দেশের প্রতি ইঞ্চি জায়গার জন্য পরিকল্পনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ নুরুন্নবীর জন্ম নোয়াখালীর বেগমগঞ্জে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ভর্তি হন তৎকালীন পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বর্তমান বুয়েট)। ১৯৬২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর স্নাতক ডিগ্রি নেওয়ার পর সেখানেই যোগ দেন প্রভাষক হিসেবে। এরপর ইংল্যান্ডের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে নগর পরিকল্পনার ওপর ‘মাস্টার্স অব সিভিক ডিজাইন’ ডিগ্রি অর্জনের পর ১৯৬৫ সালে যোগ দেন তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টে। পরবর্তী সময়ে ১৯৭১ সালে তিনি বাহরাইন সরকারের নগর পরিকল্পনা পরামর্শক হিসেবে যোগ দিয়ে সেখানে চলে যান। ২০০৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করে বর্তমানে তিনি বাহরাইনের রাজধানী মানামায় অবসর জীবনযাপন করছেন। ব্রিটিশ রয়াল টাউন প্ল্যানিং ইনস্টিটিউটের ফেলো নুরুন্নবী মাঝেমধ্যে দেশে আসেন। এই সাক্ষাৎকারটি গত ফেব্রুয়ারিতে ঢাকায় নেওয়া হয়েছে। সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়াপ্রথম আলো  আপনি একজন নগর পরিকল্পনাবিদ। ঢাকা নগর ও নগর পরিকল্পনা—এই দুটি বিষয়কে মিলিয়ে দেখতে বললে আপনি কী বলবেন?মোহাম্মদ নুরুন্নবী  নগর পরিকল্পনা হচ্ছে কোনো একটি নগরে এমন পরিবেশ সৃষ্টি করা, যাতে নাগরিকদের সব ধরনের সাধারণ সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়। সেখানে রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, সুয়ারেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও উপাসনালয় থেকে শুরু করে এ ধরনের সবকিছুই পরিকল্পিতভাবে থাকবে। এই বিষয়গুলোর কোনোটির গুরুত্বকেই ছোট করে দেখা যাবে না। একটি পরিকল্পিত নগরের জন্য কিছু স্ট্যান্ডার্ড বা মান রয়েছে, যা মেনে চলা হয়। নগরের আয়তনের সঙ্গে কত ভাগ রাস্তা থাকবে, কতটুকু খোলা জায়গা থাকবে, দোকানপাট কী পরিমাণ থাকবে, জনসংখ্যার সঙ্গে মিলিয়ে কয়টি স্কুল থাকবে, কয়টি কলেজ থাকবে—এ ধরনের নানা কিছু বিবেচনায় নিতে হয়। বর্তমান ঢাকার বিষয়টি বিবেচনায় নিলে এটা মানতেই হচ্ছে যে নগর পরিকল্পনা বলতে যা বোঝায় তার কোনো ছাপই এখানে নেই। ঢাকা নগরের একটি পরিকল্পনা ১৯৫৯ সালে একটি ব্রিটিশ ফার্মের মাধ্যমে করা হয়েছিল। সেই প্ল্যান বা পরিকল্পনায় কোনো সমস্যা ছিল না। কিন্তু পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হয়নি। যেসব জায়গায় বাড়িঘর করার কথা ছিল না সেসব জায়গায় বাড়িঘর হয়েছে। স্কুল-কলেজের জন্য যে জায়গা রাখা হয়েছিল, তা রাখা হয়নি। খাল-বিল যেসব ছিল তা ভরাট হয়ে গেছে। ফলে পরিকল্পনা আর বাস্তবের ঢাকার কোনো মিল নেই।প্রথম আলো  জনসংখ্যার চাপ রয়েছে এই শহরের ওপর, এসব কারণে হয়তো পরিকল্পনা মেনে চলা যায়নি। আপনার পর্যবেক্ষণ কী বলে?