ষরণ ঘটছে, তা ঠেকাতে পারছি না অথবা ঠেকাতে চাইছি না।আওয়ামী লীগ তার দলীয় রাজনীতি করবে, বিএনপি তার দলীয় রাজনীতি করবে, অন্যান্য দল তাদের রাজনীতি করবে; কিন্তু তাই বলে আক্রান্ত এবং অসহায় বৌদ্ধ ভাইবোন ও সন্তানদের নিয়ে রাজনীতি চলতে পারে না। এদের অসহায়ত্বের সুযোগ নিয়ে যদি কেউ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, আমরা শক্ত হাতে মোকাবিলা করব। সব দল মিলে, সব গণতান্ত্রিক-রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে, সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এক হয়ে বলব যে হামলাকারী তুমি যে-ই হও না কেন, তোমার ক্ষমা নেই। সরকারি দলের ছত্রচ্ছায়ায় থেকে যদি কেউ এ রকম ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকে, বিরোধী দলের পক্ষ হয়ে যদি কেউ বর্বরোচিত হামলা চালিয়ে থাকে, আমরা সমূলে তাদের ধ্বংস করব। যারা দেশের শত্রু, গণতন্ত্রের ও মানবতার শত্রু, তাদের ক্ষমা নেই।বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের দেউলিয়াত্ব কোন পর্যায়ে পৌঁছেছে, তার একটি ছোট্ট উদাহরণ টেনে লেখাটি শেষ করতে চাই। রামু, উখিয়া, পটিয়া ও টেকনাফে বৌদ্ধ ভাইবোনদের আহাজারি আমাদের রাজনীতিকদের এক কাতারে আনতে পারেনি। কিন্তু ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার একটি আমন্ত্রণ চিরবৈরী আবাহনী-মোহামেডানের মতো আওয়ামী লীগ ও বিএনপিকে ঐক্যবদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের চেতনাধারী ও চেতনা নস্যাৎকারীকে এক টেবিলে বসিয়েছে। নেতারা একসঙ্গে প্রাতরাশ করেছেন। খোশগল্প ও কুশল বিনিময় করেছেন। উপলক্ষ ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের দুজন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও পল রায়ানের উন্মুক্ত বিতর্ক।গত শুক্রবার মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা আয়োজিত প্রাতরাশে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের নেতা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ও জেপির প্রধান আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।কী চমৎকার জাতীয় মতৈক্য! যেন আমাদের রাজনৈতিক দলগুলোর নেতারা একসঙ্গে বিশাল স্ক্রিনে যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নির্বাচনী লড়াই উপভোগ না করলে মার্কিন নির্বাচনী প্রচারাভিযানে খামতি পড়ে যেত। আমাদের নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে খুবই উৎসাহী। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে কী ঘটছে, কী চলছে—সেসব সম্পর্কে নির্বিকার। আমাদের ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা একসঙ্গে ড্যান মজীনার প্রাতরাশে যোগ দিতে পারলেও রামু, উখিয়া ও টেকনাফে আক্রান্ত বৌদ্ধদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন না। তাতে দলীয় আভিজাত্য ও স্বাতন্ত্র্য নষ্ট হয়। দলের মর্যাদা ভূলুণ্ঠিত হয়। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের এই দেউলিয়াত্ব ঘোচানোর আপাতত কোনো উপায় দেখছি না।সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]