দেশে অবৈধ, বিদেশে বৈধ!
দেশে আইনের শাসন যে দুর্বল হয়ে পড়েছে, তার একটি অন্যতম লক্ষণ হলো, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রবাসী নেতা–কর্মীরা সংঘাতে জড়িয়ে পড়ছেন। কিন্তু তাঁরা যে সংগঠন হিসেবেই অবৈধ, সেই সত্য ধামাচাপা পড়েছে।
বাংলাদেশের সংবিধানে ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০(গ) ধারাটি যুক্ত করা হয়েছিল এক–এগারোতে। এর অন্যতম লক্ষ্য ছিল দেশের রাজনীতি নিয়ে বিদেশে সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রবণতা প্রতিরোধ করা। এ কথা সবারই জানা, এক–এগারোতে আনা সব পরিবর্তন ২০০৮ সালের নির্বাচিত সংসদ গ্রহণ করেনি। তবে এটা ভেবে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে, ৯০(গ) ধারাটি আওয়ামী লীগের আইনপ্রণেতারা রক্ষা করেছেন। ওই ধারা বলেছে, কোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যোগ্য বলে বিবেচ্য হবে না, যদি তাদের গঠনতন্ত্রে বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তাদের কোনো কমিটি, শাখা বা কোনো দপ্তর প্রতিষ্ঠা করার বিধান থাকে।
যে আইনপ্রণেতা এটা করেছেন, তিনি ত্রাতা। তিনি সম্ভবত খুব রসিক লোক ছিলেন। কারণ, তিনি তাঁর দিব্যদৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছিলেন, এ রকমের একটি বিধান আইনের মধ্যে লিখে রেখে ‘আইন লঙ্ঘন’ করে চলা সব থেকে উত্তম রক্ষাকবচ। কারণ, তাঁরা জানতেন, বিদেশে, বিশেষ করে আটলান্টিকের এপার–ওপার এবং ইউরোপের কিছু দেশে, যেখানে মানবাধিকারসংক্রান্ত বিভিন্ন স্বনামধন্য দপ্তর এবং রাইটস গ্রুপের তত্পরতা দেখা যায়, সেখানে এ ধরনের কথিত অঙ্গসংগঠনের স্বতঃস্ফূর্ত গজিয়ে ওঠা রোধ করা সম্ভব হবে না। তাই তাঁরা এমন বিধান করেছেন, যাতে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থা তাঁদের বেকায়দায় ফেলতে না পারে। কেউ যদি অভিযোগ করেন, তাহলে তারা অন্তত সংশ্লিষ্ট কোনো দেশের মান্যবর রাষ্ট্রদূতের কাছে আইনের একটি বই পাঠিয়ে দেবেন! কোনো জাঁদরেল আমলার হয়তো দায়িত্ব হবে ওই বিদেশি মেহমানকে সামলানো। তো বিদেশি মেহমানরা আইনের লোক, আইনের সমঝদার। তাঁরা যখন এই ৯০(ক)-এর দিকে নজর দেবেন, তখন তাঁরা আর যাই হোক, বাংলাদেশ সরকারকে দোষারোপ করতে পারবেন না। দোষ দিতে পারেন নির্বাচন কমিশনকে। কিন্তু তারা স্বাধীন। সার্চ কমিটি তাদের খোঁজ পেয়েছে। তো আইন বলছে, বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কোনো অঙ্গসংগঠন বাংলাদেশ ভূখণ্ডের বাইরে থাকতেই পারে না। অথচ পত্রিকা বলছে, এটা আছে।
কেউ হয়তো ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বশেষ পণ্ড হওয়া সভাটির উদাহরণ দেবেন। কিন্তু আইনের দেবতা অন্ধ। তার চোখ বাঁধা। চোখ দুটো খোলা থাকলে মানবিক তাড়নায় কোনো দিকে ট্যারা চোখে তাকাতেও পারতেন! কিন্তু এখন তো আর সেই সুযোগ নেই! তাই খবরে যেভাবে বলা হয়েছে, সভা শুরু করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। আর এ সভা চলাকালে ‘সিদ্দিকুর রহমান কর্তৃক’ বহিষ্কৃত সাজ্জাদুর রহমান তাঁর সমর্থকদের নিয়ে ভেতরে প্রবেশ করেন। সাজ্জাদুর বলেছেন, ‘আমি বিনয়ের সঙ্গে জানতে চাই,’ আহা কি বিনয়! ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভা অসাংগঠনিকভাবে হচ্ছে। আমাকে কেন জানানো হয়নি।’ এটা শুনে সিদ্দিকুর রহমান চিত্কার করে বলেন, ‘জয় মামার চিঠি দিয়ে যে তিনজনকে আপনি বহিষ্কারের কথা বলছেন, তাঁদের দুজনকে নিয়ে তো আপনি সভা করছেন।’