মোহাম্মদ নুরুন্নবী  জনসংখ্যার চাপ নিশ্চয়ই একটা কারণ। কিন্তু আমি বলব আমাদের দেশ যাঁরা বিভিন্ন সময়ে পরিচালনা করেছেন বা নেতৃত্বে থেকেছেন, তাঁরা কখনো নগর পরিকল্পনার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি বা এর গুরুত্ব সম্পর্কে তাঁদের কোনো ধারণা ছিল না। আর সব পেশার যেমন একটা এথিকস থাকে তেমনি নগর পরিকল্পনাবিদদের জন্য এথিকসটা খুবই জরুরি। নির্ভীকভাবে কাজ করার মানসিকতা থাকতে হয়। আমি বাহরাইনে নগর পরিকল্পনার কাজ করেছি, আমি জানি যে কাজটা সহজ নয়, এর জন্য প্যাশন লাগে। নীতিনির্ধারকেরা সব সময় সব মানতে চান না, কিন্তু তাঁদের মানাতে হয়, বোঝাতে হয়। আমি বাহরাইনের রাজধানী মানামা থেকে শুরু করে পুরো দেশের সব নগরের পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলাম, অনেক বাধা এসেছে। বলেছে এটা সম্ভব নয়, ওটা সম্ভব নয়, কিন্তু লেগে থাকার কারণে পরিকল্পনার ৯০ শতাংশই বাস্তবায়ন করা গেছে।প্রথম আলো  আমাদের দেশে নগর পরিকল্পনায় যেসব ভুল হওয়ার তা হয়ে গেছে, এখন বাস্তবতা বিবেচনায় নিয়ে আমরা কীভাবে এগোতে পারি?মোহাম্মদ নুরুন্নবী  ধরে নিলাম ভুল যা হওয়ার হয়ে গেছে, কিন্তু আমরা কি বলতে পারি যে আর ভুল হবে না। আগে যে ভুলগুলো করেছি সেগুলোর আর পুনরাবৃত্তি হবে না। আমরা তো এখনো একই ভুল করেই যাচ্ছি। যদি ভুলগুলো স্বীকার করি এবং একই ভুল সামনে না করার সিদ্ধান্ত নিই, তবে নিশ্চয়ই অনেক কিছুই ঠিক করা যাবে। যেমন ধরুন শহরের বড় যে সড়ক থাকে তার ওপর কোনো দোকানপাট থাকার সুযোগ নেই, কিন্তু আমাদের দেশে তা রয়েছে। মৌচাক থেকে রামপুরা হয়ে বিমানবন্দর সড়কে যে রাস্তাটি এখন আছে, পাকিস্তান আমলে যখন এর পরিকল্পনা হয় তখন আমি বলেছিলাম যে এই রাস্তার দুই পাশে খোলা জায়গা থাকবে, সার্ভিস রোডের মতো। কোনো বাসাবাড়ি বা দোকান থেকে সরাসরি কেউ মূল সড়কে আসতে পারবে না, অর্থাৎ মূল সড়ক ঘেঁষে কিছু থাকতে পারবে না। কিন্তু এখন এই সড়কটির অবস্থা দেখুন, সব রাস্তার ওপরে চলে এসেছে। এটা অতীতের বিষয় কিন্তু এখন পূর্বাচল শহর গড়ে তোলা হচ্ছে, অতীতের ভুলের কথা বাদ দিলাম, আমরা কি ভবিষ্যৎ এই প্রকল্পের ক্ষেত্রে এটা নিশ্চিত করতে পারব যে এখানে মূল সড়কে কোনো দোকান হবে না। আইন, নিয়মনীতি সবই আছে বা না থাকলে তা করা সম্ভব, কিন্তু আমরা তা মেনে চলব কি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে শুধু ঢাকা শহর নয়, পুরো দেশ নিয়েই একটি পরিকল্পনা থাকা উচিত এবং তা বাস্তবায়নের ব্যাপারে সবাইকে আন্তরিক হতে হবে। প্রথম আলো  পুরো দেশ বলতে আপনি গ্রাম থেকে শুরু করে উপজেলা বা জেলা শহর সবই বোঝাচ্ছেন?মোহাম্মদ নুরুন্নবী  দেশের প্রতি ইঞ্চি জায়গার জন্য পরিকল্পনার প্রয়োজন। আর আমাদের মতো দেশে যেখানে জনসংখ্যা অনেক বেশি ও জমির পরিমাণ খুবই কম, সেখানে এর প্রয়োজনীয়তা আরও বেশি। দেখুন, আমাদের দেশ থেকে এখন অনেক লোক বিদেশে যাচ্ছে, সেখান থেকে টাকা কামাই করে এনে গ্রামে অনেক সময় ধানি জমি ও খেত ভরাট করে বাড়ি তৈরি করছে। যেকোনো মূল্যে এই বিষয়টি ঠেকাতে হবে। গ্রামের কৃষিজমি যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেটা নিশ্চিত করতে হবে। কোথায় বাড়ি করা যাবে, কোথায় যাবে না, করা গেলে কীভাবে করা যাবে, কী কী নিয়ম মেনে চলতে হবে—এসব ঠিক করতে হবে। আমি মনে করি, এসব বিষয় এখনই ঠিক করে ফেলা উচিত। তা না হলে অপরিকল্পিতভাবে স্থাপনা গড়ে উঠলে পরে তা সংশোধন করা কঠিন হয়ে পড়বে।