দেশপ্রেম করি, রাষ্ট্রপ্রেম করি কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে সবাই ভালোবাসে, কিন্তু বিবাদ লাগে রাষ্ট্র নিয়ে। আমরা দেশপ্রেমের কথা বলি, রাষ্ট্রপ্রেমের কথা বলি না। দেশ চায় ভালোবাসা, রাষ্ট্র চায় আনুগত্য। রাষ্ট্র বদলানো যায়, দেশ বদলানো যায় না সহজে। পলাশীর যুদ্ধে স্বাধীন রাষ্ট্র হারানোর পর তিন দফা আমাদের রাষ্ট্র বদলেছে। ব্রিটিশ, পাকিস্তানি হয়ে এটা এখন বাংলাদেশি রাষ্ট্র। কিন্তু দেশের কি বদল হয়েছিল? দেশ তো তখনো একই ছিল। সেই মানুষ, সেই নদী, সেই ভাষা, সেই আবাদ, সেই পরিচিত মানুষের সমাজেই তো আমরা থাকতাম।

দেশ থাকে পায়ের তলার মাটিতে, যেখানে আমরা দাঁড়িয়ে থাকি। কিন্তু রাষ্ট্র থাকে মাথার ওপরে, পতাকা হয়ে, ক্ষমতা হয়ে, শাসন হয়ে। মাথার ওপরে ব্রিটিশ ও পাকিস্তানের সময়ে যে রাষ্ট্রটি ছিল, তা আমাদের পক্ষের ছিল না। সেই রাষ্ট্রের জাতীয় সংগীত শিক্ষা করতে হতো, তার ভাবধারা জোর করে গেলানো হতো, তার আইন আসত লাঠি-বন্দুক হাতে। রাষ্ট্র মনের ব্যাপার ছিল না, মেনে নেওয়ার ব্যাপার ছিল।

অন্যদিকে দেশের ভাবনা ও কল্পনাটা কারও কাছে শিখতে হয় না। তা ভাষা, ভূগোল, প্রকৃতি ও সমাজ থেকে আপনা-আপনিই গড়ে ওঠে। সমস্যা নিয়েও তা সহজাতই ছিল। গবেষক ও প্রাবন্ধিক যতীন সরকার সাক্ষ্য দিচ্ছেন, ’৪৫ সালের দিকে তিনি ময়মনসিংহের গ্রামীণ হাটবাজারে মুসলিম কবিয়ালদের গানে ‘পাকিস্তানের’ বদলে ‘বাংলা দ্যাশের’ কথা শুনতে পাচ্ছেন। বাংলা দ্যাশের পুস্তিকাও বিক্রি হচ্ছিল। কৃষকের চিন্তায় পাকিস্তানই ছিল স্বপ্নে দেখা দেশ, যেখানে জমিদার থাকবে না, খাজনা-সুদ-মহাজন থাকবে না। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস ‘খোয়াবনামায়’ও দেখা যায়, কৃষকেরা পাকিস্তানকে রাষ্ট্র ভাবছেন না। রাষ্ট্রচিন্তা তাঁদের মাথাতেই নেই। তাঁদের রাষ্ট্র এমন এক কল্পরাষ্ট্র, যেখানে রাষ্ট্র ব্যাপারটাই লোপ পেয়ে থাকবে শুধু ‘দ্যাশ’। যে দেশ আগে থেকেই ছিল, সেটাই স্বাধীন হলো শুধু। তাজউদ্দীন আহমদও দেখতে পাচ্ছেন (তাঁর ডায়রি দ্রষ্টব্য), ’৪৭-এর স্বাধীনতার পরপরই কৃষকেরা ট্রেনে বিনা টিকিটে দলবেঁধে ঢাকায় স্বাধীনতা দেখতে আসছে। পাকিস্তান তাদের কাছে ছিল হাসিল করার বিষয়, হিন্দু জমিদার-মহাজন-ভদ্রলোক শ্রেণির কাছ থেকে কেড়ে আনার ব্যাপার। সেটা যেই সম্পন্ন হলো, সেই পাকিস্তানের স্বপ্ন ‘সোনার বাংলা’-এর স্বপ্নে বদলে গেল। পাকিস্তানের খোলস ভেঙে পূর্ব বাংলায় ‘বাংলাদেশ’ কায়েমের সংগ্রাম শুরু হলো। ’৪৮ সাল থেকেই যে পূর্ব বাংলায় পাকিস্তান মার খেতে লাগল, সেটা কোনো জাদুকরি ব্যাপার ছিল না। এই বাংলাদেশের ধারণা সংস্কৃতি ও জীবনযাত্রায় বহু আগে থেকেই হাজির ছিল। তা যদি না থাকত, তাহলে রাজা-নবাব-নাইটদের কারসাজিতে নিম্নবর্গের যে সংগ্রাম পিছল খেয়ে সাম্প্রদায়িক সংগ্রামে পরিণত হয়েছিল, অবিশ্বাস্য দ্রুততায় তা অসাম্প্রদায়িক জাতীয় সংগ্রাম হিসেবে সামলে ওঠার শক্তি পেত না।


