২০১৬ সালের এপ্রিল-জুলাই মাস পর্যন্ত আমরা বাংলাদেশ প্রায়োরিটিজের সঙ্গে সহযোগিতার অংশ হিসেবে ২০টির বেশি নিবন্ধ প্রকাশ করেছি। বাংলাদেশ ও বিদেশের অর্থনীতিবিদদের নিয়ে গঠিত একটি দল ৭৬টি বিষয়ে সুনির্দিষ্ট সমাধান নিয়ে কাজ করেছে, যাদের লক্ষ্য ছিল, কোন খাতে টাকা ব্যয় করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়, সেটি বের করা।
এই ৭৬টি সমাধানের প্রায় সব কটিই চলমান সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আছে। প্রথম আলো এই ‘বাংলাদেশ প্রায়োরিটিজ’-কে সহযোগিতা করেছে। এটি আসলে সম্ভব হয়েছে ২০১৫ সালে বিয়র্ন লোমবোর্গ নামের এক ড্যানিশ অধ্যাপকের সঙ্গে আমাদের সাক্ষাৎ হওয়ার মধ্য দিয়ে। তিনি অনেক বছর ধরেই বৈশ্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছেন। ‘বাংলাদেশ প্রায়োরিটিজ’ অনেক কার্যকর গবেষণা করেছে। কিন্তু এর প্রভাব বুঝতে হলে প্রকৃত অর্থেই স্থানীয় চাহিদাভিত্তিক নীতির বাস্তবায়ন করতে হবে, তাহলেই কেবল তা সম্ভব হবে।
এখন কথা হচ্ছে, এই লেখা ছাপানোর দুই মাসের মধ্যেই এক চমৎকার ব্যাপার ঘটেছে। সম্মানিত অর্থমন্ত্রী এর ফলাফল সম্পর্কে জেনেছেন, আর এটা পরিষ্কার যে, তিনি এতে উৎসাহিত হয়েছেন। আমরা দেখেছি, তিনি সর্বশেষ বাজেটে চলমান পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমবারের মতো ‘প্রায়োরিটিজ’ বা অগ্রাধিকার শব্দটি ব্যবহার করেছেন।
সুনির্দিষ্টভাবে বললে, বাংলাদেশ প্রায়োরিটিজের বিশিষ্ট প্যানেল যেসব কার্যকর সমাধানে অগ্রাধিকার দিয়েছিল, বাজেটে তার কয়েকটিতে জোর দেওয়া হয়েছে বলে আমাদের মনে হয়েছে। এসবের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ভ্যাট সংগ্রহ, সরকারি কাজে ই-ক্রয়ব্যবস্থা চালু, পুষ্টিমানের ওপর নতুন করে গুরুত্ব আরোপ ও ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে সরকারি ও ব্যক্তিগত ডিজিটাল সেবার পরিসর বাড়ানো।
আসল কথাটি কী? সব নীতিই তো আর সমান নয়। কথা হচ্ছে, ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও সব নীতির ফলাফল একই রকম হবে না, কিছু নীতির ফলাফল অন্যান্য নীতির ফলাফলের চেয়ে ভালো হবে। অর্থাৎ, প্রতি এক টাকা ব্যয়ের সুফল বেশি আসবে। এসব দিকেই আমাদের নজর দেওয়া উচিত।
বাংলাদেশ প্রায়োরিটিজের কারণে দেশটির নীতিতে প্রকৃত অর্থেই পরিবর্তন আসছে। আগামী দশকের জন্য যে ন্যাশনাল নিউট্রিশন প্ল্যান ফর অ্যাকশন করা হচ্ছে, তাতে এটা রসদ জুগিয়েছে। আর কোন কোন ক্ষেত্রে প্রতিশ্রুতিশীল নীতি প্রণয়ন করা যায়, তা খোঁজার জন্য কোপেনহেগেন কনসেনসাস আরও কিছু উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজন করবে।
বাংলাদেশ প্রায়োরিটিজ প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) সঙ্গে তিন বছরের সমঝোতা স্মারক সই করেছে, যার লক্ষ্য হচ্ছে, এমন নীতি ও সমাধানের প্রস্তাব দেওয়া, যাতে বিনিয়োগকৃত প্রতিটি টাকা থেকে সবচেয়ে ভালো ফলাফলটা পাওয়া যায়।
উদাহরণস্বরূপ বলা যায়, কোপেনহেগেন কনসেনসাস ভূমি রেকর্ড–ব্যবস্থা ডিজিটাইজেশনের জন্য সব অংশীজনদের এক কাতারে আনতে এটুআইয়ের সঙ্গে কাজ করবে। এর লক্ষ্য হচ্ছে, সরকার ও দাতারা যাতে চৌকস (ফলপ্রসূ) বিনিয়োগ করতে পারে, তার জন্য আরও সমন্বিত কৌশল প্রণয়ন করা।
এই লেখার মধ্য দিয়ে বাংলাদেশ প্রায়োরিটিজ–সংক্রান্ত প্রকাশনা শেষ হলো। কিন্তু এটি তথ্য-প্রমাণভিত্তিক বুদ্ধিবৃত্তিক আলোচনার শুরু মাত্র, যেখানে অর্থনীতির সাধারণ একটি হাতিয়ার ব্যবহার করা হয়েছে: কস্ট-বেনিফিট রেশিও (ব্যয়-সুফলের অনুপাত)। এটা পরিষ্কার যে, এই গবেষণা বাংলাদেশ প্রায়োরিটিজ–সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকৃত অর্থেই প্রভাব ফেলছে। আমরা আনন্দিত যে প্রথম আলো এই উদ্যোগের সঙ্গে থেকেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সর্বাঙ্গীণ উন্নতি হবে—সেটা দেখার জন্যই আমরা অপেক্ষা করছি।
—বিভাগীয় সম্পাদক