দেশ অনেক এগিয়েছে, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাসের একটি অন্যতম তাৎপর্য হলো নানা উদ্যাপনের মধ্য দিয়ে যেমন আমরা দেশের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে চাই, তেমনি আমাদের অর্জন ও ঘাটতির তুলনামূলক মূল্যায়নে আমরা কোথায় দাঁড়িয়ে, তা-ও দেখতে চাই। এ অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মাথাপিছু গড় আয়ে আমরা পিছিয়ে থাকলেও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ইতিবাচক আর্থসামাজিক সূচকে আমাদের অব্যাহত অগ্রযাত্রা বাংলাদেশকে এক বৈশ্বিক উদাহরণে পরিণত করেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, নারীশিক্ষার প্রসার, প্রজনন হার, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, অভিবাসী শ্রমজীবীর ক্রমবর্ধমান আয় এবং শ্রমবাজারে নারীর প্রবেশগম্যতা বাংলাদেশকে শুধু একটি ‘উন্নয়নের ধাঁধা’রূপেই চিন্তিত করেনি; সেই সঙ্গে বিভিন্ন অভিঘাত মোকাবিলায় সাধারণ জনগণের, বিশেষত নারীসমাজের অদম্য পারদর্শিতাকে ‘বিস্ময়কর’ রূপে অভিহিত করেছে। তা সত্ত্বেও যখন ব্যাপক দলীয়করণ, দুর্নীতি, সংঘাতময় রাজনীতি ও সুশাসনের ঘাটতির কারণে জনমনে একধরনের ক্ষোভ ও হতাশা জন্ম নিয়েছে, তখনই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে বিশিষ্ট আন্তর্জাতিক মানের কিছু মূল্যায়ন আমাদের মনে আশার সঞ্চার করে।যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সাময়িকী দি ইকনোমিস্ট সম্প্রতি এক মন্তব্য প্রতিবেদনে বলেছে, অকার্যকর রাজনীতি হওয়া সত্ত্বেও বাংলাদেশ অনেক উন্নতি করছে, আর্থসামাজিক ক্ষেত্রে গত ২০ বছরে বাংলাদেশের অর্জনগুলো প্রশংসনীয়। উল্লেখ করার মতো কোনো প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও বাংলাদেশে এসেছে চমকপ্রদ সফলতা। সম্প্রতি যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান অনুরূপ এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সম্ভবত পশ্চিমা দেশগুলোকে ছাড়িয়ে যাবে। এর কিছুদিন পরই গালফ্ নিউজ লিখেছে, সংঘাতময় রাজনীতি এবং সরকার ও বিরোধী দলের মধ্যে চরম রেষারেষি সত্ত্বেও বাংলাদেশের এগিয়ে চলার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জনগণের কঠোর পরিশ্রম, উদ্যোগ ও উৎপাদনমুখিতা।স্বাধীনতার প্রথম দুই দশকে হোঁচট খেয়ে চললেও নব্বইয়ের দশক থেকে মানব উন্নয়নে বাংলাদেশের নাটকীয় উন্নয়নের সূচনা হয়, যার মূলে ছিল ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, অন্যান্য বিশিষ্ট এনজিওর ব্যাপক ভূমিকা, বেগবান নারী আন্দোলন এবং প্রাথমিক স্বাস্থ্য ও নারীশিক্ষা প্রসারে সরকারের কার্যকর নীতি।এসব আন্তর্জাতিক মিডিয়া কর্তৃক বাংলাদেশের ইতিবাচক উন্নয়ন মূল্যায়ন যে একটি দীর্ঘ প্রক্রিয়ার ফসল, তা বলার অপেক্ষা রাখে না।