প্রথম আলো  দেশে নতুন নতুন শহর, আবাসিক এলাকা গড়ে উঠছে। এসব ক্ষেত্রে কী কী বিবেচনায় নেওয়া উচিত?মোহাম্মদ নুরুন্নবী  আধুনিক নগর পরিকল্পনার যে মূল দিকগুলো আছে সেগুলো বিবেচনায় না নিয়ে নতুন কোনো নগর গড়ে তোলা উচিত নয়। আবার পূর্বাচলের প্রসঙ্গে আসি, সেখানে কাগজে-কলমে একটি নতুন শহরের মতো গড়ে উঠছে। সেটা যদি সত্যিই একটি পরিকল্পিত কিছু হয় তবে এর আশপাশে অসংখ্য বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠছে কীভবে? এ ধরনের একটি প্রকল্প হলে সেখানে আশপাশে অন্তত ছয় কিলোমিটারের একটি সবুজ বেষ্টনী থাকা উচিত। অথচ আমরা দেখছি এর আশপাশে কোনো পরিকল্পনা ছাড়াই বিভিন্ন বেসরকারি আবাসন প্রকল্প গড়ে উঠছে। দেখা যাচ্ছে, আমরা ভুলের শিক্ষা নিচ্ছি না। নতুন নতুন ভুল করে যাচ্ছি।প্রথম আলো  ঢাকা শহরের এখন অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে ট্রাফিক জ্যাম। কোনো পরিকল্পনাই তো কাজে দিচ্ছে না।মোহাম্মদ নুরুন্নবী  একটি আধুনিক ও সভ্য শহরের সবচেয়ে বড় শর্তটি হচ্ছে গণপরিবহন। বাংলাদেশে সেই জিনিসটিই নেই। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আপনাকে বাস পেতে হবে, অর্থাৎ গণপরিবহনের বিষয়টি সহজলভ্য হতে হবে। দ্বিতীয়ত ট্যাক্সির সহজলভ্যতা। বিষয়টি এমন হতে হবে যে আপনি কোনো রাস্তায় দাঁড়ালে মিনিট খানেকের মধ্যে একটি ট্যাক্সি পেয়ে যাবেন। আর বাসের নির্দিষ্ট রুট আছে, সেসব পথে চলবে। নির্দিষ্ট জায়াগায় বাস থামতে হবে, যাত্রীদের সহজে ওঠা ও নামার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের দেশে এই বিষয়টি গুরুত্ব না পাওয়ায় জনগণের পরিবহন ব্যবস্থা কার্যত প্রাইভেট গাড়িনির্ভর হয়ে পড়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে।প্রথম আলো  এখন কীভাবে আমরা শুরু করতে পারি?মোহাম্মদ নুরুন্নবী  অনেক ব্যবস্থাই আছে। আস্তে আস্তে আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি। তবে বিষয়টিকে সমন্বিতভাবে করতে হবে। একদিকে যেমন গণপরিবহনের ব্যবস্থা, প্রাপ্যতা ও সুযোগ-সুবিধার বিষয়টি নিশ্চিত করতে হবে, তেমনি প্রাইভেট কারের বিষয়টি নিরুৎসাহিত করতে হবে। যেমন সিঙ্গাপুরে একটি প্রাইভেট কার নিয়ে চলাচল করতে অনেক ট্যাক্স দিতে হয়। শহরের বিভিন্ন এলাকায় ঢুকতে বাড়তি ট্যাক্সের ব্যবস্থা করা যেতে পারে। আপনি যদি পিক আওয়ারে সেন্ট্রাল লন্ডনে প্রাইভেট গাড়ি নিয়ে ঢুকতে যান আপনাকে ট্যাক্স দিতে হবে। আমরা এমন ব্যবস্থা করতে পারি যে অফিসের সময় মতিঝিল এলাকায় প্রাইভেট কার নিয়ে কাউকে ঢুকতে হলে বাড়তি ট্যাক্স দিতে হবে। এ ছাড়া অফিস শুরু ও শেষের সময় ভাগ করে, ছুটির দিন ভাগ করেও এলাকাভিত্তিক পরিস্থিতি সামাল দেওয়া যায়। এ ধরনের নানা ব্যবস্থা ও উদ্যোগ নেওয়া যায়। কিন্তু ওই যে আগেই বলেছি, সমস্যাটি হচ্ছে বাস্তবায়নের। এই দিকটিতে নজর দিতে না পারলে কোনো কিছুতেই কিছু হবে না।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।মোহাম্মদ নুরুন্নবী  ধন্যবাদ।