দেশে বন্যা নেই, সব ইমরানদের বানানো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আজ শুক্রবার সকালে উপজেলার পাঁচ ইউনিয়ন প্লাবিত হয়। ছবি: শাহাবুল শাহীন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আজ শুক্রবার সকালে উপজেলার পাঁচ ইউনিয়ন প্লাবিত হয়। ছবি: শাহাবুল শাহীন

যখন বন্যায় দেশের উত্তরাঞ্চলের বসতি তথা ঘরবাড়ি, স্কুল-কলেজ, বাজার-হাট, রাস্তাঘাট—সব ভাসিয়ে নিয়েছে, লাখ লাখ মানুষ অবর্ণনীয় দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে, মধ্য ও ভাটি অঞ্চলেও বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে, তখন সাধারণ ছাত্রনামধারী কতিপয় যুবক নাকি দাবি করছে, ‘দেশের কোথাও বন্যা হয়নি।’ সব নাকি ইমরান এইচ সরকার ও তাঁর সহযোগীদের বানানো গল্প। 

প্রতিদিন মানুষ যখন গলাপানি উজিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করছে, তখন কতিপয় মনুষ্যপ্রতিম জীব বলছে দেশের কোথাও বন্যা হচ্ছে না। চোখ থাকতে যারা অন্ধের ভূমিকায় অভিনয় করে, তাদের প্রতি কিঞ্চিৎ করুণা বর্ষণ করতে হয় বৈকি। বন্যা শাহবাগ কিংবা ছাত্রাবাসে বসে দেখা যায় না।
প্রথম আলোর খবরে বলা হয়, দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারে নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে বৃহস্পতিবার শাহবাগে মানববন্ধন করে গণজাগরণ মঞ্চ। মানববন্ধনে ইমরান এইচ সরকার বন্যা নিয়ন্ত্রণ ও বন্যার্ত মানুষের জন্য অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের সমালোচনা করেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইঁদুর বাঁধ কেটে ফেলার কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইঁদুর বাঁধ কেটেছে কি না জানি না, তবে ইঁদুররূপী কিছু মানুষ যে প্রকল্পের টাকা মেরে খেয়েছে, এতে কোনো সন্দেহ নেই।
ইমরান এইচ সরকারের বক্তব্য শেষ হওয়ার পরই হামলা চালায় একদল দুর্বৃত্ত। তিনি মোবাইলে প্রথম আলোকে জানিয়েছেন, ‘আমরা বন্যার্তদের জন্য ত্রাণসহায়তা সংগ্রহ করছিলাম। কিছু বুঝে ওঠার আগে আচমকা একদল তরুণ লাঠিসোঁটা নিয়ে আমাদের দিকে তেড়ে আসেন ও মারধর করেন। তাঁরা চিৎকার করে বলতে থাকেন, দেশের কোথাও কোনো বন্যা নেই। তোরা ইচ্ছা করে বন্যার গল্প বানাইছিস।’
দৈনিক আমাদের সময়ের খবর: ‘রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পিটিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে এলে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতা-কর্মী হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করেন। অন্যদিকে আবদুল্লাহ আল মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না, সিনেটে প্রোগ্রামে ছিলাম। তবে যেহেতু ইমরান এইচ সরকার দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন, সেহেতু সাধারণ শিক্ষার্থীরা এমন করতে পারেন।’
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় ইমরান এইচ সরকারসহ তাঁর কর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন বলে অভিযোগ ছিল।
প্রথম আলোর প্রতিবেদনে ইমরান এইচ সরকারের ওপর হামলাকারীদের নাম বা পরিচয় নেই। লেখা আছে ‘একদল দুর্বৃত্ত।’ প্রশ্ন হলো, শাহবাগ মডেল থানায় যে বিপুলসংখ্যক পুলিশ আছে, তাদের চোখ এড়িয়ে সেখানে একটি মশারও ঢুকতে পারার কথা নয়। তাহলে ওই দুর্বৃত্তের দল কীভাবে ঢুকল? তাদের ক্ষমতার জোরটা কোথায়?
আমাদের সময়ের প্রতিবেদনে দেখা যাচ্ছে, হামলার দায় অস্বীকারকারী ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ বলেছেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার কারণে সাধারণ শিক্ষার্থীরা এমন করতে পারেন। তাঁর কথা মেনে নিলে সাধারণ ছাত্ররা হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে চলাচল করেন এবং শাস্তির দায়িত্বটি নিজেদের হাতে নিয়ে নেন। কিন্তু প্রকৃতই যাঁরা সাধারণ ছাত্র, তাঁরা কখনো আইন হাতে তুলে নেন না। সলিমুল্লাহ হলের সেই হতভাগ্য সাধারণ ছাত্রের কথা নিশ্চয়ই সবার মনে আছে। শীতের রাতে প্রচণ্ড ঠান্ডায় এক ছাত্রলীগ নেতার সবক শুনতে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান ছেলেটি। তিনি ছিলেন ফরিদপুরের এক গরিব বেবিট্যাক্সিচালকের সন্তান।
তাই সবকিছু সাধারণ ছাত্রের নামে চালানো ঠিক নয়। কিছু মানুষকে কিছুদিনের জন্য বোকা বানানো গেলেও সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না।
আক্রমণকারীরা বলেছে, দেশের কোথাও বন্যা হয়নি। সবকিছু ইমরানদের বানানো। তাই যদি হবে, সরকার কেন বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী বরাদ্দ দিয়েছে? কেনই বা মন্ত্রীরা, নেতারা দুর্গত মানুষের কাছে ছুটি যাচ্ছেন? এসবই কি লোক দেখানো?
ইমরান এইচ সরকার আইনের চোখে অপরাধ করলে তাঁর বিচার হবে। তাই বলে বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা চাইতে গেলে কিংবা সরকারি ত্রাণ তৎপরতার অপ্রতুলতার কথা বললেই তাঁর ওপর লাঠিসোঁটা নিয়ে হামলে পড়তে হবে?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক
[email protected]