প্রাকৃতিক সম্পদবিহীন, অতি জনসংখ্যা অধ্যুষিত স্বল্প মাথাপিছু আয়ের একটি দেশ—কেবল এ তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশকে বিচার করলে চলবে না, তা এ দেশের সংগ্রামী ও আত্মপ্রত্যয়ী জনগণ প্রমাণ করেছে। মানুষের মধ্যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শত প্রতিকূলতার মধ্যেও নিজের ভাগ্যকে জয় করার অদম্য স্পৃহা ও কর্মো-উদ্যোগ এবং সেই সঙ্গে নারীর সহনশীলতা এবং পরিবার ও সন্তানের কল্যাণে নিরন্তর পরিশ্রমপ্রবণতার সংমিশ্রণের মাধ্যমেই রচিত হয়েছে আমাদের অর্জনের তালিকা।মূলত তিনটি প্রতিবেদনেই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ এবং নারীর প্রত্যক্ষ ভূমিকার মাধ্যমে যে আর্থসামাজিক ভিত্তি রচিত হয়েছে এবং সেই ধারাবাহিকতায় মানব উন্নয়ন। সূচকের অভাবনীয় অগ্রগতি উল্লেখ করে বিদেশি মিডিয়া প্রতিবেদনে মূলত কর্মক্ষম জনগণের আধিক্য, শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যের উন্নয়ন, রপ্তানিবাজার প্রসার, অভিবাসী শ্রমিকের রেমিটেন্স বৃদ্ধি ও বিশ্বমন্দাকে পাশ কাটিয়ে টেকসই প্রবৃদ্ধি ধরে রাখতে পারাকেই বাংলাদেশের নাটকীয় উন্নয়নের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, ২০১২ অর্থবছরে আগের চার অর্থবছরের তুলনায় সাড়ে তিন গুণ বেশি রেমিটেন্স আসায় গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ২১ শতাংশ ধরে রাখতে পারবে বলে আশা প্রকাশ করা যায়। অর্থাৎ খতিয়ে দেখলে বোঝা যায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে গণ্য করার মূল কারণ এ দেশের উদ্যমী ও কঠোর পরিশ্রমী জনশক্তি। কিন্তু বাস্তবতার নিরিখে আমাদের বুঝতে হবে, যত উদ্যমী ও সৃজনশীল জনশক্তিই হোক না কেন, সহায়ক উন্নয়ননীতি, অবকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের সুষম বণ্টন না হলে স্থিতিশীল ও টেকসই উন্নয়ন গড়ে উঠতে পারে না। ভুলে গেলে চলবে না, এখনো দেশের ৮০ শতাংশ মানুষ সংবিধানে অঙ্গীকারকৃত মৌলিক চাহিদাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, ৬০ শতাংশ জনগণ শিক্ষার আলো থেকে বঞ্চিত এবং সমান সুযোগে প্রবেশগম্যতার অভাবে নারীর ক্ষমতায়ন বিঘ্নিত হচ্ছে। তাই বিদেশি প্রশংসার সাময়িক আত্মতুষ্টির পরিবর্তে আমাদের আন্তরিক হতে হবে যথাযথ নীতি ও কার্যক্রমের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নিম্নলিখিত সমস্যাগুলোর সমাধান করা।জনসংখ্যা নিয়ন্ত্রণবাংলাদেশের জন্মলগ্ন থেকে সীমিত ভূখণ্ডের তুলনায় পৃথিবীর একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় জনসংখ্যা নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু বাস্তবে কোনো সরকার এ সমস্যাকে গুরুত্ব দেওয়ায় স্বাধীনতার চার দশকে আমাদের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি আর এর ফলে দেশের বৃহত্তর জনগোষ্ঠী আমাদের গৌরবোজ্জ্বল অর্জন ও লব্ধ অগ্রগতির সুবিধাভোগে অপারগ থেকে গেছে। বিগত দুই দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণে অবহেলার পরিচয় দিয়েছে সে কারণে বর্তমানে প্রতি বর্গকিলোমিটারে বাস করে প্রায় এক হাজার ২০০ লোক। রাজধানী ঢাকা বিশ্বের ২৬টি মেগাসিটির মধ্যে জনসংখ্যার ঘনত্বে প্রথম অথচ অবকাঠামোগত সুবিধার দিক থেকে বাসের অযোগ্য দ্বিতীয় শহর।