তাই যখন বাঙালির রাষ্ট্রকল্পনা দেখা দেয়নি ঠিকমতো, তখনো ‘আমার সোনার বাংলা’-এর স্বপ্ন ছিল। পূর্ববঙ্গ নিজেই যে বাংলাদেশ হয়ে উঠছে, তার কল্পনাটা জীবনানন্দ দাশের রূপসী বাংলায় ধরা পড়েছিল। সেই পূর্বের দেশের গ্রামীণ রূপ আঁকা হয়ে গিয়েছিল জসীম উদদীনের ‘নক্সী কাঁথার মাঠ’-এ। কৃষকের দ্যাশ আর কবির কল্পনার নকশিতে রূপসী মাঠের সোনার বাংলা জীবন্তই ছিল। এবং তা রাষ্ট্রকল্পনা জাগারও বহু আগে থেকেই।

কিন্তু নিজস্ব রাষ্ট্রের দাবি তোলা সর্বদা কবির কাজ না। সেই কাজ নেতার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানেই একা। বাংলা নামের দেশের প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকল্পনা তিনিই জনমনে গেঁথে দেন। দেশের ধারণা মুজিবের অবদান নয়, তাঁর অবদান রাষ্ট্রকল্পনায়। রাষ্ট্রকল্পনা ও রাষ্ট্রবাসনা রাজনীতির কাজ, রাজনীতিকের কাজ। জাতিও আছে, দেশও আছে কিন্তু রাষ্ট্র না থাকায় তারা ভুগছে; এই সংবাদটা চাউর করাই রাষ্ট্রনেতার দায়িত্ব। সেই কাজটাই তিনি করেছিলেন।

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, বিশ্বের অন্যতম বৃহৎ গণহত্যা পেরিয়ে সেই রাষ্ট্র আমরা পেয়েছি। কিন্তু ঠিকমতো গড়তে পেরেছি কি? যে বাংলাদেশকে আমরা নিঃসংশয়ে ভালোবাসি, সেই বাংলাদেশ রাষ্ট্র বিষয়ে কি আমরা অকপট? এখনো কেন এই রাষ্ট্র জনগণের বিপক্ষে দাঁড়ায়? এখনো কেন একে ভয় পেতে হয়? এখনো কেন তা বাংলাদেশের সর্বজাতি, সর্বজনের, সর্বধর্মের হতো পারল না? এটা তো গেল ভেতরের সমস্যা। বাইরের দিক থেকে দেখলে এত বিভক্তি, দুর্নীতি, লুণ্ঠন আর অনাচার নিয়ে এই রাষ্ট্র কি বাইরের চাপ সামলাতে পারবে?

মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি মোকাবিলা করতে পারবে? রাষ্ট্র মানেই সার্বভৌম ক্ষমতা। সেই সার্বভৌম ক্ষমতার তাপ জনগণ যতটা টের পায়, আধিপত্যবাদী বিদেশি শক্তির বিপক্ষে সেই রাষ্ট্র কোমর সোজা করে দাঁড়াতে পারছে কি? মুক্তিযুদ্ধের অর্জন যে রাষ্ট্রপ্রাপ্তি, সেই রাষ্ট্র যদি দেশ ও জনগণের রক্ষক না হয়, তাহলে মুক্তিযুদ্ধের বিজয় সম্পূর্ণ হয় কি?

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সাধারণ কোনো ব্যাপার ছিল না। তার পেছনে ছিল এক দীর্ঘ সমাজবিপ্লব। শেরেবাংলার নেতৃত্বে এই বাঙালি জমিদারি শোষণের বিরুদ্ধে অসাম্প্রদায়িক রাজনীতি গড়েছিল। তারা জমিদারি-মহাজনি শোষণের অবসান ঘটিয়ে এই ভূখণ্ডের ইতিহাসের খিল খুলে দিয়েছিল। তারপর তারা ভাষার মতো সর্বজনীন একতার ভিত্তি গড়েছিল। পাশ্চাত্য থেকে অনেক ভাবকল্পই ধার করেছি আমরা। ন্যাশন ও ন্যাশনালিজম তেমনই এক। এই ন্যাশন কখনো রেইস, কখনো রাষ্ট্রীয় পরিচয় দিয়ে গড়া। কিন্তু রাষ্ট্র বাঙালিকে জন্ম দেয়নি, বাঙালিই জন্ম দিয়েছিল তার রাষ্ট্র বাংলাদেশকে। বিশ্বের মধ্যে ভাষাভিত্তিকি রাজনৈতিক চেতনার গঠন দিয়ে বাংলাদেশের জনগণ মৌলিক অবদান রেখেছে। এই জনগণ মাওলানা ভাসানীর নেতৃত্বে সাম্যের দবি তুলেছিল। সেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে না আর অবিশ্বাস্য পরিমাণ সম্পদের পাহাড় জমাবে একশ্রেণির মানুষ? মুক্তিযুদ্ধের ইতিহাসের গবেষক আফসান চৌধুরীর একটি কথার মধ্যেই ট্র্যাজেডিটা প্রকাশিত হয়ে পড়ে। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সবাই যুদ্ধ করেছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটি পেয়েছে বড়লোকেরা।’

সম্ভবত এর কারণ, দেশকে হানাদারমুক্ত করতে পারলেও রাষ্ট্রকে আমরা এখনো মুক্ত করতে পারিনি। আরও সঠিকভাবে বললে, দেশের মানুষের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন রাষ্ট্র দরকার, তেমন রাষ্ট্র আজও গড়া হয়নি। তেমন রাষ্ট্রের কল্পনা মার খেয়েছে। সেই রাষ্ট্রকল্পনা ‘কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে’। এবারের বিজয় দিবসেও সেই ইঙ্গিতময় ডাকটা যেন আমরা খেয়াল করতে না ভুলি। এবং এটাও যাতে না ভুলি, এই একটি মাত্র রাষ্ট্র আমাদের। রাষ্ট্রহীনতার কষ্ট বড় কষ্ট। রোহিঙ্গারা বুঝছে, ফিলিস্তিন-কাশ্মীর বুঝছে, আরব শরণার্থীরা বুঝছে। আমার রাষ্ট্র আমাকে কষ্ট দিলেও, একে রক্ষাও করব, জনমুখী করার দায়িত্বটাই নেব। এভাবেই দেশপ্রেম, মুক্তিযুদ্ধপ্রেম আর রাষ্ট্রপ্রেম এক হতে পারবে।