এভাবে বিনয় দিয়ে শুরুর পর আশপাশের এলাকার শান্তিপ্রিয় জনগণকে হকচকিত করে সাইরেন বাজিয়ে অন্তত ২০ গাড়ি পুলিশ বিনয়বিচ্যুতি ঠেকাতে এসেছিল। এটা বেশ কৌতূহল উদ্দীপক যে প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি এই অনভিপ্রেত সংঘাতের বিষয়ে সেখানকার নাগরিক সমাজের পুরোধা ব্যক্তিদের কাছে মতামত জানতে চেয়েছেন। তাঁরা শান্তির পক্ষে জয়গান গেয়েছেন। কিন্তু তাঁরা আইনের বিচ্যুতি দেখেননি। তাঁরা আইনের শাসনের দেশে থাকেন। আমেরিকা স্ট্যাচু অব লিবার্টির দেশ। জ্যাকসন হাইটসের যে এলাকায় বসে এ তুলকালাম কাণ্ড ঘটে, সেখান থেকে স্ট্যাচু অব লিবার্টি দূরে নয়। কিন্তু তাঁদের কারও মনে পড়েনি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে কোনো পদবি আইনের চোখে অবৈধ। আর কোনো অবৈধ পদ-পদবিধারীর খবর বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হওয়া স্বাভাবিক নয়। আইন যাকে নিষিদ্ধ করেছে, বাক্স্বাধীনতা তাকে সিদ্ধ করতে পারে না। অবশ্য পারে কি পারে না, সেই প্রশ্ন অনেকেই তুলতে পারেন। কিন্তু এটা একটা বাস্তবতা হতেও পারে যে, এসব ‘পদ-পদবি’ যদি না ছাপা হয়, তাহলে তাঁদের ওই অবৈধ পদ ধারণের উত্সাহে ভাটির টান লক্ষ করা যেতে পারে।
বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন কমিটি করতে গিয়ে ধাওয়ার সম্মুখীন হয়েছিলেন। খবরে বলা হয়েছে, নিউইয়র্ক পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে রাজপথে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রতচারী বিএনপির নেতা–কর্মীরা। বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহিংসতা নাকি এমন পর্যায়ে যে, তারা কোনো সভাই ডাকতে পারে না। ঐতিহ্যবাহী দল হিসেবে আওয়ামী লীগ তার ঐতিহ্য ধরে রেখেছে। বিএনপি সভা ডাকতে পারে না। আওয়ামী লীগ পারে। তো এত বড় একটি ঘটনা ঘটে গেল, সে বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের তরফে কোনো বিবৃতি চোখে পড়েনি। কারণ, যা আইনে নেই, তা তারা তো সে বিষয়ে বেআইনি কিছু করতে পারে না।
অবশ্য এ প্রসঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০(খ) ধারাটির কথাও উল্লেখ করতে হয়। এই ধারাটি উল্লেখের পর আশা করি বাস্তবতা কী রকম, সেই বিষয়ে আর কোনো বাক্য খরচ করতে হবে না। বাংলাদেশে আইনের শাসনের চেহারাটা বেশ ধারালো ও পরিষ্কার হয়ে উঠবে। এই ধারাটি বলেছে, কোনো দল যদি রাজনৈতিক দলের তকমা বহন করতে চায়, তাহলে তাকে কতগুলো শর্ত মানতে হবে। তার মধ্যে একটি শর্ত হলো, তার গঠনতন্ত্রে এ কথা লিখে রাখতে হবে যে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষক কিংবা ছাত্রদের নিয়ে কোনো ধরনের সংগঠন করা নিষিদ্ধ করা হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, অন্যান্য পেশাজীবী সংগঠনেরও জন্যও একই বিধি লেখা।
অথচ আমরা দেখতে পাচ্ছি সর্বত্র এসব বিধিবিধান লঙ্ঘনের উদ্বাহু নৃত্য চলছে। এখানেও আইনের খসড়া প্রণয়নের ব্যক্তির নিপুণ হাতের কারসাজি দেখি। কারণ, ওই রকমভাবে নিষিদ্ধ করার পরে আবার বিকল্প সিঁড়ি রাখা হয়েছে।
ছাত্র, শিক্ষক, পেশাজীবী, কারও যাতে ‘গণতন্ত্রচর্চায় অসুবিধা’ না হয়, সে জন্য লিখে রাখা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে সংশ্লিষ্টরা যদি ‘স্বাধীনভাবে’ সংগঠন করেন, তাহলে তাঁদের কেউ বাধা দেবে না। সুতরাং এই অবস্থা বা দুরবস্থার পরিবর্তন বাংলাদেশের রাজনৈতিক অবয়বের মৌলিক পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট। তাই ঢাকা থেকে তাদের কেউ বাধা দেবে না।
আমাদের স্বাধীন বিচার বিভাগের কাছে সংক্ষুব্ধ কেউ যদি কখনো প্রতিকার প্রার্থনা করেন, তাহলে আমরা একটি স্বস্তি পেতে পারি। ভাবব, কেউ না কেউ প্রবাসীদের অবৈধ সংগঠনগুলোর বৈধতা চ্যালেঞ্জ করেছে। তার আগ পর্যন্ত কায়মনোবাক্যে প্রার্থনারত থাকব, আমাদের প্রবাসীরা, যাঁদের পাঠানো রেমিট্যান্সে আমাদের অর্থনীতির চাকা সচল থাকে, তাঁদের মধ্যে এই দলাদলি ও কোন্দল তাঁরা নিজগুণেই পরিহার করতে পারেন। তাহলে তার থেকে ভালো যে আর হয় না, হবেও না।
l মিজানুর রহমান খান: সাংবাদিক