জনসংখ্যার এ চাপ সত্ত্বেও আমাদের জন্য একটি ইতিবাচক দিক হলো, ডেমোগ্রাফিক ট্রানজিশনের কারণে দেশের বর্তমান জনসংখ্যার বয়স কাঠামো অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুকূলে। সর্বশেষ আদমশুমারিতে প্রতীয়মান হয়, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায় শ্রম শক্তির হার অধিক বাড়বে, যাকে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনসংখ্যাভিত্তিক মুনাফা বলা হয়। এ ক্ষেত্রে জনসংখ্যার বাস কাঠামোগত পরিবর্তনের কারণে দেশে ৫৮ শতাংশ উপার্জনক্ষম মানুষের বিপরীতে ৪২ শতাংশ শিশু ও ষাটোর্ধ্ব নির্ভরশীল মানুষ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী ৩০ থেকে ৩৫ বছর জনসংখ্যা কাঠামোর এ ধারা বজায় থাকবে বিধায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, সুষ্ঠু ও যুগোপযোগী একটি দীর্ঘমেয়াদি জনসংখ্যানীতির মাধ্যমে এ বিরাট উপার্জনক্ষম মানুষকে দক্ষ শ্রমশক্তি হিসেবে গড়ে তোলা এবং ডেমোগ্রাফিক ডিফিডেন্ড সৃষ্ট অর্থনৈতিক উন্নয়নের পূর্ণ সুযোগ গ্রহণ নিশ্চিত করা। এ ক্ষেত্রে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে—প্রথমত, শুধু বিদেশের শ্রমবাজার নয়, দেশে উপার্জনক্ষম মানুষ যাতে বেকার না থাকে তা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, উপার্জনক্ষম শ্রমশক্তির প্রায় ৫০ শতাংশ নারী হওয়ায় নারীর কর্মসংস্থানে যথাযথ গুরুত্ব আরোপ করা।স্বাস্থ্যসেবা ও পুষ্টিগত এক দশকে বাংলাদেশের অর্জনের মধ্যে স্বাস্থ্য খাতে সাফল্যই শিশু ও মাতৃমৃত্যুর হার দর্শনীয়ভাবে কমিয়েছে, যা আমাদের মানব উন্নয়ন সূচকে ইতিবাচক অবস্থান সুদৃঢ় করেছে। কিন্তু দেশের প্রায় ৪০ শতাংশ মানুষই চরম দারিদ্র্যের কারণে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত আর সবচেয়ে বড় প্রভাব পড়ে জনগণের পুষ্টি ও স্বাস্থ্যমানের ওপর। স্বাস্থ্য খাতের মূল ফোকাস মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্রিক হওয়ায় দরিদ্র জনগণের পক্ষে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া দুষ্কর। এর ওপর রয়েছে দক্ষ জনবলের সংকট। বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভিসের (২০১১) তথ্যমতে, বাংলাদেশের পুষ্টিপরিস্থিতি বিশ্বের সবচেয়ে খারাপ চারটি দেশের মধ্যে অন্যতম। পুষ্টিহীনতা বাংলাদেশে দক্ষ ও কর্মক্ষম শ্রমশক্তির সৃষ্টির এক বিরাট অন্তরায় হতে পারে। এমডিজি বার্ষিক অগ্রগতি (২০১১) প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণসম্পর্কিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশ পিছিয়ে রয়েছে, যার একটি মূল কারণ প্রয়োজনের তুলনায় এ খাতে সীমিত বরাদ্দ ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। তাই উন্নত বাংলাদেশ গড়তে হলে একটি জনবান্ধব স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়ন প্রয়োজন।নারীর ক্ষমতায়নমানব উন্নয়ন সূচকে বাংলাদেশ আশাপ্রদ উন্নয়নে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে নারীর ক্ষমতায়ন, যার ভিত্তি নারীশিক্ষার হার বৃদ্ধি এবং সেই পথ ধরে নারীর প্রজনন হার ও শিশুমৃত্যুর হারে নিম্নমুখিতা। কিন্তু এ ধারা অব্যাহত রাখতে মানসম্মত শিক্ষায় নারীর প্রবেশগম্যতা নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা এবং জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিকে নারীর দোরগোড়ায় আনার ব্যবস্থা নিতে হবে। কিন্তু বর্তমান সরকার জনসংখ্যাকে কোনো সমস্যা হিসেবে না দেখার কারণে জন্মনিয়ন্ত্রণ কর্মসূচিও চলছে ঢিমেতালে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ২০১১ সালের প্রতিবেদনে বলা হয়েছে, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিই পারবে বিশ্ব অর্থনীতিকে চাঙা করতে। কিন্তু সাম্প্রতিক কালে জন্মশাসনের উপকরণের দাম এতটাই বেড়েছে যে নিম্ন আয়ের লোকজনের জন্য তা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সংস্কৃতিতে জন্মনিয়ন্ত্রণের মূল দায়িত্ব নারীর হওয়া সত্ত্বেও সরকারের জনমিতি ও স্বাস্থ্য জরিপে (২০১১) প্রকাশ দরিদ্র ৮৫ শতাংশ নারী কোনো মাধ্যমে থেকেই জন্মনিয়ন্ত্রণ বার্তা এবং সামগ্রী পাচ্ছে না। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ৩৩ শতাংশ গর্ভধারণ অপরিকল্পিত হওয়ায় গর্ভপাতের দায় নারীকেই বহন করতে হয় (প্রথম আলো), যা নারীর ক্ষমতায়নে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। ইউনিসেফের জরিপে দেখা যায়, বাংলাদেশের ৬৪ শতাংশ মেয়েরই বিয়ে হয় ১৮ বছরের মধ্যে এবং এদের মধ্যে এক-তৃতীয়াংশ ১৫-১১ বছর বয়সেই অন্তঃসত্ত্বা বা মা হয়, এবং সে কারণে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাপর্যায়ে মেয়েদের ঝরে পড়ার হারও অনেক বেশি। এ ধারাবাহিকতার সবচেয়ে বড় কুফল ক্রমবর্ধমান নারী নির্যাতন। কন্যাসন্তানকে বোঝা মনে করায় এবং কম বয়সে বিয়ে হলে কম যৌতুক গুনতে হবে এ ধারণার বশবর্তীতে বাল্যবিবাহ বৃদ্ধি পাচ্ছে। আইসিডিডিআরবির এক সাম্প্রতিক গবেষণায় দেখা যায়, অল্প বয়সী বিবাহিত মেয়েরা স্বামী কর্তৃক অধিক নির্যাতনের শিকার হয়। এ ছাড়া সার্বিকভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে ১৫ শতাংশ হারে। মহিলা আইনজীবী সমিতির হিসাবমতে, গত এক বছরে দেশে ৩১৭ জন নারী ও শিশু খুন হয়েছে এবং ৩৯৮ জন নারী নির্যাতিত হয়েছে এবং ৮১ জন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছে।নারী নির্যাতনের প্রধান উৎস পরিবার এবং প্রধান প্রতিকার দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা।আজ আমরা নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশ অল্প সময়ে দীর্ঘ পথপরিক্রম করে দেশকে এনে দিয়েছে অর্জনের এক বর্ণাঢ্য তালিকা। কিন্তু একটি প্রকৃত গণতান্ত্রিক, ন্যায় ও সমতাভিত্তিক উন্নত দেশ হতে হলে আমাদের এগিয়ে যেতে হবে আরও অনেক বাধা-বিপত্তি পার হয়ে এবং আমরাই পারব সেই দূরত্ব অতিক্রম করে সোনার বাংলা গড়ে তুলতে।সালমা খান: অর্থনীতিবিদ ও নারীনেত্রী।